Blog

  • পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

    পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

    “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ১ শ ১ জন ব্যক্তির মাঝে ৩৫ লক্ষ ৩০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।

    এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মো.খালিদ সাইফুল্লাহ,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন,মৎস্য অফিসার রুজিনা পারভীন,প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন,মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম প্রমুখ।

  • ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

    ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

    “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
    সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
    “গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা এবং প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।”
    অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন:
    ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ উপজেলা বি আর ডিবির কর্মকর্তা রাজিবুল হাসান, নাজমুল হুদা, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ,
    বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার বি আর ডিবির সভাপতি অরুণ গোলদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, নিপুণ বিশ্বাস, ডলি ফোজদার,সুপ্রিয়া গোলদার, প্রমুখ।
    বক্তারা তাঁদের বক্তব্যে গ্রামীণ জনপদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, যুব উন্নয়ন এবং সমবায় ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুফল ভোগীদের ৫০টি বৃক্ষ রোপনের চারা বিতরণ করেন।
    অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বি আর ডিবির কর্মকর্তা রাজীবুল হাসান।

  • চরভদ্রাসনের গোপালপুর ঘাট বালুমহলে মোবাইল কোর্ট পরিচালনা, রাস্তা কেটে নদীর সঙ্গে সংযোগ

    চরভদ্রাসনের গোপালপুর ঘাট বালুমহলে মোবাইল কোর্ট পরিচালনা, রাস্তা কেটে নদীর সঙ্গে সংযোগ

    মোঃ আলমগীর মোল্লা

    ফরিদপুরের, চরভদ্রাসন উপজেলা ২০২৬‌ অবৈধ বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকার একটি বালুমহলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    অভিযানের সময় বালুমহলে কাউকে পাওয়া যায়নি। পরে প্রশাসন বালুমহলের জন্য নির্মিত রাস্তা কেটে তা নদীর সঙ্গে সংযুক্ত করে দেয়। এতে স্থানীয় কৃষকরা এখন সহজেই নদী থেকে জমিতে সেচের জন্য পানি নিতে পারবেন।

    গত সপ্তাহে উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় তিনটি বেকুর ও ছয়টি ব্যাটারি জব্দ করেন। মুসলেকা দিয়ে বেকু-ব্যাটারি ফেরত নেওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রভাবশালীরা আবারও বেকু দিয়ে মাটি কাটা শুরু করে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন দপ্তরে লেখালেখি হয়।

    জানা যায়, দীর্ঘদিন ধরে বালুমহলের কারণে নির্মিত রাস্তা স্থানীয় কৃষকদের চলাচল ও কৃষিকাজে সমস্যার সৃষ্টি করছিল। মোবাইল কোর্টের মাধ্যমে রাস্তা কেটে নদীর সঙ্গে সংযুক্ত করায় এখন কৃষিকাজ আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

    অভিযানে নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। তিনি বলেন,
    প্রশাসনের লক্ষ্য আইন মেনে সব কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষা করা। গোপালপুর ঘাট এলাকার এই বালুমহলে অভিযান পরিচালনা করে নদীর স্বাভাবিক প্রবাহ ও কৃষকদের স্বার্থ বিবেচনায় রাস্তা কেটে নদীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে কৃষকরা সহজেই সেচের পানি নিতে পারবেন এবং কৃষিকাজে উপকৃত হবেন। ভবিষ্যতেও জনস্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

    উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী ও সুশীল সমাজ উপজেলা প্রশাসনের কাছে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার জোর দাবি জানিয়েছে।

  • বালিয়াকান্দিতে জমি বিরোধে পাট কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

    বালিয়াকান্দিতে জমি বিরোধে পাট কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে পাট কেটে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম (৪৫) বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, নাজমা বেগমের স্বামী ও তাঁর ভাইয়েরা ওয়ারিশসূত্রে প্রাপ্ত প্রায় ৫৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে তারা পাটের চাষ করেন। গত ৩ জুলাই পারিবারিক প্রয়োজনে বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিপক্ষ রাতের আঁধারে ১৫৪৬ নম্বর খতিয়ানের ২১১৩ নম্বর দাগের অন্তর্ভুক্ত প্রায় ৯ শতাংশ জমির পাট কেটে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এ বিষয়ে খবর পেয়ে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং বালিয়াকান্দি থানায় অভিযোগ জানান। অভিযোগে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কাটা পাট জাগ না দেওয়ার জন্য অভিযুক্তদের নির্দেশ প্রদান করে।

    এছাড়া একই দিন দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে নাজমা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

    অভিযোগে অভিযুক্ত করা হয়েছে রাজধরপুর মোল্লাবাড়ি গ্রামের খাতের বিশ্বাস (৫০), তাঁর ছেলে বিচ্ছু (২৭) ও সাজ্জাদ (২১), এবং সাগর (৩৫)-কে।

    ভুক্তভোগী নাজমা বেগম অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ বিষয়ে বালিয়াকান্দি থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া না যাওয়ায় অভিযুক্তদের বক্তব দেওয়া সম্ভব হয়নি।

  • ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন  উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

    ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

    ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
    আজ ৫ জুলাই রবিবার ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রসারিত ভবন ও হলরুমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি । এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি এমপি ।

    উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম পরিদর্শন করেন। নতুন এ অবকাঠামো উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এ কার্যক্রমকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়ায় এটি প্রথম সফর ছিল।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।

  • দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

    দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

    ​চুয়াডাঙ্গার দর্শনা থানার চাকুলিয়া গ্রামে হাঁস-মুরগি চুরির অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে আদালত। রবিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

    ​দণ্ডপ্রাপ্তরা হলেন—দর্শনা মোহাম্মদপুর মেথরপট্টি এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে শ্রী সুজন কুমার দাস (৫০), সুজন কুমার দাসের স্ত্রী ময়না রানী (৩৬) এবং একই এলাকার মৃত নবীছদ্দিনের স্ত্রী রেখা খাতুন (৫৮)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকালে চাকুলিয়া গ্রামের মাঝপাড়ার বাসিন্দা মোফাজ্জল হোসেনের বাড়িতে কৌশলে প্রবেশ করে হাঁস-মুরগি চুরির চেষ্টা করেন অভিযুক্তরা। এ সময় বাড়ির মালিক ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে হাতে-নাতে ওই তিনজনকে আটক করেন। পরে স্থানীয় জনতা তাদেরকে আটকে রেখে দর্শনা থানায় খবর দেন।

    ​খবর পেয়ে দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে আটককৃতদের হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

    আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সাক্ষ্য-প্রমাণ ও অপরাধের ধরণ বিশ্লেষণ করে এই রায় ঘোষণা করেন। রায়ে চুরির মূল পরিকল্পনাকারী শ্রী সুজন কুমার দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তার স্ত্রী ময়না রানী এবং সহযোগী রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    এ বিষয়ে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকায় চুরি বা যেকোনো অপরাধ রোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

    ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

    ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি সম্প্রতি ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে বসবাস করছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তিনি ওই এলাকায় নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে নিজ কক্ষে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলে মরদেহের মাথার পাশে তিনটি মদের বোতল পাওয়া যায়। এছাড়া হত্যাকাণ্ডের আগে বাসার সামনে রাখা নিহতের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

    স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানার ওপর গলাকাটা অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

    ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বের একটি ঘটনার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

    এদিকে, ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে রনি মিয়া (২৭) ও স্বজল (৩৫) নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।”

  • রাজারহাটে মন্দির কমিটির সভাপতি কর্তৃক আট বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

    রাজারহাটে মন্দির কমিটির সভাপতি কর্তৃক আট বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

    কুড়িগ্রামের রাজারহাটে আট বছর বয়সী এক শিশুকে চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার দিবাগত রাত ৫জুলাই (রবিবার) রাতে রাজারহাট থানায় এজাহার দায়েরের পর অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে সকালে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

    অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় উপজেলার উমর মজিদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক সেইসাথে স্থানীয় শিমুলতলা দূর্গা মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় ভুক্তভোগী শিশুটির দূরসম্পর্কের দাদা (দাদু) হন। এই সুত্র ধরে পারিবারিক ও সামাজিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বিভিন্ন সময় চকলেট, চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রায়শই তিনি শিশুটিকে কোলে নেওয়া বা দোকানে নিয়ে যাওয়ার বাহানায় নিজের কাছে ডাকতেন।

    অভিযোগে উল্লেখ করা হয়, অবুঝ শিশুটিকে ফুসলিয়ে তিনি প্রায়ই নিজের বাড়িতে নিয়ে যেতেন এবং হাত-পা টিপিয়ে নেওয়ার অজুহাতে প্রায়শই শিশুটিকে বিকৃত যৌন নিপীড়ন চালাতেন।
    লোকলজ্জা ও ভয়ের কারণে শিশুটি বিষয়টি দীর্ঘদিন পরিবারের কাছে গোপন রাখে।

    সর্বশেষ গত ১৫ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় শিশুটিকে তার বাড়ি থেকে ডেকে নিজ ঘরে নিয়ে যান। সেখানে হাত-পা টেপানোর একপর্যায়ে শিশুটির ওপর চরম যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটি প্রচণ্ড শারীরিক ব্যথায় চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত বৃদ্ধ ঘটনাটি কাউকে না বলার জন্য কঠোর হুমকি দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।

    নির্যাতনের শিকার হয়ে শিশুটি বাড়িতে ফিরে তীব্র শারীরিক যন্ত্রণা ও অসুস্থতায় ভুগতে থাকলে বিষয়টি তার মায়ের নজরে আসে। একপর্যায়ে মায়ের নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি তার ওপর ঘটে যাওয়া দীর্ঘদিনের পাশবিক নির্যাতনের বিবরণ দেয়।

    পরে শিশুর মা চট্টগ্রামে কর্মরত তাঁর স্বামীকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ ও স্বজনদের সিদ্ধান্তের কারণে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ও সুশীল জনমতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
    স্থানীয় শিমুলতলা দূর্গা মন্দির কমিটির সভাপতি ও সমাজের একজন মহৎ দায়িত্ব পালনকারী ব্যক্তি এরকম জঘন্যতম অপরাধ করায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নির্যাতনের বিষয়ে একটি সুনির্দিষ্ট এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস খাদে: নিহত ১, আহত ১০

    ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস খাদে: নিহত ১, আহত ১০

    ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় আজ সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।

    দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত হন। 

    দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি  মোঃ মনির হোসেন (৩৫),  নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের  আব্দুল কাদের মিয়ার ছেলে।  এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • কক্সবাজারে পাহাড়ধসে একরাতে ৯ মৃত্যু, উখিয়ার ক্যাম্পেই ৮ জনের প্রাণহানি

    কক্সবাজারে পাহাড়ধসে একরাতে ৯ মৃত্যু, উখিয়ার ক্যাম্পেই ৮ জনের প্রাণহানি

    টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। একই রাতে কক্সবাজার শহরের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একরাতে জেলায় পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

    সোমবার (৬ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) ও চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। এছাড়া আহত হন আরও দুজন।

    টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এক রাতেই তিন দফা পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। একই সময়ে কক্সবাজার শহরের ছাত্তারঘোনা এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় একরাতে পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

    সোমবার (৬ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

    এর কিছুক্ষণ পর রাত ১টা ৪৫ মিনিটে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।

    রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে আরেকটি পাহাড়ধসে উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) ও হারুনুর রশিদ (৩) নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

    উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

    এদিকে সোমবার ভোরে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী আরও দুই দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

    প্রশাসন সকলকে পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে।