Blog

  • কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা মো মনির হোসেন ভুইঁয়া।

    কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা মো মনির হোসেন ভুইঁয়া।

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা প্রতিনিধি।

    কুমিল্লার নবগঠিত বুড়িচং পৌরসভার নির্বাচনে ২ নং ওয়ার্ডে(জগতপুর) কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও তরুণ সমাজসেবক মো. মনির হোসেন ভুইঁয়া।জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা এই উদীয়মান সেচ্ছাসেবক কে নিয়ে আগামী দিনের সমাজ গঠনের স্বপ্ন দেখছে এলাকাবাসী। তাই আসন্ন বুড়িচং পৌরসভার নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী যুবনেতা মো মনির হোসেন ভুইঁয়া ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

    এলাকাবাসী জানায়, বুড়িচং পৌরসভার ২নং ওয়ার্ড জগতপুর গ্রামের গ্রাম প্রধান মরহুম তাহের মেম্বারের বড় ছেলে ক্লিন ইমেজের তরুণ যুবদল নেতা মো মনির হোসেন ভুইঁয়া প্রার্থী হিসেবে আত্নপ্রকাশের খবরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র ও এলাকাবাসীর অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে সরকার দলীয় একনিষ্ঠ কর্মী মনির হোসেন ভুইঁয়ার অংশ গ্রহণের সম্ভাবনা বেশ জোরালো। তবে এখনো পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেননি এবং কোনো ধরনের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেননি।এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনির হোসেন কে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে সবাই। রাজনৈতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

    ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা মনির হোসেন ভুইঁয়া সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদল ছিল ‘ফ্রন্টলাইন ফাইটার।
    স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আমি ৮ বছর বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে জেল, মামলা,হামলার শিকার হয়েছি। দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি ।ফ্যাসিবাদের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম বেগবান করতে জীবনবাজি রেখে অংশ নিয়েছিলাম।বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী।তাই সরকার প্রধানের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আগামী বুড়িচং পৌরসভার নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।একই সাথে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।ওয়ার্ড বাসীর জন্য কথায় নয়, কাজে প্রমান দিতে চান। মো মনির হোসেন ভুইঁয়া আরো বলেন তিনি দলীয় চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থেকে কাজ করতে চান।

    স্থানীয় সচেতন মহলের ধারণা, বুড়িচং পৌরসভার নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও স্পষ্টতা আসবে।তবে নৈতিক ও ক্লিন ইমেজের তরুণ সমাজসেবক মো মনির হোসেন ভুইঁয়া প্রার্থী হিসেবে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী।

  • হরিপুর উপজেলা চত্বরে কর্মচারীদের বৃক্ষরোপণ ১ দিনের বেতনের টাকায়।

    হরিপুর উপজেলা চত্বরে কর্মচারীদের বৃক্ষরোপণ ১ দিনের বেতনের টাকায়।

    সরকারি কর্মসূচির পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিবেশ রক্ষায় এক অনন্য নজির স্থাপন করলেন হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। নিজেদের মাত্র এক দিনের বেতনের টাকায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন অব্যবহৃত ও পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন তারা। তাদের এই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ এখন পুরো এলাকায় প্রশংসায় ভাসছে।

    মঙ্গলবার ০৭ জুন ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের 15-20তম গ্রেডের কর্মচারীদের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের আনাচে-কানাচে পড়ে থাকা পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগিয়ে প্রায় ১০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে নিম, লেবু, পেয়ারা, মেহেদি, লাল গোলাপ ও লাল জবাসহ নানা পদের গাছ।

    উপজেলা প্রশাসনের কর্মচারী জনাব মো: শহিদুল ইসলাম এর নেতৃত্বে এই গাছ লাগানোর কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কর্মচারী সর্বজনাব মো: সোহেল রানা, মো: রবিউল ইসলাম ও সুদেব পালসহ 20তম গ্রেডের অন্যান্য কর্মচারীবৃন্দ।
    এই মানবিক ও দূরদর্শী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চন্দন কর গভীর সন্তোষ প্রকাশ করে বলেন,

    উপজেলা প্রশাসনের কর্মচারীদের এমন উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসার যোগ্য। কর্মচারীরা নিজেদের বেতনের টাকা দিয়ে যেভাবে চত্বরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের সুরক্ষায় এগিয়ে এসেছেন, তা অন্যদের জন্য অনুকরণীয়।” তিনি আরও যোগ করেন, “এই চমৎকার ধারাবাহিকতা যদি দেশের প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া যায়।

    তবে বর্তমান সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ সফলভাবে বাস্তবায়ন করা অনেক সহজ হবে।”
    এধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    স্থানীয় সচেতন মহল মনে করছেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীদের এই ক্ষুদ্র অবদান সমাজের অন্যান্য স্তরের মানুষকেও গাছ লাগাতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

  • সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

    আজ শনিবার দুপুরে উপজেলার নতুন ভবণে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়,সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

    সভায় বিশেষ অতিথি- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, সুনামগঞ্জ জেলা জাসাস এর সভাপতি শেরগুল আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

    প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আমি একজন, আপনারা আমার অভিভাবক, আপনাদের সহযোগিতায় আমি এমপি হয়েছে। বিভিন্ন স্থানে সমস্যা আছে, আমি কাজ করতে চেষ্টা করব। দলের কোন লোক অবৈধ কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান । প্রকৃত কৃষক যাতে সরকারী সহযোগিতা পায়, সেই ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন ।

  • কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

    কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কর্মসূচিকে আরও একধাপ এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

    এ লক্ষ্যে তিনি সোমবার (৬ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাহিনীর সার্বিক ডিজিটাল সিস্টেমের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকার রূপরেখা উপস্থাপন করেন।

    সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং AVERP (Ansar VDP Enterprise Resource Planning)-এর কোর ফিচারের প্রতিষ্ঠিত সুবিধাভোগীদের জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে সংযুক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলো উপস্থাপন করেন। তিনি জানান, AVMIS, APMIS, EMIS, AVJOBS, TRGMS, CRM, STDMS, IADMS ও AVSSO-সহ বিভিন্ন আন্তঃসংযুক্ত স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা এবং যে কোনো আভিযানিক ও সামাজিক কর্মসূচিসহ কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম এরই মধ্যে সুবৃহৎ ও বিস্তৃত ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

    মহাপরিচালক আরও উল্লেখ করেন যে, প্রায় ৬০ লাখ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান ডেটাবেজ এবং বহুমাত্রিক ডিজিটাল ইন্টারঅ্যাকশন ভবিষ্যতে Big Data, Machine Learning (ML), Large Language Model (LLM) এবং Artificial Intelligence (AI) প্রযুক্তি উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে। তিনি বলেন, বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক LLM ও AI-চালিত অটোমেশন ব্যবস্থা ভবিষ্যতে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমূলক জনসেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

    মাননীয় মন্ত্রী উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী হিসেবে অভিহিত করেন। তিনি প্রান্তিক পর্যায়ে বিশাল জনগোষ্ঠীর সম্পৃক্ত জনগুরুত্বপূর্ণ এ বিষয়টির সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি অংশীজনের সমন্বয়ে শিগগির একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা প্রদান করেন।

    বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে AI ও LLM প্রযুক্তির সংযোজন কেবল বাহিনীর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে না; বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নের ক্ষেত্রেও একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে।

    বাহিনীর ডিজিটাল ব্যবস্হাপনা শীর্ষক এই উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

    সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

    সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস।

    সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

    ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    দূতাবাস আরো জানায়, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে নিজেরা আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলা এবং এ ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

  • টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা

    টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা

    টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা ও কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে।

    মঙ্গলবার (৭ জুলাই) সকালে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও হাঁটুপানি, কোথাও আবার এর চেয়েও বেশি পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজির হাট, হালিশহর, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশ এলাকার বাসিন্দারা। এসব এলাকার অনেক বাসা ও দোকানে পানি ঢুকে গৃহস্থালির জিনিসপত্র ও ব্যবসায়িক মালামালের ক্ষয়ক্ষতি হয়। চকবাজারের বিভিন্ন অলিগলিও পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের চলাচল ব্যাহত হয়।

    এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

    আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় বলেন, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাত হতে পারে।

  • চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩

    চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩

    চলমান এইচএসসি পরীক্ষার আবশ্যিক ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট দুই হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
    ৬ জুলাই(সোমবার) অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
    প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে ৬৫ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৩৪ জন, কক্সবাজার জেলায় ১১ হাজার ৫৬৮ জনের মধ্যে ৩৪৫ জন, রাঙামাটি জেলায় চার হাজার ৯৬৩ জনের মধ্যে ১৩৩ জন, খাগড়াছড়ি জেলায় ছয় হাজার ৫২১ জনের মধ্যে ১৮৩ জন এবং বান্দরবান জেলায় তিন হাজার ২৭৩ জনের মধ্যে ১১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
    বহিষ্কৃত তিন পরীক্ষার্থীর মধ্যে দুজনের কেন্দ্র ছিল চট্টগ্রাম নগরের ওমর গনি এমইএস কলেজ। তারা সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ ও পাহাড়তলী কলেজের শিক্ষার্থী। অপর বহিষ্কৃত শিক্ষার্থী কক্সবাজারের কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের, যার পরীক্ষাকেন্দ্র ছিল কুতুবদিয়া।
    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি জেলায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

  • “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪”

    “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪”

    ময়মনসিংহ নগরের একটি ভাড়াবাসায় যুবক রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাদকের আড্ডা, বাসা ছাড়ার বিরোধ এবং বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনার জেরে বাড়িওয়ালার চার ছেলে পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় চার ভাইকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।

    পিবিআই জানায়, প্রায় এক মাস আগে রুবেল নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকার ওই বাসায় একটি কক্ষ ভাড়া নেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিতেন এবং মাদক সেবন করতেন। এ কারণে বাড়ির মালিক পারুল তাকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দিতে বলেন। কিন্তু রুবেল তা মানতে অস্বীকৃতি জানান।

    তদন্তে জানা যায়, গত রোববার সকালে রুবেল বাড়িওয়ালা ও তার ছেলের কক্ষের দরজায় লাথি মেরে ঘুম থেকে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি বাড়িওয়ালাকে মারধর করেন এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে বাড়িওয়ালার চার ছেলে পরিকল্পনা করে একটি চাইনিজ কুড়াল দিয়ে রুবেলের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তারা পালিয়ে যান।

    পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতার চার ভাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্বীকার করেছেন।

    এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড়ির মালিক, তার তিন ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

    উল্লেখ্য, রোববার সকালে নগরের ছত্রিশবাড়ি কলোনির একটি ভাড়াবাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

  • লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে  খ্যাতি ছড়াচ্ছেন  তুলতুল

    লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল

    জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক তুলতুল। চট্টগ্রামের মাটি থেকে উঠে এসে দুই বাংলার সাহিত্যাঙ্গনে নিজস্ব আলো ছড়িয়ে দেওয়া এক নাম—শাম্মী তুলতুল। সমকালীন বাংলা সাহিত্যে যাঁরা বহুমাত্রিক পরিচয়ে কাজ করছেন, তাঁদের মধ্যে তিনি নিঃসন্দেহে আলোচিত একজন জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক।

    একটি সাহিত্য-সাংস্কৃতিক পরিবাতে তার জন্ম। পারিবারিক ইতিহাসেই যেন লুকিয়ে আছে সাহিত্যচর্চার বীজ। তাঁর দাদা আব্দুল কুদ্দুস মাস্টার ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, লেখক এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম–এর বাল্যবন্ধু।। নানী কাজী লতিফা হক বেগম পত্রিকার সুপরিচিত লেখক ছিলেন।
    পশাম্মী তুলতুলের বেড়ে ওঠা ছিল চিন্তা, চেতনা ও সংস্কৃতির আলোকিত পরিমণ্ডলে।

    তিনি লিখে যাচ্ছেন, বাংলাদেশ, ভারতের প্রথম সারির পত্রিকাগুলোতে ছোট বেলা থেকেই। যেমন,প্রথম আলো, কালের কন্ঠ,সমকাল, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন,প্রতিদিনের সংবাদ,খোলা কাগজ,সরকারী পত্রিকা শিশু, নবারুণে। তাছাড়া বিদেশের মাটিতেও তিনি শক্ত অবস্থানে আছেন।যেমন৷ প্যারিস, কানাডা,নিউইয়র্ক,অস্ট্রেলিয়া,
    জার্মানির বাংলা পত্রিকায় লিখে আন্তর্জাতিক গৌরব
    অর্জন করেন। তাকেও নিয়েও আমেরিকাতেও বিশাল সাক্ষাৎকার ছাপা হয়।
    শৈশবে তিনি ছিলেন প্রাণবন্ত ও ডানপিটে স্বভাবের। নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা সবকিছুতেই ছিল সমান আগ্রহ।
    তবে সময়ের সাথে লেখালেখিই হয়ে ওঠে তাঁর প্রধান পরিচয়, বর্তমানে তিনি একাধারে লেখক, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, অনলাইন অ্যাকটিভিস্ট, ভয়েস প্রেজেন্টার ও মডেল। বহুমাত্রিক এই পরিচয় তাঁর সৃষ্টিশীলতার বিস্তারকেই তুলে ধরে।
    এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ভারত /বাংলাদেশ মিলিয়ে ১৭টি।
    ২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ পাঠকমহলে আলোচনার জন্ম দেয় এবং বর্তমানে ভারতের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Flipkart–এ পাওয়া যাচ্ছে। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘চোরাবালির বাসিন্দা’, ‘পদ্মবু’ ও ‘মনজুয়াড়ি’,একজন কুদ্দুস ও কবি নজরুল,—যেগুলো পাঠকপ্রিয়তা অর্জন করে বেস্টসেলার হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিটি বইয়ে তিনি বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় বার্তা রাখার চেষ্টা করেন।যা তাঁর লেখাকে কেবল গল্প নয়, সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেও পরিণত করেছে।

    শিশু-কিশোর সাহিত্যে তাঁর সক্রিয় উপস্থিতি উল্লেখযোগ্য।
    তাঁর লেখা ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ গল্পটি দীপ্ত টিভি–তে নাট্যরূপে প্রচারিত হয়েছে। পাশাপাশি তাঁর রচনায় নির্মিত ‘লাল শরবত’ নাটক সম্প্রচারিত হয়েছে সিটি এফএম–এ। সাম্প্রতিক সময়ে তাঁর একটি গল্প ভারতে গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে—যা তাঁর সাহিত্যকর্মের প্রভাব ও গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক মাত্রা নির্দেশ করে।
    তাছাড়া তিনি প্রতিনিয়ত সামাজিক অসঙ্গতি নিয়ে লিখছেন। তার বই পাওয়া যাচ্ছে রকমারি,প্রথমা, দারাজ ছাড়াও সকল অনলাইনে।
    এ ছাড়াও রবি বইঘর এপ্স,বাংলালিংক এয়ারটেল এপ্সে তার বই ই,বুকে পড়তে পারবে তার পঠকরা।
    লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এর মধ্যে রয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, সোনার বাংলা সাহিত্য সম্মাননা, রোটারি সম্মাননা, উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মাননা। খাগড়াছড়ির পাঠকসমাজ ভালোবেসে তাঁকে ‘রাজকন্যা’ উপাধিতেও ভূষিত করেছে।
    সম্প্রতি তিনি পেয়েছেন রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬।
    সাহিত্যচর্চার বাইরে গণমাধ্যমেও রয়েছে তাঁর সক্রিয় পদচারণা। তিনি নিয়মিত রেডিওতে খবর পাঠ করতেন এবং চট্টগ্রাম টেলিভিশনে আবৃত্তি পরিবেশন করেন। সম্প্রতি তিনি বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কভার মডেল হিসেবে উপস্থিত হয়ে নতুন করে আলোচনায় আসেন—যা তাঁর বহুমাত্রিক সত্তারই আরেকটি দৃষ্টান্ত।

    সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে নিজের অবস্থান তৈরি করার যে সংগ্রাম, সেটিই শাম্মী তুলতুলের ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী দিক। তাঁর লেখালেখি কেবল সৃজনশীলতার বহিঃপ্রকাশ নয়; বরং আত্মবিশ্বাস, প্রতিরোধ এবং সামাজিক বার্তারও ধারক।
    নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাম্মী তুলতুল বলেন, লেখালেখি তাঁর কাছে শুধু পেশা নয়—এটি দায়বদ্ধতা, মানুষের হৃদয়ে আলো পৌঁছে দেওয়ার এক অবিরাম প্রয়াস। তিনি বিশ্বাস করেন, সাহিত্য মানুষের ভেতরের অন্ধকার দূর করে আলো জ্বালাতে পারে। প্রতিটি বইয়ে তিনি বিনোদনের সঙ্গে শিক্ষণীয় বার্তা রাখতে চান। পাঠকের হৃদয়ে পরিবর্তন আনাই তাঁর কাছে বড় অর্জন। নারী হিসেবে পথচলায় নানা প্রতিবন্ধকতা ও সামাজিক বাধার মুখোমুখি হওয়ার কথাও তিনি অকপটে স্বীকার করেন। তবে তিনি বিশ্বাস করেন, প্রতিকূলতাই মানুষকে শক্ত করে। পিছুটান নয়, সামনে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।

    সব মিলিয়ে বলা যায়, শাম্মী তুলতুল, যাঁর কলম সমাজ-বাস্তবতা, মানবিকতা ও প্রেরণার বার্তা বহন করে দুই বাংলার সীমানা পেরিয়ে আরও দূর পর্যন্ত।

  • মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য

    মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য

    মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মোঃ মোয়াজ্জেম হোসেন |

    টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলা সদরের বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজ’-এর নিচে লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের নিচ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা সেখানে ভিড় জমান। লাশের চারপাশে কাকের আনাগোনা দেখে বিষয়টি সবার নজরে আসে। ধারণা করা হচ্ছে, লাশটি মধ্যবয়সী এক পুরুষের। পানিতে দীর্ঘ সময় থাকায় লাশটি পচে ফুলে উঠেছে। স্থানীয়দের ধারণা, এক বা দুই দিন আগে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে এবং স্রোতের টানে উজান থেকে ভেসে এসেছে।

    ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্টের উদ্দেশ্যে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হবে।”