Blog

  • রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার

    রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার

    রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
    লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও রামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
    জানা গেছে রামগঞ্জ থানার এস আই আব্দুস সাকুরের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৭ জুন) ভোরে রামগঞ্জ পৌরসভার অভিরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।কামরুল অভিরামপুর গ্রামের সাবেক মেয়র মরহুম আলী আকবর শেখের ছেলে।
    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান,তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। যথাযথ ব্যবস্থার মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মৌলভীবাজারে বাথরুম থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

    মৌলভীবাজারে বাথরুম থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

    মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক শুটকি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুল আজিজ (৩৫) সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণগ্রামের ছোবহান হাজীর বাড়ির বাথরুমে একটি মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

    এ ঘটনায় এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হত্যার উদ্দেশ্য কী ছিল এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    ওসি আরও জানান, যে বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

    বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় ব্রাহ্মণগ্রাম এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    রাজন হোসেন তৌফিক, মৌলভীবাজার

  • শ্রীমঙ্গলে অনলাইনে জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৪টি স্মার্টফোন জব্দ।

    শ্রীমঙ্গলে অনলাইনে জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৪টি স্মার্টফোন জব্দ।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
    ​গত ৩ জুলাই ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ১০:৪০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। ৪ জুলাই র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
    ​গ্রেফতারকৃত আসামিরা হলেন:
    ​১. মোঃ ইলিয়াস মিয়া (২৬), পিতা- মোঃ ইসমাইল মিয়া।
    ২. মোঃ জাফর আলী (২৫), পিতা- আবুল মিয়া।
    ৩. মোঃ মাহফুজ আহম্মেদ রাফিন (২৬), পিতা- দুদু মিয়া।
    ৪. মোঃ জাহিদ মিয়া (৩৮), পিতা- মৃত ইছাক মিয়া।
    গ্রেফতারকৃত সকলের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ টিকরিয়া গ্রাম।
    ​র‍্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-২ (মৌলভীবাজার ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গলের সিন্দুরখান বাজারে অবস্থানকালে গোপন সূত্রে খবর পায় যে, দক্ষিণ টিকরিয়া গ্রামের আব্দুল বারেক ভুইয়ার ভূষি মালের দোকানের ভেতরে একদল যুবক অনলাইনে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে রাত ১০:৫০ মিনিটে র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
    ​মোবাইল অ্যাপের মাধ্যমে চলত জুয়া:
    ​জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোবাইল ডিভাইসে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলে আসছিল। পরবর্তীতে তাদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়।
    ​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
    ​র‍্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই ধরণের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করে।

    অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যদ্রব্য তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার অপরাধে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণের অপরাধে জনসেবা ফার্মেসীকে ৬ হাজার টাকা, একই অপরাধে পাঠান ফার্মেসীকে ৪ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে। এমনকি অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

    এছাড়াও অভিযানের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

    অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

  • বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি, ২০ হাজার গ্র্যাজুয়েটের কর্মসংস্থান সংকটের আশঙ্কা

    বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি, ২০ হাজার গ্র্যাজুয়েটের কর্মসংস্থান সংকটের আশঙ্কা

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের (ম্যাটস) মতো ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর ১৫ ধারা ও ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করে পেশাগত নিবন্ধন দেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে বলা হয়, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশের অধীনে ৪ বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)’ কোর্স সম্পন্ন করলেও ২০১০ সালের বিএমডিসি আইনে ডেন্টাল ডিপ্লোমাধারীদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে বিএমডিসির নিবন্ধন না থাকায় তারা আইনগতভাবে দেশে বা বিদেশে ডেন্টাল চিকিৎসা ও প্রযুক্তি সংশ্লিষ্ট পেশায় কাজ করতে পারছেন না। ডেন্টাল পরিষদের দাবি, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী আইনি স্বীকৃতির অভাবে বেকার জীবন কাটাচ্ছেন। এছাড়া দেশের ৯টি সরকারি ও শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর প্রায় ২ হাজার নতুন ডিপ্লোমাধারী বের হচ্ছেন, যাদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়ছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের (ম্যাটস) বিএমডিসির নিবন্ধন দেওয়া হলেও ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে একই সুযোগ থেকে বঞ্চিত। এমনকি ১৯৮০ সালের আইনের আওতায় শুধুমাত্র পাঁচ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে অনেককে ‘এফ’ ক্যাটাগরিতে প্র্যাকটিস রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল, যা এখনও নবায়ন করা হচ্ছে। ডেন্টাল পরিষদের নেতারা জানান, ১৯৮৩ সালে বিএমডিসির কার্যনির্বাহী কমিটি ডেন্টাল টেকনোলজিস্টদের নিবন্ধনের সিদ্ধান্ত নেয়। পরে ২০০৯ সালে আইন ও বিচার মন্ত্রণালয়ও জানায়, ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্র্যাকটিস রেজিস্ট্রেশন দিতে আইনগত কোনো বাধা নেই। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর তাদের কাজের পরিধি নির্ধারণ করে নিবন্ধনের জন্য একাধিকবার সুপারিশ পাঠালেও বিএমডিসি তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করা হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, ২০২২ ও ২০২৩ সালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে বিএমডিসি আইন সংশোধনের বিষয়ে মতামত চেয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়। সর্বশেষ ২০২৫ সালের ১৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পুনরায় মতামত চাওয়া হলেও বিএমডিসি এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশ ডেন্টাল পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম আযম বলেন, সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মতো ডেন্টাল ডিপ্লোমাধারীদেরও বিএমডিসি আইনের ১৫ ধারা ও ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করে নিবন্ধন দেওয়া সময়ের দাবি। তারা দ্রুত আইন সংশোধনের মাধ্যমে প্রায় ২০ হাজার ডিপ্লোমাধারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে ডেন্টাল চিকিৎসাসেবা আরও সম্প্রসারণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

  • ভারত-বাংলাদেশের সুপরিচিত কবি মাধুরী ব্যানার্জীর ব্যর্থ প্রেম নিয়ে লেখা অণুগল্প : “তোমার বিয়ে?”

    ভারত-বাংলাদেশের সুপরিচিত কবি মাধুরী ব্যানার্জীর ব্যর্থ প্রেম নিয়ে লেখা অণুগল্প : “তোমার বিয়ে?”

    -মাধুরী ব্যানার্জী তোমার বিয়ে?-এই কথাটা
    কানে আসতেই পূর্ব স্মৃতি মনে পড়ে গেল সুলগ্নার। বুকের ভেতরটা কেমন ছ্যাঁৎ করে বিদ্যুতের মত খেলে গেল। আজ থেকে প্রায় ৩০ বছর আগে এমনি এক দিনে কথাটা বলেছিল তার প্রেমিক। দুপুরবেলায় একটা নাটক শুনতে শুনতে ডায়লগটা শুনে তার সবকিছু মনে পড়ে গেল। নাটকের প্রেমিক তার প্রেমিকাকে বলতেই সুলগ্নার তার নিজের ফেলে আসা অতীত ভীষণভাবে নাড়া দিয়ে উঠল। ছেলেটি প্রাণ দিয়ে ভালবাসতে তাকে। যদিও সুলগ্নার দিক থেকে বিশেষ কিছু আগ্রহ ছিল না। পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিকূলতায় ভরা ছিল তাদের প্রেম। ছেলেটি বাড়ির বাইরে থাকা অবস্থাতে সুলগ্নার বিয়ের ঠিক হয়ে যায় হঠাৎ করে। ঘটনাচক্রে বিয়ের আগের দিন বাড়ি ফিরে জানতে পারে সুলগ্নার বিয়ে আগামীকাল। জানতে পেরে পাগল প্রায় অবস্থা তার। সে সময় সুলগ্নাকে জিজ্ঞেস করেছিল ” তোমার বিয়ে”??
    কাজটা ঠিক করলে না।
    পরদিনে সুলগ্নার বিয়ে, সকাল থেকে সানাই এর সুর, ঘরভর্তি আত্মীয়-স্বজন, আলোর রোশনাই এ হই হুল্লোড়ে ভেসে গিয়ে ধুমধাম করে যখন অনুষ্ঠানে মেতে উঠলো সারা বাড়ি। অপরদিকে চোখের জলে ভেসে গেল তাদের দুজনার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। সুলগ্নার বিয়ে হয়ে গেল। সারা জীবনের মতো তাদের প্রেম ব্যর্থ হয়ে গেল।

  • হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

    হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

    বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ।

    মঙ্গলবার পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

    প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশন, পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পালন এবং দেশের বিভিন্ন জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন।

    তিনি গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

    তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিং বিষয়ে তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তার যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

  • এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

    এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

    নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ছয় ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।
    গত রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশ অনুযায়ী, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

    তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই নিষ্পত্তি করা হবে।

    একই আদেশে সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে। ‘ক’ ক্যাটাগরির দায়িত্ব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে, ‘খ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে, ‘খ’ ক্যাটাগরির দায়িত্ব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে, ‘গ-১’ ক্যাটাগরির দায়িত্ব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এবং ‘গ’ ক্যাটাগরির দায়িত্ব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

    আদেশে আরো বলা হয়, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

    এ আদেশের অনুলিপি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ছয়টি দপ্তরে পাঠানো হয়েছে। তবে স্থগিত থাকা ছয় ক্যাটাগরির সেবা কবে পুনরায় চালু হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন পরে নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।

  • মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ উদ্ধার, ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা

    মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ উদ্ধার, ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা

    মো. মোয়াজ্জেম হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ উদ্ধার এবং ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
    মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
    প্রথম অভিযানে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি দল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কড়াইল গ্রামে অভিযান চালায়। এ সময় মো. রিপন (৪৯) নামে এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশের আঙিনায় রোপণ করা তিনটি গাঁজা গাছ এবং একটি সিনথেটিক ব্যাগে সংরক্ষিত ১৪০ গ্রাম গাঁজার পাতা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
    অপরদিকে, সকাল ১০টার দিকে মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজের নেতৃত্বে মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. লাবলু মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
    পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকর করতে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

  • হাজিরহাট বাজারে বর্জ্য ব্যবস্থাপনার অভাব: জলাবদ্ধতা ও দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী-পথচারী, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

    হাজিরহাট বাজারে বর্জ্য ব্যবস্থাপনার অভাব: জলাবদ্ধতা ও দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী-পথচারী, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

    ​লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজিরহাট বাজার এখন চরম জনদুর্ভোগের শিকার। বাজারে সুনির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন বা ময়লা ফেলার নির্দিষ্ট ভাগাড় না থাকায় চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তার ওপর চলতি গরম মৌসুমের বৃষ্টিতে বাজারের জারিদোনা শাখা খালটি ভরাট হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খালের পচা পানি আর ময়লা-আবর্জনার দুর্গন্ধে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী এবং স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীদের চলাচল এখন দুর্বিষহ হয়ে উঠেছে।
    ​স্থানীয় সূত্রে জানা গেছে, হাজিরহাট বাজারের উত্তর মাথা, দক্ষিণ মাথা এবং পশ্চিম বাজার এলাকায় প্রতিদিনের জবাই করা পশুর বর্জ্য, পচা শাকসবজি এবং প্লাস্টিকসহ টন টন বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখা হচ্ছে। কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন বা বর্জ্য অপসারণের কার্যকর ব্যবস্থা না থাকায় পুরো বাজার এলাকা এখন যেন একেকটি উন্মুক্ত ময়লার স্তূপে পরিণত হয়েছে।
    ​এদিকে, বাজারের বুক চিরে বয়ে যাওয়া জারিদোনা শাখা খালটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে সেটি নাব্যতা হারিয়েছে। বর্তমান গরম মৌসুমের আকস্মিক বৃষ্টিতে খালটিতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবর্জনা পচা এই কালো পানি আর তীব্র ঝাঁঝালো দুর্গন্ধে পুরো বাজারের বাতাস ভারী হয়ে উঠেছে।
    ​বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাজিরহাট উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। কিন্তু ময়লার দুর্গন্ধে বাজারে ৫ মিনিট দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ মাথায় ময়লার স্তূপের কারণে দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে।”
    ​সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্থানীয় স্কুল ও কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীরা। প্রতিদিন এই দুর্গন্ধযুক্ত পথ পাড়ি দিয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলছেন, দীর্ঘক্ষণ এই দূষিত পরিবেশ ও দুর্গন্ধের মধ্যে থাকার কারণে শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং শিশুরা প্রতিনিয়ত শ্বাসকষ্ট, ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
    ​এ বিষয়ে যোগাযোগ করা হলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “হাজিরহাট বাজারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা আন্তরিক। বাজার কমিটিকে ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে বলা হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো জায়গা দিতে না পারায় স্থায়ী ডাম্পিং স্টেশন বা ময়লার ভাগাড় নির্মাণ করা সম্ভব হচ্ছে না। জায়গা চূড়ান্ত হলেই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
    ​ভুক্তভোগী ব্যবসায়ী, শিক্ষার্থী ও এলাকাবাসী হাজিরহাট বাজারের বর্জ্য অপসারণের জন্য বাজার কমিটির সহযোগিতায় একটি নির্দিষ্ট ভাগাড় নির্মাণ এবং জারিদোনা শাখা খালটি জরুরি ভিত্তিতে খনন করে জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।