Blog

  • সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ, দুর্ভোগে পাটগাঁওয়ের শতাধিক পরিবার

    সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ, দুর্ভোগে পাটগাঁওয়ের শতাধিক পরিবার

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাটগাঁও গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস পীর মাঠ এখন এলাকাবাসীর জন্য আশীর্বাদের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই মাঠজুড়ে পানি জমে গিয়ে আশপাশের শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

    স্থানীয়দের অভিযোগ, মাঠের ওপর দিয়েই গ্রামের অনেক মানুষের একমাত্র যাতায়াতের পথ। কিন্তু কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সেই পথ পানির নিচে চলে যায়। ফলে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

    এক বাসিন্দা বলেন, “অল্প বৃষ্টিতেই মাঠ পানিতে ভরে যায়। তখন হাঁটাচলা করা খুবই কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।”

    এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও স্থায়ী সমাধানে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতি বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।

    স্থানীয় প্রবীণদের মতে, একসময় বিশ্বাস পীর মাঠ ছিল গ্রামের খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। বিভিন্ন উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক আয়োজন এই মাঠকে ঘিরেই অনুষ্ঠিত হতো। কিন্তু অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে মাঠটি এখন অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকে।

    পাটগাঁওবাসীর দাবি, দ্রুত মাঠ সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, যাতায়াতের রাস্তা উন্নয়ন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হলে বিশ্বাস পীর মাঠ আবারও গ্রামের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে ফিরে আসবে।

  • পাইকগাছায় সরকারি ভিপি সম্পত্তি দখল করে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ

    পাইকগাছায় সরকারি ভিপি সম্পত্তি দখল করে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ

    এফ এম এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)

    পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে দেশের প্রচলিত আইন ও নীতিমালার তোয়াক্কা না করে সরকারি জমি, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও অর্পিত (ভিপি) সম্পত্তি দখল করে বিলাসবহুল বাগানবাড়ি ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। একটি নদীর গতিপথ রোধ ও সরকারি সম্পত্তি গ্রাস করার এই প্রক্রিয়ায় মূল অভিযুক্ত হিসেবে নাম এসেছে লতা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য কুমারেশ মন্ডল ও তার ভাই প্রশান্ত মন্ডলের বিরুদ্ধে। বিগত সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই চক্রটি একের পর এক সরকারি সম্পত্তি ও স্থানীয়দের জমি নিজেদের কবজায় নিয়েছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। সর্বশেষ ইউপি নির্বাচনে কুমারেশ মন্ডল মেম্বার নির্বাচিত হওয়ার পর এই দখল প্রক্রিয়া আরও বেপরোয়া রূপ নেয়।
    সরকারি গেজেট অনুযায়ী, লতা ইউনিয়নের উলুবুনিয়া নদীটির মোট আয়তন ৫৫.৮৯ একর। কিন্তু অবাধ দখল আর অবৈধ বাঁধের কারণে মাত্র কয়েক বছরে নদীটি প্রায় ভরাট হয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, নদী অববাহিকার আশ্রয়ণ প্রকল্প এলাকার কালভার্টের মুখটির কাছে কুমারেশ ও প্রশান্ত মন্ডলের বিলাসবহুল বাড়ির সীমানা করা হয়েছে, যা নদীর অপর পাড় পর্যন্ত ঠেকেছে। গত ২০১৮ ও ২০২১ সালে নদীটির পানির প্রবাহ সচল রাখতে সরকারি অর্থায়নে খনন প্রকল্প হাতে নেওয়া হলেও, ক্ষমতার বলে মূল গতিপথকে আড়াল করে নামমাত্র খননকাজ শেষ দেখিয়ে নদী ভরাট করে এই সিন্ডিকেট নিজেদের সীমানা আরও প্রসারিত করেছে।
    অভিযুক্তদের বিরুদ্ধে নদী দখল ছাড়াও বিস্তর ভূমি গ্রাসের অভিযোগ রয়েছে। তারা শামুকপোতা বাজারে মন্দির সংলগ্ন প্রধান সড়কের পাশে সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে বহুতল বাণিজ্যিক ভবন তৈরি করেছে।কুমারেশ ও প্রশান্ত বর্তমানে যে জায়গায় বসবাস করছেন এবং তার সামনে থাকা ৯ বিঘা জমি—সেটি মূলত সুদীপ্ত মন্ডল নামের এক ব্যক্তির সরকারি বন্দোবস্তের (ডিসিআর) জায়গা। প্রথমে তারা জমিটি ‘হারি’ (লিজ) হিসেবে নিলেও এখন তা সম্পূর্ণ নিজেদের দখলে নিয়েছেন। প্রভাবশালী এই চক্রের ক্ষমতার দাপটে এলাকায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না।
    ভূমি ও নদী দখলের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রশান্ত মন্ডল দাবি করেন যে তারা সরকারি জমি লিজ নিয়েছেন। তবে এর সপক্ষে কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। জমির মালিকানার নথিপত্র দেখতে চাওয়া হলে তিনি দাবি করেন, গত ৫ই আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে তার বাড়িতে আগুন দিয়ে সব কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে।
    উপজেলা লতা ইউনিয়নের বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইব্রাহীম গাজী এর সাথে কথা হলে তিনি বলেন, “এটা নদীর জায়গা না। এই জমি আকবর (ওরফে) আকু মেম্বারের ডিসিআর কাটা। উনার কাছ থেকে অনেক আগে প্রশান্তরা লিজ নিয়ে করে। তিনি আরো বলেন ডিসিআর এর জমি হস্তান্তর যোগ্য নয়। এই বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী বলেন, “সরকারি সম্পত্তি বা নদী দখল করার কোনো সুযোগ নেই। লতা ইউনিয়নে সরকারি ভিপি সম্পত্তি ও নদী অববাহিকা দখলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
    এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসীউজ্জামান চৌধুরী জানান, বিষয়টা জানা ছিল না, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
    প্রকাশ্য দিবালোকে একটি নদীর অস্তিত্ব সংকটে ফেলে এবং সরকারি ভিপি সম্পত্তি দখল করে বিলাসবহুল স্থাপনা নির্মাণের এই ঘটনায় এলাকার সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখতে এলাকাবাসী অবিলম্বে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এই সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

  • গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স বলে জানালেন এমপি মহোদয়

    গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স বলে জানালেন এমপি মহোদয়

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ বিকেলে সহকারী কমিশনার ভুমির নেতৃত্বে একটি টিম বাংগালী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৫টি মেশিন ও সরঞ্জামাদি ভাংচুর করা হয়।
    এ সময় নিজে উপস্থিত থেকে এ অভিযানে অংশগ্রহণ করেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন।
    জনস্বার্থে এ অভিয়ান অব্যহত থাকবে বলে জানালেন তিনি।

    এদিকে মাননীয় এমপি মহোদয়ের সাহসী এ পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগন ও সচেতন নাগরিক সমাজ

  • স্টেশনে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ১১ নারী গ্রেপ্তার!

    স্টেশনে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ১১ নারী গ্রেপ্তার!

    ​ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১১ জন নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
    ​গ্রেপ্তারকৃতরা হলেন— সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
    ​ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন অবস্থায় ওই ১১ নারীকে আটক করা হয়।

    ​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশের অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যাত্রী সেজে বিভিন্ন ট্রেনে চলাচল করছিলেন। তারা মূলত নারী যাত্রীদের টার্গেট করে গলার চেইন, কানের দুলসহ মূল্যবান স্বর্ণালংকার কৌশলে ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    ​পুলিশ আরও জানায়, এর আগে গত ৭ জুলাই সিরাজগঞ্জে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একই এলাকার (নাসিরনগর) আরও ১১ নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা মূলত বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে এমন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।

    ​আটকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

    নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

    ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন লাকি আক্তার নামে এক নারী তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    লাকি আক্তার নলছিটি শহরের সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

    লাকি আক্তার গণমাধ্যমকে জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর তার মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক

    কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক

    চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক চেকপোস্টে পুলিশের অভিযানে কক্সবাজারের রামু উপজেলার এক দম্পতিকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে জব্দকৃত ইয়াবার প্রকৃত পরিমাণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে রমজান আলী (৩৫) ও তার স্ত্রী দিলোয়ারা বেগম (২৩)-কে আটক করা হয়। তারা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
    তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, অভিযানে দম্পতির কাছ থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও জব্দ তালিকায় মাত্র ৫ হাজার ৮০০ পিস উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছে, অবশিষ্ট ৬ হাজার ২০০ পিস ইয়াবা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে কর্ণফুলী থানা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
    এ বিষয়ে কর্ণফুলী থানার এসআই ইমরান ফয়সাল অভিযোগ অস্বীকার করে বলেন, উপস্থিত সাক্ষীদের সামনে যত ইয়াবা উদ্ধার হয়েছে, তা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
    কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ১২ হাজার পিস ইয়াবা উদ্ধারের অভিযোগের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। গণনা করে যত ইয়াবা পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলা করা হয়েছে।”
    এদিকে, অভিযোগের সত্যতা যাচাইয়ে জব্দ তালিকা, আলামত সংরক্ষণ ও অভিযানে অংশ নেওয়া সদস্যদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা

  • নিকলী থানার হাজতে আসামির মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনেই মিলবে প্রকৃত কারণ

    নিকলী থানার হাজতে আসামির মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনেই মিলবে প্রকৃত কারণ

    কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানায় এক পরোয়ানাভুক্ত আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে হাজতের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
    পুলিশ জানায়, নিকলী সিআর মামলা নং-৪০১(১)/২৬-এর পরোয়ানার ভিত্তিতে উপজেলার শহরমুল গ্রামের বাসিন্দা মো. রুবেল (২১), রাজা হাওলাদারের ছেলে,কে বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিকলী থানায় এনে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এবং সকাল ৯টা ৫০ মিনিটে হাজতখানায় রাখা হয়।
    গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী তার দেহ তল্লাশি করা হয়। এরপর সকাল ১১টা ১০ মিনিটে তার বাবা থানায় এসে ছেলের সঙ্গে সাক্ষাৎ করেন। কিছুক্ষণ পর আদালতে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে সিডিএমএসে তথ্য সংরক্ষণের জন্য তার ছবি তোলা হয়।
    পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতে পাঠানোর উদ্দেশ্যে হাজত থেকে রুবেলকে বের করতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাজতের লোহার গ্রিলের সঙ্গে নিজের পরিহিত শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নামিয়ে পরীক্ষা করা হলেও কোনো সাড়া মেলেনি। সঙ্গে সঙ্গে বিষয়টি থানার অফিসার ইনচার্জ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
    দায়িত্বরত কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের ধারণা, নিজের পরিহিত শার্ট ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
    এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত, আলামত পরীক্ষা এবং তদন্তের সার্বিক ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

  • ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার

    ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার

    কক্সবাজার সদর মডেল থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে একটি স্লিপার কোচের হেল্পারকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত বিলাসবহুল বাসটি জব্দ করা হয়েছে।
    শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
    পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে তল্লাশি চালিয়ে স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    এ ঘটনায় বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।
    অভিযানের সময় বাসের চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
    পুলিশ আরও জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

    বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

    কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বৈরী আবহাওয়া ও নৌযোগাযোগ ব্যাহত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
    শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা এক সপ্তাহের প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের সঙ্গে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় দ্বীপের অনেক পরিবার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সংকটে পড়ে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
    কোস্ট গার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
    মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় এলাকায় দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

  • সিকেটের গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য: অতিষ্ঠ এলাকাবাসী

    সিকেটের গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য: অতিষ্ঠ এলাকাবাসী

    সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী ও সুসংগঠিত মানব পাচার সিন্ডিকেটের কর্মকাণ্ডে জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকে মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দেওয়া এই চক্রের অপতৎপরতায় সীমান্ত এলাকার স্বাভাবিক জীবনযাত্রা আজ হুমকির মুখে। স্থানীয়দের দাবি, এই সিন্ডিকেট কেবল আইনি অপরাধই করছে না, বরং সীমান্তবর্তী জনপদকে এক প্রকার জিম্মি করে ফেলেছে।

    অনুসন্ধানে ও স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্তজুড়ে মানব পাচারের এই নেটওয়ার্ক পরিচালনা করছে একটি চক্র। তাদের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে সাব্বির আহমদ ও কাউসার আহমদ সহ তাদের নেতৃত্বে একটি সক্রিয় সিন্ডিকেট এই অবৈধ বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

    সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যমতে, এই মানব পাচার চক্রের সক্রিয় সদস্যদের নাম ও পরিচয় নিম্নরূপ:
    সাব্বির (২৯) স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা: মামার দোকান এলাকা। লাল মিয়া (৩০) পিতা: আমিন আলী, গ্রাম দক্ষিণ প্রান্তমাই।
    জুয়েল রানা (৩০)পিতা শাহজাহান, গ্রাম: উত্তর প্রতাপপুর। কাউসার (২৮) ও আফসার (২৬)উভয় পিতা: জয়নুদ্দিন, গ্রাম উত্তর প্রতাপপুর।
    এনাম আহমদ (২৮)পিতা: আব্দুল মালেক, গ্রাম: ডিবির হাওর। ইউসুফ আহমদ (২৬) পিতা: নেনা মিয়া, গ্রাম: ডিবির হাওর। জুবেল আহমদ (২৫) (পিতার নাম অজ্ঞাত) গ্রাম: ডিবির হাওর ।

    অভিযোগ রয়েছে, এই চক্রটি মূলত গোয়াইনঘাটের পানতুমাই, বাদেশ্বর, হাজিপুর, লামাপুঞ্জি, লন্ডনী বাজার, সংগ্রামপুঞ্জি, তামাবিল, নলঝুরি এবং জৈন্তাপুরের ডিবির হাওর সীমান্ত এলাকাকে তাদের রুট হিসেবে ব্যবহার করছে। সহজ-সরল মানুষকে টার্গেট করে এবং অর্থের প্রলোভন দেখিয়ে তারা অবৈধভাবে সীমান্ত পারাপারের কারবার চালিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে অপহরণ ও জিম্মি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

    অপরাধীদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছেন না, যার ফলে এক ধরনের আতঙ্কের পরিবেশ বিরাজ করছে পুরো সীমান্ত অঞ্চলে।প্রশাসনের কাছে এলাকাবাসীর কঠোর বার্তা
    মানব পাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল এখন জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানিয়েছেন।

    তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানিয়েছেন: পাশাপাশি
    গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে এই চক্রের গোপন আস্তানাগুলো শনাক্ত করা এবং সাঁড়াশি অভিযান চিহ্নিত হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ও সীমান্ত পারাপারের অবৈধ রুটগুলো সিলগালা করা এবং নিয়মিত টহল জোরদার করা
    দাবি জানিয়েছেন।

    এলাকাবাসীর ভাষ্য, আমরা আর আতঙ্কিত জীবন চাই না। এই মানব পাচারকারীরা দেশ ও জাতির শত্রু। দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তবে এই সিন্ডিকেট আরও বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে।

    এ বিষয়ে অভিযুক্ত সাব্বির আহমদের মুঠোফোনে যোগাযোগ করলে, উনার বন্ধু কল রিসিভ করেন বলেন সাব্বির এখানে নাই, কাউসার আহমেদের মুঠোফোন কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আগে মানব পাচার করতাম এখন করি না, এবং এনামের সাথে কথা বললে তিনি বলেন এরকম বিষয় নিয়ে আমাকে কল দিবেন না আমরা কোনরকম চলতেছি, ইউসুফের মুঠো ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন কথা শুনেই উত্তর না দিয়ে কল কেটে দেন, লাল মিয়ার মুঠোফোনে বারবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি, এবং অন্যান্যরাও কল রিসিভ করেননি,

    সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা সীমান্তবর্তী জনগণের। এই প্রতিবেদনটি কি আপনার বর্তমান প্রয়োজন অনুযায়ী যথাযথ হয়েছে, নাকি কোনো নির্দিষ্ট তথ্য বা সংবাদের মোড় আরও পরিবর্তন করতে চান?