Blog

  • দল গোছানোর উদ্যোগ বিএনপির

    দল গোছানোর উদ্যোগ বিএনপির

    এবার দল পুনর্গঠনে মনোযোগ দিয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল হওয়ায় এর মধ্যে দলের অনেকে সরকারে চলে গেছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা হয়েছেন অনেকে। এ কারণে দলের কর্মকান্ডে কিছুটা ভাটা পড়েছে। এমন পরিস্থিতিতে দলীয় কর্মকান্ড চাঙা করতে দল পুনর্গঠনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য দলীয় কাউন্সিল আয়োজনসহ অঙ্গসংগঠনগুলো পুনর্গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তাঁরা জানান, তিন বছর মেয়াদি কমিটি গঠনে সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। এ ছাড়া দলটির অঙ্গ ও সহযোগী ১১টি সংগঠনের মধ্যে ১০টি কমিটিই মেয়াদোত্তীর্ণ। বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ। বিশেষ করে আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেই দল গোছানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।

    অঙ্গ ও সহযোগী সংগঠন : বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টিই মেয়াদোত্তীর্ণ। ফলে এসব কমিটি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাই সংগঠনকে শক্তিশালী করতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের চিন্তা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে দলের শীর্ষ নেতৃত্বকে দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় দলীয় নেতারা সাংগঠনিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলছেন। তাঁদের মতে, দুর্বল সাংগঠনিক কাঠামো নিয়ে নির্বাচনে গেলে প্রতিদ্বন্দ্বী দলগুলো সুযোগ নিতে পারে। তাই নির্বাচন সামনে রেখে মূল দল ও অঙ্গসংগঠনগুলোকে নতুন নেতৃত্বে পুনর্গঠন করাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস ও ওলামা দল- এই ৯টি হলো বিএনপির অঙ্গসংগঠন। জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল বিএনপির সহযোগী সংগঠন। তবে এসব সংগঠনের অধিকাংশেরই পূর্ণাঙ্গ গঠনতন্ত্র নেই। প্রায় ৪৭ বছরেও ছাত্রদলের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরি হয়নি।

    বিএনপির কাউন্সিল : বিএনপির গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও এক দশকেও তা হয়নি। তবে এ সময়ে নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। যুক্ত হয়েছে নতুন মুখ। কেউ পদোন্নতি পেয়েছেন, আবার কেউ দায়িত্ব থেকে সরে গেছেন। দলীয় দায়িত্বশীল নেতারা জানান, চলতি বছরের শেষের দিকে দলের সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। এজন্য দায়িত্বশীলদের ৮২টি সাংগঠনিক জেলা ও অধিভুক্ত উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে দলকে শক্তিশালী করার লক্ষ্যে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকগুলোতেও অধিকাংশ নেতা কাউন্সিল করার পক্ষে অভিমত দিয়েছেন। একই সঙ্গে কাউন্সিলের দিনক্ষণ ঘোষণার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে জাতীয় স্থায়ী কমিটি। দায়িত্বশীলরা আভাস দিয়েছেন, এবার কাউন্সিলে থাকবে নতুন নতুন চমক। পরিবর্তন হবে দলীয় গঠনতন্ত্রের কিছু ধারা-উপধারা। দীর্ঘ ৯ বছর পর দলের কাউন্সিলে ১৬ বছর রাজপথে থাকা নেতাদের আমলনামা অনুসারে ভাগ্য নির্ধারণ হবে। যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে নবরূপে সাজানো হবে বিএনপিকে।

    বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও সাংগঠনিক তৎপরতায় পিছিয়ে পড়ছে বিএনপি। সারা দেশে ৮২ কমিটির মধ্যে এখন ৭২টি মেয়াদোত্তীর্ণ। শুধু সাংগঠনিক ইউনিট কমিটি নয়; সারা দেশে বিএনপির থানা-উপজেলা এমনকি ওয়ার্ড পর্যায়ের কমিটিও এখন প্রায় নিষ্ক্রিয়। জানা গেছে, সারা দেশে বিএনপির সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে ৪৯টি আহ্বায়ক কমিটি এবং ৩১টিতে রয়েছে পূর্ণাঙ্গ কমিটি। এসব কমিটির মধ্যে মেয়াদ রয়েছে মাত্র ৮ জেলা ও মহানগর কমিটির। ৭২টি কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। দলের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিটি জেলা ও মহানগর কমিটির মেয়াদ দুই বছর। মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে কাউন্সিলে নতুন কমিটি গঠন করার বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে ব্যর্থ হলে যুক্তিসংগত কারণ দেখিয়ে আরও তিন মাস সময় নিতে পারবে। এই সময়েও কমিটি গঠনে ব্যর্থ হলে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। এরপর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের শর্তে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করে দেবে কেন্দ্র। যদি আহ্বায়ক কমিটিও ব্যর্থ হয়, সে ক্ষেত্রে কেন্দ্র কমিটি গঠন করে দেওয়ার নিয়ম রয়েছে।

    স্থানীয় নির্বাচনে গুরুত্ব : স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায় বিএনপি। সেজন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আগামী স্থানীয় নির্বাচন বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হতে পারে এবং দল কীভাবে প্রস্তুতি নেবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সূত্র জানায়, নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হলেও বিএনপি সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে এবার সতর্ক অবস্থান নিতে চায়। এজন্য বিভিন্ন এলাকায় জরিপ পরিচালনার মাধ্যমে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করার বিষয়েও আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির সদস্যদের মতে, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে। তাই এখন থেকেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

    জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা সংগঠনের চলমান প্রক্রিয়া। তবে জাতীয় কাউন্সিল হলে সংগঠনটি নতুন নেতৃত্ব পায়। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা ত্যাগী, সংগ্রামী, পরীক্ষিত নেতারাই সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পান। এতে ত্যাগীরা যেমন মূল্যায়িত হন, তেমনি সংগঠনও শক্তিশালী হয়।

    কাউন্সিলের বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচারী সরকারের সীমাহীন নির্যাতনে বিএনপি তখন স্বাভাবিক দলীয় কর্মকান্ড চালাতে পারেনি। তাই উদ্যোগ নেওয়ার পরও দলের জাতীয় কাউন্সিল করা সম্ভব হয়নি। এখন রাজনীতির পরিবেশ এসেছে। তাই দলের জাতীয় কাউন্সিলও হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির কাউন্সিল এই বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। দলের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দলের লোক অনেকে সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলো পূরণ হতে সময় লাগবে। এটা বিচ্ছিন্ন ব্যাপার না। এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।

  • তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক

    তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক

    আমির হোসাইন তাহিরপুর
    সুনামগঞ্জ প্রতিনিধি

    সুনামগঞ্জের তাহিরপুর
    উপজেলা দাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম থেকে মরণ নাশক ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ী মোদেরগাও গ্রামের সোহাগ মিয়াসহ ৩ জনকে আটক করেছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

    মঙ্গলবার ভোররাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়ার নেতৃত্ব পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

    আটককৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া(৩৬),মোল্লাপাড়া গ্রামের ময়না মিয়া(৪০),পিতা মতিউর রহমান এবং একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া(৩৫)। সাথে দুটি ইয়ামা কোম্পানী আরোয়ান- ৫ লাইসেন্স বিহীন চোরাই মোটর সাইকেল আটককৃতদের বাড়িতে রয়েছে। তারা এসব চোরাই মোটর সাইকেল রাতের অন্ধকারে অবৈধ কাজে ব্যবহার করা হয়ে থাকে বলে স্হানীয় একাধিক লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান।
    আটককৃত তিনজনকে বর্তমানে বাদাঘাট পুলিশে ফাঁড়িতে রাখা হয়েছে।
    তবে স্হানীয় একাধিক সূত্র জানায়,রফাদফার মাধ্যমে আটককৃত তিনজনকে ছেড়ে দেয়ার পায়তারা চলছে বলে জানা যায়। এদিকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সরকার জিরো ড্রলারেন্স নীতিতে অটল। এজন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রতিটি এলাকায় জনগনকে নিয়া সভা সেমিনার করা হচ্ছে। কিন্ত কিছু র্দূনীতিবাজদের আশ্রয়ে প্রশ্রয়ে মাদক ও ইয়াবা সেবনকারী ও বিক্রেতারা এমন অপকর্ম চালানোর সুযোগ পায় বলে মনে করেন সচেতন মহলের সদস্যরা।

    এ ব্যাপারে তাহিরপুর বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো সজল মিয়ার সরকারী ও ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

    এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক কে ফোন দিলেও উনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি

  • বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ”

    বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ”

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের বেনাপোল স্থলবন্দর ও সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে পণ্য চুরি, স্বর্ণ ও মাদক চোরাচালান এবং সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয়দের একাংশের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বন্দরের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।

    অভিযোগকারীদের দাবি, ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্য খালাস ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে রহস্যজনকভাবে মালামাল কম পাওয়া যায় বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়লেও অধিকাংশ ক্ষেত্রে কার্যকর প্রতিকার পান না বলে অভিযোগ রয়েছে।

    স্থানীয় কয়েকটি সূত্র আরও দাবি করেছে, বন্দরের একজন শ্রমিক নেতা এবং বিএনপি নেতা শহিদ আলী ওরফে বড় শহিদ ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী শহিদ ওরফে গোল্ড শহিদ সীমান্ত এলাকার এসব অভিযোগের সঙ্গে আলোচনায় এসেছে।

    স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, বন্দরের সিসিটিভি ফুটেজ, গেট পাস, গুদাম রেকর্ড, পণ্য খালাসের নথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হতে পারে।

    এদিকে সীমান্ত এলাকায় স্বর্ণ ও অন্যান্য চোরাচালান নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, সংঘবদ্ধ অপরাধে জড়িত যে-ই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা উচিত।

    সাগর হত্যা মামলাও আলোচনায়

    সম্প্রতি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের সাগর নামে এক যুবকের হত্যাকাণ্ড নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় বিভিন্ন সূত্রে এ ঘটনায় একটি প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

    এই বিষয়ে বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান মামলাটির এখনো তদন্ত চলতেছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে আর এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তিনি মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।
    পরবর্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে কিন্তু ৩ মাস পূর্বের ঘটনা হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ঐ দিনের কোন সিসিটিভির ভিডিও ফুটেজ দিতে পারতেছে না কারন তারা ৪৫ দিনের সিসিটিভির ভিডিও ফুটেজ সংরক্ষণ করে থাকে। এখন তিনি ঐ দিনে যেসকল শ্রমিকরা কাজ করেছিলো তাদের সনাক্ত করার চেষ্টা করতেছেন, এ জন্য মামলাটি তদন্ত করতে একটু সময় লাগতেছে।
    এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনারের সাথে তার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করা হলে কোন রেসপন্স পাওয়া যায় নাই।

    স্থানীয়দের দাবি, বন্দরকেন্দ্রিক পণ্য চুরি, সীমান্ত চোরাচালান এবং সাগর হত্যা—এসব অভিযোগ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার বিষয়টি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।

    এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক

    মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক

    চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে চট্টগ্রামের বহিঃনোঙর এলাকা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি কার্গো বোটসহ ২২ জনকে আটক করা হয়।
    সোমবার (১৩ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
    পরে সোমবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি করে। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা আনুমানিক ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (DAP) সার, পাচারকাজে ব্যবহৃত তিনটি বোট এবং ২২ জন পাচারকারীকে আটক করা হয়।
    কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে জব্দকৃত মালামাল ও বোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
    কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩

    রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩

    রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়ার চরনারায়ণপুর এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

    সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি ট্রাককেও সজোরে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। অপরদিকে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

    দুর্ঘটনায় ট্রাকচালক, পিকআপচালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে থাকা ট্রাক থেকে চালককে উদ্ধার করেন। এছাড়া উদ্ধারকারী দল পিকআপের ক্ষতিগ্রস্ত অংশ কেটে ভেতরে আটকে পড়া চালককে বের করে আনে।

    আহতদের প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

    এদিকে দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

    দুর্ঘটনার ফলে কিছু সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ১৪৫ ধারা জারির আগেই বাগানবাড়িতে ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

    ১৪৫ ধারা জারির আগেই বাগানবাড়িতে ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

    কুমিল্লার লাকসামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আদালতে ১৪৫ ধারার কার্যক্রম চলাকালে একটি বাগানবাড়িতে ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন দক্ষিণ বিনই গ্রামের বাসিন্দা শুকর মিয়া (৬৫)।
    অভিযোগে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মনোয়ারা বেগম, রেখা আক্তার, শিউলি বেগম, বিথী বেগম, রিমি বেগমসহ কয়েকজন তার বাগানবাড়িতে প্রবেশ করে বাউন্ডারি, পিলার ও বাঁশের বেড়া ভাঙচুর করেন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
    শুকর মিয়ার দাবি, জমি নিয়ে বিরোধের জেরে মনোয়ারা বেগম আদালত থেকে মিথ্যা তথ্যের ভিত্তিতে ১৪৫ ধারার আদেশ নিয়েছেন। তিনি বলেন, আদালতের আদেশ কার্যকর হওয়ার আগেই অভিযুক্তরা বাগানবাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে দখলের চেষ্টা করেছেন। তবে আদালতের আদেশ মিথ্যা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে এ দাবির সত্যতা আদালতের কোনো সিদ্ধান্তে এখনো প্রতিষ্ঠিত হয়নি।
    অভিযোগের বিষয়ে মনোয়ারা বেগম ও অন্যান্য অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, অভিযোগে বর্ণিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।
    এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নি\হত ১, আ/হত -১

    অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নি\হত ১, আ/হত -১

    ​যশোরের অভয়নগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক মল্লিক (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নি\হত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (২৬) নামে আরও একজন গুরুতর আহ/ত হয়েছেন।
    ​রবিবার (১২ জুলাই) রাতে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
    ​নি\হত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাচ্চু মল্লিকের ছেলে এবং তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী ছিলেন। আ\হত শান্ত ইসলাম একই এলাকার বাসিন্দা।
    ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তারেক মল্লিক প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আ\হত হন মোটরসাইকেলের অপর আরোহী শান্ত ইসলাম। এ ঘটনায় ​এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত নাজমুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা ছিলেন। সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী ব্যক্তি স্বামী পরিচয়ে নাজমুন নাহার স্বপ্নার জন্য নিউ লাইফ হাসপাতাল ভবনের ওই বাসাটি ভাড়া নেন। সোমবার সকাল ৮টার দিকে স্বপ্নাকে কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এর আগে তার শিশু সন্তানদের কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়েছিলেন।

    নিহতের বড় ভাই মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরবর্তী বিয়েগুলো বিচ্ছেদের পর সর্বশেষ তিনি প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন এবং খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন।

    ঘটনার খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থলের আলামত ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

  • রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

    রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

    কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহীর নওদা পাড়া, শিরোইল বাস টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যায়নি।

    রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে। সোমবার বিকেলে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। ফলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি ভণ্ডুল হয়ে যায়।

    বৈঠক থেকে ফিরে শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে গিয়ে চরম উত্তেজনা তৈরি করে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন না করা পর্যন্ত তাৎক্ষণিকভাবে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। তবে দূরপাল্লার বাসগুলো রাজশাহী ফেরা এবং অন্য জেলার বাস রাজশাহী থেকে বের হবার জন্য সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছিলো। ফলে সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে আর কোনো বাস ছেড়ে যায়নি। বাস টিকিট কাউন্টারগুলো অধিকাংশই খোলা রয়েছে। তবে, কখন এই কর্মরিতি প্রত্যাহার হবে তা কেউ বলতে পারেনি।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচন আয়োজন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

    তবে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এ সময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়।

    বৈঠক শেষে শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে তাৎক্ষণিকভাবে রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। ফলে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লা ও আন্তঃজেলা গন্তব্যের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।

    এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

    রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”

  • সরকারি প্রাথমিকে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী বিসমিকা

    সরকারি প্রাথমিকে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী বিসমিকা

    ঢাকা বিভাগের গাজীপুর সদর উপজেলার লস্কর চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিসমিকা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। গত রবিবার ১২ জুলাই সরকারি প্রাথমিকের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর এই রেজাল্ট জানতে পারে। মেধাবী শিক্ষার্থী বিসমিকা ছোট থেকেই বেশ মেধাবী। পাঠ্য বই ছাড়াও সে গান ও নৃত্য এবং অভিনয়ে বেশ পারদর্শী।

    এর আগে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনে ঢাকা আইডিয়াল এডুকেশন স্কুলের শিক্ষার্থী হয়ে ২য় শ্রেণী থেকে ২০২২ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, তৃতীয় শ্রেণী থেকে ২০২৩ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং ৪র্থ শ্রেণী থেকে ২০২৪ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বসিমিকার বাবা ও মা তার একমাত্র মেয়ের এই মেধা বিকাশে আনন্দিত। সে তার বাবা-মা, শিক্ষক ও তার প্রতিষ্ঠান এবং দেশের মুখ উজ্জল করছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

    বিসমিকার বাবা মো নাজমুল ইসলাম ও মাতা মোছা শম্পা বেগম। বাবা মা’য়ের একমাত্র সন্তান সে। ময়মনসিংহ জেলার স্থানীয় বাসিন্দা হলেও চাকরির সুবাদে তারা গাজীপুরের সফিপুরে বসবাস করেন। তার বাবা যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সফিপুর স্পিনিং ডিভিশনে চাকরি করেন।

    মেধাবী শিক্ষার্থী বিসমিকার এই নানা মুখি মেধা তার পিতামাতা ও শিক্ষক এবং সহপাঠীদের কাছে অনন্য করে তুলেছে। তার এই মেধায় সকলে বেশ খুশী ও আনন্দিত। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ভবিষ্যতে সে আরও বড় কিছু হওয়ার প্রত্যাশা করেন। বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে সকলেই আশা করেন।