Blog

  • চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে  ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

    চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

    যশোর বিমানবন্দরটি দেশের অন্যতম প্রাচীন ও ব্যস্ততম এখন চরম যাত্রীসংকটে ভুগছে। একসময়ের জমজমাট এই বিমানবন্দর থেকে যেখানে দিনে সর্বোচ্চ ১৮টি ফ্লাইট ওঠানামা করত, বর্তমানে সেখানে পুরো সপ্তাহে চলছে মাত্র ৯টি ফ্লাইট। তা–ও আবার প্রতিটি বিমানের ধারণক্ষমতার প্রায় অর্ধেক আসন ফাঁকা রেখে। এমন চরম লোকসানি পরিস্থিতিতে,
    আগামী ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে নিজেদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

    সংশ্লিষ্ট কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির মালিকেরা বলছেন, ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আকাশপথের ওপর। বিমানবন্দর সংশ্লিষ্ট খুলনার মোংলা বন্দর, বেনাপোল স্থলবন্দর এবং সাতক্ষীরা অঞ্চলের একটি বড় অংশের বিমানযাত্রী এখন আর যশোরমুখী হচ্ছেন না। বাংলাদেশের রেলওয়ে ও সড়ক পথের সহজ যোগাযোগের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অন্যান্য রুটের তুলনায় যশোর-ঢাকা রুটে অতিরিক্ত বিমানভাড়াকে যাত্রী কমার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন ব্যবসায়ীরা। বর্তমানে এই রুটে বিমানের সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৮০০ টাকা।

    ইউএস–বাংলা এয়ারলাইনসের যশোরের ব্যবস্থাপক সাব্বির হোসেন জানান, মূলত যাত্রীসংকটের কারণেই আগামী ১৬ জুলাই থেকে আগামী তিন মাসের জন্য এই রুটে তাদের সব ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে। তিন মাস পর যাত্রী পরিস্থিতি পর্যালোচনা করে আবারও ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, পদ্মা সেতু চালুর আগে যেখানে প্রতিদিন অন্তত ১৪টি ফ্লাইট এই রুটে চলত, এখন সেখানে দিনে মাত্র একটি ফ্লাইট চলছে অর্ধেক যাত্রী নিয়ে। তবে বিমানের জ্বালানির দাম বৃদ্ধি ও এয়ারপোর্ট খরচ বাড়ার কারণেই ভাড়া কিছুটা বেশি রাখতে হচ্ছে বলে তিনি দাবি করেন।

    এদিকে, ইউএস–বাংলা ফ্লাইট বন্ধ করে দিলে সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট (বিমান বাংলাদেশের প্রতি মঙ্গল ও শুক্রবারের ফ্লাইট) চালু থাকবে এই বিমানবন্দরে। ফলে বিমানবন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা ট্রাভেল এজেন্সি, ভাড়ায় চালিত গাড়ির চালক এবং স্থানীয় ছোট-বড় ব্যবসায়ীরা কর্মহীন হওয়ার আশঙ্কায় পড়েছেন।

    ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন অব যশোরের সাধারণ সম্পাদক অরুণ মজুমদার অন্য রুটের সাথে সমন্বয় করে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম ভৌগোলিক ও বাণিজ্যিক কারণে যশোর বিমানবন্দরের গুরুত্ব তুলে ধরে এটিকে সচল রাখার পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে ফুল ও সবজি সরাসরি বিদেশে রপ্তানির সুযোগ তৈরির দাবি জানান

  • পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে শেষ;১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা

    পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে শেষ;১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা

    বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ থেকে ৪০টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক বছরের সঞ্চিত পুঁজি, মালামাল ও দোকানের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
    রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে রবিন নামে এক ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের অধিকাংশ দোকান টিন ও দাহ্য সামগ্রী দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
    আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের প্রচেষ্টা সফল হয়নি। পরে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পার্শ্ববর্তী মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের প্রায় ৩০ থেকে ৪০টি দোকান ও ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা নগদ অর্থ, মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক কাগজপত্রও আগুনে পুড়ে গেছে। এতে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন।
    স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারলে হয়তো আগুনের বিস্তার কমানো সম্ভব হতো এবং আরও কয়েকটি দোকান রক্ষা করা যেত।

    অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, পাথরঘাটা উপজেলা সদর থেকে রায়হানপুর ও কাকচিড়া ইউনিয়নের দূরত্ব অনেক হওয়ায় অগ্নিকাণ্ডের মতো জরুরি ঘটনায় ফায়ার সার্ভিসের পৌঁছাতে সময় লাগে। তাই ভবিষ্যতে জানমাল রক্ষায় রায়হানপুর বা কাকচিড়া ইউনিয়নে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, এ অঞ্চলে একটি ফায়ার স্টেশন থাকলে এমন বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব হবে।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন,
    “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে এবং মাননীয় চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মণি এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।”
    এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • গোপালগঞ্জে পিতার গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

    গোপালগঞ্জে পিতার গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় জন্মদাতা পিতাকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ঘাতক ছেলে আলীম কাজীকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আলীম গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার মৃত ইসমাইল কাজীর ছেলে।

    মামলার বিবরণীতে জানাযায়, সাজাপ্রাপ্ত আলীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় তিনি মাদক সেবন করে বাড়িতে এসে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু করলে তার বাবা ইসমাইল তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলীম তার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান।

    পরবর্তীতে ১৩ মে সকালে ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির উদ্দেশ্যে আখ পরিষ্কার করছিলেন। এ সময় আলীম একটি ধারালো বটি নিয়ে এসে আকস্মিকভাবে তার বাবার গলায় সজোরে কোপ দেন। এতে ইসমাইল কাজীর শ্বাসনালী কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

    এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ আসামী আলীম কাজীকে পেনাল কোডের ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল পূর্ণমতি প্রি ক্যাডেট একাডেমীর  জান্নাতুল ফেরদৌস।

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল পূর্ণমতি প্রি ক্যাডেট একাডেমীর জান্নাতুল ফেরদৌস।

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা প্রতিনিধি।

    প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ঘোষিত ফলাফলে সাধারণ গ্রেড (কোটা) ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামের কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি প্রি ক্যাডেট একাডেমি স্কুল থেকে অংশ নিয়ে সে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

    জান্নাত আরা বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামের নোয়াপাড়া এলাকার মো জাহাঙ্গীর আলম এবং ইয়াসমিন আক্তার দম্পতির কন্যা।মেধার এই স্বীকৃতি অর্জনের পর পরিবার, স্বজন ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের আমেজ বিরাজ করছে।

    মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. জাহাঙ্গীর আলম বলেন, “জান্নাত ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী। তার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনায় সে আজ এই সাফল্য অর্জন করেছে। আমি সবার কাছে আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই, যেন সে বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।”

    পূর্ণমতি প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মো মাসুম জান্নাতুল ফেরদৌস কে অভিনন্দন জানিয়ে বলেন, “প্রতিষ্ঠানের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীর কঠোর অধ্যবসায়ের ফলেই এই গৌরব অর্জন সম্ভব হয়েছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

    এদিকে পূর্ণমতি প্রি ক্যাডেট একাডেমির জান্নাতুল ফেরদৌস বৃত্তি পাওয়ায় তার জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক, মো এনামুল হক, উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মেধা ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

  • ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়ক অবরোধ

    ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়ক অবরোধ

    এইচএসসি-২০২৬ পরীক্ষা স্থগিতসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

    সোমবার (১৪ জুলাই) দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে শতাধিক শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কিছু সময় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে বহু শিক্ষার্থী এখনো চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেক এলাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে এবং অনেক পরীক্ষার্থী নিরাপদভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবেন না। এ অবস্থায় পরীক্ষা আয়োজন করলে অসংখ্য শিক্ষার্থী বৈষম্যের শিকার হবেন। তাই সকল শিক্ষার্থীর জন্য সমান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।

    শিক্ষার্থীদের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে— বাস্তবসম্মত ও অনুকূল পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রের আন্তর্জাতিক মান নিশ্চিত করা, যৌক্তিক কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষাবর্ষ নির্ধারণে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

    কর্মসূচিতে শিক্ষার্থীরা *“No Safe Environment, No Exam”* এবং *“Safety First, Our Safety, Our Right”* লেখা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা বলেন, তাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

    এদিকে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

    তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • বাংলাদেশ ট্রাক ও কাভার্টভ্যান  ড্রাইভার্স ইউনিয়নের এি-বার্ষিক ২০২৬ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত।

    বাংলাদেশ ট্রাক ও কাভার্টভ্যান ড্রাইভার্স ইউনিয়নের এি-বার্ষিক ২০২৬ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত।

    টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ ট্রাক ও কাভার্টভ্যান ড্রাইভার্স ইউনিয়ন ধনবাড়ী শাখার এি-বার্ষিক ২০২৬ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ ১৩ জুলাই সোমবার বেলা ২ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি ধনবাড়ী শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আঃ বারী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাংগাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক, শাহিনুর ইসলাম (শাহিন)। ট্রাক শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য মোট ০৮(আট) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি, অধ্যক্ষ এম আজিজুর রহমান ও যুগ্ন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন ধনবাড়ী পৌর বিএনপি সভাপতি এস এম এ ছোবহান (জিএস) এবং আরো সদস্য হিসেবে রয়েছেন এনামুল হক (ভিপি) সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি। রফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি। হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, জাহিদুল ইসলাম মহব্বত, শাহিনুর ইসলাম শাহিন ও আলহাজ্ব মোঃ আঃ বারী সহ ৮ জন কমিটি অদ্য নির্বাচনে দায়িত্ব পালন করবে।

  • ইতিহাস ও ঐতিহ্যের ১২৬ বছর: সরকারি  যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ইতিহাস ও ঐতিহ্যের ১২৬ বছর: সরকারি  যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    মোঃ আশরাফুল হক বাবু
    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

    লৌহজং নদীর তীরে গড়ে ওঠা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম বাতিঘর সরকারি যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজ। ১৯০০ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি টানা ১২৬ বছর ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শতবর্ষের গণ্ডি পেরিয়ে আজও প্রতিষ্ঠানটি নাগরপুর তথা টাঙ্গাইল জেলার অন্যতম প্রাচীন ও গৌরবময় বিদ্যাপীঠ হিসেবে নিজস্ব মর্যাদা ধরে রেখেছে।

    প্রতিষ্ঠানের ইতিহাস ঘেঁটে জানা যায়, ঊনবিংশ শতাব্দীর শেষভাগে নাগরপুর অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। শিক্ষাবঞ্চিত মানুষের জন্য আধুনিক শিক্ষার দ্বার উন্মোচনের লক্ষ্যে ১৯০০ সালের ১ ফেব্রুয়ারি তিন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বাবু যাদবলাল চৌধুরী, হরিলাল চৌধুরী ও কিশোরী চন্দ্র প্রামাণিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাঁদের প্রচেষ্টায় বাঁশ ও ছন দিয়ে নির্মিত একটি অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাবু মুকুন্দলাল চক্রবর্তী (বি.এ.)।

    তবে প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যেই বিদ্যালয়টি তীব্র আর্থিক সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে নাগরপুরের বিশিষ্ট জমিদার রায় বাহাদুর সতীশচন্দ্র চৌধুরী বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন এবং আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সংকটমুক্ত করেন। পরবর্তীতে তিনি তাঁর পরম শ্রদ্ধেয় কাকা যদুনাথ চৌধুরী-এর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের নামকরণ করেন ‘নাগরপুর যদুনাথ উচ্চ ইংরেজি বিদ্যালয়’। উল্লেখ্য, যদুনাথ চৌধুরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন না; তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নামকরণ করা হয়। সময়ের পরিক্রমায় শিক্ষার পরিধি সম্প্রসারিত হলে প্রতিষ্ঠানটি ‘সরকারি যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজ’ নামে পরিচালিত হচ্ছে।

    প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি শিক্ষার মান ও ফলাফলে বিশেষ সুনাম অর্জন করে। ১৯১১ সালে এই বিদ্যালয় থেকে প্রথম এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন কাটরিনীবাসী যোগেশ চন্দ্র নিয়োগী। তাঁর এই সাফল্যে আনন্দিত হয়ে রায় বাহাদুর সতীশচন্দ্র চৌধুরী তাঁকে সংবর্ধনা দিয়ে নাগরপুর প্রদক্ষিণ করান এবং পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দান করেন। এই বিদ্যাপীঠের সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও ভারতরত্ন ড. বিধানচন্দ্র রায়, ডা. ব্রজবল্লভ সাহা এবং প্রখ্যাত সাহিত্যিক গিরিজাশংকর রায়চৌধুরী-সহ বহু গুণী ব্যক্তিত্বের স্মৃতি।

    প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলায় এসেছে নানা চড়াই-উতরাই। ১৯১৭ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বিক্রমপুরের শিক্ষাবিদ বাবু সুরেশচন্দ্র চ্যাটার্জি (এম.এ.)। পরবর্তীতে তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অংশ নিতে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর ১৯২১ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র রমেশচন্দ্র চ্যাটার্জি (বি.এ.)। তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছে। কিন্তু ১৯৩০ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের মূল ভবন ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পুড়ে যায়। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি পুনর্গঠিত হয় এবং অল্প সময়ের মধ্যেই শিক্ষা কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হয়।বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে ৮৬৩ জন ছাত্র এবং ৪৫০ জন ছাত্রী। শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ৩৪ জন শিক্ষক-শিক্ষিকা। এছাড়া প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছেন ১১ জন কর্মকর্তা-কর্মচারী। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি জাতীয়করণ ঘোষিত হয়। 

    ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইশরা আমিরা বলেন, “সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তে পেরে আমি গর্বিত। এখানকার শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষাও দেন। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পাক—এটাই আমাদের প্রত্যাশা।”একাদশ শ্রেণির শিক্ষার্থী জিহাদ হাসান বলেন, “১২৬ বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আধুনিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।”বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ণ শীল (বি.কম., বি.এড.) বলেন, “শিক্ষক ও শিক্ষাব্যবস্থা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। সরকারি যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজ যুগ যুগ ধরে এ অঞ্চলে শুধু অক্ষরজ্ঞান নয়, মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলার দায়িত্ব পালন করে আসছে। ১৯৩০ সালের অগ্নিকাণ্ডসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি আজ ১২৬ বছরের গৌরবময় ইতিহাসের সাক্ষী। এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব বর্তমান ও আগামী প্রজন্মের। আমি বিশ্বাস করি, শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় এই বিদ্যাপীঠ ভবিষ্যতেও তার সুনাম অক্ষুণ্ন রাখবে।”প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর বলেন, “১২৬ বছরের গৌরবময় ঐতিহ্যের ধারক এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গর্বের। আমাদের কৃতি শিক্ষার্থীরা দেশ-বিদেশে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশে গুরুত্ব দিচ্ছি। সরকারি ও স্থানীয় পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে আগামীতেও এই প্রতিষ্ঠান নাগরপুর তথা দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদা আরও সুদৃঢ় করবে।” দীর্ঘ চাকুরী জীবনের শেষ প্রান্তে এসে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও শুভকামনা করেন। স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীর মতে, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি নাগরপুরের শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ১২৬ বছরের এই গৌরবময় বিদ্যাপীঠের ঐতিহ্য সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে সরকারি ও স্থানীয়

  • গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন-এর অভিযান: অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ ৩ জন আটক

    গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন-এর অভিযান: অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ ৩ জন আটক

    গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
    জানা গেছে, সোমবার (তারিখ উল্লেখযোগ্য) ১৬ এপিবিএনের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের এলএমএসবি ব্লকের ১২৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং নগদ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
    ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া অস্ত্র, ইয়াবা ও নগদ টাকার সঠিক পরিমাণ যাচাই করা হচ্ছে।
    এ বিষয়ে ১৬ এপিবিএনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
    এ ঘটনায় পরবর্তী আপডেট পাওয়া গেলে বিস্তারিত প্রকাশ করা হবে

  • নির্বাচনের আগে সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি, ৫ মাসেও বাস্তবায়ন নয়; ঝাপায় ক্ষোভ, দ্রুত কাজের আশ্বাস এমপির

    নির্বাচনের আগে সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি, ৫ মাসেও বাস্তবায়ন নয়; ঝাপায় ক্ষোভ, দ্রুত কাজের আশ্বাস এমপির

    যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ঝাপা মহিলা মাদ্রাসা থেকে মুন্সী মিস্ত্রীপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরেই কাঁচা অবস্থায় রয়েছে। নির্বাচনের আগে সড়কটি দ্রুত উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো দৃশ্যমান কাজ শুরু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
    স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় পথচারী, শিক্ষার্থী, মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    ঝাপা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলেন, “ঝাপা মহিলা মাদ্রাসা-মুন্সী মিস্ত্রীপাড়া সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু এখনো এটি কাঁচা রয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য হয়ে পড়ে। নির্বাচনের আগে রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।”
    এ বিষয়ে জানতে চাইলে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, “খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”স্থানীয়রা দ্রুত সড়কটি পাকাকরণের কাজ শুরু করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

    সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

    মোঃরফিকুল ইসলাম সোহাগ
    সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

    ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) কর্তৃক প্রাকৃতিক দূর্যোগ,র্দূযোগ পরবর্তী মানবিক সংকট এবং জরুরী পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িঁয়ে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

    আজ সোমবার দিনব্যাপী সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরেড়গড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ ৫ শতাধিক নারী পূরুষের মাঝে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির।

    এ সময় চিকিৎসা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার বিজিবির সিলেটর মেজর চৌধুরী ইমরান মাহমুদ, তাহিরপুর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নাজমুল আরেফিন প্রমুখ।

    ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেছেন,বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সীমান্ত সুরক্ষা,অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোন জরুরী পরিস্থিতি,প্রাকৃতিক র্দূযোগে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এসব অসহায় জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।