Blog

  • অপারেশন ছাড়াই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, চিকিৎসক সংকটে ভোগান্তিতে রোগীরা

    অপারেশন ছাড়াই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, চিকিৎসক সংকটে ভোগান্তিতে রোগীরা

    চিকিৎসক সংকটে কার্যত অপারেশনসেবা বন্ধ হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে। বিশেষ করে সার্জারি, মেডিসিন ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র অভাবে জটিল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে অধিকাংশ রোগীকেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসক ও জনবল সংকটের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকদের অনুমোদিত ৮৫টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩৩ জন। শূন্য রয়েছে প্রায় ৫০টি পদ। সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র দুজন। জুনিয়র কনসালট্যান্টের ১৪টি পদের মধ্যে রয়েছেন সাতজন।

    এ ছাড়া ইমার্জেন্সি মেডিকেল অফিসারের আটটি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুজন। সহকারী সার্জনের ২৮টি পদের মধ্যে রয়েছেন ১০ জন। প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টের চারটি পদের মধ্যে দুটি এবং সহকারী রেজিস্ট্রারের নয়টি পদের মধ্যে চারটি পদ শূন্য রয়েছে।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক মাসে সাতজন চিকিৎসক বদলি হলেও নতুন যোগ দিয়েছেন মাত্র একজন। এতে চিকিৎসক সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে সার্জারি, মেডিসিন ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় নিয়মিত অপারেশন কার্যক্রমও ব্যাহত হচ্ছে এবং জটিল রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

    চর অনুপনগরের বাসিন্দা আজিজুর রহমান তার অসুস্থ মা ফাতেমাকে জেলা হাসপাতালে ভর্তি করেছিলেন। পরে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এখানে ভর্তি করে লাভ কী, যদি চিকিৎসাই না পাওয়া যায়?”

    শুধু চিকিৎসক নয়, হাসপাতালের অন্যান্য জনবল সংকটও প্রকট আকার ধারণ করেছে। যেখানে অন্তত ৩০ জন পরিচ্ছন্নতা কর্মী প্রয়োজন, সেখানে কর্মরত আছেন মাত্র ১১ জন। এছাড়া বিভিন্ন শাখায় আরও প্রায় ৫০টি পদ শূন্য রয়েছে। ফলে হাসপাতালের পরিচ্ছন্নতা ও অন্যান্য সেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের।

    হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, “২৫০ শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় ৫০০ রোগী হাসপাতালে ভর্তি থাকেন। বহির্বিভাগে প্রতিদিন গড়ে দুই হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। সীমিত জনবল দিয়ে এত বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।”

    তিনি আরও বলেন, “প্রয়োজনীয় জনবল এখনো পাওয়া যায়নি। কয়েকজন চিকিৎসক পদোন্নতিজনিত কারণে বদলি হয়েছেন। বিশেষ করে সার্জারি ও মেডিসিন বিভাগে এর প্রভাব বেশি পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

    জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, “বর্তমানে সার্জারি, মেডিসিন ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। রোগীর চাপের তুলনায় চিকিৎসক কম থাকায় সেবা দিতে সমস্যা হচ্ছে। শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নতুন চিকিৎসক যোগ দিলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।”

    জেলার একমাত্র সরকারি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ওপর জেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটের কারণে হাসপাতালটি কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে। আবার গত জুন মাসে ৯জন ডাক্তার বদলী হওয়ায় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন রোগী ও তাদের স্বজনরা।

  • রাঙামাটিতে বন্যার পানি নামছে, ত্রাণ-চিকিৎসা অব্যাহত

    রাঙামাটিতে বন্যার পানি নামছে, ত্রাণ-চিকিৎসা অব্যাহত

    টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর রাঙামাটির সার্বিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে জেলার বিভিন্ন এলাকায় এখনো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং দুর্গম অঞ্চলে ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
    মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ রাঙামাটি জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার ৩০টি আশ্রয়কেন্দ্রে ১,৯৮০ জন আশ্রয় নিয়েছেন। উপজেলা ভিত্তিক আশ্রয়কেন্দ্রের সংখ্যা হলো বাঘাইছড়ি ১২টি, কাপ্তাই ৪টি, বিলাইছড়ি ৪টি, বরকল ৪টি, কাউখালী ২টি, রাজস্থলী ২টি, নানিয়ারচর ১টি এবং জুরাছড়ি ১টি।
    এদিকে, সাম্প্রতিক দুর্যোগে জেলায় মোট ১৩৫টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিলাইছড়িতে ৩৭টি, কাপ্তাইয়ে ৩২টি, কাউখালীতে ৩০টি, নানিয়ারচরে ১৮টি, রাঙামাটি সদরে ১৩টি, লংগদুতে ৪টি এবং বাঘাইছড়িতে ৩টি পাহাড়ধসের ঘটনা রেকর্ড করা হয়েছে।
    এ পর্যন্ত পাহাড়ধসে নিখোঁজ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাঘাইছড়িতে একজন, রাঙামাটি সদরে একজন এবং বিলাইছড়িতে একজন রয়েছেন।
    দুর্গম বিলাইছড়ি উপজেলার বন্যাকবলিত মানুষের খোঁজখবর নিতে মঙ্গলবার ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। তিনি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে উপজেলা পরিষদে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
    অন্যদিকে, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন। মঙ্গলবার রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি রাঙামাটি পৌরসভার ওমদাদিয়া হিল পৌর জুনিয়র স্কুল আশ্রয়কেন্দ্র এবং কাটাছড়ি পাড়া পরিদর্শন করেন। পরে ওই দুটি স্থানে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের ২৪০ জনের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
    ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দুর্যোগকবলিত মানুষের পাশে সেনাবাহিনীর মানবিক সহায়তার প্রশংসা করেন।
    এদিকে, রাঙামাটির বরকল উপজেলার দুর্গম কলাবুনিয়া নিকসন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক উদ্যোগ হিসেবে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)। ক্যাম্পে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি প্রায় ২৫০ জন অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
    এদিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ১৪ জুলাই ২০২৬ সকাল ৯:০০টায় কাপ্তাই লেকের পানির সমতল ছিল ১০২.২৫ ফুট (এমএসএল), যেখানে বিপদসীমা ১০৯.০০ ফুট (এমএসএল)। বর্তমানে কেন্দ্রটিতে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
    জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশ্রয়, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

  • গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, পুড়িয়ে ধ্বংস

    গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, পুড়িয়ে ধ্বংস

    টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর, দীঘলয়াটা ও কাগুজেআটা বিলে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
    মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, গোপালপুর থানা পুলিশের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অভিযানকালে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ২,৪০০ (দুই হাজার চারশত) মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মন্জুরুল মোরশেদ জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি সকলকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানান এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

  • কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে হালচাষ

    কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে হালচাষ

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আদালতের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক হালচাষ ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষকান্দ গ্রামে।

    ​স্থানীয় সূত্রে জানা যায়, মো. মাছুম হাওলাদারের সাথে একই এলাকার মো. সুলতান মুন্সি গং দের সাথে দীর্ঘদিন ধরে মহিষকান্দি মৌজার এসএ-৩৪২/৩৪১/৩৯১/৩৯২/৬০৩/৭৮৩ নং খতিয়ানের ১৭৮/১৭৯/৫৭৭/১৭৮/১৭৭/৫৭২/৫৭৬/১৭১/১৭৪/১৭৫/১৭৭/১৭৮ নং দাগের মোট ৪২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত ঝালকাঠিতে মো. রাশেদ হাওলাদার বাদি হয়ে দেওয়ানী মোকদ্দমা নং- ২৭৮/২০২৬ একটি মামলা দায়ের করা হলে আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) জারি করেন।

    ​ভুক্তভোগী মো. মাছুম হাওলাদার অভিযোগ করে বলেন, “আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইনকে তোয়াক্কা না করে মো. সুলতান মুন্সি গংরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক আমাদের জমিতে প্রবেশ করে। তারা জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করে এবং জমি দখলের চেষ্টা চালায়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়।”

    ​খবর পেয়ে স্থানীয় কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার এসআই জসিম উদ্দিন জানান, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    ​বর্তমানে ওই এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তা এবং আদালতের আদেশ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

  • টেকনাফে বিজিবির অভিযানে ৮,৮১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

    টেকনাফে বিজিবির অভিযানে ৮,৮১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

    কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

    মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

    বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ট ১৩-১৫৯৪) নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। এ সময় বিজিডি-১১৩৩ সিপাহী ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদকের উপস্থিতির বিষয়ে সংকেত দেয়। পরে বিজিবি সদস্যরা গাড়িটির বিস্তারিত তল্লাশি চালিয়ে চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো একটি পোটলা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

    এ ঘটনায় পিকআপের চালক মো. নুর ইসলাম (৪২) ও তার সহযোগী মো. রুবেল (২৫)-কে আটক করা হয়। তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার কুমিদার গ্রামে।

    উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি মালবাহী পিকআপ।

    টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    আটক দুই আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • একক প্রার্থী বাছাইয়ের চাপে বিএনপি।

    একক প্রার্থী বাছাইয়ের চাপে বিএনপি।

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা প্রতিনিধি।

    দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আলোচনা জোরালো হতেই সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে বিএনপি।এখন পর্যন্ত কুমিল্লার বুড়িচং পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ৫/৬ জন প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন উপজেলা বিএনপির শীর্ষ হেভিওয়েট পদধারী নেতা। এমনকি বুড়িচং পৌরসভার ৯টি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী হতে চান ৩০-৩৫ জন। তাদের বেশিরভাগ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির পদধারী নেতা। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল নেতাও প্রার্থিতা ঘোষণা করেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে বুড়িচং পৌরসভা সহ সারা দেশের চিত্র এমনই। প্রতিটি উপজেলা,থানা ওওয়ার্ডে বিএনপি প্রার্থীর ছড়াছড়ি।এ পরিস্থিতি তে একক প্রার্থী বাছাই, দলীয় সমর্থন নির্ধারণ এবং বিদ্রোহী প্রার্থী সামাল দেওয়া- এ তিনটি বিষয়ই এখন বিএনপির সামনে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

    নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পোস্টার, ব্যানার, ফেস্টুনে প্রার্থী হওয়ার জানান দিচ্ছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
    বুড়িচং পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জানান দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো কামাল হোসেন, সবচেয়ে হেভিওয়েট প্রার্থী চট্টগ্রাম বিভাগের স্বর্ণপ্রদক প্রাপ্ত সদর ইউনিয়ন পরিষদের( দুই) বারের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভুইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফুল ইসলাম সুমন।তবে বিরোধী দল জামায়াত ও এনসিপি বুড়িচং পৌরসভার নির্বাচনের জন্য এখনো নিজ দলের কেন প্রার্থীর নাম ঘোষণা করেনি

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়ে উঠেছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানামুখী হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। সম্ভাব্য এ নির্বাচনে সবচেয়ে বড় সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি। দলটির জন্য সবচেয়ে কঠিন কাজ হবে প্রতিটি পদে একক প্রার্থী চূড়ান্ত করে সমর্থন দেওয়া এবং সমর্থনবঞ্চিত প্রার্থীদের বিদ্রোহ নিয়ন্ত্রণে রাখা।বিএনপি নেতাকর্মীরা বলছেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে মাঠপর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি সক্রিয় হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়েও নেতাকর্মীরা জোরালো ভূমিকা পালন করেছেন। ফলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্তরের নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে।

    দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন,স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতো নয়। এখানে ব্যক্তিগত জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা, পারিবারিক ঐতিহ্য, স্থানীয় প্রভাব এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ইতোমধ্যে একই পদে একাধিক শক্তিশালী ও জনপ্রিয় নেতা আগ্রহ প্রকাশ করায় একক প্রার্থী চূড়ান্ত করে সমর্থন দেওয়া যেমন কঠিন হবে, তেমনি বিদ্রোহী প্রার্থীদের সামলে সমর্থিত প্রার্থীর জয় নিশ্চিত করাও কঠিন। কারণ এবারের নির্বাচন হবে নির্দলীয়। ফলে দল একজনকে সমর্থন দিলেও যেকোনো প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো বাধ্যবাধকতা থাকবে না। দল সমর্থিত প্রার্থীকে শুধু নিজ দলের অন্য প্রার্থীদের নয় বিরোধী দলের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে হবে, যা নির্বাচনের ফলাফলে বিরূপ প্রভাব ফেলতে পারে।

  • গোপালগঞ্জে মুকসুদপুর নেশার টাকা জন্য স্ত্রী চুল কাটার অভিযোগ

    গোপালগঞ্জে মুকসুদপুর নেশার টাকা জন্য স্ত্রী চুল কাটার অভিযোগ

    লুৎফর সিকদার. গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জের মুকসুদপুরে নেশার টাকা না পেয়ে সোনিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে, মাথার চুল কেটে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাতভর নির্যাতন করার অভিযোগে তার মাদকাসক্ত স্বামী নাজমুল শেখকে (২৮) আটক করেছে পুলিশ।

    ১৩ জুলাই সোমবার রাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে।ঘটনাটির ও অভিযুক্ত স্বামী নাজমুল শেখ নিয়মিত নেশা করতেন এবং ঘটনার রাতে স্ত্রীর কাছে নেশার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
    নাজমুল ঘরের দরজা-জানালা বন্ধ করে তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলেন। এরপর ৮ ও ৪ বছর বয়সী দুই শিশু সন্তানের সামনেই স্ত্রীর মাথার চুল কেটে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করে রাতভর নির্যাতন করা হয়।
    মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ভুক্তভোগী গৃহবধূর চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। সিন্দ্রিয়াঘাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে গৃহবধূ ও তার দুই সন্তানকে উদ্ধার করে।
    বর্তমান পরিস্থিতি ও আইনি গুরুতর আহত সোনিয়াকে চিকিৎসার জন্য দ্রুত গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্বামী নাজমুল শেখকে আটক করে মুকসুদপুর থানায় পাঠিয়েছে।অভিযুক্তের পুলিশের হাতে আটক হওয়ার পর নাজমুল দাবি করেন, তার স্ত্রী যেন তাকে ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্যই তিনি তার হাত-পা বেঁধে ও চুল কেটে রেখেছিলেন।
    স্থানীয় গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে নাজমুল একজন চিহ্নিত মাদকসেবী এবং সে প্রায়ই মাদক সেবন করে স্ত্রীকে মারধর করত।
    সিন্দ্রিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানিয়েছেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬

    টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬

    কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় র‌্যাব-১৫, বিজিবি ও এপিবিএনের পৃথক চারটি অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩৬ হাজার ১৮৩ পিস ইয়াবা এবং ২১ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে।
    এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বশির আহামদ (৩২) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৬৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার শেড তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান) জব্দ করা হয়।
    অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিজিবি ও নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আমান উল্লাহ (২০) ও আরোহী নাজিম উদ্দিন (২০)-কে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন।
    একই দিন সকালে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় র‌্যাব-১৫-এর সিপিসি-১ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে একটি মোটরসাইকেল থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় আজিজ খান (২৩) ও নুরুল আমিন (৩৪)-কে আটক করা হয়।
    এদিকে, উখিয়ার বড়বিল এলাকায় ৩৪ বিজিবির পৃথক অভিযানে অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (২৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১৮ পিস বার্মিজ ইয়াবা, ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, একটি অটোরিকশা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
    সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার

    বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার

    মোঃ সুজন আহমেদ
    সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

    বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম। তাঁর এই দায়িত্বপ্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গৌরবজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
    বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং মানবাধিকার সংরক্ষণে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও জনবান্ধব সেবার মাধ্যমে পুলিশ সুপার সাইফুল ইসলাম ইতোমধ্যেই দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তাঁর নতুন দায়িত্ব সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
    সংশ্লিষ্টদের মতে, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আরওস কার্যকর, সুসংগঠিত ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিতকরণ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং সেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
    জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের বিকল্প নেই। নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, অপরাধ প্রতিরোধ এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
    এছাড়াও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আধুনিক তদন্ত পদ্ধতির উন্নয়ন, জবাবদিহিমূলক পুলিশিং এবং সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
    নতুন এই দায়িত্বে পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে—এমন প্রত্যাশা সকলের।

  • জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ইয়াবা ডিলার নাঈম। নিয়ন্ত্রণ করেন পুরো এলাকা।

    জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ইয়াবা ডিলার নাঈম। নিয়ন্ত্রণ করেন পুরো এলাকা।

    নিজস্ব প্রতিবেদক।

    মরণঘাতী ইয়াবা ট্যাবলেটের বিস্তার কোনোভাবেই রোধ করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করলেও অনেকেই জামিনে বেরিয়ে ফের ব্যবসা এই চালিয়ে যাচ্ছে। অনেকে জামিন নিয়ে আদালতে নিয়মিত হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তবে তারা স্থান পরিবর্তন করে পালিয়ে থাকায় পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। ওই মামলাগুলোর সাক্ষীদেরও খুঁজে পাচ্ছে না পুলিশ।সংশ্লিষ্টরা বলছেন, এসব কারণে ইয়াবা মামলায় সাক্ষীর অভাবে বিচারও শেষ করতে পারছে না আদালত।দেশের সব অধস্তন আদালতে এক লাখ ৮০ হাজারের ওপরে ইয়াবা মামলা বছরের পর বছর ঝুলে রয়েছে। মূলত মাদকবিরোধী বিশেষ অভিযানের ফলে সারাদেশে মামলার সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু সময়মতো মামলার বিচার না হওয়ায় দেশে মাদকের ভয়াবহতা যেমন কমছে না, তেমনি পুনর্বাসন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।

    কুমিল্লার বুড়িচং থানা সূত্রে জানা গেছে, বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী নাঈম। পূর্ণমতি মসজিদ গেট খালেক হুজুরের বাড়ির পাশের গলিতে তাদের নিজেদের বাড়ী।তার পাশের এলাকা নোয়াপাড়ায় তার শ্বশুর বাড়ি।তবে আগে নিজ বাড়ীতে মাদক ব্যবসা করলেও পুলিশের অভিযানের কারনে বর্তমানে পরিবার নিয়ে ব্রাহ্মণপাড়ায় থাকেন ভাড়া বাসায়। হোটেল ব্যবসায়ী জামালের ছেলে নাঈম নিজ বাড়ি ও শ্বশুর বাড়িতে থেকে মাদকের ব্যবসা বর্তমানে নিয়ন্ত্রণ করেন।

    অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালে রমজানের সময় কুমিল্লা ডিবি পুলিশ গাঁজা ও ইয়াবাসহ দড়িয়ারপাড় ঈদগাঁ সামনে থেকে তাকে গ্রেফতার করে।মামলা হওয়ার ২ মাস পরেই জামিনে বের হয়ে যান জেল থেকে। পরে ২০২৬ সালে আবার ঈদুল ফিতরের আগে বুড়িচং থানার এএসআই শাহপরান আবার ও ৪৮ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠালে ঈদের পরে জামিনে বের হয়ে কৌশল পাল্টে আবার ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আত্মগোপনে থেকে এলাকার কিছু তরুন যুবকদের দিয়ে ইয়াবা ব্যবসা করাচ্ছেন। বুড়িচং থানা তার নামে কয়েকটি মাদক মামলা রয়েছে।

    সংশ্লিষ্ট সূএ জানায়, ২০২৬ সালে রমজান মাসে একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আরেক আসামী হারেজ ৫০পিছ ইয়াবাসহ নিজ সেলুন দোকানের সামনে থেকে থানায় গ্রেপ্তার হয়।বুড়িচং থানার পূর্ণমতি এলাকার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হারেজ। পূর্ণমতি বাজারে (মায়ের দোয়া) সেলুন দোকানের আড়ালে কৌশলে ইয়াবা ব্যবসা করতেন। জেল থেকে জামিনে বের হওয়ার পর দোকানটি ছেড়ে দিয়ে এখন তিনি ছদ্দবেশে ভ্রাম্মমান ইয়াবা ব্যবসা করেন।একটি সূএে জানা যায়, হারেজ,নাঈম এখন পূর্ণমতি গ্রামে তাদের সহযোগীদের দিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা করছেন। তবে এই ব্যবসার মেইন নিয়ন্ত্রণ ইয়াবা কারবারি নাঈমের হাতে।সীমান্তবর্তী চড়ানল এলাকার মাদক ব্যবসায়ীরা তার মেইন ডিলার।

    বুড়িচং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজের জন্য নীরবঘাতক হচ্ছে মাদক।যুবসমাজকে রক্ষায় মাদক কারবারি ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন,পাশাপাশি প্রত্যেক এলাকায় নিজ উদ্যোগে সবাই কে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান এবং পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান তিনি।