Blog

  • ময়মনসিংহ সদরে সরকারি খাস জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    ময়মনসিংহ সদরে সরকারি খাস জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    বাংলাদেশ সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খাস জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার এবং ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। উদ্বোধন শেষে তারা সরকারি খাস জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

    এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকারের এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ শেষে উপস্থিত শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

    অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

  • শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম

    শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম

    কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে সভাপতি করে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার (১৩ জুলাই) এ কমিটি গঠন করা হয়।

    এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন– বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শেখ মো. আব্দুল্লাহ মুন্সিগঞ্জ-১, কাজী রফিকুল ইসলাম বগুড়া-১, বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জ-১, খায়রুল কবির খোকন নরসিংদী-১, কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জ-১, আল ফারুক আব্দুল লতীফ নীলফামারী-২, মাসুদ সাঈদী পিরোজপুর-১।

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা, নগর উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং গৃহায়ন খাতের বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আধুনিক, টেকসই ও জনবান্ধব অবকাঠামো নির্মাণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ খাতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে চলমান অগ্রগতির প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি গৃহায়ন ও অবকাঠামো উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

  • সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

    সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

    শেখ তুহিনের সম্পদের দুদক তদন্ত ও গ্রেফতারের দাবিও; দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ তুহিনের সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত এবং তাঁকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।
    বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
    মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা গণতন্ত্র, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাঁরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
    বক্তারা আরও বলেন, শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক লেনদেনের বিষয়ে দুদকের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তাঁরা।
    মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব, গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন সময় টেলিভিশনের জয়ন্ত শের আলী।
    এ সময় বক্তব্য দেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল, সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, মাই টিভির আরিফুল ইসলাম এবং প্রেসক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
    বক্তারা বলেন, ভয়ভীতি, হয়রানি বা মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।
    মানববন্ধনের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
    দ্রষ্টব্য: এই প্রতিবেদনে শেখ তুহিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, দুদকের তদন্ত এবং গ্রেফতারের দাবি মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাদের বক্তব্য ও দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে—এমন দাবি এই প্রতিবেদনে করা হচ্ছে না।

  • তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২

    তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২

    নরসিংদীর সদর উপজেলার পাইকাদি এলাকায় তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ভিডিওর ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত শিশুটির চাচি লতা বেগম পলাতক রয়েছেন।

    বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

    মামলার বাদী হয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রিভেনশন অফিসার লিজা আক্তার। মামলায় শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া এবং বাবা আলমাস মিয়াকে আসামি করা হয়েছে। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির তিন মাস বয়সী ছেলে রিজিক জন্মের পর বিভিন্ন শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিল। এ সময় বাড়ির কাজকর্ম নিয়ে সাময়া আক্তারের সঙ্গে তার জা লতা বেগমের বিরোধ সৃষ্টি হয়।

    অভিযোগ রয়েছে, গত ১১ জুন পারিবারিক বিরোধের জেরে লতা বেগম শিশুটির পা মুচড়ে দেন। ঘটনাটি শিশুটির মায়ের মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

    ঘটনার পর পুলিশ শিশুটির বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জহিরুল মিয়া ও মা সাময়া আক্তার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। তাদের দাবি, শিশুটির পা ভাঙেনি এবং তার পায়ে কোনো ব্যান্ডেজ বা প্লাস্টারও নেই। পারিবারিক বিরোধের জেরে শিশুর পায়ে মোচড় দেওয়া হলেও পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়েছে।

    মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মঙ্গলবার রাতের পর এ ঘটনায় মামলা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের প্রিভেনশন অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরও জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

  • মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে লুকানো ১৬ হাজার ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে আটক ২

    মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে লুকানো ১৬ হাজার ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে আটক ২

    কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেলে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
    গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা মো. রশিদ আহমদের ছেলে মো. আমান উল্লাহ (২০) এবং আব্দুস সালামের ছেলে নাজিম উদ্দিন (২০)।
    মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে টেকনাফ থেকে শাপলাপুরগামী একটি মোটরসাইকেল শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সন্দেহের ভিত্তিতে সেটির তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’ মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার অবস্থান শনাক্ত করে।
    পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ভেতর থেকে ৮টি মিনি কেটে রাখা অবস্থায় মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মোটরসাইকেলের চালক আমান উল্লাহ ও আরোহী নাজিম উদ্দিনকে আটক করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানান, তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে শাপলাপুরে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
    বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আটক দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
    উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
    উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

  • জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল

    জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল

    মোঃরফিকুল ইসলাম সোহাগ
    সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের উকিলপাড়াস্হ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক চান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

    আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজীর হোসেন মাষ্ঠার,সদস্য বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।

    বক্তারা বলেন স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কিন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ নয়বছরের শাসনামলে উপজেলা বিকেন্দ্রীকরনের মাধ্যমে তৃণমূল পযার্য়ে উপজেলা পরিষদ নির্বাচন ব্যবস্হা চালু করে সাধারন জনগনের সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে গ্রাম পর্যায়ে শিক্ষা স্বাস্হ্য,বাসস্থান ও যোগাযোগ ব্যবস্হার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। আমাদের নেতার মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনদিন পূরন হবার নয়। দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিটি দলকে মুক্তভাবে দেশে রাজনীতি করার সমান সুযোগ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। পরিশেষে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ: থানায় অভিযোগের পরও ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রশ্ন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ: থানায় অভিযোগের পরও ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রশ্ন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এক সাংবাদিকের গতিরোধ, ক্যামেরা ছিনিয়ে নেওয়া ও সংঘবদ্ধ হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
    ​ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হাসান নাঈম জানান, তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘নিরাপদ নিউজ’-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের কারণে দীর্ঘ দিন ধরেই তিনি বিভিন্ন মহল থেকে হুমকি ও চাপের মুখে রয়েছেন।
    ​অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় সংবাদ সংগ্রহের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুটানীবাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। সাতাইল-বাতাইল গ্রামের ফরিদুল ইসলামের ছেলে পারভেজের নেতৃত্বে হৃদয়সহ ৫-৬ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। এ সময় তারা জোরপূর্বক তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত তার ক্যানন ৭০০ডি মডেলের ক্যামেরাটি ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি ও হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    ​সাংবাদিক মাহমুদ হাসান নাঈম বলেন, “ঘটনার পরপরই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, অভিযোগের পর অনেক সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বা অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।” তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
    ​এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
    ​তবে এ বিষয়ে অভিযুক্ত পারভেজ, হৃদয়সহ অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে গোবিন্দগঞ্জ থানার বক্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
    ​তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সচেতন মহল আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে।

  • মনপুরায় সুস্থ বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন আলাউদ্দিন নামের এক ব্যাক্তি!ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত বিএনপি নেতা

    মনপুরায় সুস্থ বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন আলাউদ্দিন নামের এক ব্যাক্তি!ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত বিএনপি নেতা

    ভোলার মনপুরায় নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে চৌকিদারের মাধ্যমে এক কৃষককে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর ও মাথার চুল কেটে (ন্যাড়া করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।  
    আজ মঙ্গলবার দুপুর ২টায় মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক মো. আলাউদ্দিন। ভুক্তভোগী মো.আলাউদ্দিন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। 

    অভিযোগ অনুযায়ী, গত শনিবার সকালে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

    সংবাদ সম্মেলনে আলাউদ্দিন বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফরিদ ও কালাম নামে দুই ব্যক্তি তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।পরে উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতার হস্তক্ষেপে বিরোধটির সমাধান হয়। কিন্তু পরবর্তীতে নারী সংক্রান্ত অভিযোগ তুলে চৌকিদারের মাধ্যমে তাকে বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।সেখানে ইউপি সদস্য জাকির হোসেন দুলালের নেতৃত্বে তাকে মারধর করে মাথার চুল কেটে ন্যাড়া করা হয়।এরপর তাকে বাজারে বাজারে ঘোরানো হয় বলে অভিযোগ করেন তিনি।কিন্তু সরেজমিনে সততা মিলে নি তার অভিযোগের,তাকে বাজারে বাজারে ঘুড়ানো হতে কেউ দেখে নি বলে জানান অনেককে।

    এ সময় কান্নাজড়িত কণ্ঠে আলাউদ্দিন বলেন, মারধরের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা নিতে পারেননি। এ ঘটনায় পরিবারের সদস্যদের, বিশেষ করে কোরআনের হাফেজ ছেলের সামনে মুখ দেখাতে পারছেন না বলেও দাবি করেন তিনি। 

    ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, ‘আমি চরম অপমানিত। এর সুষ্ঠু বিচার চাই।’তবে এলাকাবাসী ও চায় তার বিচার!কেন তিনি মিথ্যার আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে, তিনি দীর্ঘ দিন ধরে অপরাদ করছে।সেই অপরাদ ডাকতে তিনি এই সংবাদ সম্মেলন করছে।

    তবে অভিযুক্ত বিএনপি নেতা ও ইউপি সদস্য জাকির হোসেন দুলাল অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আলাউদ্দিনের বিরুদ্ধে এলাকায় এর আগেও বহু নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।উপস্থিত মানুষের তোপের মুখে তাকে ন্যাড়া করতে হয়েছে তবে উপস্থিত এলাকাবাসী তাকে ন্যাড়া করছে।বাজার বাজারে ঘুরানোর বিষয়টি সত্য নয় বলে জানা যায়।

    ঐ এলাকার  মহিলারা বলেন তার অত্যাচারে এলাকার অনেক নারীরা অতিষ্ট হয়ে পরেছে।তাকে এলাকার নেতাদের মাধ্যমে অনেক বার সর্তক করা হয়েছে।স্থানীয়রা বলেছেন, অভিযুক্ত আলাউদ্দিন দীর্ঘদিন যাবত এই অপরাধের সঙ্গে জড়িত। তিনি প্রতিনিয়ত বিভিন্ন বাসায় উঁকি দেন এবং নারীদের উত্যক্ত করার চেষ্টা করেন।

    মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী রাহাত বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। একজন নাগরিককে এভাবে আটকে রেখে মারধর ও মাথা ন্যাড়া করা চরম নিন্দনীয় এবং সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।সুস্থ তদন্তের দাবী সুশিল সমাজের।

  • ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৩২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৩২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩২টি মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি মোঃ মোজাম্মেল হক ওরফে মোজাম (৪৯) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) পরিচালিত অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, মোজাম্মেল হকের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি ও মাদক সংক্রান্তসহ মোট ৩২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।

    ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।