Blog

  • চেয়ারম্যান পদপ্রার্থী নাছির উদ্দিন সোহাগের গণসংযোগে সরব দিঘীরপাড়

    চেয়ারম্যান পদপ্রার্থী নাছির উদ্দিন সোহাগের গণসংযোগে সরব দিঘীরপাড়

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৭ নম্বর দিঘীরপাড় ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাজিতপুর উপজেলা যুবদলের অন্যতম তরুণ, মেধাবী ও শিক্ষিত নেতা নাছির উদ্দিন সোহাগের গণসংযোগে সরব হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা।

    এরই ধারাবাহিকতায় তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এবং ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের আসানপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

    গণসংযোগকালে নাছির উদ্দিন সোহাগ বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে দিঘীরপাড় ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন। উন্নয়ন, সুশাসন এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফা মিয়া, জিয়া পরিষদের সভাপতি মোঃ হুমায়ুন মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিম মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফজলে নূর (রাব্বী), ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ সিজান মাহমুদ, বাজিতপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ খুরশিদ মিয়া, ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় ভোটাররা নাছির উদ্দিন সোহাগের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে গণসংযগ প্রাণবন্ত হয়ে ওঠে।

  • প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

    প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

    প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানটি লাকসাম উপজেলা পশ্চিম গাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভেন্যু থেকে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ,শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহন করেন।

  • কুমিল্লার বুড়িচংয়ের শিশু ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আসামির মৃত্যুদণ্ড।

    কুমিল্লার বুড়িচংয়ের শিশু ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আসামির মৃত্যুদণ্ড।

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা প্রতিনিধি।

    কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪নং ওয়ার্ডের মধ্যপাড়ার এক ছেলে শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার চাঞ্চল্যকর মামলায় আসামি বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া, নিবিড় সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয় ।আজ বুধবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব আব্দুল হান্নান আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

    আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রাম থেকে ওই শিশুটি আকস্মিক নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর, ৩০ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশুটির হাত-পা বাঁধা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এই পাশবিক হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ৬ অক্টোবর বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(২) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৫)।

    পরবর্তীতে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে (মামলা নং ২৭১/২৬) স্থানান্তরিত হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানিতে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী এবং মামলার নিখুঁত ফরেনসিক রিপোর্ট ও চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদন গভীরভাবে পর্যালোচনা করেন। আসামির বিরুদ্ধে শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আইনানুযায়ী সর্বোচ্চ এই শাস্তির আদেশ দেন।সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামির নাম বিল্লাল হোসেন (৩৭)। সে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের (মসজিদ মাস্টার বাড়ি) বাসিন্দা। তার পিতার নাম হারুনুর রশিদ এবং মায়ের নাম নিলুফা আক্তার।

    রায় ঘোষণার সময় আসামি বিল্লাল হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রায় শোনার পর সে কান্নায় ভেঙে পড়ে। রায় ঘোষণা শেষে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনায় মৃত্যুদণ্ডের পরোয়ানা মূলে তাকে কঠোর নিরাপত্তায় কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।এই রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বদিউল আলম সুজন গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি কাঙ্ক্ষিত ন্যায়বিচার পেয়েছে। এটি সমাজে শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা দমনে একটি দৃষ্টান্তমূলক কঠোর বার্তা দেবে।” অন্যদিকে, নিহত শিশুর পরিবারও রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অবিলম্বে খুনি বিল্লালের ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

  • ৬ মাসে মব সহিংসতা-গণপিটুনিতে নিহত ১৩৩: এইচআরএসএস

    ৬ মাসে মব সহিংসতা-গণপিটুনিতে নিহত ১৩৩: এইচআরএসএস

    চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় ৫৬ জন নিহত এবং ৫ হাজার ২৪৬ জনের বেশি আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।

    মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১৩৩ জন এবং আহত হয়েছেন ২৫৬ জন। এছাড়া ২০০টি হামলার ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

    এমনটি দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
    বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির ২০২৬ সালের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

    প্রতিবেদনে বলা হয়, দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য এবং ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এ মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের ৫৬ জন নিহত এবং ৫ হাজার ২৪৬ জনের বেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

    ২০২৫ সালের একই সময়ে ৫২৯টি ঘটনায় নিহত হয়েছিলেন ৭৯ জন এবং আহত হন ৪ হাজার ১২৪ জন।
    নিহত ৫৬ জনের মধ্যে বিএনপির ৩৭ জন (৬৬ শতাংশ), জামায়াতের ৬ জন (১১ শতাংশ), আওয়ামী লীগের ৩ জন, অন্যান্য দলের ৮ জন, একজন চরমপন্থী সদস্য এবং একজন সাধারণ নারী রয়েছেন। এছাড়া, ৮৩০টি সহিংস ঘটনার মধ্যে ৬৭৩টি (৮১ শতাংশ) ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সংঘাতে।

    বিএনপির দলীয় কোন্দলেই নিহত ৩১
    ছয় মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ২৭৩টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ হাজার ৯২ জন এবং নিহত হয়েছেন ৩১ জন। বিএনপি-জামায়াত সংঘর্ষের ২৯০টি ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৮৫২ জন এবং নিহত হয়েছেন ১০ জন। বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের ৭৭টি ঘটনায় আহত হয়েছেন ৪৬৪ জন এবং নিহত হয়েছেন ৭ জন। এছাড়া বিএনপি-এনসিপি সংঘর্ষের ৩৩টি ঘটনায় আহত হয়েছেন ২৫০ জন, আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষের তিনটি ঘটনায় আহত হয়েছেন ৫১ জন এবং বিএনপি-অন্যান্য দলের সংঘর্ষের ৯৭টি ঘটনায় আহত হয়েছেন ২৫১ জন।

    দুষ্কৃতকারীদের হামলায় রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর অন্তত ৬৪টি হামলার ঘটনায় ৩৮ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ২০ জন, আওয়ামী লীগের ৯ জন, জামায়াতের ৪ জন এবং অন্যান্য দলের ৫ জন সদস্য রয়েছেন। এ সময়ে শতাধিক রাজনৈতিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে দলীয় কোন্দল ও সংঘর্ষে ৯ শতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    প্রতিবেদনে বলা হয়, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতা, বিভিন্ন দলের সমাবেশ, প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘর, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজিকে কেন্দ্র করে অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ছয় মাসে ৩৯৬টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত এবং ২ হাজার ৫৭৮ জন আহত হয়েছেন। নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে ৬০০টিরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    এ সময়ে রাজনৈতিক মামলায় বিভিন্ন দলের অন্তত ৩ হাজার ৬৭ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের ২ হাজার ৪১৫ জন, বিএনপির ৪৯৭ জন, জামায়াতের ১০৯ জন এবং এনসিপির ২৬ জন। এছাড়া যৌথবাহিনীর বিশেষ অভিযানে ২৬ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

    মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনায় গত ছয় মাসে ৪০টি সভা-সমাবেশ আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এতে ৩১১ জন আহত এবং ৩৮ জন আটক হয়েছেন।

    ৩৮৩ সাংবাদিক নির্যাতনের শিকার
    সাংবাদিক নির্যাতনের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, এ সময়ে ২০০টি হামলার ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আহত হয়েছেন ২৩৪ জন, লাঞ্ছিত হয়েছেন ৬০ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৪৯ জন এবং ১১ জন সাংবাদিককে আটক করা হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর অধীনে ৩৩ জন সাংবাদিককে আসামি করে ১৫টি মামলা হয়েছে।

    মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় গত ছয় মাসে ২৬১টি ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে ১৪১টি ঘটনায় নিহত হয়েছিলেন ৬৭ জন এবং আহত হন ১১৯ জন।

    সীমান্তের বিএসএফের হাতে নিহত ৯, আহত ৩৫
    ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২টি ঘটনায় বিএসএফের হামলায় ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এছাড়া ৩৮ জনকে আটক এবং অন্তত ১৭৩ জনকে পুশ-ইন করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২০টি সহিংস ঘটনায় একজন নিহত, পাঁচজন আহত এবং ৮০ জনকে আটক করা হয়েছে। আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন ছয়জন।

    চলতি বছরের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলিবর্ষণ ও কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

    ছয় মাসে কারাবন্দি থাকাবস্থায় ৫৮ জনের মৃত্যু
    কারা হেফাজতে ৫৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জন কয়েদি এবং ৩২ জন হাজতি। দীর্ঘদিন গুমের অভিযোগ না থাকলেও বাগেরহাটের মোংলায় মিরাজ শেখ নামে এক যুবককে কোস্ট গার্ড পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, ৩৩১টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৭৪ জন নিহত এবং ১ হাজার ৩ জন আহত হয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতায় ২১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বেড়েছে নারী ও কন্যাশিশু নির্যাতন
    গত ছয় মাসে ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪০৪ জন, যাদের ২৩৮ জনই ১৮ বছরের কম বয়সী। গণধর্ষণের শিকার হয়েছেন ৮৮ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জনকে। এছাড়া ৪৭৬ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং পারিবারিক সহিংসতায় নিহত হয়েছেন ৩২০ জন নারী।

    একই সময়ে ১ হাজার ৭৭ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ৩০৫ জন প্রাণ হারিয়েছে এবং ৭৭২ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

    এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব সহিংসতা, কারাগার ও হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক ও শ্রমিক নির্যাতন এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের মতো বিষয়গুলো মানবাধিকার পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে।

    তিনি মানবাধিকার সুরক্ষায় সরকারের আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। পাশাপাশি সকল নাগরিক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনকে আরও সোচ্চার ও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান ইজাজুল ইসলাম।

  • গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন 

    গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন 

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
    এরই অংশ হিসেবে বুধবার (১৫জুলাই )গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক বিশেষ আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান স্থলে সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হয়।

    বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর

    উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাকির মুন্সী, আরো উপস্থিত ছিলেন,গোমস্তাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেন হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক  আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম,

    বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী ফিটু মিয়া,কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,সায়েরা বেগম,রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবাইদুল ইসলাম,রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম,

    বিএনপি নেতা,সাইফুল ইসলাম গাজি, তোফাজ্জুন ইসলাম চারু, আকতারুল ইসলাম, রফিকুল ইসলাম রানা,বাদল আলী,যুবনেতা সবুর আলী, বিএনপির মহিলা নেত্রী, তুলি বেগম তাজকেরা বেগমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। একই সাথে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানটি দেখতে পেয়ে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন।

    অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন

  • মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

    মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রী শামিমা খাতুনসহ একই পরিবারের ৪ জনকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাঝপাড়া গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতরা হলেন, সৌদি প্রবাসী আব্দুর রাকিবের স্ত্রী শামিমা খাতুন, বাবা আব্দুস সামাদ, মা খাইরুন নেসা, ছোট ভাইয়ের স্ত্রী জলি বেগম।

    এ ঘটনায় আহত জলি বেগম বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজন সূত্র জানা যায়, মাঝপাড়া এলাকায় বাপ্পি নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত রবিবার বিকেলে শামিমা খাতুন তাকে ওই এলাকায় মাদক ব্যবসা করতে নিষেধ করেন এবং এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী বাপ্পির নেতৃত্বে নুরুজ্জামান, মিম ও নাসিমা বেগম দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শামিমার ওপর হামলা চালায়।

    হামলার সময় শামিমার চিৎকার শুনে তাকে বাঁচাতে তার বাবা, মা ও ভাইয়ের স্ত্রী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    রাত ৮ টার দিকে আবারও বাপ্পির নেতৃত্বে নুরুজ্জামান, মিম ও নাসিমা বেগমসহ ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর স্ত্রী শামিমা খাতুনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা-আসবাবপত্র ভাঙচুর করে এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ হামলার শিকার পরিবারের।

    প্রবাসীর স্ত্রী আহত শামিমা খাতুন বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে। প্রকাশ্যে মাদক বিক্রি করতে নিষেধ করায় আমার উপর হামলা করে। এমনকি মারধরের সময়কার ভিডিও ধারন করে মোবাইল বুকের মধ্যে লুকিয়ে রাখলেও জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং শ্লীলতাহানি করে। মারধরের পর হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও লোকজন নিয়ে মারার জন্য জরুরি বিভাগে যায় তারা। পরে পুলিশ হাসপাতালে উপস্থিত হলে তারা চলে যায় এবং আমাদের চিকিৎসা হয়। আমরা এর সঠিক বিচার চাই।

    এনিয়ে কথা বলতে বাপ্পি ও নুরুজ্জামানের মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হামলা, মারধর ও ভাংচুরের ঘটনাটি কি নিয়ে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

  • চার সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টিসহ ৫ আন্তর্জাতিক সংস্থা

    চার সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টিসহ ৫ আন্তর্জাতিক সংস্থা

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে চলমান তদন্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে পাঁচটি আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদমাধ্যম অধিকার বিষয়ক সংস্থা। একই সঙ্গে ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুসহ বিচারপূর্ব আটকাবস্থায় (প্রি-ট্রায়াল ডিটেনশন) থাকা চার সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং হিউম্যান রাইটস ওয়াচ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায়।

    বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৫-৬ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পরিচালিত নিরাপত্তা অভিযানের সংবাদ কভারেজের জেরে রূপা ও বাবুর বিরুদ্ধে আইসিটিতে তদন্ত চলছে। প্রসিকিউশনের অভিযোগ, তাঁরা নিহতের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়িয়ে মানবতাবিরোধী অপরাধে ভূমিকা রেখেছেন। এই মামলায় গত ১৪ মে তাঁদের গ্রেপ্তার দেখানো হলেও এখন পর্যন্ত কোনো অভিযোগপত্র বা প্রমাণ হাজির করা হয়নি।

    সংস্থাগুলো বলছে, কোনো রাজনৈতিক বা বিতর্কিত ঘটনার সংবাদ প্রচার বা সম্পাদকীয় সিদ্ধান্তকে অপরাধ হিসেবে গণ্য করা এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা আইনগতভাবে ভুল। এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তাঁদের দাবি গণমাধ্যমের ওপর ভীতিকর প্রভাব তৈরি হয়।

    সংস্থাগুলোর মতে, রূপা এবং বাবুর বিরুদ্ধে আইসিটিতে নেওয়া এই পদক্ষেপ নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির (ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস) ১৫ এবং ১৯ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বাধ্যবাধকতার পরিপন্থী।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও শ্যামল দত্তকে ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর থেকে বিচারপূর্ব আটকাবস্থায় রাখা হয়েছে। এসব মামলার কোনোটিতেই এখন পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি এবং সংবাদ প্রচারের কারণে কীভাবে হত্যার অভিযোগ আনা যায়, তার কোনো ব্যাখ্যাও নেই।

    এ বছরের ১১ মে হাইকোর্ট রূপা ও শাকিল আহমেদকে অধিকাংশ মামলায় জামিন দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করেন। সংস্থাগুলোর মতে, হত্যা মামলাগুলোর জামিনের সিদ্ধান্ত যা-ই হোক না কেন, আইসিটির এই মামলাটি সাংবাদিকদের অব্যাহতভাবে আটকে রাখার একটি পৃথক হাতিয়ার হিসেবে কাজ করছে।

    বাংলাদেশ সরকারের প্রতি সংস্থাগুলো আহ্বান জানিয়েছে, কেবল সাংবাদিকতার কারণে ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে যেন আনুষ্ঠানিক আসামি করা না হয়। সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটির মামলাগুলো পর্যালোচনায় একটি স্বাধীন ব্যবস্থা গঠনেরও দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের বিরুদ্ধে আনা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগ প্রত্যাহার করে তাঁদের মুক্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা ও গণ এফআইআর দায়ের বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

    যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংস্থাগুলো উল্লেখ করেছে, সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ করার এই পদক্ষেপগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই উল্লিখিত মামলাগুলো প্রত্যাহারের মাধ্যমেই সরকার এই প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপান্তরিত করবে বলে তারা আশা প্রকাশ করেছে।

  • গোপালগঞ্জ বিজিবি মোতায়েন নিরাপত্তা জোরদার

    গোপালগঞ্জ বিজিবি মোতায়েন নিরাপত্তা জোরদার

    গোপালগঞ্জ বিজিবি মোতায়েন নিরাপত্তা জোরদার

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গত বছরের ১৬ জুলাই সংঘর্ষের ঘটনাকে সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১৫ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    সকাল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার পাশাপাশি উপজেলা ও গ্রামীণ এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির পাঁচ প্লাটুনের পাশাপাশি র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প, জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল দিচ্ছেন।

    গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, গত বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিজ্ঞতা বিবেচনায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। তিনি জানান, কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পথসভা শেষে ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও জড়িয়ে পড়েন এবং কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়।

    সেই ঘটনায় পাঁচজন নিহত হন এবং সাংবাদিক, পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ চলাকালে জেলা কারাগারের প্রধান ফটকে হামলা ও ভাঙচুরের চেষ্টার ঘটনাও ঘটে। পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এবং সেনাবাহিনীর নিরাপত্তায় তাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি ১৬ জুলাই রাত থেকে পরদিন সকাল পর্যন্ত কারফিউও বলবৎ ছিল।

    গত বছরের সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার ইয়াবা, আটক ৩

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার ইয়াবা, আটক ৩

    জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

    কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
    বুধবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বরের একটি সাদা টয়োটা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পৃথক পোটলা থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৪টি স্মার্টফোন, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
    অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৯)।
    ডিএনসি জানায়, অভিযানে জব্দ করা প্রাইভেট কারটির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিরপুর ডিওএইচএস-এর স্টিকার লাগানো ছিল। তবে এসব স্টিকার ব্যবহারের বৈধতা ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

  • ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ফারুক হোসেন খানের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

    ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ফারুক হোসেন খানের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

    খুলনার ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল।(৬৫)
    ​পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মাঝে স্তব্ধতা নেমে আসে।

    ​ফারুক হোসেন খানের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ডুমুরিয়ার দলিল লেখক মহলসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘকাল ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে ডুমুরিয়া দলিল লেখক সমিতির নেতৃত্ব দিয়ে আসছিলেন। সহকর্মী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন সংশ্লিষ্ট সকলে।

    ​এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

    ​এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “ফারুক হোসেন খানের মৃত্যুতে আমরা একজন দক্ষ অভিভাবক ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম। সমিতির উন্নয়নে তাঁর অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

    ​নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

    ​পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।