Blog

  • ফুটপাত দখলমুক্ত করাসহ ঈদগাঁও উপজেলা প্রশাসনের ৯ নির্দেশনা, সময় ৭ দিন

    ফুটপাত দখলমুক্ত করাসহ ঈদগাঁও উপজেলা প্রশাসনের ৯ নির্দেশনা, সময় ৭ দিন

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও জনসাধারণের জন্য ৯ দফা জরুরি নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামী ৭ দিনের মধ্যে এই নির্দেশনা প্রতিপালন না করলে অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    ​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ জুলাই রাতে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম দেওয়া হয়।

    ​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদগাঁও স্টেশন ও ঈদগাঁও বাজারের ফুটপাত এবং রাস্তার ওপর অবৈধভাবে স্থাপিত সব অস্থায়ী দোকানপাট আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। একই সাথে রাস্তা ও ফুটপাতে রাখা সব ধরনের মালামাল দোকানের ভেতরে নিয়ে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে।

    ​বাজার নিয়ন্ত্রণে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মাছ, মাংস, সবজি, ফল ও মুদি দোকানে আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। এছাড়া ব্যবসার স্বার্থে সংশ্লিষ্ট ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে প্রয়োজনীয় সকল লাইসেন্স দ্রুত সংগ্রহ করার জন্য ব্যবসায়ীদের তাগিদ দেওয়া হয়েছে।

    ​যানজট নিরসন ও অন্যান্য নির্দেশনা:

    জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে মালবাহী বড় ট্রাকগুলোকে রাত ১০টা থেকে সকাল ৯টার মধ্যে মালামাল লোড-আনলোড শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চালক ও সাধারণ মানুষের সাথে আলোচনা সাপেক্ষে অটোরিকশা, টমটম ও সিএনজি চলাচল একমুখী (ওয়ান-ওয়ে) করা এবং নির্দিষ্ট পার্কিং পয়েন্ট চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ​আইনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষা:

    বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল চালকদের জন্য লাইসেন্স ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া উপজেলার লবণবাহী সকল ট্রাক ও লবণমিলগুলোকে সরকারি শর্তাবলি মেনে চলতে বলা হয়েছে এবং অবৈধ করাতকলের (স-মিল) বিরুদ্ধে অতিদ্রুত মোবাইল কোর্ট বা অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

    ​ঈদগাঁও উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নির্দেশিত ৭ দিনের সময়সীমা পার হওয়ার পর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

    ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

    ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের টিএনটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

    নিহত গৃহবধূর নাম মলিনা রায় (৪৫)। তিনি রতন রায়ের স্ত্রী এবং টিএনটি রোড এলাকার তপন হালদারের বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, মলিনা রায়ের পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। উৎসব শেষে রাতে বাসায় ফিরে তারা ঘরের ভেতর বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের নিথর দেহ দেখতে পান। পরে বিষয়টি ঝালকাঠি সদর থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

    পুলিশ জানায়, ঘটনাস্থলের প্রাথমিক আলামত ও মরদেহের অবস্থা পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে রেখে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

    রাত ৮টা ২০ মিনিটের দিকে মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    ঝালকাঠি সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটন, হত্যার কারণ নির্ণয় এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    এদিকে জেলা এনএসআই সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

    দিনদুপুরে নয়, রাতের অন্ধকারে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় টিএনটি রোড এলাকাসহ পুরো ঝালকাঠি শহরে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার দ্রুত রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

    কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

    কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম সংগঠনটির সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন।

    শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন ও এমএস দোহা, বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইন প্রমুখ।

    সংগঠনটির সহ-সভাপতি পদে সালাম ফারুক ও মোসাম্মৎ নাসরীন সুলতানা, যুগ্ম-সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ও ফারজানা আফরিন, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহনেওয়াজ বাবলু ও দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

    এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম নির্বাচিত হয়েছেন।

    সংগঠনটির সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল, আন্তর্জাতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াসিন রানা, ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব শিকদার নির্বাচিত হয়েছেন।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দিদারুল আলম দিদার, মোহাম্মদ আব্দুল ওদুদ, মো. আবু তাহের, কমল চৌধুরী ও শারমিন সুলতানা রিমা নির্বাচিত হয়েছেন।

  • ডিএসসিসির বিতর্কিত প্রকৌশলী আনিসুর: বদলি ঠেকাতে কোটি টাকার মিশন!

    ডিএসসিসির বিতর্কিত প্রকৌশলী আনিসুর: বদলি ঠেকাতে কোটি টাকার মিশন!

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান। দুর্নীতির পাহাড় গড়েও যিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এবার শহীদ জিয়া শিশু পার্ক পুনর্নির্মাণের প্রায় ৪০০ কোটি টাকার কাজ বিগত আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। বদলির আদেশ হলেও তা ঠেকাতে মন্ত্রণালয়ে চালাচ্ছেন কোটি টাকার দৌড়ঝাঁপ।

    তথ্য বলছে, অনিয়মকে নিয়ম করে দুর্নীতির পাহাড় গড়েছেন আনিসুর৷ এরইমধ্যে চলছে তার তদন্ত। কিন্তু শাস্তি তো দূরের কথা, যেন পেলেন ‘পুরস্কার’। তদন্ত শেষ হওয়ার আগেই তাকে বদলি করা হয়েছে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনে।

    বগুড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিজের জেলা। ডিএসসিসিতে এখন জোর গুঞ্জন—দুর্নীতির এই বরপুত্রকে বাঁচাতে প্রভাবশালী কেউ কি রাজনীতির ছাতা মেলে ধরেছেন?

    অনুসন্ধানে উঠে এসেছে, শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের আধুনিকায়নে বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের কাজে নজর পড়ে আনিসুরের। কাজ নির্দিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে (ওরিয়ন, এনডিই এবং ইউসিসি) পাইয়ে দিতে আটঘাট বাঁধেন তিনি।

    অন্য কোনো কোম্পানি যেন দরপত্রে অংশ নিতে না পারে, সেই ব্যবস্থা করেন আনিসুর। রাইডের কারিগরি মাপজোক ইতালীয় কোম্পানি ‘জাম্পেরলা’র নির্দিষ্ট মডেলের মাপে জুড়ে দেন। শর্ত দেন, আগে ২২০ কোটি টাকার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফলে উন্মুক্ত প্রতিযোগিতার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে ১৪৫ একর জমির ওপর বিশাল সম্পত্তি রয়েছে আনিসুরের। সেখানে তিনি গড়েছেন ‘কুমকুম মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্ম’ ও বিলাসবহুল রিসোর্ট।

    বিশ্বস্ত সূত্র বলছে, পরিস্থিতি বেগতিক দেখে আনিসুর এখন দেশ ছাড়ার ফন্দি আঁটছেন। এসব সম্পদ বিক্রি করে তিনি কানাডায় মেয়ের কাছে টাকা পাচার করছেন বলে অভিযোগ রয়েছে। রিসোর্টটি বিক্রি করতে পারলেই যেকোনো সময় তিনিও কানাডায় উড়াল দেবেন।

    অনুসন্ধানে আরও উঠে এসেছে, ১৯৯৫ সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরি শুরু করেন আনিসুর। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। সাবেক প্রধান প্রকৌশলী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া সম্পর্কে তার মামা।

    এই প্রভাবশালী মামার জোরেই তিনি বরাবরই বেপরোয়া ছিলেন। সাবেক মেয়র সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের আমলেও সিন্ডিকেটের মূল হোতা ছিলেন তিনি। কাজ না করেই ভুয়া বিল তুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ দুদকে যাওয়ার কথা থাকলেও, রাজনৈতিক জোরে তিনি বারবার পার পেয়ে গেছেন।

    গত ৩০ জুন বদলির আদেশ হলেও তিনি ডিএসসিসি ছাড়তে নারাজ। রিলিজ না নিয়ে উল্টো বদলি ঠেকাতে তিনি টাকার বস্তা নিয়ে প্রভাবশালী মহলে ছুটছেন বলে অভিযোগ রয়েছে।
    এসব অভিযোগের তদন্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যে কাজও শুরু করেছেন।

    বদলি ঠেকাতে আনিসুরের এই দৌড়ঝাঁপ নিয়ে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “অসুস্থ মানুষ যেমন ডাক্তারের কাছে ছুটে যায়, এটাও ঠিক তেমন ঘটনা। তবে তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    পাহাড়সম এসব দুর্নীতির বিষয়ে জানতে আনিসুর রহমানের সাথে মুঠোফোনে ও সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের সোজা জনসংযোগ বিভাগের সাথে কথা বলার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যান এই কর্মকর্তা।

  • ১২ পার্সেন্ট কাজে পিডি আবু জাকির সিকান্দারের পদোন্নতি!

    ১২ পার্সেন্ট কাজে পিডি আবু জাকির সিকান্দারের পদোন্নতি!

    দেশের যোগাযোগ ব্যবস্থায় গতি ফেরাতে প্রায় ৪ হাজার ৫০ কোটি টাকার একটি মেগা সেতু প্রকল্প হাতে নেয় সরকার। ৩৫টি উপজেলার পল্লী সড়কে ৮২টি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের। কিন্তু চার বছর পার হলেও কাজের কাজ হয়নি কিছুই। তথ্য বলছে, কাজ এগিয়েছে মাত্র ১২ শতাংশ! নকশা নেই, জমি অধিগ্রহণ হয়নি, কাজও বন্ধ। অথচ ব্যর্থতার পরও শাস্তির বদলে পুরস্কার পদোন্নতি পেয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) শেখ মো. আবু জাকির সিকান্দার।

    বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে এই মেগা প্রকল্পের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ভয়াবহ দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা। হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত অন্তত ৭৬ শতাংশ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র ১২ শতাংশ।

    প্রতিবেদনে উঠে এসেছে, ৮২টি সেতুর মধ্যে কাজ শুরু হয়েছে মাত্র ৪৬টির। ১৬টি সেতুর নকশা আলোর মুখই দেখেনি। ১৬টি সেতুর কাজ এক শতাংশও এগোয়নি আর ১২টি সেতুর নির্মাণকাজ কার্যত বন্ধ এবং ১৪টির টেন্ডার প্রক্রিয়াই শুরু হয়নি। তবুও চরম ব্যর্থতার এই পুরো প্রকল্পের শুরু থেকেই প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর বিশাল বহর নিয়ে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন শেখ মো. আবু জাকির সেকান্দার।

    অনুসন্ধানে উঠে এসেছে, কাজের কাজ কিছু না হলেও লুটপাটের সবচেয়ে বড় খাত ছিল পরামর্শক ফি।

    আইএমইডির প্রতিবেদন বলছে, প্রকল্পে নিয়োগ পাওয়া ৪৭ জন পরামর্শকের মধ্যে ১৭ জন প্রকল্প এলাকায় কখনো পা-ই রাখেননি। ঢাকায় বসে এলজিইডির সদর দপ্তরে সময় কাটিয়ে তারা পকেটে পুরেছেন পারিশ্রমিকের প্রায় ১৭ কোটি টাকা। এ ছাড়া, মূল প্রজেক্ট প্রোফাইলে (ডিপিপি) নকশা ও কনসালটেন্সি খাতে ১৩ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু বুয়েট থেকে কেবল ভেটিং নিয়ে এলজিইডির নিজস্ব ইউনিটে নকশা বানিয়ে দায় সারা হয়েছে। এর ফলে অন্তত ৫টি সেতুতে ভয়াবহ ভার্টিক্যাল (উলম্ব) ত্রুটি এবং একাধিক সেতুতে কারিগরি গলদ দেখা দিয়েছে।

    মাঠপর্যায়ের কাজের অবস্থাও রীতিমতো শিউরে ওঠার মতো। আইএমইডির সরেজমিন তদন্ত বলছে, গোমতী নদীর ওপর ৩১০ মিটার দীর্ঘ সেতু নির্মাণে বালুর বদলে মাটি এবং খোয়ার বদলে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। যথাযথ কিউরিং না করায় এবং রড খোলা ফেলে রাখায় তাতে জং ধরেছে। শিবগঞ্জে পাগলা নদীর ওপর নির্মাণাধীন সেতুতে সম্পূর্ণ নদী বাঁধ দিয়ে সাটারিং করার মতো চরম ঝুঁকিপূর্ণ ও অবৈধ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ভাবনহাটি ট্রিকারখালি সড়কের সেতু নির্মাণেও চুক্তি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে আইএমইডি। এতসব অনিয়ম ও চুক্তি লঙ্ঘনের পরও কোনো ঠিকাদারের বিরুদ্ধে একটি নোটিশ পর্যন্ত দেওয়ার বা কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রমাণ পায়নি আইএমইডি। প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাসে পিআইসি এবং প্রতি ছয় মাসে পিএসসি সভা হওয়ার কথা থাকলেও, গত চার বছরে উভয় কমিটির মাত্র চারটি করে সভা অনুষ্ঠিত হয়েছে!

    কোনো ফিজিবিলিটি স্টাডি বা হাইড্রোলজিক্যাল বিশ্লেষণ ছাড়াই প্রকল্প গ্রহণের অভিযোগ থাকলেও শুরু থেকেই দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি টাইমস টুডেকে বলেন, জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি ১৫ শতাংশে উন্নীত হয়েছে। বর্তমানে মাত্র তিনটি সেতুর ডিজাইন বাকি। সম্ভাব্যতা যাচাইয়ে কোনো ত্রুটি ছিল না। পরামর্শকেরা প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। ঠিকাদাররা দায়সারা কাজ করছেন এমন অভিযোগও সঠিক নয়। কোথাও ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    তার এই সাফাইয়ের পরও আইএমইডির মূল্যায়ন অত্যন্ত স্পষ্ট। সংস্থাটি বলছে, দুর্বল পরিকল্পনা, অপর্যাপ্ত তদারকি, পরামর্শকদের দায়িত্বহীনতা এবং সময়মতো প্রশাসনিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতার কারণেই প্রকল্পটি লক্ষ্য থেকে যোজন যোজন পিছিয়ে। হাজার কোটি টাকার এই অনিয়ম, ধীরগতি ও ব্যবস্থাপনাগত ব্যর্থতার দায় প্রকল্প পরিচালক কোনোভাবেই এড়াতে পারেন না। তার জবাবদিহি নিয়ে এখন খোদ প্রকৌশল মহলেই বড় প্রশ্ন উঠেছে।

  • প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সমাজ অগ্রণায়কের ভূমিকা পালন করেছে: মাহ্দী আমিন

    প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সমাজ অগ্রণায়কের ভূমিকা পালন করেছে: মাহ্দী আমিন

    প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সমাজ অগ্রণায়কের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিকরা সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের এই ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিক সমাজ ও বিশেষ করে ডিআরইউর সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিক সমাজ এ আন্দোলনে অগ্রণায়কের ভূমিকা পালন করেছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত দেশীয় মৌসুমি ফল উৎসব ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলের প্রদর্শনী ও পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে মাহ্দী আমিন শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরামসহ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নতুন প্রত্যয় লাভ করেছে।তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য, আইনের শাসন, সুশাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুসংহত করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’। একটি সমৃদ্ধ, স্বনির্ভর, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ডিআরইউ এবং সাংবাদিক সমাজের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।বিশেষ অতিথি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, দেশীয় ফল শুধু আমাদের খাদ্যাভ্যাসের অংশ নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সুস্বাস্থ্যের প্রতীক। দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ পেশাদার সংগঠন ডিআরইউর জন্য একটি স্থায়ী ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর সদয় সম্মতি রয়েছে। তবে জমি বরাদ্দের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তিনি।ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হলেও সংবিধানে এর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। অন্যান্য পেশাজীবীদের মতো সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্র কখনো দীর্ঘমেয়াদি চিন্তা করেনি।তিনি আরো বলেন, ডিআরইউ দেশের প্রায় দুই হাজার পেশাদার মাঠপর্যায়ের সাংবাদিকের প্রাণের সংগঠন এবং তাদের ‘সেকেন্ড হোম’। ডিআরইউ’র জমি বরাদ্দের স্থায়ী সমাধান করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।অন্যান্য বক্তাগণ বলেন, দেশীয় মৌসুমি ফল পুষ্টির অন্যতম প্রধান উৎস। দেশীয় ফলের ব্যবহার বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজউকের সদস্য (উন্নয়ন) ইরাদুল হক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, রাজু আহমেদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, সাবেক সহ-সভাপতি গাযী আনোয়ার, সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, সংগঠনের সদস্য আব্দুল মান্নান, বেলায়েত হোসেন, লিটন হায়দার, নাদিরা কিরণ, কুতুব উদ্দিন মোহাম্মদ জসিম, সামিনা খাতুন রস্নি।ফল উৎসবে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সৈয়দ শুকুর আলী শুভ, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী, মো. আব্দুল আলীমসহ ডিআরইউর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ২২ ধরণের দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। প্রাণবন্ত, আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

  • গণপূর্তে বদলি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ খালেকুজ্জামানের বিরুদ্ধে

    গণপূর্তে বদলি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ খালেকুজ্জামানের বিরুদ্ধে

    গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বদলি বাণিজ্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছে । অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের ৬৫ কর্মকর্তাকে পছন্দের কর্মস্থলে পদায়নের নামে ১০ লাখ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে।অভিযোগগুলো সামনে আসার পর প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে অভিযোগের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে তিনি সাংবাদিকের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি বদলি হওয়া ৬৫ কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর নামে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। পদভেদে ১০ লাখ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরেই বদলি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারকে সরিয়ে খালেকুজ্জামান চৌধুরীকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। নেতৃত্ব পরিবর্তন হলেও অনিয়মের ধরন বদলায়নি; বরং আগের সিন্ডিকেট ভেঙে নতুন একটি প্রভাববলয় গড়ে উঠেছে।গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের অনুগত কর্মকর্তা নিয়োগ এবং আর্থিক লেনদেনের ভিত্তিতে বদলি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরখাস্ত প্রকৌশলীকে ব্যাকডেটে বদলির অভিযোগ : দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে পুনর্বহালের পথ সুগম করতে ব্যাকডেটে বদলির আদেশ দেওয়া হয়েছে।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৩ ফেব্রুয়ারি এক আদেশে সাইফুজ্জামানকে বরখাস্ত করে। ওই আদেশে তাঁকে লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্বে উল্লেখ করা হয়। কিন্তু পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ১৫ ফেব্রুয়ারির এক আদেশে দেখা যায়, তাঁকে ২ ফেব্রুয়ারি—অর্থাৎ বরখাস্তের একদিন আগে—ঢাকায় রিজার্ভে বদলি করা হয়েছে।যদি ২ ফেব্রুয়ারিই বদলি কার্যকর হয়ে থাকে, তাহলে ৩ ফেব্রুয়ারির মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশে তাঁকে লালমনিরহাটের কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হলো কেন? আবার ২ ফেব্রুয়ারির আদেশ ১৫ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কারণও প্রশ্নের জন্ম দিয়েছে।এই অসামঞ্জস্য ইঙ্গিত দেয় যে পরবর্তীতে তারিখ পরিবর্তন করে আদেশ জারি করা হয়েছে। টেন্ডার পুনর্মূল্যায়ন নিয়ে প্রশ্ন : প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, বড় অঙ্কের পাঁচটি দরপত্র কমিশনসংক্রান্ত অসন্তোষের কারণে পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠানো হয়েছে।সূত্র জানায়, ঢাকা গণপূর্ত বিভাগ-১, বিভাগ-৩ এবং শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২-এর আওতাধীন পাঁচটি দরপত্র পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠানো হয়। কারণ হিসেবে পিপিআর ২০২৫ অনুযায়ী নথিপত্রে ত্রুটির কথা বলা হয়।তবে গণপূর্তের একাধিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, পিপিআর ২০২৫ কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট প্রকৌশলীদের ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই প্রশিক্ষণের পরও যদি মৌলিক ভুল থেকে থাকে, তবে তা দক্ষতার ঘাটতির ইঙ্গিত দেয়। অন্যদিকে যদি প্রকৃতপক্ষে কোনো ত্রুটি না থাকে, তাহলে পুনর্মূল্যায়নের সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও তদন্তের দাবি রাখে।প্রধান প্রকৌশলী হওয়ার পর থেকেই বিতর্ক : গণপূর্ত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার আগে থেকেই খালেকুজ্জামানকে ঘিরে নানা আলোচনা ছিল। ২০২৫ সালের ২৭ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয়। পরে চলতি দায়িত্বও দেওয়া হয়।অভিযোগ অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ব্যাপক বদলি কার্যক্রম শুরু করেন এবং গুরুত্বপূর্ণ পদে নিজের আস্থাভাজন কর্মকর্তাদের বসানোর উদ্যোগ নেন। সমালোচকদের অভিযোগ, এসব বদলির পেছনে আর্থিক লেনদেন ছিল। যদিও এ অভিযোগের কোনো সরকারি তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।একদিনে অর্ধশতাধিক বদলি, পরে বাতিল : গত ৩ মার্চ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে একদিনে অর্ধশতাধিক নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়।সংশ্লিষ্ট সূত্রের দাবি, এত বড় আকারের বদলির বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সবাই অবগত ছিলেন না। পরে বিষয়টি মন্ত্রীর নজরে এলে প্রধান প্রকৌশলীকে ব্যাখ্যা দিতে বলা হয়। অভিযোগ রয়েছে, তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ৫ মার্চ ও ৮ মার্চ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অধিকাংশ বদলির আদেশ বাতিল করা হয়।তবে এরপরও ছোট পরিসরে বদলি কার্যক্রম চলতে থাকে বলে অভিযোগ রয়েছে।’সিন্ডিকেট বদলেছে, পদ্ধতি বদলায়নি’ : নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্তের এক কর্মকর্তা বলেন, সমস্যা শুধু আগের সিন্ডিকেট ভাঙা নয়; বরং নতুন একটি প্রভাববলয় গড়ে তোলা হয়েছে। তাঁর দাবি, যাঁরা নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করছেন এবং যাঁরা আর্থিকভাবে সন্তুষ্ট করতে পারছেন, তাঁরাই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন।তিনি আরও দাবি করেন, অতীতে আলোচিত কিছু কর্মকর্তাও এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, যা নিয়ে অধিদপ্তরের ভেতরে প্রশ্ন রয়েছে।এসব অভিযোগের বিষয়ে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদনের সময় পর্যন্ত তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর লিখিত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

  • যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ পলাশ ইসলাম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক ম্যানেজিং কমিটির পরিচিতি সভা উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    বুধবার (১৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত এডহক ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহরিয়ার সুমন, কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম মোহাব্বত এবং সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লেবু।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো. আব্দুল গনী, শিক্ষক প্রতিনিধি আব্দুর রশিদ খান (এ. আর. খান), অভিভাবক সদস্য আব্দুল মজিদ (আসকের), নবনির্বাচিত এডহক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পরিচিতি সভায় বিদ্যালয়ের বর্তমান অবস্থা, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সমস্যার বিষয় তুলে ধরেন।

    তারা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে একটি আইসিটি ভবনের প্রয়োজনীয়তা থাকলেও এখনো তা নির্মিত হয়নি। ফলে তথ্যপ্রযুক্তি শিক্ষার সম্প্রসারণ ও আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে।
    এছাড়া বিদ্যালয়ের প্রধান ফটক না থাকা এবং চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মিত না হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা দ্রুত এসব অবকাঠামোগত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এম. আজিজুর রহমান বলেন, শিক্ষার উন্নয়নই একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি। যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য যেসব দাবি ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে, সেগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে।

    তিনি আরও বলেন, “বিদ্যালয়ের আইসিটি ভবন, প্রধান ফটক ও বাউন্ডারি ওয়ালসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

    সভায় বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত এডহক ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহরিয়ার সুমন বলেন, “যদুনাথপুর উচ্চ বিদ্যালয় আমাদের সবার প্রাণের প্রতিষ্ঠান। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি হতে দেব না। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার সচেতন মানুষের সহযোগিতা নিয়ে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

    অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু ম্যানেজিং কমিটির একার দায়িত্ব নয়; বরং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তারা নবনির্বাচিত কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    আলোচনা শেষে নবগঠিত এডহক ম্যানেজিং কমিটির সফলতা, বিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মো. নাদিরুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আক্তার ও মো. আওরঙ্গজেব, উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর আলম, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, সহকারী শিক্ষক গোলাম হামিদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম, পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

  • ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ চারজন গ্রেফতার, আদালতের সশ্রম কারাদণ্ড

    ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ চারজন গ্রেফতার, আদালতের সশ্রম কারাদণ্ড

    মোঃ ফজলুল কবির গামা
    বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

    ঝিনাইদহ পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ জুলাই ২০২৬ তারিখ রাতে ধোপাঘাটা ও আরাফপুর এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। পরবর্তীতে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অপরাধীদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো: শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মুরাদজ্জামান, এসআই রাকিবুল ইসলাম ও পুলিশের একটি দল ধোপাঘাটা পুরাতন ব্রিজ সংলগ্ন জনৈক মো: আব্দুল কুদ্দুসের বাড়ির নিচতলার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদক সেবন ও বিক্রির সময় হাতেনাতে মো: রাকিবুল ইসলাম ওরফে রাজা রকি (৩৮), মো: আলামিন রহমান ওরফে ইমন (২৩) এবং মো: রাতুল ইসলাম (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম রাজার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ আরাফপুর এলাকায় অপর একটি অভিযান চালায়। সেখান থেকে মো: মনিরুজ্জামান (৪৮) নামের আরেক ব্যক্তিকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য হেফাজতে রাখার দায়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
    আসামিদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করতে ডোপ টেস্ট করানো হলে আটককৃতদের মধ্যে তিনজনের দেহে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়।

    এরপর বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে রায় প্রদান করেন। রায়ে ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে মো: রাকিবুল ইসলাম ওরফে রাজা রকি এবং মো: আলামিন রহমান ওরফে ইমনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া গাঁজা সেবনের অপরাধে অপর আসামি মো: মনিরুজ্জামানকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা করা হয়।