Blog

  • বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: রিমান্ডে বন্ধু দীপ, নেপথ্যে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও

    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: রিমান্ডে বন্ধু দীপ, নেপথ্যে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও

    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

    শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার দাবি করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় একটি ভিডিও ধারণ করেছিলেন তাহসিফ। পরবর্তী সময়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে তাকে টার্গেট করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের মূল রহস্য এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে দীপকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

    এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

    রিমান্ড শুনানিতে দীপের আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ রিমান্ড বাতিলের আবেদন জানান। তারা দাবি করেন, নিহত তাহসিফের সঙ্গে দীপের দীর্ঘ ছয় বছরের পারিবারিক সুসম্পর্ক ছিল এবং শুরু থেকেই তিনি পুলিশকে সব ধরনের সহযোগিতা করে আসছেন। এছাড়া তাহসিফের পরিবারও দীপের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ তোলেনি। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আসামিপক্ষের আইনজীবী। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা সহযোগিতার আশ্বাস দেন।

    আদালত উভয় পক্ষের শুনানি শেষে দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় দীপ তার এক স্বজনকে উদ্দেশ করে বলেন, ‘আমি ফুললি স্ট্রং’ এবং এ বিষয়ে দুশ্চিন্তা না করতে বলেন।

    তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। এর পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

    প্রাথমিকভাবে দীপ দাবি করেছিলেন, একটি রেস্তোরাঁয় একসঙ্গে খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দীপকে পিবিআই হেফাজতে নেওয়ার পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের নিখোঁজ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

    মাদক কেনাবেচার পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা দীপ স্বীকার করেছেন বলেও জানা গেছে। পরবর্তীতে শুক্রবার রাতে নিহতের বাবা হত্যা মামলা দায়ের করলে দীপকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

    তবে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও প্রচারের জেরে তাহসিফ খুন হয়েছেন কি না, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়; তদন্ত সাপেক্ষে বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

  • নম্বরের প্রতিযোগিতা নয়, শিক্ষার গুণগত মানেই মূল জোর দেওয়া হচ্ছে: ড. শাহ মো. হেলাল উদ্দিন

    নম্বরের প্রতিযোগিতা নয়, শিক্ষার গুণগত মানেই মূল জোর দেওয়া হচ্ছে: ড. শাহ মো. হেলাল উদ্দিন

    পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন বলেছেন, এ বছর প্রকাশিত পরীক্ষার ফলাফলে প্রকৃত শিক্ষার গুণগত মানের প্রতিফলন ঘটছে। পাসের হার সাময়িকভাবে কম মনে হলেও, শিক্ষার মান বিবেচনায় এটিই সঠিক মানদণ্ড হতে পারে।

    শনিবার দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ পরিদর্শন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলো পরিদর্শনের অংশ হিসেবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শিক্ষার বর্তমান অবস্থা তুলে ধরে ড. শাহ মো. হেলাল উদ্দিন বলেন, কৃত্রিমভাবে নম্বর বাড়িয়ে শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে এখন বেরিয়ে আসা হয়েছে। যার ফলে শুরুর দিকে পাসের হার কিছুটা কম মনে হতে পারে। তবে তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী এক থেকে দুই বছরের মধ্যে শিক্ষার মানের পাশাপাশি পাসের হারও সন্তোষজনকভাবে বৃদ্ধি পাবে।

    কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহের খানের সভাপতিত্বে সভায় বক্তৃতাকালে পরিকল্পনা কমিশনের এই কর্মকর্তা বলেন, অবকাঠামোগত সংকটই মূলত শিক্ষার সবচেয়ে বড় অন্তরায়। পিছিয়ে পড়া প্রান্তিক জেলা নেত্রকোনার শিক্ষার মান বৃদ্ধিতে এই দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

    এ সময় জেলার উচ্চশিক্ষার নানা সমস্যার কথা তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছে এবং এসংক্রান্ত প্রকল্পটি বর্তমানে সংশোধনাধীন রয়েছে। পাশাপাশি, বর্তমানে হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালানো নেত্রকোনা মেডিকেল কলেজের জন্য একটি পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। নেত্রকোনা সরকারি কলেজের অবকাঠামোগত সমস্যা দূর করতেও বিভিন্ন প্রকল্পের কাজ চলছে বলে জানান তিনি।

    বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ড. হেলাল উদ্দিন বলেন, কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং অন্যান্য বছরের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের সঠিক ব্যবহারের মাধ্যমে নেত্রকোনা অঞ্চলের শিক্ষার্থীরা আগামী দিনে আরও উন্নত সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • শিবগঞ্জ-মোকামতলায় নিসচার উদ্যোগে ২৯ জনকে সম্মাননা প্রদান

    সড়ক নিরাপত্তায় অবদান, জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে সংবাদ প্রচারের স্বীকৃতিস্বরূপ বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় ২৯ জনকে সম্মাননা দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।

    গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় শিবগঞ্জে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাসব্যাপী সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচির সমাপনী দিনে এ সম্মাননা প্রদান করা হয়।

    সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উপদেষ্টা এসএম তাজুল ইসলাম, খালিদ হাসান আরমান, প্রকৌশলী ফজলে রাব্বী, রোকন-উদ-দৌল্লা রুবেল, আব্দুল্লাহ জোবায়ের ও শফিউল আজম সজল। এ ছাড়া সংগঠনের সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহসভাপতি ইমরান আলী, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও রাইসুল ইসলাম রনি সম্মাননা পেয়েছেন।

    সাংবাদিকদের মধ্যে সম্মাননা পেয়েছেন আব্দুর রউফ রুবেল, পবন কুমার রায়, সোহেল রানা, মহসিন আলী।

    সংগঠনের অন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন সহসভাপতি সুবীর কুমার দত্ত,শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সমাজকল্যাণ সম্পাদক বাকী বিল্লাহ, আইন সম্পাদক মাসুদ রানা, ক্রীড়াবিষয়ক সম্পাদক সাহান আলী, যুববিষয়ক সম্পাদক ওসমান গনী, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য, গবেষণা ও অনুসন্ধানবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহদপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু,কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ।

    এর আগে একই দিন দুপুর ১২টায় নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে দুই উপজেলার বিভিন্ন বন্দরে চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

    নিরাপদ সড়ক প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে সংগঠনটি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও সংবাদকর্মীদের উৎসাহিত করতেই সমাপনী দিনে এ সম্মাননা প্রদান করা হয়।

  • গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাড়িতে মিনি ইয়াবা ল্যাব: অনলাইন থেকে শিখে কোটিপতি হওয়ার স্বপ্ন ভেঙে গেল বাপ্পীর!

    রাজধানীর পাশের শহর গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে গড়ে তোলা হয়েছিল মাদকের গোপন কারখানা। কোনো বড় মাদক চক্রের হাত ধরে নয়, বরং ইন্টারনেট থেকে তথ্য ও পড়াশোনা করে নিজেই ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেছিলেন এক ব্যক্তি। তবে শেষরক্ষা হয়নি; পুলিশি অভিযানে ইয়াবা তৈরির সেই আধুনিক ল্যাবসহ মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কারখানাটির মালিক নাজমুল ইসলাম বাপ্পীকে (৩৬)। তিনি কুমিল্লার কোতোয়ালী থানার তাইজুল ইসলামের ছেলে।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পী কোনো পেশাদার মাদক কারবারি নন; বরং অনলাইনে বিভিন্ন তথ্য ঘেঁটে ও পড়াশোনা করে তিনি নিজেই ইয়াবা তৈরির পুরো প্রক্রিয়া রপ্ত করেন। নিজ বাড়ির তিনতলায় একটি পৃথক কক্ষকে ল্যাবে রূপান্তর করতে তিনি খরচ করেছিলেন প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।

    ল্যাবটিতে গত প্রায় ছয় মাস ধরে গোপনীয়তার সঙ্গে কাজ চলছিল। ভারতীয় চোরাই পথে আনা হতো ইয়াবা তৈরির প্রয়োজনীয় রাসায়নিক উপাদান ও কাঁচামাল। ল্যাবটিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হলেও পুলিশি অভিযানের সময় এর পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়নি বলে দাবি করেন অভিযুক্ত। তবে আর কিছুদিন পরই বড় পরিসরে ইয়াবা উৎপাদন শুরু করার পরিকল্পনা ছিল তার।

    গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে পুলিশ ল্যাব থেকে উদ্ধার করেছে:

    ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও রাসায়নিক উপাদান

    আধুনিক উৎপাদন যন্ত্রপাতি

    বেশকিছু সদৃশ (প্রস্তুতকৃত বা ট্রায়াল দেওয়া) ইয়াবা বড়ি

    ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, কারখানাটিতে পাওয়া রাসায়নিক ও যন্ত্রপাতি বিশ্লেষণ করে এটি বড় ধরনের মাদক তৈরির একটি সুপরিকল্পিত প্রস্তুতি ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

    তিনি আরও বলেন, এই ল্যাবের মাধ্যমে ঠিক কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে। ইতিমধ্যে গ্রেফতারকৃত নাজমুল ইসলাম বাপ্পীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • পানছড়িতে পৃথক অভিযানে ২ লাখ ৮২ হাজার টাকার সেগুন-গামারী কাঠ জব্দ

    পানছড়িতে পৃথক অভিযানে ২ লাখ ৮২ হাজার টাকার সেগুন-গামারী কাঠ জব্দ

    খাগড়াছড়ির পানছড়িতে পৃথক দুটি বিশেষ টহল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এসব অভিযানে মোট ৮৯ দশমিক ৬৯ ঘনফুট কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা।

    শুক্রবার (৩০ অক্টোবর) রাত ও দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

    বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে মধ্য ফাতেমানগর মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আকারের ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ ৪৪ দশমিক ২৭ ঘনফুট। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।

    এর আগে একই দিন সকাল ১১টা ৫৫ মিনিটে ফাতেমানগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩৯ টুকরা সেগুন কাঠ (৩৪ দশমিক ৮৮ ঘনফুট) এবং চার টুকরা গামারী কাঠ (১০ দশমিক ৫৪ ঘনফুট) জব্দ করা হয়। এ কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকা।
    অভিযান দুটিতে নেতৃত্ব দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর জেসিও-১০৮৫৯ নায়েব সুবেদার সিগন্যাল মো. শাহীন আল মামুন।

    জব্দকৃত কাঠের সর্বমোট পরিমাণ ৮৯ দশমিক ৬৯ ঘনফুট এবং আনুমানিক মূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাঠগুলো পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত: বাসায় ডিজে পার্টি ও মাদক সেবনের অভিযোগ

    পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত: বাসায় ডিজে পার্টি ও মাদক সেবনের অভিযোগ

    রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টি আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বরখাস্তকালীন সময়ে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

    শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেন।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগ ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায়। ডিবির পক্ষ থেকে জানানো হয়, ওই সময় বাসাটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

    অভিযানের সময় বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি। এর ফলে জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

    সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের এই সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

  • গাইবান্ধায় এইচএসসিতে বিপর্যয়: শতভাগ ফেল তিন মহিলা কলেজে

    গাইবান্ধায় এইচএসসিতে বিপর্যয়: শতভাগ ফেল তিন মহিলা কলেজে

    ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চরম বিপর্যয়ের ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়। জেলার পলাশবাড়ী, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার তিনটি মহিলা কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে দুটি কলেজ থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন এবং অন্য একটি কলেজের একটি নির্দিষ্ট বিভাগ থেকে শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন।

    শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ১. ফকিরহাট মহিলা কলেজ (পলাশবাড়ী): এই কলেজ থেকে মানবিক বিভাগে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

    ২. জুমারবাড়ী মহিলা কলেজ (সাঘাটা): এই প্রতিষ্ঠান থেকেও পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

    ৩. চন্দিয়া মহিলা কলেজ (ফুলছড়ি): এই কলেজের বাণিজ্য বিভাগ থেকে চারজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউই পাস করতে পারেননি।

    ফলাফল বিপর্যয়ের বিষয়ে পলাশবাড়ীর ফকিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান জানান, এ বছর মানবিক বিভাগ থেকে মাত্র দুজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত তাদের কেউ পাস করতে পারেননি।

    এদিকে, ফুলছড়ির চন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোসাদ্দেকুল হক মামুন তাদের বাণিজ্য বিভাগের শতভাগ ফেল করার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘বাণিজ্য বিভাগে অংশ নেওয়া চারজন শিক্ষার্থীর সবাই বিবাহিত। বিয়ের কারণে পড়াশোনায় তাদের মনোযোগ কম ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চেষ্টার কোনো কমতি ছিল না, তবুও কেউ পাস করতে পারেনি।’

  • সৌদির আকাশসীমায় ফের ড্রোন হামলা প্রতিহত: পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হাই-অ্যালার্ট

    সৌদির আকাশসীমায় ফের ড্রোন হামলা প্রতিহত: পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হাই-অ্যালার্ট

    সৌদি আরবের আকাশসীমায় নিরাপত্তা কড়াকড়ি এবং সামরিক উত্তেজনা আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে। রাজধানী রিয়াদের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো দুটি পৃথক ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী।

    ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া এই ড্রোন দুটি মাঝআকাশেই ধ্বংস করতে সক্ষম হয় সৌদির যৌথ বাহিনী।

    সংবাদসূত্রে জানা গেছে, প্রথমে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় এলাকার দিকে ধেয়ে আসা একটি ড্রোন শনাক্ত করে সেটিকে সফলভাবে প্রতিহত করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিরা আরও একটি ড্রোন নিক্ষেপ করলে, সেটিও মুহূর্তের মধ্যে নিখুঁতভাবে ধ্বংস করা হয়।

    পরপর ঘটে যাওয়া এই আক্রমণগুলো সীমান্তজুড়ে কিছুটা উদ্বেগের সৃষ্টি করলেও, তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের কোনো বিপদ এড়ানো গেছে। সৌদির প্রতিরক্ষা বাহিনীর ভাষ্যমতে, এই হামলায় কোনো ধরনের প্রাণহানি কিংবা বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে পুরো এলাকার সুরক্ষায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কাবস্থায় (হাই-অ্যালার্ট) রয়েছে।

  • রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’ ও কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অভিনেত্রীর চমৎকার সব কথা

    রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’ ও কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অভিনেত্রীর চমৎকার সব কথা

    বলিউড পাড়ায় পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত মেগাপ্রজেক্ট ‘রামায়ণ’ সিনেমা নিয়ে এখন থেকেই চারদিকে চরম উত্তেজনা বিরাজ করছে। এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর। সম্প্রতি সিনেমার প্রচারণার অংশ হিসেবে সহ-অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন তিনি।

    শোটির সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে সাই পল্লবীর ব্যক্তিগত পছন্দ থেকে শুরু করে ক্যারিয়ার ও আসন্ন সিনেমা প্রসঙ্গ।

    অনুষ্ঠানের একপর্যায়ে অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, তিনি কেমন পুরুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চান। জবাবে সাই পল্লবী বলেন,

    “প্রথমত তাকে একজন খাঁটি ও ভালো মানুষ হতে হবে। খুব বেশি আত্মকেন্দ্রিক হলে চলবে না। এমন একজন মানুষ প্রয়োজন যিনি আত্মবিশ্লেষণ করতে জানেন, যিনি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং অন্যের ওপর দোষ না চাপিয়ে তা শুধরে নেওয়ার মানসিকতা রাখেন।”

    এরপর একটু মুচকি হেসে তিনি রসিকতার সুরে আরেকটি বিশেষ শর্ত যোগ করেন, “মানুষটা ভালো হওয়ার পাশাপাশি তার যদি রান্নার হাতটাও ভালো হয়, তবে তো আরও দারুণ হয়!”

    অভিনেত্রীর ডাক্তারি পড়া ছেড়ে অভিনয়ে আসার কারণ জানতে চাইলে সাই পল্লবী জানান, ঈশ্বরই তার ভাগ্যলিপিতে অভিনয়ে আসার পথ তৈরি করে দিয়েছিলেন। অমিতাভ বচ্চন এমন উত্তর শুনে খানিকটা অবাক হন। এ সময় পাশে বসা রণবীর কাপুর মজা করে বলে ওঠেন, “ভগবানের প্রেসক্রিপশন ছিল স্যার, যে ওনাকে অভিনয়ই করতে হবে!”— যা শুনে হেসে ওঠেন উপস্থিত দর্শকরাও।

    অন্য একটি প্রমোশনাল ভিডিওতে সাই পল্লবী জানান, সাধারণ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি সাধারণত নিজের চরিত্রকে কী দিতে পারবেন তা ভাবেন। কিন্তু সীতা মায়ের মতো পবিত্র চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি ভেবেছেন— এই চরিত্র থেকে তিনি কী শিক্ষা অর্জন করতে পারবেন। কোনো কৌশল না ভেবে তিনি স্রেফ সীতা মায়ের কাছে প্রার্থনা জানিয়েই শুটিং শুরু করেছিলেন।

    যশ ও নামিত মালহোত্রা প্রযোজিত চার হাজার কোটি টাকা বাজেটের এই দুই পর্বের মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজিতে তারকার সমাহার রয়েছে:

    রাম: রণবীর কাপুর

    সীতা: সাই পল্লবী

    লক্ষ্মণ: রবি দুবে

    রাবণ: যশ

    হনুমান: সানি দেওল

    এছাড়াও অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’-এর প্রথম পর্বটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে।

  • ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

    ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

    ফুসফুসে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    শনিবার (৩১ অক্টোবর) তাঁর ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন মিল্টন এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ফুসফুসে ইনফেকশন বা সংক্রমণজনিত সমস্যার কারণে ড. মঈনকে বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, তাঁর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে রয়েছে। একই সঙ্গে, রোগীর দ্রুত আরোগ্যের সুবিধার্থে হাসপাতালে ভিড় না করার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

    উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকব্যথা দেখা দিলে তাঁকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হাসান এবং ডা. শাহাবুদ্দিন তালুকদারের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।