Blog

  • সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না: এমপি কয়ছর আহমদ

    ফ্যামিলি কার্ডের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

    শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    সরকারপ্রধান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ ফ্যামিলি কার্ডের সেবা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে উল্লেখ করে এমপি কয়ছর আহমদ বলেন, “নির্বাচনের আগে একটি মহল এই কার্ড নিয়ে নানা অপপ্রচার ও প্রতারণার অভিযোগ তুলেছিল। কিন্তু বিএনপি কখনো প্রতারণার রাজনীতি করে না; যা বলে, তা সবসময় বাস্তবায়ন করে।” জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর দেশের ইতিহাসে এত বড় প্রকল্প অন্য কোনো সরকার গ্রহণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

    অনুষ্ঠানে জানানো হয়, সরকারি নীতিমালা অনুযায়ী এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন উপকারভোগী পরিবারের নারীপ্রধানেরা।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ প্রমুখ।

    অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়।

  • শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতাই আসল ভিত্তি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতাই আসল ভিত্তি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    শিক্ষা বলতে শুধু পুঁথিগত বিদ্যা বা গণিত-পদার্থবিজ্ঞান নয়; প্রকৃত শিক্ষা হলো নীতিগত শিক্ষা। একটি সুন্দর সমাজ গঠনে ন্যায়নীতি, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক মর্যাদাবোধ অত্যন্ত জরুরি।”

    শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ‘৪র্থ হিফজ এবং ও/এ লেভেল সমাবর্তন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা বলেন।

    তিনি আরও বলেন, আমাদের গতানুগতিক কাঠামোগত শিক্ষায় নীতিগত শিক্ষাকে সেভাবে জোরালোভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।

    বর্ণাঢ্য এই আয়োজনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ৫৪ জন শিক্ষার্থীকে পূর্ণ হাফেজ এবং ৮৫ জন শিক্ষার্থীকে ও-লেভেল ও এ-লেভেল গ্র্যাজুয়েট হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ফাউন্ডিং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খান মো. আক্তারুজ্জামান।

    সভাপতির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান ২০১৫ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এভেরোজের ১২ বছরের দীর্ঘ পথচলার সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, “মিথ্যা তথ্য বা চটকদার বিজ্ঞাপন দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করা যাবে না। মনে রাখবেন, শিক্ষা কোনো পণ্য নয় এবং শিশুদের ভবিষ্যৎ কোনো প্রচারণার বিষয় নয়—শিক্ষা একটি পবিত্র আমানত।”

    তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রায় ১,০০০ আবেদনকারীর মধ্যে আসন সীমিত থাকায় ৪,০০্টি শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হয়েছে। অভিভাবকদের সুবিধার কথা মাথায় রেখে বনশ্রীতে নতুন শাখা প্রতিষ্ঠার কাজ চলছে এবং লালমাটিয়াতেও একটি স্থায়ী নিজস্ব ক্যাম্পাস গড়ার স্বপ্ন নিয়ে কাজ এগিয়ে চলেছে।

    আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতি
    অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, প্রতিষ্ঠানের থিম সং, আসমাউল হুসনা প্রদর্শন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আরবি ও ইংরেজি নাশিদ, বাংলা গানের ম্যাশআপ এবং বিশেষ নাট্যপ্রদর্শন দর্শকদের মুগ্ধ করে। পরে শিক্ষক ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান এবং সমাপনী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজীসহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক, সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়াল্লাহ এবং বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।

  • ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

    ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

    যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য। স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন সংকট মোকাবিলায় দেশের তরুণরা সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    বাণীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, জাতি গঠনে যুবসমাজের বিপুল সম্ভাবনা উপলব্ধি করে তিনি ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় (বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৮১ সালে তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ‘যুব উন্নয়ন অধিদপ্তর’ গঠিত হয়। এছাড়া ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণের ভিত্তি শক্ত করেছিলেন।

    প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে প্রায় ২৫ লাখ তরুণ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে বর্তমানে মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা বা তার বেশি আয় করছেন। যুব উদ্যোক্তাদের সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া জাতি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জনকে জাতীয় যুব পুরস্কারে ভূষিত করা হয়েছে।

    বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে তরুণরা বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাচ্ছেন। এছাড়া পরিবেশ সংরক্ষণে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বিদেশি ভাষা শিক্ষার মতো সম্ভাবনাময় খাতে প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

    তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে দেশে প্রথমবারের মতো ৫০০ কোটি টাকার স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

    জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তরুণরা তাদের প্রতিভা ও প্রযুক্তিগত দক্ষতা দিয়ে জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে। তিনি দিবসটির সার্বিক সাফল্য কামনা করেন।

  • গণতন্ত্রের নতুন সূর্যোদয় ও অর্থনীতি: তারেক রহমানের জাপান সফর ঘিরে নতুন সম্ভাবনার হাতছানি

    গণতন্ত্রের নতুন সূর্যোদয় ও অর্থনীতি: তারেক রহমানের জাপান সফর ঘিরে নতুন সম্ভাবনার হাতছানি

    কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের রায়ে দেশে ফিরেছে গণতান্ত্রিক ধারা। এই রাজনৈতিক পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর কেবল দ্বিপক্ষীয় চুক্তি বা আর্থিক সহায়তার গণ্ডিতে আটকে নেই; বরং এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন এক আত্মপরিচয় ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের বড় বার্তা দিচ্ছে।

    একটি নির্বাচিত সরকারের মূল লক্ষ্যই হলো জনগণের ভোটাধিকারের প্রকৃত সুফল তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া—জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা। আর এই লক্ষ্য বাস্তবায়নেই ঐতিহ্যবাহী বন্ধু রাষ্ট্র জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।

    স্বাধীনতার পর থেকেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার জাপান। ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কিংবা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর—প্রতিটি মেগা প্রকল্পই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের নীরব সাক্ষী।

    গত ২৭ অক্টোবর দুই দেশের শীর্ষ বৈঠকে গৃহীত ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ (BIG-B) উদ্যোগ বাংলাদেশকে বঙ্গোপসাগরকেন্দ্রিক শিল্প, জ্বালানি ও বাণিজ্যের মূল হাব বা সংযোগকেন্দ্রে পরিণত করার পথ উন্মুক্ত করেছে। এই রূপরেখা বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সক্ষমতা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে।

    আগামী পাঁচ বছরে জাপানি বেসরকারি বিনিয়োগ ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের বাজারে প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে। তবে এই বিশাল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে শুল্ক ও লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার কাজ অব্যাহত রাখতে হবে।

    বাংলাদেশের সুলভ শ্রমশক্তি, উদীয়মান বাজার এবং জাপানের উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।

    বিশেষজ্ঞদের মতে, টোকিওর সঙ্গে এই কৌশলগত ঘনিষ্ঠতা বেইজিংয়ের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। জুনে বেইজিংয়ের সঙ্গে স্বাক্ষরিত যৌথ চুক্তির আওতায় মোংলা বন্দর আধুনিকায়ন ও চট্টগ্রামে শিল্পাঞ্চল গড়ার কাজ এগিয়ে চলেছে।

    বিশ্লেষকদের অভিমত, চীনের যন্ত্রপাতি, জাপানের শিল্পদক্ষতা এবং বাংলাদেশের উদ্যোক্তাদের উদ্যোগ—সব মিলিয়ে ত্রিমুখী মেলবন্ধনে দেশের অর্থনীতি আরও গতিশীল হতে পারে।

    অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া এবং সেখান থেকে রাজনৈতিক তৎপরতার সুযোগ পাওয়ার বিষয়টি ঢাকার অস্বস্তি বাড়ালেও, বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে যে—দীর্ঘস্থায়ী সম্পর্ক কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়, বরং জনগণের সঙ্গে হওয়া উচিত। নয়াদিল্লির পক্ষ থেকে প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে আইনি পর্যালোচনার কথা বলা হলেও, আস্থার সম্পর্ক গড়তে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত জরুরি।

    শুধু আন্তর্জাতিক চুক্তি করলেই চলবে না; দেশের ভেতরেও সুশাসন নিশ্চিত করা জরুরি। চুক্তিগুলো প্রকাশ্য রাখা, বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর পরিবর্তে সাধারণ মানুষের অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে শিল্পজগতের চাহিদার মেলবন্ধন ঘটাতে পারলে তবেই এই অর্থনৈতিক নবযাত্রা অর্থবহ হয়ে উঠবে।

    দীর্ঘ প্রায় দুই দশক একপেশে পররাষ্ট্রনীতির পর, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের ইচ্ছাকে ভিত্তি করে দেশের কূটনীতিকে বহুমাত্রিক ও ভারসাম্যপূর্ণ করে তুলেছে। আর এই যাত্রায় জাপান, চীন এবং বৃহত্তর আঞ্চলিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা নিশ্চিত করতে পারলে সত্যিই এক নতুন ভোরের আলোর দেখা পাবে বাংলাদেশ।

  • লংমার্চ নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে আলোচনার ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর

    লংমার্চ নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে আলোচনার ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর

    সংবিধান সংস্কারসহ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে লংমার্চ বা রাজপথের কর্মসূচি পরিহার করে রাজনৈতিক আলোচনার টেবিলে বসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সংকটের টেকসই সমাধান সম্ভব নয়।

    শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মনসুন থিয়েটারে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে আর কোনো ‘জুলাই জাদুঘর’ বা গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করতে না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য এবং বিরোধী দলের আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। দেশের স্বার্থে সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের চেতনা এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ বা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

    সংবিধান সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘস্থায়ী গণতন্ত্রের স্বার্থে সমঝোতার ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার মাধ্যমে কার্যকর ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

    অনুষ্ঠানে ১৯৭৫ সালের বাকশাল গঠন এবং ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঐতিহাসিক ভুলের ফলেই বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল। বর্তমান সরকার কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চায় না উল্লেখ করে তিনি উচ্চকক্ষ প্রবর্তন, নির্বাচনী ব্যবস্থায় পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি এবং গণভোটসংক্রান্ত প্রস্তাব নিয়ে সব দলের সঙ্গে সমঝোতার আহ্বান জানান।

    সেমিনারে সভাপতিত্ব করেন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মহাপরিচালক এহসান মাহমুদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া আলোচনায় অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।

  • সরকারি মুকসুদপুর কলেজের এইচএসসি ফলাফল: দায়ভার কে নেবে?

    সরকারি মুকসুদপুর কলেজের এইচএসসি ফলাফল: দায়ভার কে নেবে?

    মুকসুদপুর কলেজের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল দেখে আমি অত্যন্ত হতাশ ও মর্মাহত। একটি ঐতিহ্যবাহী ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল শুধু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নয়, পুরো মুকসুদপুরবাসীর জন্যই উদ্বেগের বিষয়।

    প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটির মোট ১ হাজার ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ২৮১ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ১১৯ জন। পাসের হার মাত্র ২০ দশমিক ০৪ শতাংশ।

    এত বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ কী? এর দায়ভারই বা কে নেবে—এ প্রশ্ন এখন স্বাভাবিকভাবেই সামনে এসেছে।

    ফলাফল ভালো হলে নিশ্চয়ই কলেজ কর্তৃপক্ষ, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ নিজেদের সাফল্য হিসেবে কৃতিত্ব দাবি করতেন। তাহলে ফলাফল যখন এতটা বিপর্যয়কর, তখন এর দায়ও কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারেন?

    এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা জরুরি—

    ১. শিক্ষার্থীদের নিয়মিত প্রাক-মূল্যায়ন ও নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছিল কি না?

    ২. এসব পরীক্ষার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা হয়েছিল কি না?

    ৩. দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য বিশেষ পাঠদান, অতিরিক্ত ক্লাস কিংবা প্রয়োজনীয় একাডেমিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না?

    ৪. শিক্ষকদের নিয়মিত পাঠদান, উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি যথাযথভাবে তদারকি করা হয়েছে কি না?

    সরকারি অর্থে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলা অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর অন্যতম প্রধান দায়িত্ব। তাই এত বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পেছনে প্রকৃত কারণ কী, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন।

    আমরা মনে করি, বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করে ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

    আমাদের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত আবেদন—সরকারি মুকসুদপুর কলেজের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং তদন্তে কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।

    শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো অবহেলা নয়। আমরা চাই, সরকারি মুকসুদপুর কলেজ তার হারানো শিক্ষার পরিবেশ, সুনাম, ঐতিহ্য ও গৌরব আবার ফিরে পাক।

    প্রশ্ন একটাই—১ হাজার ১১৯ জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার দায়ভার কে নেবে?

  • আইসিসিবির মাঠে ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’

    আইসিসিবির মাঠে ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’

    দেশের অটোমোবাইল খাতকে আরও গতিশীল ও জনপ্রিয় করে তুলতে আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী গাড়ি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

    আয়োজকদের মতে, অটোমোবাইল খাত কেবল গাড়ি কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি, বড় অংকের বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির বিস্তার এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক। এই খাতের সামগ্রিক অবদানকে সবার সামনে তুলে ধরতে এই এক্সপোর আয়োজন করা হয়েছে।

    এক ছাদের নিচে বৈচিত্র্যময় গাড়ি: একই স্থানে বিভিন্ন মডেল ও দামের গাড়ি যাচাই ও দেখার সুযোগ পাবেন ক্রেতারা।

    জাপানি গাড়ির ৫০ বছরের ঐতিহ্য: বাংলাদেশের বাজারে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির দীর্ঘ ৫০ বছরের ঐতিহাসিক অবদান এবং এর গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

    সরাসরি যোগাযোগের সুযোগ: গাড়ি ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি মিথস্ক্রিয়া তৈরির মাধ্যমে বাজারকে আরও গতিশীল করা।

    অর্থনীতিতে অবদান: দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও জাতীয় রাজস্ব আয়ে রিকন্ডিশন্ড ভেহিক্যালস খাতের ভূমিকা দর্শনার্থীদের কাছে তুলে ধরা হবে।

    বারভিডা জানিয়েছে, ‘বারভিডা কার এক্সপো ২০২৬’ গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

  • নেত্রকোনায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার ১

    নেত্রকোনায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার ১

    নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ব্যাঙকোনা গ্রামে দুলাল মিয়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৫০০ রুপি মূল্যমানের মোট ৮০৬টি ভারতীয় নোট জব্দ করা হয়, যার মোট পরিমাণ ৪ লাখ ৩ হাজার রুপি।

    এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অবৈধভাবে ভারতীয় রুপি রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • তদবির সংস্কৃতি বন্ধে গণপূর্তে লটারি পদ্ধতি: বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক—গৃহায়নমন্ত্রী

    তদবির সংস্কৃতি বন্ধে গণপূর্তে লটারি পদ্ধতি: বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক—গৃহায়নমন্ত্রী

    গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়নে অনিয়ম ও তদবির বাণিজ্য রোধে চালু করা স্বচ্ছ লটারি পদ্ধতিকে বিতর্কিত করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

    শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় সাংবাদিক সংস্থা এ সমাবেশের আয়োজন করে।

    মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরে বদলি ও পদায়ন নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। সেই অনিয়মের সুযোগ বন্ধ করে শতভাগ স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এই লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আমরা চেয়েছি, ব্যক্তিগত তদবির বা কারও প্রভাব যেন আর কাজ না করে। তবে কিছু মানবিক বিষয় সবসময় বিবেচনায় রাখা হয়েছে।

    গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে জাকারিয়া তাহের বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। বর্তমান সরকার মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল সাংবাদিকদের নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে।

    সংবাদটির উদ্দেশ্য কেবল সরকারের ভালো কাজকে উৎসাহিত করা নয়, বরং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাও বলে মন্তব্য করেন তিনি।

    জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থাটির নেতা মো. জামাল হোসেন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলার সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

  • সিলেটে বিজিবির বড় অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

    সিলেটে বিজিবির বড় অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

    সিলেট সীমান্তে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

    বিজিবি সূত্র জানায়, বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল সীমান্ত এলাকায় দিনভর টহল চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের তালিকার মধ্যে রয়েছে— বিপুল পরিমাণ ভারতীয় মদ, প্রসাধনী, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরা।

    এছাড়াও ভারত থেকে অবৈধভাবে পাচারের সময় বাংলাদেশ থেকে বাইরে নেওয়ার পথে বিপুল পরিমাণ শিং মাছ, রসুন ও সোয়েটার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।

    এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান দমনে সীমান্ত এলাকায় এ ধরনের তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।