
ফ্যামিলি কার্ডের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরকারপ্রধান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ ফ্যামিলি কার্ডের সেবা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে উল্লেখ করে এমপি কয়ছর আহমদ বলেন, “নির্বাচনের আগে একটি মহল এই কার্ড নিয়ে নানা অপপ্রচার ও প্রতারণার অভিযোগ তুলেছিল। কিন্তু বিএনপি কখনো প্রতারণার রাজনীতি করে না; যা বলে, তা সবসময় বাস্তবায়ন করে।” জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর দেশের ইতিহাসে এত বড় প্রকল্প অন্য কোনো সরকার গ্রহণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারি নীতিমালা অনুযায়ী এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন উপকারভোগী পরিবারের নারীপ্রধানেরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়।
অনলাইন ডেস্ক 

























