
সিলেট সীমান্তে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল সীমান্ত এলাকায় দিনভর টহল চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের তালিকার মধ্যে রয়েছে— বিপুল পরিমাণ ভারতীয় মদ, প্রসাধনী, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরা।
এছাড়াও ভারত থেকে অবৈধভাবে পাচারের সময় বাংলাদেশ থেকে বাইরে নেওয়ার পথে বিপুল পরিমাণ শিং মাছ, রসুন ও সোয়েটার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান দমনে সীমান্ত এলাকায় এ ধরনের তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক 

























