
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘটে। বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই সম্পাদক কামরুজ্জামান জনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেদাদ উদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কর্মশালার শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি।
প্রশিক্ষণে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের মোট ৩৫ জন সংবাদকর্মী অংশ নেন। বর্তমান যুগের আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় আয়োজিত এই তিন দিনের কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট চেকিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রথম দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় দিনে সাংবাদিকতায় এআই প্রযুক্তির সঠিক ব্যবহার, ভুয়া তথ্য শনাক্তকরণ ও ফ্যাক্ট চেকিং পদ্ধতি পরিচালনা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তৃতীয় দিনে বিস্তারিত ফ্যাক্ট চেকিং পদ্ধতি ও কৌশল শেখান পিআইবির প্রশিক্ষক ও ‘বুম বাংলাদেশ’-এর ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর।
প্রশিক্ষণে বরুড়ার স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, সাবেক সভাপতি মো. আবুল হাসেম এবং অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক জসিম উদদীন খোকনসহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা অংশগ্রহণ করেন। শেষ দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সাংবাদিকতার নৈতিকতা, প্রশিক্ষণার্থীদের নিজস্ব উপস্থাপনা এবং একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় পিআইবির এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন ডেস্ক 






















