Blog

  • নওগাঁর রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটির দিনে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ

    নওগাঁর রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটির দিনে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ

    নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য টেন্ডারের মাধ্যমে কেনা ওষুধ, কেমিক্যাল ও চিকিৎসাসামগ্রী গ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ছুটির দিনে তড়িঘড়ি করে চালানপত্র ছাড়াই মালামাল স্টোরে জমা নেওয়া এবং দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি এই সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের উকিলপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান শফিকুল আলম রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পায়। এই টেন্ডারের মোট মূল্য নিয়ে বিভ্রান্তি রয়েছে। স্থানীয়দের দাবি প্রায় ৬০ লাখ টাকার টেন্ডার হলেও ঠিকাদার শফিকুল আলম বলছেন এর প্রকৃত মূল্য ৪৫ লাখ টাকা।

    স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের স্টোরকিপার সাদেকুল ইসলামের সাথে গোপন সমঝোতার মাধ্যমে ঠিকাদার নির্ধারিত পরিমাণের চেয়ে কম মালামাল সরবরাহ করতে পারেন। যেখানে কাগজে-কলমে সম্পূর্ণ মালামাল বুঝিয়ে দেওয়ার কথা, বাস্তবে তার উল্টো চিত্র হতে পারে।

    গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে একটি ট্রাকে করে কিছু সরঞ্জাম স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় স্টোরকিপার সাদেকুল ইসলামের কাছে মালামালের চালানপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। ছুটির দিনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ক্রয় কমিটির সদস্যদের উপস্থিতি ছাড়াই কীভাবে এই মালামাল গ্রহণ করা হলো, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এমনকি স্টোরকিপারের ভাষ্য অনুযায়ী, তিনি নিজেও জানেন না ঠিক কত টাকার মালামাল সরবরাহ করা হয়েছে।

    নিয়ম অনুযায়ী সরকারি যেকোনো কেনাকাটায় কার্যাদেশ, চুক্তির শর্ত, পণ্যের ব্র্যান্ড, মান ও পরিমাণ যাচাই করার বাধ্যবাধকতা থাকলেও এখানে তা মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে অভিযুক্ত স্টোরকিপার সাদেকুল ইসলাম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই মালগুলো স্টোরে রেখেছি। চালানপত্র বাসায় রেখে এসেছি।”

    অন্যদিকে ঠিকাদার শফিকুল আলম দাবি করেন, চুক্তি অনুযায়ী কয়েক ধাপে মালামাল সরবরাহের সুযোগ রয়েছে। পূজার ছুটির পর বাকি মালামাল আসবে এবং এতে কোনো লুকোচুরি নেই।

    তবে পুরো ঘটনায় রহস্যজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান। টেন্ডারের মূল্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং লিখিত আবেদন করার কথা বলেন। ছুটির দিনে মালামাল গ্রহণ প্রসঙ্গে তিনি দাবি করেন, “শুক্রবারও ট্রাকভর্তি মাল নেওয়া যায়, এতে সমস্যা কোথায়?”

    খোদ স্টোরকিপার একা মালামাল বুঝ নেওয়ার কথা স্বীকার করলেও স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পরে গিয়ে মালামাল বুঝে নিয়েছেন। তবে মালামাল গ্রহণের সময় কোনো আনুষ্ঠানিক নথি বা প্রাথমিক যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে তিনি সদুত্তর এড়িয়ে যান।

    এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই টেন্ডার বা সরঞ্জাম সরবরাহের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন।

    স্থানীয় সচেতন মহলের দাবি, ঠিকাদারের সরবরাহকৃত চিকিৎসা সরঞ্জামের পরিমাণ, মান এবং টেন্ডারের প্রকৃত শর্ত শতভাগ স্বচ্ছতার সাথে যাচাই করে খতিয়ে দেখা হোক।

  • নওগাঁয় কেজি স্কুলের নিবন্ধনের সুপারিশে ঘুস নেওয়ার অভিযোগ, অস্বীকার কর্মকর্তার

    নওগাঁয় কেজি স্কুলের নিবন্ধনের সুপারিশে ঘুস নেওয়ার অভিযোগ, অস্বীকার কর্মকর্তার

    নওগাঁয় বেসরকারি ও ব্যক্তি পরিচালিত কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের নিবন্ধনের জন্য সুপারিশ করার নামে উৎকোচ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী স্কুল পরিচালকদের অভিযোগ, নিবন্ধন না পেলে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না এবং বিভিন্ন জটিলতায় পড়বে—এমন আশঙ্কার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক ১০ থেকে ২০ হাজার টাকা করে আদায় করা হয়েছে।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মোট ২১০টি বেসরকারি স্কুলের পাঠদানের অনুমোদন দেওয়া হয়। এরপর গত ৬ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের পর মো. সায়েদুল ইসলাম আরও ৩৩টি বেসরকারি স্কুলের পাঠদানের অনুমোদন দেন।

    নিয়ম অনুযায়ী, পাঠদানের অনুমতির মেয়াদ সনদ প্রদানের তারিখ থেকে এক বছর পর্যন্ত বলবৎ থাকে এবং প্রতি বছর তা নবায়ন করতে হয়। প্রতিষ্ঠানগুলো নিবন্ধিত হলে সরকার থেকে বিনামূল্যে পাঠ্যবই পাওয়া যায় এবং শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এই নিবন্ধনপ্রক্রিয়া নিশ্চিত করতে গিয়েই আর্থিক হয়রানির শিকার হতে হয়েছে বলে জানান পরিচালকরা।

    নাম প্রকাশে অনিচ্ছুক শহরের কেডির মোড় এলাকার এক স্কুল পরিচালক অভিযোগ করে বলেন, ‘স্কুলের নিবন্ধনে সুপারিশ পাওয়ার কোনো বিকল্প ছিল না। টাকা না দিলে তিনি ফাইল এগোতেন না। তাই বাধ্য হয়েই ১০ হাজার টাকা দিতে হয়েছে।’

    আরেক পরিচালক জানান, সন্ধ্যার পর শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে বিভিন্ন স্কুলের পরিচালকরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অপেক্ষা করতেন। সেখান থেকে একে একে ডেকে নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে টাকা নেওয়ার পর সুপারিশপত্রে স্বাক্ষর করতেন ওই কর্মকর্তা।

    সব অভিযোগ অস্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো বড় কাজের ব্যস্ততার মধ্যেও সরেজমিনে প্রতিষ্ঠান পরিদর্শন করে পাঠদানের সত্যতা যাচাই করেই সুপারিশ করেছি। অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।’

    তিনি আরও দাবি করেন, ‘অনেকে খাম নিয়ে এসেছিলেন, কিন্তু আমি তা গ্রহণ করিনি। কেউ যদি অতি উৎসাহী হয়ে খাম নিয়ে আসেন, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়।’

  • লক্ষ্মীপুরের কমলনগরে পাউবোর সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

    লক্ষ্মীপুরের কমলনগরে পাউবোর সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

    লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা প্রকাশ্যে দখল করে প্রায় ২০টি পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক ঘেঁষা ও জিয়ার খালের পাড়ের এই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে খালের পাড় এবং প্রধান সড়ক সংলগ্ন খালি জায়গা জুড়ে টিনের বেষ্টনি দিয়ে ইট-পাথরে পাকা দেয়াল তুলে এসব দোকান নির্মাণ করছেন স্থানীয় মাংস ব্যবসায়ী মো. বাহার (যিনি কসাই বাহার নামে পরিচিত)। গত এক সপ্তাহ ধরে নির্মাণ কাজ চল বর্তমানে তা প্রায় শেষের পথে।

    অভিযুক্ত মো. বাহার কসাই সরকারি জায়গা দখলের কথা স্বীকার করে গণমাধ্যমকে জানান, “সরকারি জায়গায় ঘর তুলতেছি, কি হয়েছে! এটা আমি আলাপ-আলোচনা করে একটা বুঝ করেই তুলছি। সরকার জানে আর আমরা জানি।”

    তবে স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই ক্ষমতার জোরে এই দখলের মহোৎসব চালানো হচ্ছে।

    এ বিষয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী মোসলেহ উদ্দিন বলেন, “সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করা হলেও পাউবোর কর্মকর্তারা সম্পূর্ণ নিশ্চুপ। আমরা প্রতিবাদ করতে গেলে উল্টো চাঁদাবাজির অপপ্রচারের শিকার হতে হয়।”

    লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (রাজস্ব) মো. কামরুল আলম মিঠু জানান, ওই আঞ্চলিক সড়কের পূর্ব পাশে অন্তত ১০০ মিটার জায়গা পানি উন্নয়ন বোর্ডের। তবে এসব দখল ঠেকাতে তাদের নিজস্ব কোনো সক্ষমতা নেই দাবি করে তিনি বলেন, দখল উচ্ছেদের জন্য পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হবে।

    এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

    এ প্রসঙ্গে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন

    ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
    চৌমুহনী শহর শাখার উদ্যোগ শহর সভাপতি অলি উল্লাহ ইয়াছিন এর সভাপতিত্বে
    শহর সহ -সাধারণ সম্পাদক সামছুদ্দিন রাজু এর পরিচালনায়
    শ্রমিক ইউনিয়ন অফিসে
    চৌমুহনী শহরে “ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিকদের মাঝে আইডি কার্ড বিতরণ” করা হয় ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম ও
    শহর শাখার প্রধান উপদেষ্টা জনাব জসিম উদ্দিন
    আরও উপস্থিত ছিলেন – নোয়াখালী জেলা শাখার সহ -সভাপতি জনাব নুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক জনাব এডভোকেট তাকরিম, শহর শাখার অন্যতম উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান ও শহর শাখার সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীদের ওপর হামলা

    মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীদের ওপর হামলা

    বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন বরযাত্রীরা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল গরুর হাট এলাকায় অটোরিকশাচালকদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কনের স্বজনদের মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

    শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. কাউসার মিয়া। অন্য আহতদের মধ্যে কনের পরিবারের ১৪ জন রয়েছেন বলে জানা গেছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকার স্বপন মিয়ার সঙ্গে বিয়ে হয় বৈরাটি ইউনিয়নের মাইজচর গ্রামের জোনাকি আক্তারের। বিয়ের পর শনিবার দুপুরে নবদম্পতিকে নিয়ে কনের স্বজনেরা নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কাটখাল গরুর হাট এলাকায় পৌঁছালে চরকাটখাল এলাকার অটোরিকশাচালক দয়াল মিয়ার সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়।

    অভিযোগ রয়েছে, দয়াল মিয়ার অটোরিকশার ধাক্কায় কনের স্বজনদের একজন আহত হলে এর প্রতিবাদ করেন তাঁরা। এ সময় দয়াল মিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন অটোরিকশাচালক বরযাত্রীদের ওপর চড়াও হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কনের পরিবারের ১৪ জন আহত হন।

    ঘটনার খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে এ সময় পুলিশের সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে কাউসার মিয়া নামে এক পুলিশ সদস্য আহত হন।

    কনের বাড়ি মাইজচর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, দয়াল মিয়া কাটখাল গরুর হাট এলাকার অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন। স্ট্যান্ডকেন্দ্রিক প্রভাব বিস্তারকে কাজে লাগিয়ে তিনি ও তাঁর লোকজন তাঁদের স্বজনদের ওপর হামলা চালিয়েছেন। হামলার সময় স্বজনদের কাছে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দয়াল মিয়ার স্ত্রী রূপ নাহার। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, মাইজচরের লোকজন বিয়েবাড়ি থেকে ফেরার পথে তাঁর স্বামী অটোরিকশার সাইড দেওয়ার জন্য হর্ন বাজান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা তাঁর স্বামীর ওপর হামলা চালান। বর্তমানে তাঁর স্বামীকেও হাসপাতালে নেওয়া হচ্ছে।

    কাটখাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল গাফফার বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে দয়াল মিয়া ও তাঁর লোকজন পুলিশের ওপরও হামলা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • স্ত্রীসহ এসএসএফের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

    স্ত্রীসহ এসএসএফের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

    স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্ত্রীর বিরুদ্ধে করা মামলায় মোঃ মজিবুর রহমানকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

    স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গ অসংগতিপূর্ণ ৭ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

    মোঃ মজিবুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

    এজাহারে বলা হয়েছে, তারা অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অসাধু উপায়ে এসব সম্পদ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দন্ডবিধির ১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
    গত ২০ সেপ্টেম্বর সহকারী পরিচালক মোঃ ফেরদৌস রহমান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা -১) মামলাগুলো করেছেন।

    এজাহারে অভিযোগ

    তাসরীন মুজিব নিজ নামে ৭,৫২,৫৬,০০০/- টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ৭,৮২,৩০,১৩৬/- টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্থাৎ মোট (৭,৫২,৫৬,০০০ ৭,৮২,৩০,১৩৬) ১৫,৩৪,৮৬,১৩৬/- টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। সম্পদের বিপরীতে তার দায় পাওয়া গেছে ২,৭৩,৬২,১৫০/- টাকা। দায়বাদে তার নীট সম্পদ পাওয়া গেছে (১৫,৩৪,৮৬,১৩৬-২,৭৩,৬২,১৫০) = ১২.৬১,২৩,৯৮৬/- টাকা।

    তিনি তার আয়কর রিটার্নে ২০১৮-১৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত বিভিন্ন খাতে মোট ১৪,৪০,২৭,৮২৪/- টাকা আয় প্রদর্শন করেছেন। তারমধ্যে তিনি ২০২২-২৩ করবর্ষে ফ্ল্যাট ও দোকান বিক্রয় থেকে প্রাপ্তি ৩,৫৬,০৭,২৪০/- টাকা ও ২০২৩-২৪ করবর্ষে জমি ও দোকান বিক্রয় হতে প্রাপ্তি ৫,১৫,০০,০০০/- টাকা অর্থাৎ মোট (৩,৫৬,০৭,২৪০ + ৫,১৫,০০,০০০) = ৮,৭১,০৭,২৪০/- টাকা প্রদর্শন করেছেন। তবে অনুসন্ধানকালে তাসরীন মুজিবের এসব আয়ের সপক্ষে কোন রেকর্ডপত্র পাওয়া যায়নি। এক্ষেত্রে ওইসব আয় বাদে তার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে (১৪,৪০,২৭,৮২৪-৮,৭১,০৭,২৪০)= ৫,৬৯,২০,৫৮৪/-টাকা।

    আয়কর রিটার্ন মোতাবেক ২০১৮-১৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার পারিবারিক ব্যয় পাওয়া গেছে ১০,২৯,০৩৯/- টাকা। পারিবারিক ব্যয় বাদে তার নীট আয়/সঞ্চয় পাওয়া গেছে (৫,৬৯,২০,৫৮৪-১০,২৯,০৩৯) = ৫,৫৮,৯১,৫৪৫/- টাকা। অর্থাৎ ১২,৬১,২৩,৯৮৬/- টাকা মূল্যের সম্পদের বিপরীতে তার নীট আয়/সঞ্চয় পাওয়া গেছে ৫,৫৮,৯১,৫৪৫/- টাকা। সুতরাং তাসরীন মুজিব জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ (১২,৬১,২৩,৯৮৬-৫,৫৮,৯১,৫৪৫) = ৭,০২,৩২,৪৪১/- (সাত কোটি দুই লাখ বত্রিশ হাজার চারশত একচল্লিশ) টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করে দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

    তাসরীন মুজিবের নামে বৈধ আয়ের উৎসবিহীন ৭,০২,৩২,৪৪১/- টাকা মূল্যের সম্পদ তার স্বামী মোঃ মজিবুর রহমান কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত মর্মে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়। অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে বৈধ করার উদ্দেশ্যে মোঃ মজিবুর বয়মান তার স্ত্রীকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭.০২,৩২,৪৪১/- টাকা মূল্যের সম্পদ অর্জনে সহায়তা করে দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

    মোঃ মজিবুর রহমানের বিরুদ্ধে করা মামলায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখে দুর্নীতি কমিশন আইন, ২০০৪ এর ২৭(২) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে নিজ ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আনা হয়েছে।

    মোঃ মজিবুর রহমান নিজ ও তার সন্তানের নামে ২,৭৪,০৬,৭৫০/- টাকা মূল্যের স্থাবর সম্পদ ও তার নিজ নামে ১১,৭৫,৫০,২৭৪/- টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্থাৎ মোট (২,৭৫,০৬,৭৫০ + ১১,৭৫,৫০,২৭৪) ১৪,৪৯,৫৭,০২৪/- টাকা মূল্যের সম্পদ ঘোষণা করেছেন। এসব সম্পদের বিপরীতে তার দায় পাওয়া যায় ২,৭১,৫৩,০৯২/-টাকা। দায়বাদে তার নীট সম্পদ পাওয়া যায় (১৪,৪৯,৫৭,০২৪-২,৭১,৫৩,০৯২) = ১১,৭৮,০৩,৯৩২/- টাকা। তিনি তার আয়কর রিটার্নে ২০১৭-১৮ করবর্ষ থেকে ২০২৪-২০ করবর্ষ পর্যন্ত বিভিন্ন খাতে মোট ১৪,০০,৭৩,১৬০/- টাকা আয় প্রদর্শন করেছেন। তারমধ্যে অন্যান্য আয়ে থেকে প্রাপ্ত ২,৬৪,৫১,৮০৪/- টাকা এবং ইন্টারেস্ট, ফিস অ্যান্ড ওয়েভড উৎস থেকে প্রাপ্ত ১,৯৯,১৭,৮৮/১/- টাকা অর্থাৎ মোট (২,৬৪,৫১,৮০৪ + ১৯৯১৭,৮৮/১) ৪,৬৩,৬৯,৬৮৫/- টাকার আয়ের উৎসের সপক্ষে কোন রেকর্ডপত্র পাওয়া যায়নি। তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় (১৪,৩০,৭০,১৬০-৪,৬৩,৬৯,৬৮৫)= ১,৬৭,০৩,৪৭৫/- টাকা। আয়কর রিটার্ন মোতাবেক ২০১৭-১৮ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার পারিবারিক ব্যয় পাওয়া যায় ৬০,০৫,৭৯১/- টাকা। পারিবারিক ব্যয় বাদে তার নীট আয়/সঞ্চয় পাওয়া যায় (১,৬৭,০৩,৪৭১-৬০,০৫,৭৯১)= ৯.০৬,১৭,১৮০/- টাকা। অর্থাৎ ১১,৭৮,০৩,৯৩২/-টাকা মূল্যের সম্পদের বিপরীতে তার নীট আয়/সঞ্চয় পাওয়া যায় ৯,০৬,৯৭,৬৮০/- টাকা। অর্থাৎ, মোঃ মজিবুর রহমান সরকারি দায়িত্ব পালনকালে উসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন।

  • ১৩৪ কোটির পোল্ট্রি গবেষণা প্রকল্প: গবেষণার চেয়ে ভবন-সরঞ্জামে জোর, পিডির বিরুদ্ধে স্ত্রীর ফেলোশিপ বাগানোর চাঞ্চল্যকর অভিযোগ

    ১৩৪ কোটির পোল্ট্রি গবেষণা প্রকল্প: গবেষণার চেয়ে ভবন-সরঞ্জামে জোর, পিডির বিরুদ্ধে স্ত্রীর ফেলোশিপ বাগানোর চাঞ্চল্যকর অভিযোগ

    দেশের পোল্ট্রি খাতের উন্নয়ন ও গবেষণার পরিধি বাড়াতে ১৩৪ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেওয়া হলেও এর মূল উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রকল্পের সিংহভাগ অর্থই গবেষণার বদলে ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরঞ্জাম ক্রয়ে ব্যয় করা হয়েছে। শুধু তাই নয়, এই প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ড. মো. সাজেদুল করিমের বিরুদ্ধে নিজের স্ত্রীকে নিয়মবহির্ভূতভাবে ফেলোশিপ দেওয়া, ওপেন টেন্ডার ছাড়া কোটি টাকার কাজ বণ্টন এবং ভুয়া ভাউচারে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

    বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের নথিপত্র বিশ্লেষণ করে এসব অনিয়মের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

    প্রকল্পের আর্থিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১২০ কোটি ৫৭ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। এর মধ্যে প্রায় ৮১ কোটি ২৮ লাখ টাকা বা ৬৫ শতাংশই ব্যয় হয়েছে অবকাঠামো নির্মাণ ও ভারী সরঞ্জাম কেনায়। অথচ প্রকল্পের মূল প্রাণ যে গবেষণা ও ফেলোশিপ খাত, সেখানে বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে মাত্র ৭ কোটি ৯৯ লাখ টাকা (মোট ব্যয়ের মাত্র ৫.৯৭ শতাংশ)।

    নিয়ম অনুযায়ী গবেষণা খাতে ৬ কোটি ৩০ লাখ টাকা থাকার কথা থাকলেও শুধু পোল্ট্রির খাবার ও ফিড অ্যাডিটিভস কিনতে খরচ দেখানো হয়েছে ১২ কোটি ৪২ লাখ টাকার বেশি। এছাড়া ২০১৯ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হলেও এর কোনো যৌক্তিক প্রশাসনিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

    এই প্রকল্পের সবচেয়ে বড় আলোচিত অধ্যায় হলো প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিমের স্ত্রী ড. ফারহানা শারমীনকে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পাইয়ে দেওয়া। কোনো ধরনের উন্মুক্ত বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন ছাড়াই সম্পূর্ণ গোপনীয়তার মাধ্যমে এই সুযোগ তৈরি করা হয়, যা ২০২২ সালের সরকারি তদন্তেও প্রমাণিত হয়েছে। বিএলআরআইয়ের স্থায়ী কর্মী না হওয়া সত্ত্বেও তিনি মাসিক ১ লাখ ২০ হাজার টাকা ভাতা নিয়েছেন এবং ফেলোশিপ খাতের মোট বরাদ্দের প্রায় ৬৫ শতাংশই একাই ভোগ করেছেন।

    তাছাড়া, ট্রেনিং কোর্সের নির্দেশক নিজেই হওয়ার সুবাদে পিডি বড় অঙ্কের সম্মানীর বিপরীতে একাধিক সেশনের প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন এবং তাঁর স্ত্রীকেও প্রশিক্ষক রাখা হয়।

    ভুয়া ভাউচার: এক জুনিয়র ট্রেনিং সহকারী ও হিসাবরক্ষকের মাধ্যমে ভুয়া দোকানের নামে কোটি কোটি টাকার বিল ও সরবরাহ ভাউচার তৈরি।

    দরপত্র ছাড়া কাজ: কোনো টেন্ডার ছাড়াই প্রায় সাড়ে ৩ কোটি টাকার রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ নির্দিষ্ট লোকজনকে বণ্টন।

    অপ্রয়োজনীয় কেনাকাটা: গবেষণাগারে পর্যাপ্ত জায়গা না থাকা সত্ত্বেও ২ কোটি ১৫ লাখ টাকায় ৪টি ইনকিউবেটর ক্রয়।

    যানের ব্যক্তিগত ব্যবহার: প্রকল্পের নামে বরাদ্দকৃত মোটরসাইকেল ও গাড়ি পিডি ও তাঁর পরিবার কর্তৃক ব্যক্তিগত কাজে ব্যবহার।

    অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম সমস্ত অনিয়ম অস্বীকার করে দাবি করেছেন, প্রচলিত বিধি মেনেই সব কাজ সম্পন্ন করা হয়েছে। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্ব নেওয়া এবং স্ত্রীর ফেলোশিপ সংক্রান্ত সুনির্দিষ্ট প্রশ্নের কোনো সদুত্তর তিনি দেননি।

    খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রাণিসম্পদ গবেষণার মতো একটি সংবেদনশীল খাতে এমন স্বজনপ্রীতি ও রাষ্ট্রীয় অর্থের অপচয় নজিরবিহীন। অবিলম্বে এই প্রকল্পের সম্পূর্ণ অর্থ বরাদ্দ, কেনাকাটা ও ফেলোশিপ বিতরণের নিরপেক্ষ অডিট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন ও খাদ্যনিরাপত্তার স্বপ্ন কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকবে।

  • ন্যাশনাল সার্ভিসের ২৯২ কোটির অনিয়ম ও ১৭৪ পাতার তদন্ত ফাইল গায়েব: ওএসডি হলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম

    ন্যাশনাল সার্ভিসের ২৯২ কোটির অনিয়ম ও ১৭৪ পাতার তদন্ত ফাইল গায়েব: ওএসডি হলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম

    ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রায় ২৯২ কোটি টাকার বিশাল আর্থিক অনিয়ম এবং ১৭৪ পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ তদন্ত প্রতিবেদন রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গত ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেসী দত্ত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত এই মেগা প্রকল্পে ব্যাপক স্বজনপ্রীতি, অনিয়ম এবং প্রশাসনিক নথি গায়েব হওয়ার ঘটনায় যখন দেশজুড়ে তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তে একজন শীর্ষস্থানীয় সচিবের এই আকস্মিক বদলি প্রশাসনিক মহলে গভীর কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

    অনুসন্ধানে জানা যায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির নানা অসংগতি ও দুর্নীতির গোমর ফাঁস করতে গিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পাঠানো প্রায় ১৭৪ পৃষ্ঠার একটি স্পর্শকাতর তদন্ত প্রতিবেদন রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ওই প্রতিবেদনে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য ছিল। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা না নিয়ে মূল প্রতিবেদনটিই গায়েব করে দেওয়ায় পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়।

    পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন এই অনুসন্ধানের সঙ্গে সরাসরি যুক্ত দায়িত্বশীল কর্মকর্তা ডিডি রোকন উদ্দিন খানের ওপর প্রশাসনিক চাপ সৃষ্টি ও চিঠি আদান-প্রদানের মাধ্যমে তাকে হয়রানি করার অভিযোগ ওঠে। এই কেলেঙ্কারির নেপথ্যের কুশীলবদের শনাক্ত করতে ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় অতীতে পরিচালিত তদন্তগুলোর নথিপত্র নতুন করে তল্লাশি করা হচ্ছে।

    এই চাঞ্চল্যকর বদলির ঘটনায় প্রশাসনিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, কেবল ওএসডি করার মাধ্যমেই এই অপরাধের দায়মুক্তি মিলতে পারে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি স্বাধীন ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে ১৭৪ পৃষ্ঠার নিখোজ প্রতিবেদনটি উদ্ধার এবং এর পেছনে থাকা প্রকৃত জড়িতদের মুখোশ উন্মোচন করা অত্যন্ত জরুরি।

    অভিযুক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক স্বাভাবিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থেই এই বদলি করা হয়েছে।

    উল্লেখ্য, দেশের বেকার যুবকদের দক্ষ করে তোলার ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর অংশ হিসেবে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরিকল্পনা ও তদারকির অভাব এবং অসাধু কর্মকর্তাদের দুর্নীতির কারণে এই জনকল্যাণমূলক প্রকল্প এখন বড় ধরনের আর্থিক কেলেঙ্কারিতে রূপ নিয়েছে। সচেতন মহল মনে করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এ ধরনের গুরুতর দুর্নীতির দৃষ্টান্তমূলক বিচার না হলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

  • রায়পুরে পাউবোর জমি থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে!

    রায়পুরে পাউবোর জমি থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে!

    লক্ষ্মীপুরের রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই ১০-১২টি মূল্যবান রেন্ট্রি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম ওরফে কিরনের বিরুদ্ধে। স্থানীয়ভাবে কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ২ থেকে ৩ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পাউবোর সরকারি রেকর্ডপত্র অনুযায়ী, রায়পুর উপজেলার বগা-রাখালিয়া মৌজার ১৯৯০ নম্বর সাবেক দাগে পানি উন্নয়ন বোর্ডের মোট ০.৩৪ একর জমি রয়েছে। এর মধ্যে ০.২০ একর ভিটি, ০.১০ একর বাগান এবং ০.০৪ একর নাল শ্রেণিভুক্ত জমি হিসেবে তালিকাভুক্ত। সম্প্রতি এই সরকারি সম্পত্তির ওপর থাকা মূল্যবান গাছগুলো কেটে ফেলানো হয়।

    সরকারি জমিতে থাকা গাছ বিক্রির বিষয়ে ক্রেতা মঞ্জু জানান, “মোরশেদ আলম ওই গাছগুলোকে নিজের দাবি করেই আমার কাছে বিক্রি করেছিলেন। যদি আগে থেকেই জানতাম যে এগুলো পানি উন্নয়ন বোর্ডের জায়গার গাছ, তবে আমি ভুলেও এগুলো কিনতাম না।”

    নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম ওরফে কিরন বলেন, “সরকারি আইন অনুযায়ী আমার এই গাছগুলো বিক্রি করা ঠিক হয়নি। তবে এই জায়গাটি আমাদের বাড়ির সামনে অবস্থিত এবং রেন্ট্রি গাছগুলো প্রায় ৩০ বছর আগে আমার বাবা লাগিয়েছিলেন। তাই পারিবারিকভাবেই আমরা গাছগুলো বিক্রি করে দিয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যখন এই জমি চাওয়া হবে, আমরা তা বুঝিয়ে দেব।”

    পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে গাছ কাটার বিষয়ে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন সংস্থাটির উপবিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল। তিনি বলেন, “পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে গাছ কাটার জন্য কেউ কোনো অনুমতি নেননি। পুরো বিষয়টি খতিয়ে দেখে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • বদলির আদেশের ২৪ ঘণ্টার মধ্যেই ‘ম্যাজিক’: সীতাকুণ্ডে মোস্ট ওয়ান্টেড ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি!

    বদলির আদেশের ২৪ ঘণ্টার মধ্যেই ‘ম্যাজিক’: সীতাকুণ্ডে মোস্ট ওয়ান্টেড ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি!

    বদলির আদেশ হাতে পাওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে আইন ও নিয়মের তোয়াক্কা না করে এক দিনে সন্ত্রাসীর নামে থাকা ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি সম্পন্ন করার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড সাবরেজিস্ট্রি অফিসে। পুলিশ ও গোয়েন্দা খাতার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত সন্ত্রাসী জঙ্গল সলিমপুরের ইয়াসিনের শতকোটি টাকার সম্পত্তি রাতারাতি বৈধ করার এই প্রক্রিয়ার পেছনে দুই কোটি টাকা ঘুষ লেনদেনের জোরালো গুঞ্জন উঠেছে।

    চাঞ্চল্যকর এই অনিয়মের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে আইন মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

    সীতাকুণ্ড সাবরেজিস্ট্রি অফিস সূত্র জানায়, গত সোমবার সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবীবকে টাঙ্গাইলের ভূঞাপুরে বদলি করা হয় এবং বৃহস্পতিবারের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক নিয়ম অনুযায়ী বদলির আদেশ পাওয়ার পর নতুন কর্মস্থলে যোগদানের পূর্বমুহূর্তে কোনো বড় বা জটিল লেনদেন বা দলিল নিবন্ধনের নৈতিক সুযোগ থাকে না।

    কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কা না করে রায়হান হাবীব বুধবার জঙ্গল সলিমপুরের কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিনের নামে থাকা ৬৫টি বিক্রয় দলিল তড়িঘড়ি করে সম্পন্ন করেন। অফিস সূত্রের দাবি, এই বিশেষ ‘ম্যাজিক’ দলিলের নেপথ্যে কাজ করেছে প্রায় দুই কোটি টাকার ঘুষ বাণিজ্য।

    জঙ্গল সলিমপুরের ৩ হাজার ১০০ একর খাসজমির মধ্যে আলীনগর এলাকাটি দীর্ঘদিন ধরে র‌্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিনের নিয়ন্ত্রণে ছিল। পুলিশের অভিযানের পর তিনি পালিয়ে গেলেও বিভিন্ন কৌশলে খাসজমি নিজের নামে বিএস রেকর্ড করিয়ে নিয়েছিলেন। গত তিন মাস ধরে এসব জমি বিক্রির চেষ্টা চলছিল।

    প্রচলিত ভূমি আইন অনুযায়ী, দলিল রেজিস্ট্রি করতে হলে বিক্রেতাকে সশরীরে উপস্থিত থাকতে হয়। প্রশ্ন উঠেছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন নিজে উপস্থিত হয়ে দলিলগুলো করলেন, নাকি তাঁর অনুপস্থিতিতে জালিয়াতি করা হয়েছে? জানা গেছে, এসব দলিলের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।

    ঘটনা জানাজানির পর গত বুধবার বিকেলে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবরেজিস্ট্রার হাবীবের বদলির আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছে মন্ত্রণালয়। এছাড়া সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানিয়েছেন, হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, গ্রহীতাদের পরিচয় এবং দাতার উপস্থিতির সত্যতাসহ সব বিষয় তদন্ত কমিটির নজরে রয়েছে।

    উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডে আসামিদের ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় ইয়াসিনকে প্রধান আসামি করে মামলা হলেও এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক এক সন্ত্রাসীর সম্পত্তি এভাবে রাতারাতি রেজিস্ট্রি করার ঘটনায় ভূমি প্রশাসনের স্বচ্ছতা নিয়ে জনমনে তীব্র প্রশ্নের সৃষ্টি হয়েছে।