Blog

  • যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির: ইরানে সীমিত হামলাও ডেকে আনতে পারে সর্বাত্মক সংঘাত

    যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির: ইরানে সীমিত হামলাও ডেকে আনতে পারে সর্বাত্মক সংঘাত

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক সামরিক নির্দেশ তেহরানের কৌশলগত অবস্থানকে আরও আক্রমণাত্মক করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নতুন এই নির্দেশ অনুযায়ী, যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিকভাবে এবং ‘ভৌগোলিক সীমারেখা ছাড়াই’ দেওয়ার কথা বলা হয়েছে, যার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান।

    ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক হামিদরেজা আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই নির্দেশকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

    বিশ্লেষকদের মতে, এতদিন ধরে ইরান মূলত প্রতিপক্ষের হামলার সমপরিমাণ ও সীমিত পাল্টা জবাব দেওয়ার নীতিতে অটল ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসে সরাসরি প্রতিপক্ষের ওপর বড় ধরনের ক্ষয়ক্ষতি চাপিয়ে দেওয়ার আক্রমণাত্মক কৌশলে ঝুঁকছে দেশটি। খামেনির নতুন নির্দেশ এই সামরিক নীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

    যুক্তরাষ্ট্রের একটি প্রচলিত ধারণা ছিল যে, সীমিত আকারে হামলা চালিয়েও সংঘাতের বিস্তার ও পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে খামেনির নতুন অবস্থান সেই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। আজিজির ভাষ্যমতে, তেহরান এখন স্পষ্ট বার্তা দিতে চাইছে যে—ইরানে সামান্য আক্রমণও ভৌগোলিক পরিসর ও পরিধির দিক থেকে বিশাল সংঘাতে রূপ নিতে পারে।

    বিশ্লেষকরা বলছেন, ইরানের মূল লক্ষ্য হলো যেকোনো নতুন সামরিক আগ্রাসনের পরিণতি ও ঝুঁকি এতটাই অনিশ্চিত ও ভয়াবহ করে তোলা, যাতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তা পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু :

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু :

    খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

    আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় সবসময় উৎসবমুখর থাকুক। আর খেলাধুলা হোক সেই উৎসবের অন্যতম মাধ্যম। তবে উৎসবের আনন্দ যেন কোনোভাবেই ম্লান না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে খেলোয়াড় সূলভ আচরণ করতে হবে এবং নিয়ম মেনে খেলতে হবে। কেননা সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার প্রস্তুতি এই আয়োজনের মধ্য দিয়েই নিতে হবে।

    তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করা হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাজান, প্রক্টর ড. এস. এম. আহসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    গণিত বিভাগের সভাপতি ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল।

    ইতিহাস ও অর্থনীতি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগীয় দল অংশগ্রহণ করেছে।

  • পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠিত: শ্রমমন্ত্রী

    পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠিত: শ্রমমন্ত্রী

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো গঠনের লক্ষ্যে একটি নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

    আজ রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

  • অফুরান আত্মত্যাগ আর যন্ত্রণার গল্প: এমিলিয়ানো মার্তিনেজের আঙুল ভাঙার নেপথ্য কাহিনী

    অফুরান আত্মত্যাগ আর যন্ত্রণার গল্প: এমিলিয়ানো মার্তিনেজের আঙুল ভাঙার নেপথ্য কাহিনী

    ফুটবল মাঠে গোলকিপারের কাজটা বরাবরই কঠিন। গোল বাঁচাতে কখনো শূন্যে ভাসতে হয়, কখনো শরীরের কথা ভুলে বলের পেছনে ছুটতে হয়। কিন্তু একটি আঙুলের চোট যে একজন গোলকিপারের ক্যারিয়ার এবং জীবনকে এতটা ওলটপালট করে দিতে পারে, তা এমিলিয়ানো মার্তিনেজের না জানা থাকলে বিশ্বাস করা কঠিন। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী গোলকিপার হাড়ে হাড়ে বুঝেছেন সেই যন্ত্রণার অর্থ।

    চলতি বছরের মে মাসে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপ করতে গিয়ে আঙুল ভাঙেন মার্তিনেজ। শুধু ভাঙাই নয়, আঙুল স্থানচ্যুতও হয়েছিল। স্ক্যান করানোর পর ৩৪ বছর বয়সী এই তারকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সামনে ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান। অস্ত্রোপচার করালে বিশ্বকাপ খেলা হতো না, আর অস্ত্রোপচার না করালে সহ্য করতে হতো প্রচণ্ড যন্ত্রণা।

    মার্তিনেজ দ্বিতীয় পথটাই বেছে নেন এবং কোচ লিওনেল স্কালোনির পূর্ণ সমর্থন পান। বিশেষভাবে তৈরি অ্যাডিডাসের গ্লাভস এবং ভারী ব্যান্ডেজ পরে মাঠে নেমেছিলেন তিনি, যা বল ধরার ক্ষমতা অনেকটা কমিয়ে দিয়েছিল।

    সেদিনের বিভীষিকাময় দিনগুলোর কথা স্মরণ করে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের ইউটিউব চ্যানেলে মার্তিনেজ জানান, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিনও তাঁকে এক হাত দিয়ে ডাইভ দিতে হচ্ছিল। তাঁর ভাষায়, ‘আমি তখন জম্বির মতো ডাইভ দিচ্ছিলাম। হাতটা মাটিতে রাখলেই চোখে তারা দেখতাম। ভয়াবহ যন্ত্রণা ছিল। প্রতিটি রাতে আমি কাঁদতাম। আমার আঙুলটা সসেজের মতো ফুলে থাকত।’

    গোলকিপারের সবচেয়ে বড় হাতিয়ার তাঁর হাত। সেই হাতের আঙুল স্বাভাবিকভাবে কাজ না করায় প্রতিটি সেভই তাঁর জন্য ছিল একেকটি যুদ্ধ। মার্তিনেজ জানেন, আঙুলটি আর কখনো আগের অবস্থায় ফিরবে না এবং এখনো তাঁকে ব্যথা নিয়েই খেলতে হচ্ছে। তবুও তাঁর কোনো অনুশোচনা নেই—‘জাতীয় দলের জন্য এমন ঝুঁকি নিতেই হয়। আবারও একই কাজ করব।’

    দেশের জন্য এই আত্মত্যাগের বড় মূল্যও দিতে হয়েছে তাঁকে। গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্টাসে যাওয়ার কথা থাকলেও মেডিক্যাল পরীক্ষায় আঙুলের চোটের ভয়াবহতা ধরা পড়ায় সেই দলবদল ভেস্তে যায়। শেষ পর্যন্ত মাত্র ৭৫ লাখ পাউন্ড ট্রান্সফার ফি-তে চেলসিতে যোগ দেন তিনি। চেলসির চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও মৌসুমের শুরুতেই লম্বা সময়ের জন্য বাইরে থাকতে না চাওয়ায় আপাতত চোট নিয়েই খেলে যাওয়ার সিদ্ধান্ত নেন মার্তিনেজ।

    তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তাঁর সাম্প্রতিক আরেকটি চোট। এ মাসের শুরুতে এভারটনের বিপক্ষে ম্যাচে চোয়াল ভেঙে যাওয়ায় বর্তমানে তিনি চেলসিতে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

    চোয়ালের চোট হয়তো একসময় সেরে যাবে, কিন্তু দেশের টানে মার্তিনেজের আঙুলের স্থায়ী ক্ষতির এই বেদনা তাঁর লড়াইয়ের মানসিকতার এক অনন্য উপাখ্যান হয়ে থাকবে।

  • ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ

    ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ

    যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল (Wall Street Journal) এবং এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের করা ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারের মানহানির মামলাটি স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত জানিয়েছেন, ট্রাম্প তার মানহানির অভিযোগের পক্ষে ‘প্রকৃত অসৎ উদ্দেশ্য’ (Actual Malice) বা পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

    স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) মায়ামির ফেডারেল আদালতের জেলা বিচারক ড্যারিন গেইলস এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

    যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মানহানির অভিযোগ প্রমাণ করতে হলে এটি নিশ্চিত করতে হয় যে, অভিযুক্ত পক্ষ কোনো তথ্য জেনেশুনে মিথ্যা প্রকাশ করেছে অথবা সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে বেপরোয়া অবহেলা দেখিয়েছে।

    রায়ের পর্যবেক্ষণে বিচারক ড্যারিন গেইলস উল্লেখ করেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের ত্রুটি প্রমাণ করতে গিয়ে ট্রাম্পের আইনজীবীরা কৃত্রিমভাবে দুর্বলতা তৈরির অপচেষ্টা চালিয়েছেন এবং মামলার অভিযোগগুলো ছিল মূলত অস্পষ্ট ও প্রমাণহীন। বিচারক আরও মন্তব্য করেন, ট্রাম্প এই মামলায় একপ্রকার ‘খড়কুটো আঁকড়ে ধরার’ চেষ্টা করছিলেন।

    যেহেতু এর আগেও আদালত ট্রাম্পকে সংশোধিত অভিযোগপত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছিলেন এবং নতুন আবেদনেও যথেষ্ট প্রমাণ মেলেনি, তাই এবারের এই রায়ের ফলে একই অভিযোগে ভবিষ্যতে নতুন করে মামলা করার সব পথও বন্ধ হয়ে গেল।

    জেফরি এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে ২০২৫ সালের ১৭ জুলাই একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। সেই প্রতিবেদনকে কেন্দ্র করেই মূলত এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয়:

    চিঠি ও বিতর্ক: প্রতিবেদনে দাবি করা হয়, ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে একটি শুভেচ্ছাবার্তার সংকলন তৈরি করা হয়েছিল। সেখানে ট্রাম্পের নামে একটি যৌন ইঙ্গিতপূর্ণ জন্মদিনের বার্তা, একটি হাতে আঁকা নারীর শরীরের অবয়ব এবং তার নিচে ট্রাম্পের স্বাক্ষর ছিল।

    অস্বীকার ও ক্ষোভ: ট্রাম্প এই চিঠি, স্বাক্ষর ও ছবি আঁকার সঙ্গে নিজের যেকোনো ধরনের সম্পৃক্ততা জোরালোভাবে অস্বীকার করেন। পরবর্তীতে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে ২০২৫ সালের জুলাইয়ে মায়ামির ফেডারেল আদালতে মামলা করেন তিনি।

    ওয়াল স্ট্রিট জার্নালের এই মামলাটি স্থায়ীভাবে খারিজ হয়ে গেলেও, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসসহ অন্যান্য প্রভাবশালী সংবাদমাধ্যমের বিরুদ্ধে আরও কিছু মানহানির মামলা বর্তমানে চলমান রয়েছে।

  • ডার ক্লাসিকোয় নাটকীয় ড্র: ব্যালন ডি’অর জয়ের দিনে পেনাল্টি মিসে হতাশ করলেন হেইন, ইনজুরির মিছিলে বিপর্যস্ত বায়ার্ন

    ডার ক্লাসিকোয় নাটকীয় ড্র: ব্যালন ডি’অর জয়ের দিনে পেনাল্টি মিসে হতাশ করলেন হেইন, ইনজুরির মিছিলে বিপর্যস্ত বায়ার্ন

    মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় হাইভোল্টেজ ‘ডার ক্লাসিকো’র উত্তাপ ছড়ানোর আগেই আলো কেড়ে নিয়েছিলেন হ্যারি কেইন। সদ্য জেতা ব্যালন ডি’অর জয়ের আনন্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে বায়ার্ন মিউনিখ। তবে ব্যক্তিগত অর্জনের এই দিনটিকে মাঠে দলগত জয়ে রূপ দিতে পারেননি ইংলিশ স্ট্রাইকার। উল্টো একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে বাভারিয়ানদের জয়ের আনন্দ মাটি করে দেন তিনি। রোমাঞ্চকর এই লড়াইয়ে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্নকে।

    ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মহারণ। ৩৮তম মিনিটে কনরাড লাইমারের দুর্দান্ত গোলে স্বাগতিক বায়ার্নকে এগিয়ে নেন। এর আগে প্রথমার্ধে জোবে বেলিংহামের একটি গোল ভিএআরের সুবাদে বাতিল হলে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া হয় ডর্টমুন্ডের।

    গত সোমবার লন্ডনের জমকালো অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অরের স্বীকৃতি পান হ্যারি কেইন। সেই ঐতিহাসিক সপ্তাহটিকে আরও স্মরণীয় করে তোলার সুবর্ণ সুযোগ এসেছিল ম্যাচের ৫৬ মিনিটে। কিন্তু অ্যালিয়েঞ্জ এরেনায় পেনাল্টি শটে বল ক্রসবারে লাগিয়ে বসে বসেন এই ইংলিশ অধিনায়ক, যা হতাশ করে পুরো স্টেডিয়ামকে।

    এই ভুলের খেসারত দিতেও সময় লাগেনি। এর কিছুক্ষণ পরেই গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান সেরহু গুইরাসি। অবশ্য পেনাল্টি মিসের সেই আক্ষেপ কিছুটা হলেও কাটার সুযোগ পেয়েছিলেন কেইন। ডায়োট উপামেকানোর গোলে বায়ার্ন ফের এগিয়ে গেলে সেই গোলটিতে দারুণ এক অ্যাসিস্ট করেন তিনি।

    তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৮৯ মিনিটে ফ্যাবিও সিলভার দুর্দান্ত এক গোলে ডর্টমুন্ডের পরাজয় তো এড়েই যায়, সঙ্গে বুন্দেসলিগায় তাদের অপরাজিত থাকার গৌরবও অক্ষুণ্ণ থাকে।

    বায়ার্নের জন্য এই ম্যাচটি কেবল জয় হাতছাড়ার বেদনা নয়, বরং বয়ে এনেছে বড় ধরনের ইনজুরির দুঃসংবাদ। দলের অন্যতম সেরা তারকা ও ব্যালন ডি’অরের জন্য মনোনীত মাইকেল ওলিসে, মিডফিল্ডার ইসমাইল সাইবারি এবং ফরোয়ার্ড সার্জ গিন্যাব্রি—তিনজনই ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন।

    ডর্টমুন্ড গোলকিপার গ্রেগর কোবেলের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে গুরুতর চোট পান সাইবারি, যাকে চিকিৎসাকর্মীদের সহায়তায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। এর ঠিক দুই মিনিট পর পেশির অস্বস্তিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন গিন্যাব্রি। আর ম্যাচের শেষ মুহূর্তে এসে চোটের শিকার হন ওলিসে।

    এদিকে অসুস্থতার কারণে এদিনও বায়ার্ন ডাগআউটে পায়নি তাদের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে। ভাইরাল ইনফেকশনে আক্রান্ত এই বেলজিয়ান কোচ সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও চিকিৎসকদের পরামর্শে আপাতত কঠোর বিশ্রামে রয়েছেন।

    এই হাইভোল্টেজ ম্যাচ ড্র হওয়ার ফলে পয়েন্ট টেবিলের এককভাবে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে দুই দলই। বর্তমানে সমান ১৮ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। তবে গোলব্যবধানে এগিয়ে থেকে টেবিলের এক নম্বরেই রয়েছে বাভারিয়ানরা।

  • গাজীপুরে শ্রম অসন্তোষ: আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন

    গাজীপুরে শ্রম অসন্তোষ: আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন

    শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে তৈরি হওয়া অসন্তোষ ও চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

    রোববার (আজ) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের টহল ও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ তৎপরতা শুরু হয়েছে।

  • কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা বন্ধের কড়া বার্তা এরদোয়ানের

    কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা বন্ধের কড়া বার্তা এরদোয়ানের

    কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেসামরিক জলযানে যেকোনো ধরনের হামলা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    শনিবার (৩১ অক্টোবর) ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তুর্কি প্রেসিডেন্ট।

    বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের চলমান উদ্যোগগুলোকে স্বাগত জানান এরদোয়ান। অতীতে তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনাগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, সঠিক কূটনীতির মাধ্যমেই কেবল এই সংঘটনের বাস্তব সমাধান ও ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ সময় ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আঙ্কারার অটল সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন তিনি।

    যুদ্ধের মাঝেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তুরস্ক ও ইউক্রেনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান। বিশেষ করে গত ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া মুক্তবাণিজ্য চুক্তি এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

  • রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, নতুন ভর্তি ৩০

    রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, নতুন ভর্তি ৩০

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুনা বেগম (৪০) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    মৃত রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার নামোপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় গৃহিণী ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    এদিকে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন।

    বর্তমানে এই ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে জানিয়ে হাসপাতাল সূত্রে জানানো হয়, হাসপাতালটিতে বর্তমানে মোট ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুর সংক্রমণ রোধে চিকিৎসকরা সবাইকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

  • শাপলা চত্বর ট্র্যাজেডি: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ

    শাপলা চত্বর ট্র্যাজেডি: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ

    রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।

    আজ রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    প্রসিকিউশন সূত্র জানায়, মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ রাষ্ট্রপক্ষ শুনানি উপস্থাপন করবে। এর আগে গত ৭ অক্টোবর শুনানির দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

    মামলায় গ্রেফতার ১১ জন আসামির মধ্যে রয়েছেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

    আজ সকালে হাসানুল হক ইনু, দীপু মনি ও শামসুল হক টুকুসহ গ্রেফতার ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে সাবেক আইজিপি শহীদুল হককে আদালতে আনা হয়নি এবং আসামি জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজিরা দেবেন বলে জানা গেছে।

    এ মামলায় শেখ হাসিনাসহ মোট ৩০ জন আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মৃণাল কান্তি দাস।

    এছাড়া পলাতকদের তালিকায় আরও রয়েছেন—তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার, সাবেক কয়েকজন আইজিপি (হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ), সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা।

    এর আগে গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

    পলাতকদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করার পর, গত ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

    এই মামলায় আসামিদের বিরুদ্ধে মূলত দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই আজ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ এই শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।