
কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেসামরিক জলযানে যেকোনো ধরনের হামলা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার (৩১ অক্টোবর) ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তুর্কি প্রেসিডেন্ট।
বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের চলমান উদ্যোগগুলোকে স্বাগত জানান এরদোয়ান। অতীতে তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনাগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, সঠিক কূটনীতির মাধ্যমেই কেবল এই সংঘটনের বাস্তব সমাধান ও ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ সময় ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আঙ্কারার অটল সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন তিনি।
যুদ্ধের মাঝেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তুরস্ক ও ইউক্রেনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান। বিশেষ করে গত ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া মুক্তবাণিজ্য চুক্তি এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেস্ক 
























