Blog

  • চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪: নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ও এনডিইকে ঘিরে প্রায় ৫০ কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগের গুঞ্জন

    চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪: নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ও এনডিইকে ঘিরে প্রায় ৫০ কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগের গুঞ্জন

    চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানকে কেন্দ্র করে নতুন করে প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)-এর সঙ্গে তাঁর কথিত যোগসাজশ, প্রভাব বিস্তার এবং প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ের করভবন নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে ঠিকাদারি স্বার্থের সম্ভাব্য প্রভাব নিয়ে জোরালো প্রশ্ন দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল ও বিশ্লেষকদের মতে, উত্থাপিত এসব অভিযোগের সত্যতা এখনো কোনো স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ বা আদালত কর্তৃক প্রমাণিত হয়নি; তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা জরুরি।

    গণপূর্ত অধিদপ্তরের দাপ্তরিক রেকর্ডপত্র অনুযায়ী, মো. মেহেদী হাসান ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকেই ওই বিভাগে কোন কোন মেগা প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কীভাবে নির্বাচিত হয়েছে এবং সরকারি ক্রয়বিধি (পিপিআর) যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

  • ইগো বা ব্যক্তিগত ক্ষোভের বলি সাধারণ মানুষ: চট্টগ্রামে পিডিবির খামখেয়ালিতে সাড়ে ৩ ঘণ্টা অচল ছিল বিআরটিএ কার্যালয়

    ইগো বা ব্যক্তিগত ক্ষোভের বলি সাধারণ মানুষ: চট্টগ্রামে পিডিবির খামখেয়ালিতে সাড়ে ৩ ঘণ্টা অচল ছিল বিআরটিএ কার্যালয়

    চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তার ব্যক্তিগত ক্ষোভ ও ইগোর জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এর ফলে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সম্পূর্ণ অচল ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুনবাজার কার্যালয়ের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম। বিশেষ করে জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের শেষ দিনে হুট করে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় বন্ধ হয়ে যায় কার্যালয়ের ব্যাংক বুথও। এতে দূরদূরান্ত থেকে আসা শত শত সেবাগ্রহীতা চরম দুর্ভোগে পড়েন এবং কার্যালয়ের সামনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিডিবির ষোলশহর সাবস্টেশন থেকে বিআরটিএ নতুনবাজার কার্যালয়ের মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দীর্ঘ ভোগান্তির পর দুপুর ২টার দিকে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। তবে এই সাড়ে তিন ঘণ্টার মধ্যে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম হেনস্তার শিকার হন।

    বিআরটিএর উপপরিচালক প্রকৌশলী মোহাম্মদ সানাউল হক সরাসরি অভিযোগ করে জানান, পিডিবির ষোলশহরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল্লাহর ব্যক্তিগত ক্ষোভের জের ধরেই এই কাণ্ড ঘটানো হয়েছে। কিছুদিন আগে পিডিবি কর্মকর্তা সানাউল্লাহ একটি গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য বিআরটিএ কার্যালয়ে পাঠিয়েছিলেন। কিন্তু গাড়িটির আইবাস (iBAS) কোডসংক্রান্ত অসঙ্গতি এবং প্রকল্পের গাড়ি কেন্দ্রীয় পরিবহন পুলে জমা দেওয়ার সুনির্দিষ্ট সরকারি বিধান থাকায় বিআরটিএ কর্তৃপক্ষ নিয়মানুযায়ী তাৎক্ষণিকভাবে সেই সেবা দিতে পারেনি। এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক ও প্রযুক্তিগত জটিলতা ছিল, যেখানে কোনো কর্মকর্তার ব্যক্তিগত অনিচ্ছা বা অসহযোগিতা ছিল না।

    উপপরিচালক আরও দাবি করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে পিডিবি প্রকৌশলী তাঁর ব্যক্তিগত ইগো বা জিদ চরিতার্থ করতেই কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করান। অথচ বিআরটিএর মাসিক বিদ্যুৎ বিল নিয়মিত এক লাখ টাকার বেশি হলেও সে সময় সামান্য কিছু বকেয়া ছিল, যার জন্য কোনো নোটিশ ছাড়াই এভাবে বিদ্যুৎ কেটে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

    এদিকে বিআরটিএর পক্ষ থেকে ওঠা এই ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পিডিবি কর্মকর্তারা। পিডিবির প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ দাবি করেন, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রটোকল মেনে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না। পরবর্তীতে দ্রুত বিল পরিশোধের বিষয়টি অবহিত করা হলে জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।

    অন্যদিকে অভিযুক্ত পিডিবি কর্মকর্তা ও ষোলশহরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “পুরোনো বকেয়া বিল পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়ার পরও সময়মতো বিল পরিশোধ করা হয়নি। যে কারণে নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে পরবর্তীতে সাধারণ গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়।”

    বিআরটিএ সূত্র জানায়, বৃহস্পতিবারটি ছিল জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার শেষ দিন। ফলে সকাল থেকেই বাস, ট্রাক ও প্রাইভেটকারসহ বিভিন্ন বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহন নিয়ে শত শত মানুষ কার্যালয়ে ভিড় জমিয়েছিলেন। সকাল ৯টায় কার্যক্রম শুরু হওয়ার পর প্রথম দেড় ঘণ্টা স্বাভাবিকভাবে কাজ চললেও হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পুরো দাপ্তরিক পরিবেশ থমকে যায়। একই সঙ্গে কার্যালয়ের ভেতরে থাকা ব্যাংক বুথের অনলাইন লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বহু গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে ফি বা টাকা জমা দিতে পারেননি। এমনকি অনেকে জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদ করার সোনালী সুযোগ হারিয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ না থাকায় বহু সেবাগ্রহীতা গাড়ি ও কাগজপত্রসহ কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। চট্টগ্রাম-হাটহাজারী সড়কের নতুনবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিদ্যুৎ আসার পর ব্যাংকে টাকা জমা দেওয়া গ্রাহকদের কাজ সম্পন্ন করতে ওইদিন রাত প্রায় ১০টা পর্যন্ত অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য হন কর্মকর্তা-কর্মচারীরা।

    সরকারি দুটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের মধ্যকার প্রশাসনিক জটিলতা, ভুল বোঝাবুঝি কিংবা সামান্য মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু সেই দাপ্তরিক বিরোধের খেসারত কেন সাধারণ নাগরিক ও সেবাগ্রহীতাদের দিতে হবে—সেই প্রশ্ন এখন জোরালোভাবে তুলেছেন সচেতন মহল ও বিআরটিএর কর্মকর্তারা।

  • গভীর রাতে বাড্ডা থানায় এসআই হানিফের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে বিচার চেয়ে ভুক্তভোগীর আবেদন

    গভীর রাতে বাড্ডা থানায় এসআই হানিফের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে বিচার চেয়ে ভুক্তভোগীর আবেদন

    রাজধানীর বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হানিফ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গভীর রাতে অনুমতি ছাড়া এক নারীর বাসায় প্রবেশ, আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের গুরুতর অভিযোগ উঠেছে। গত ২৬ আগস্ট দিবাগত রাতে বাড্ডা এলাকার একটি আবাসিক বাসায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় থানায় প্রতিকার না পেয়ে ভুক্তভোগী নারী রাবেয়া আক্তার পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত আবেদন করে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

    ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বাড্ডা থানার এসআই হানিফ, মজিরুন নেছা, মো. দিপু, সুমি এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ব্যক্তি সম্পূর্ণ সাদা পোশাকে রাবেয়া আক্তারের বাসায় হানা দেন। প্রধান গেট খুলতে সামান্য দেরি হওয়ায় এসআই হানিফ দরজায় উপর্যুপরি লাথি মারেন। এই আকস্মিক তাণ্ডবে বাসার ভাড়াটিয়ার ৪, ৮ ও ১২ বছরের কোমলমতি শিশুরা চরম আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে।

    অভিযোগে আরও বলা হয়, জোরপূর্বক ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়। এ সময় নগদ ৬ হাজার টাকা, ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং একটি মূল্যবান ব্লুটুথ স্পিকার লুট করা হয়। অপারেশন শেষে এসআই হানিফ ভুক্তভোগী রাবেয়াকে যেকোনো মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রকাশ্য হুমকি দিয়ে যান।

    ন্যায়বিচার পাওয়ার আকুতি জানিয়ে ভুক্তভোগী রাবেয়া আক্তার (নিপা) গণমাধ্যমকে বলেন, “একজন পুলিশ কর্মকর্তা হয়ে এসআই হানিফ যে বর্বরোচিত আচরণ করেছেন, তা আইনের শাসনের চরম লঙ্ঘন। থানায় অভিযোগ করে প্রতিকার না পেয়ে ডিএমপি কমিশনারের কাছে এসেছি। এখানেও ন্যায়বিচার না পেলে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও আদালতের দ্বারস্থ হব।”

    আরেক ভুক্তভোগী দম্পতি শফিকুল ইসলাম ও মাজেদা খাতুন অভিযোগ করেন, অভিযুক্ত মজিরুন নেছা এসআই হানিফের অনৈতিক আশ্রয়ে তাঁদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন।

    তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রধান অভিযুক্ত এসআই হানিফ দাবি করেন, সে সময় ওই এলাকায় তাঁর সরকারি ডিউটি ছিল এবং গোলমালের শব্দ শুনে তিনি কেবল পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছিলেন। অপর অভিযুক্ত এসআই তারেক আজিজ জানান, দাপ্তরিক অভিযোগের কাগজ হাতে পেলে তিনি লিখিত জবাব দেবেন। গুলশান বিভাগের ডিসি মোহাম্মদ রুহুল কবির খান বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন।

    বিশেষজ্ঞদের মতে, আদালতের পরোয়ানা বা সুনির্দিষ্ট বিধান ছাড়া গভীর রাতে সাদা পোশাকে সাধারণ নাগরিকের বাসায় বলপূর্বক প্রবেশ ও ভাঙচুর সম্পূর্ণ অবৈধ। পুলিশ সদস্যদের একাংশের এ ধরনের ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে গভীর নিরাপত্তাহীনতা তৈরি করছে। রাষ্ট্র যখন নাগরিকদের জানমালের রক্ষক, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন কর্মকাণ্ড আইনের শাসনকে মারাত্মকভাবে বিঘ্নিত করে।

    তাই দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে এসআই হানিফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

  • মিরসরাইয়ে করেরহাট ইউপির ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ: দুদকের দুই মামলা, সাবেক চেয়ারম্যানসহ আসামি ১৩

    মিরসরাইয়ে করেরহাট ইউপির ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ: দুদকের দুই মামলা, সাবেক চেয়ারম্যানসহ আসামি ১৩

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদে সরকারি প্রকল্পের ১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৫৮৩ টাকা আত্মসাতের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন।

    অভিযুক্তদের মধ্যে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বেশ কয়েকজন সাবেক সদস্য এবং একজন সাবেক উপসহকারী প্রকৌশলী রয়েছেন।

    দুদক সূত্রে জানা যায়, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এবং ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছরের ইউনিয়ন পরিষদের ১ শতাংশ করের প্রকল্পে দীর্ঘ অনুসন্ধান চালায় দুদক। এতে ৯০টি প্রকল্পে মোট ১ কোটি ১৮ লাখ টাকার বেশি আত্মসাতের সত্যতা মেলে। এর মধ্যে ইজিপিপির ৩৫টি প্রকল্পে ৩০ লাখ ৮৮ হাজার টাকা এবং ১ শতাংশ করের ৫৫টি প্রকল্পে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৮৭ লাখ ৮০ হাজার ৫৮৩ টাকা আত্মসাৎ করা হয়েছে।

    ইজিপিপির মূল লক্ষ্য অতিদরিদ্রদের স্বল্পমেয়াদি কর্মসংস্থান ও আয়ের সুরক্ষা নিশ্চিত করা হলেও করেরহাট ইউনিয়নে চলেছে চরম অনিয়ম। প্রকল্পের তালিকায় থাকা ৫৮ জন শ্রমিকের ব্যাংক হিসাব ও জবানবন্দি বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পায় দুদক। তালিকায় এমন অনেককে দিনমজুর হিসেবে দেখানো হয়েছে, যারা বাস্তবে মৃত কিংবা প্রবাসী।

    দুদকের নথিতে মৃত ব্যক্তি হিসেবে নাসির আহাম্মদ, মো. হারুন, মো. মোস্তফা, হাসনা বানু, রতন ত্রিপুরা, মো. খুরশেদ আলম ও হাসিনা বেগমের নাম পাওয়া গেছে। অন্যদিকে প্রবাসী হিসেবে নাম রয়েছে মো. লিটন মিয়া, মো. তারেক ও ইলিয়াসের। মৃত ও প্রবাসীদের নামেও ব্যাংক হিসাব খুলে ভুয়া চেক ও টিপসইয়ের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে।

    প্রকৃত শ্রমিকদের নামমাত্র ব্যাংকে নিয়ে হিসাব খোলা হলেও তাঁদের দিয়ে মাত্র ৪-৫ দিন কাজ করানো হতো। অনেক শ্রমিক মাত্র ২ থেকে ৩ হাজার টাকা পেয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছেন। অথচ ব্যাংক হিসাবের বিবরণী ঘেঁটে দেখা যায়, ৯০ শতাংশের বেশি শ্রমিকের হিসাবে প্রায় ৭২ হাজার টাকা করে জমা ও উত্তোলনের তথ্য রয়েছে।

    দুদক জানায়, ইজিপিপি প্রকল্পের অনিয়মে তৎকালীন ইউপি চেয়ারম্যান মো. এনায়েত হোসেন নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সাবেক উপসহকারী প্রকৌশলী মিলন বড়ালের ভূমিকা ছিল প্রধান।

    দুই মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন—সাবেক চেয়ারম্যান মো. এনায়েত হোসেন নয়ন, সাবেক ইউপি সদস্য কল্পনা রানী চক্রবর্তী, শেলী মজুমদার, তাহেরা বেগম, মো. আবু তাহের (মাস্টার), মোস. শহীদ উল্লাহ, মো. বেলাল উদ্দিন, ফেয়ার মিয়া মিন্টু, মো. মহিউদ্দিন, মো. সফি আহাম্মদ, মো. আজাদ উদ্দিন, কোরবান আলী এবং সাবেক উপসহকারী প্রকৌশলী মিলন বড়াল।

    মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট আইনে আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • চন্দনাইশ পৌরসভায় প্রকৌশলী রাজীবের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: ফাইল তলবের নির্দেশ থাকলেও বহাল তবিয়তে অভিযুক্ত!

    চন্দনাইশ পৌরসভায় প্রকৌশলী রাজীবের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: ফাইল তলবের নির্দেশ থাকলেও বহাল তবিয়তে অভিযুক্ত!

    উন্নয়নমূলক কাজের নামে হরিলুট, ৩০ শতাংশ কমিশন বাণিজ্য এবং সীমাহীন স্বেচ্ছাচারিতায় স্থবির হয়ে পড়েছে চন্দনাইশ পৌরসভার জনজীবন। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) রাজীব মজুমদারের বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ভুক্তভোগী ও সাব-ঠিকাদারদের অভিযোগ অনুযায়ী, চন্দনাইশ পৌরসভায় প্রতিটি প্রকল্পের বিল ছাড় এবং সাইট পরিদর্শনের জন্য নির্দিষ্ট রেট নির্ধারণ করে দিয়েছিলেন এই প্রকৌশলী। ঠিকাদার মো. তসলিম উদ্দীনের দাবি, প্রতিটি কাজের বিপরীতে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করতেন রাজীব। এমনকি সাইট পরিদর্শনে গেলে ঠিকাদারকে নগদ ৪ হাজার টাকা ‘পরিদর্শন ফি’ দেওয়া বাধ্যতামূলক ছিল, অন্যথায় ফাইল বা বিল আটকে রাখা হতো। সব প্রক্রিয়া শেষের পরও চূড়ান্ত বিলের সময় আরও অতিরিক্ত ৬ শতাংশ কমিশন দাবি করার নজিরও রয়েছে।

    ভবন নির্মাণে হয়রানি: নিয়মবহির্ভূতভাবে ইমারত নির্মাণ অনুমোদন কমিটিকে পাশ কাটিয়ে সরাসরি ফাইল ছাড় করার প্রলোভন দেখিয়ে আবদুল শুক্কুর, হামিদুল্লাহ সিকদার ও শাহা আলমসহ অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। অথচ টাকা নিয়েও অনেক ভবন অনুমোদন না দিয়ে আবেদনকারীদের নানাভাবে হয়রানি করা হয়েছে।

    পানি ও স্যানিটেশন দুর্নীতি: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ লাইনে নিম্নমানের পাইপ ব্যবহার এবং নকশার চেয়ে কম গভীরে পাইপ বসিয়ে মাটি ভরাটের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। অনেক স্থানে পাইপ বসানো ছাড়াই সম্পূর্ণ বিল তুলে নেওয়ার চাঞ্চল্যকর তথ্যও মিলেছে। এছাড়া প্রায় ৮০০টি পিট ল্যাট্রিনের ভুয়া তালিকা তৈরি করে টয়লেট নির্মাণ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

    অডিটে প্রমাণিত আর্থিক ক্ষতি: ২০২১-২০২২ থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত অডিট প্রতিবেদনে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় বিসি রাস্তার ব্রিক ওয়ালে অতিরিক্ত বিল প্রদান এবং আর্থ ফিলিংয়ের কাজ দেখিয়ে সরকারের ২১ লাখ ৪৪ হাজার ৬১০ টাকা আর্থিক ক্ষতিসাধন প্রমাণিত হয়েছে।

    পৌরসভার সচিবের শূন্যপদের অতিরিক্ত দায়িত্বকে কাজে লাগিয়ে নিজের সিন্ডিকেটের ঠিকাদারদের মাধ্যমে ১০ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদারকি ও পর্যাপ্ত পুঁজির অভাবে দুলারপাড়া-দুর্লভপাড়া এলাকার উন্নয়নকাজ ঝুলে রয়েছে। বিশেষ করে ‘নিপা এন্টারপ্রাইজ’-এর ফেলে রাখা কাজের কারণে গাছবাড়ীয়া খাঁনহাট থেকে আব্দুল বারী হাট পর্যন্ত সড়কের দুর্লভপাড়া বটতল এলাকার পুকুরপাড়ের অংশটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

    নড়বড়ে বাঁশের সাঁকো আর চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে, ১২০ কোটি টাকার পানি শোধনাগার প্রকল্প থাকা সত্ত্বেও পৌরবাসী নিয়মিত সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন।

    চলতি বছরের ২৮ জানুয়ারি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে রাজীব মজুমদারের আমলের সব প্রকল্পের ফাইল তলব ও সুনির্দিষ্ট তদন্তের নির্দেশ দেওয়া হলেও রহস্যজনক কারণে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও তিনি তা ‘ম্যানেজ’ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও অভিযুক্ত প্রকৌশলী রাজীব মজুমদারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী।

  • ঢাকা মেট্রোরেলের এমডির বিরুদ্ধে অনিয়ম ও ধীরগতির অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    ঢাকা মেট্রোরেলের এমডির বিরুদ্ধে অনিয়ম ও ধীরগতির অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    রাজধানীর যানজট নিরসনে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেগাপ্রজেক্ট ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রকল্পটির কার্যক্রমে ধীরগতি, প্রশাসনিক জটিলতা, কর্মকর্তা-কর্মচারীদের অসন্তোষ এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতার সুনির্দিষ্ট অভিযোগ এনে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওগাতুল আলমের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন আজিজুর রহমান নামের এক ব্যক্তি।

    গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে দেওয়া ওই আবেদনে এমডির নিয়োগপ্রক্রিয়া, পেশাগত অভিজ্ঞতা এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলো খতিয়ে দেখার জোরালো দাবি জানানো হয়েছে।

    প্রশাসনিক জটিলতা ও পদত্যাগ: বর্তমান ব্যবস্থাপনার কারণে মেট্রোরেল সম্প্রসারণ ও উন্নয়নমূলক কাজে কাঙ্ক্ষিত গতি আসছে না। এছাড়া এমডির আচরণ ও প্রশাসনিক কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে ইতোমধ্যে তিনজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    অতীত কর্মপরিচয় ও যোগ্যতা নিয়ে প্রশ্ন: মো. শওগাতুল আলম ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু নভোথিয়েটারে কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে তৎকালীন সরকারের রাজনৈতিক ভাবনাসংশ্লিষ্ট বিভিন্ন প্রামাণ্যচিত্র তৈরির সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল দাবি করে, মেট্রোরেলের মতো সংবেদনশীল ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার মতো পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

    বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা: জাপানি প্রতিষ্ঠান মারুবেনিসহ অন্যান্য সহযোগী বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা প্রকল্পের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনাকে হুমকির মুখে ফেলছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

    মান ও রক্ষণাবেক্ষণ উদ্বেগ: প্রকল্পের নির্মাণকাজের মান, বিদ্যুৎব্যবস্থা এবং স্থাপনা রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ জানিয়ে একটি স্বাধীন কারিগরি নিরীক্ষা ও প্রশাসনিক পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

    আবেদনে এমডির প্রশাসনিক সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্ত, প্রকল্পের অগ্রগতি ও নির্মাণকাজের মান যাচাই, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আচরণসংক্রান্ত অসন্তোষ নিরসন, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের বিষয়টি খতিয়ে দেখা এবং তাঁর নিয়োগপ্রক্রিয়ার সঠিকতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তদন্তে অনিয়ম বা অবহেলার প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

    মেট্রোরেল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়—জনগণের ট্যাক্সের অর্থে গড়ে ওঠা এই জাতীয় সম্পদে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী।

    এদিকে, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওগাতুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও স্বাধীন তদন্তের ফলাফল ছাড়া এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

  • ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার পাহাড় গড়ে তোলার অভিযোগ এপিপি শাহানা ও স্বামী নাসিমের বিরুদ্ধে

    ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার পাহাড় গড়ে তোলার অভিযোগ এপিপি শাহানা ও স্বামী নাসিমের বিরুদ্ধে

    তৈরি করা ভুয়া দলিল, ক্ষমতার অপব্যবহার, নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং জোরপূর্বক জমি দখলের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঢাকা জজ কোর্টের সহকারী পিপি (এপিপি) শাহানা সুলতানা এবং তার স্বামী ঘোড়াশাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম নাসিমের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর খোলস পাল্টে বিএনপি সমর্থক বনে যাওয়ার চেষ্টা করলেও তাদের এই শেল্টারে এলাকার সাধারণ মানুষ ও প্রবাসীরা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগী যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মাকছুদুল ইসলাম (নাঈম) ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দাপট দেখিয়ে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এই দম্পতি সাধারণ মানুষের ওপর নানা নির্যাতন চালিয়ে যাচ্ছেন।

    প্রবাসী মাকছুদুল ইসলাম নাঈম জানান, তার বাবা মৃত ডা. নজরুল ইসলামের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি দেখাশোনা করতেন সৎ ভাই মনোয়ারুল ইসলাম নাসিম। কিন্তু নাঈম প্রবাস থেকে দেশে এসে তার সম্পত্তির ভাগ বুঝে নিতে চাইলে শুরু হয় নানা তালবাহানা। উল্টো নাসিম ও তার স্ত্রী এপিপি শাহানা সুলতানা ভুয়া দলিল তৈরি করে ওই সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালান।

    ঘটনার বিবরণ দিয়ে নাঈম জানান, ২০২১ সালের ১৬ অক্টোবর এপিপি শাহানা সুলতানা তার মোবাইল নম্বর (০১৮১৮-৬৬২৩৩৩) থেকে নাঈমের মা বেগম রেহেনা ইসলামের নম্বরে (০১৭১১-৬৭৬৬৩৯) কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ১৯ অক্টোবর পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০৩২) করা হয়। এর জের ধরে ২০২২ সালের ২০ মার্চ মো. মনোয়ারুল ইসলাম নাসিমের নেতৃত্বে শাহানা সুলতানা, সানোয়ার (সাবেক সহ-সভাপতি যুবদল), হেলাল উদ্দিন, আল-আমিনসহ স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়দের বাধায় সেই দফায় জমি দখলের চেষ্টা ব্যর্থ হয়।

    এছাড়া ২০২৩ সালের ৬ জুন পলাশ থানায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৩২) করেন ভুক্তভোগী। প্রবাসীর অভিযোগ, তৎকালীন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এবং এডিশনাল ডিআইজি জেসমিন বেগমসহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও তিনি কোনো সঠিক প্রতিকার পাননি।

    অভিযোগ রয়েছে, স্বপন চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে বিক্রেতা সাজিয়ে ১২ শতাংশ জমি ক্রয়ের ভুয়া কাগজ তৈরি করা হয়েছে, যার আসল মালিক মাকছুদুল ইসলাম নাঈম (রেজিস্ট্রি তথ্য: ৫৩৬/২০১৮)। আইন পেশার অপব্যবহার করে এপিপি শাহানা সুলতানা নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার জাল বিস্তার করেছেন।

    মামলার হয়রানির একটি দীর্ঘ তালিকা তুলে ধরে ভুক্তভোগীরা জানান, মোহাম্মদপুর থানায় (মামলা নং- ৮৯৮/২৫, বাদী আবদুল মুন্নাফ), হাতিরঝিল থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র গণহত্যার মামলা এবং যাত্রাবাড়ী থানার মামলায় এমন অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে যারা গত ৫ বছর ধরে বাংলাদেশেই আসেননি। এমনকি প্রবাসী নাঈমকে ফাঁসাতে ২০২৫ সালের ১৩ জানুয়ারি ৩২৩, ৩৭৯, ৩৭৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৫০৬ ধারায় একটি ভিত্তিহীন মামলা দায়ের করা হয়।

    আমেরিকাপ্রবাসী মো. মাকছুদুল ইসলাম নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এপিপি শাহানা সুলতানা আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন যে দেশে ফিরলেই মিথ্যা মামলায় গ্রেপ্তার করাবেন। অথচ আমার বয়োবৃদ্ধ মা বেগম রেহেনা ইসলাম বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। মাকে দেখতে খুব ইচ্ছে করলেও এই প্রভাবশালী দম্পতির মিথ্যা মামলার ভয়ে আমি দেশে যেতে পারছি না।”

    আইনজীবী হয়েও আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা সাধারণ মানুষের সম্পত্তি আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, সেই ভূমিদস্যু এপিপি শাহানা সুলতানা ও মনোয়ারুল ইসলাম নাসিমকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

  • মিঠাপুকুরের নানকর বালিকা উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতি: সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে জোনাল ডিডি বরাবর অভিযোগ

    মিঠাপুকুরের নানকর বালিকা উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতি: সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে জোনাল ডিডি বরাবর অভিযোগ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী নানকর বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে কোটি টাকার আর্থিক দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের নামে অর্থ আত্মসাৎ এবং ব্যাপক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রায় ভেঙে পড়ার উপক্রম হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা প্রতিকার চেয়ে এবং বিদ্যালয়ের সম্পদ উদ্ধারের দাবিতে জোনাল উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), রংপুর অঞ্চল বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ মোন্নাফ মন্ডল গত বছরের ফেব্রুয়ারি মাসে অবসরে গেলেও তার প্রভাব বজায় রেখেছেন। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছিন আলীকে সামনে রেখে তিনি নিয়মিত বিদ্যালয়ে খবরদারি চালিয়ে যাচ্ছেন এবং সব গুরুত্বপূর্ণ ও মূল্যবান কাগজপত্র নিজের জিম্মায় রেখেছেন। অবসরের পর ব্যাংকের হিসাবের অপারেটর পরিবর্তন না করে দুজনে যোগসাজশে উপবৃত্তি ও টিউশন ফির ৮০ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

    সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য হলো ১৯৯৮ সালের ৩ আগস্ট আঃ মোন্নাফ মন্ডল বিদ্যালয়ের নামে ৫০ শতক জমি রেজিস্ট্রি করে দিলেও গত ২৮ বছর ধরে সেই জমি স্কুলকে বুঝিয়ে না দিয়ে নিজে ভোগদখল করে আসছেন। এছাড়া চলতি বছরের ২ ফেব্রুয়ারি নিয়মবহির্ভূতভাবে দুই জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়ে ডোনেশনের নামে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। অন্যদিকে, ২০০০ সালে নিয়োগপ্রাপ্ত অপর এক কর্মচারীকে দীর্ঘ ২৬ বছর ধরে এমপিওভুক্ত না করায় তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

    অনুসন্ধানে জানা যায়, অবসরে যাওয়ার প্রাক্কালে সাবেক প্রধান শিক্ষক জেনারেল ফান্ডের সব টাকা তুলে নেওয়ায় বর্তমানে বিদ্যালয়ের তহবিল সম্পূর্ণ শূন্য। ম্যানেজিং কমিটির কোনো অনুমোদন ছাড়াই মাঠের বহু মূল্যবান ফলজ, বনজ ও ঔষধি গাছ কেটে বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন এই দুই শিক্ষক। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক-কর্মচারীদের টিউশন ফির লাখ লাখ টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

    বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষকের তীব্র সংকট থাকলেও ব্যক্তিগত আক্রোশে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন জনপ্রিয় মৌলভী শিক্ষক আবুল কাশেমকে ভুয়া অভিযোগে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। অভিভাবকদের বারবার দাবি সত্ত্বেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তা আমলে নেননি। উল্টো নিয়মের তোয়াক্কা না করে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে শিক্ষকের চেয়ারে বসিয়ে অফিসের কাজ করানোর মতো নজিরবিহীন ঘটনাও ঘটছে সেখানে।

    ভুক্তভোগী এলাকাবাসী ও অভিভাবকরা অবিলম্বে এই দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, বেদখল হওয়া জমি উদ্ধার, গাছ ও নিয়োগ বাণিজ্যের টাকা ফান্ডে ফেরত আনা, বঞ্চিত মৌলভী শিক্ষক আবুল কাশেমকে ক্লাসে ফেরানো এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের জোরালো দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে রংপুর অঞ্চলের জোনাল উপ-পরিচালকের কার্যালয় জানিয়েছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ৫ কোটির ভুয়া বিল কেলেঙ্কারির অভিযুক্ত মাসুদ রানা এবার ঢাকা মেডিকেলের বড় প্রকল্পের দায়িত্বে!

    ৫ কোটির ভুয়া বিল কেলেঙ্কারির অভিযুক্ত মাসুদ রানা এবার ঢাকা মেডিকেলের বড় প্রকল্পের দায়িত্বে!

    সরকারি কোষাগারের মেগা প্রজেক্টের শত কোটি টাকা হরিলুট, টেন্ডার বাণিজ্যে একচ্ছত্র সিন্ডিকেট এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল পাস করে নামে-বেনামে রূপকথার সাম্রাজ্য গড়ে তোলার পরও বিতর্কিত লটারির মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ পোস্টিং বাগিয়ে নিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের বহুল আলোচিত নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা। দুর্নীতির পাহাড়ি নথিতে দুদকের ফাইল ভারী হওয়া এবং স্পর্শকাতর বিভিন্ন জাতীয় স্থাপনায় অনিয়মের জন্ম দেওয়া এই প্রকৌশলী এবার ঢাকা মেডিকেল কলেজের তিন শ’ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পকে টার্গেট করে লুটপাটের ষোলকলা পূর্ণ করার চূড়ান্ত ছক কষেছেন। নীতি-নৈতিকতা ও আইনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁর এই বেপরোয়া কার্যক্রমে গোটা প্রকৌশলী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    অনুসন্ধানে জানা যায়, ২৭তম বিসিএস (গণপূর্ত ক্যাডার) কর্মকর্তা মাসুদ রানা দীর্ঘ প্রায় ছয় বছর ধরে ক্ষমতার পালাবদলে নিজের অবস্থান অক্ষুণ্ণ রেখে গণপূর্তের লোভনীয় ডিভিশনগুলো একচ্ছত্র নিয়ন্ত্রণে রেখেছেন। সাবেক এক প্রধান প্রকৌশলীর আত্মীয়তার পরিচয় এবং বিগত সরকারের বিভিন্ন প্রভাবশালী মহলের সান্নিধ্য ব্যবহার করে তিনি এতদিন দাপটের সাথে নানা অনিয়ম চালিয়ে গেছেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথেই তিনি অত্যন্ত চতুরতার সাথে খোলস পাল্টে নতুন সিন্ডিকেটের সাথে সখ্য গড়ে তোলেন এবং কথিত লটারি প্রক্রিয়ার মাধ্যমে সম্প্রতি মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগে বদলি হয়ে আসেন।

    বিগত সময়ে শেরেবাংলা নগর ৩নং ডিভিশন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী ঠিকাদারদের ওটিএম (Open Tendering Method) পদ্ধতিতে কাজ পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।এ রকম দেড় শতাধিক ওটিএম আইডির মধ্যে কতিপয় হচ্ছে- ১৩১২৮৬৩, ১৩১৩০৩৫, ১৩১২৭৫৪, ১৩১২৮৭৭, ১৩১২৮১৫, ১২৯৫৬৪৪, ১২৯৫৬৫১, ১২৮৪৫৮৯, ১২৮৪৩৯৭, ১২৪৭৯৭১, ১২৮২৩৪৮, ১২৮৩৭৫১, ১২৮৩২৩৯, ১২৮২২৯৭, ১২৭৫৬৩৮, ১২৮২৩৫০, ১২৮২২৫৩, ১২৮১১৭৪, ১২৮২৩৩০, ১২৮২১৩৩, ১২৭৫৫৭০, ১২৮৩৩৭৭, ১২৭৫২৬৯, ১২৭৫৬৩২, ১২৭৫৪৭৮, ১২৮৪৫৯৭, ১২৮৪৬৫৮, ১২৮৩৫৬৮, ১২৮৩৭২০, ১২৭৫৪০২, ১২৭৫৫২৮, ১২৮৪৭৭৩, ১২৭৫৪২৯, ১২৭৪৩৯৯, ১২৮৪৭৯০, ১২৭৫৬১২, ১২৭৮৬৩২, ১২৭২৮৪২, ১২৭২৮১৮, ১২৭২৭৭৭, ১২৭২৮৩৩, ১২৭২৭২৩, ১২৪৪৪৬১, ১২৫২৮৯৮, ১২৫২৭৫৪, ১২৫২৯২৯, ১২৪৭৯৮৯, ১২৪৮০০৪, ১২৫২৭২৩, ১২৩৬০৭৫, ১১২৫১৩০. ১১২৫১২২, ১১২৫০৭৬, ১১২০৯১৪, ১১১৭১১৯, ১১১৪৯৮৪, ১১০৪৮৪১, ১০৯৯৯৪৭, ১০৯০৬০৭, ১০৭০৫১২. ১১২৪৯১৫, ১০৮৮৯০৬, ১০৯৩৪০৬, ১০৯৩৩৮৮, ১০৯২৩২৭, ১০৯২২৫৪, ১০৯২২০৭, ১০৯১৭৫০, ১০৯১৭২৭, ১০৯১৬৫৭, ১০৯৪৭৩৭, ১০৯৪৭৫৬, ১০৯৪৭৭৪, ১০৯৪৭৭০ ও ১০৯৪৭৬১, ১০৩৫৯১০, ১০৩৫৯৩৩, ১০৩৫৯৮৯, ১০৩৬১২৯, ১০৩৬১৪৬, ১০৩৬৪১৫, ১০৩৬৯৫৮, ১০৩৭১৩৪। এ রকম আরো শতাধিক টেন্ডার আইডি। এর মধ্যে ২০১৯ সালে জিকে শামীম গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর এনবিআর ভবনের গুদামে থাকা প্রায় অর্ধশত কোটি টাকার নির্মাণসামগ্রী ও বৈদ্যুতিক ক্যাবল লোপাটের চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পরবর্তীতে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে হাইকোর্ট, বিসিএস প্রশাসন একাডেমি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং মুগদা হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের নামে-বেনামে কাজ দেখিয়ে এবং কন্টিনজেন্সি খাতের ৭০ শতাংশ অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

    ভুক্তভোগী ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অভিযোগ, প্রকৌশলী মাসুদ রানা প্রশাসনিক ক্ষমতা ও জালিয়াতির আশ্রয় নিয়ে নিজের পছন্দের সিন্ডিকেটকে কাজ পাইয়ে দিতে সিদ্ধহস্ত। সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের ভেতরের রঙকরণের টেন্ডারে (১০৩৫৯৮৯ নম্বর আইডি) যোগ্যতম প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বেশি দরদাতা দ্বিতীয় স্থান অধিকারী ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামক মাসুদ রানার নিজ ভাগ্নিজামাইয়ের প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একইভাবে শেরেবাংলা নগরে এনবিআর ভবনের বিভিন্ন সংস্কার ও অভ্যন্তরীণ কাজের নামে সাড়ে ৯ কোটি টাকা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেক্টোফিটিং ও অভ্যন্তরীণ সড়ক সংস্কারের ১৮ কোটি টাকার কাজে প্রাক্কলন দ্বিগুণ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    সাধারণ ঠিকাদার ও সচেতন মহল আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শাসকগোষ্ঠীর পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন দমনে আর্থিক সহায়তা জোগানের মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিভিন্ন দপ্তরে তাঁর বিরুদ্ধে নাম-বেনামে ঢাকা ও পাবনায় শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। তবে এতসব গুরুতর অনিয়ম ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ থাকার পরও তিনি রহস্যজনক কারণে বহাল তবিয়তে থেকে এখন ঢাকা মেডিকেল কলেজের ৩শ’ কোটি টাকার মেগা প্রকল্প দখলের পাঁয়তারা চালাচ্ছেন।

    পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) অনুযায়ী সরকারি প্রাক্কলন, টেন্ডার প্রক্রিয়াকরণ এবং বিল পরিশোধের ক্ষেত্রে কঠোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা থাকলেও প্রকৌশলী মাসুদ রানার কার্যক্রমে এর চরম ব্যত্যয় ঘটেছে। তাঁর নিয়ন্ত্রিত দেড় শতাধিক ওটিএম আইডি ও বিভিন্ন কাজের ম্যালেরিয়াঝরা পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, নিয়মবহির্ভূতভাবে নির্দিষ্ট সিন্ডিকেটকে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এপিপি’র নিয়মকে পাশ কাটানো হয়েছে।

    এছাড়া ২০২৩ সালের জুনে হাতিরঝিল-রামপুরা-ডেমরা মহাসড়ক নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির স্থাপনার মূল্য প্রকৃত মূল্যের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি দেখিয়ে অর্ধশতাধিক কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ উঠেছে, তা প্রশাসনিক জবাবদিহিতার বেহাল দশাকেই ফুটিয়ে তোলে। সমবায় ও ক্রয় নীতিমালার তোয়াক্কা না করে সুপরিকল্পিত উপায়ে সরকারি কোষাগারের অর্থ হরিলুট করার এমন সুসংগঠিত জালিয়াতি প্রশাসনিক শৃঙ্খলাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

    অভিযুক্ত প্রকৌশলী মাসুদ রানার এ ধরনের বেপরোয়া দুর্নীতি ও মেগা প্রজেক্ট দখলের প্রতিযোগিতা অব্যাহত থাকলে দেশের স্বাস্থ্যখাত এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। বিশেষজ্ঞ মহলের মতে, সরকারি তহবিলের অপচয় রোধ এবং প্রশাসনিক সুশাসন ফিরিয়ে আনতে হলে এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

    উপসংহারে বলা যায়, কেবল বদলি বা সাময়িক লটারির মারপ্যাচে পার পাওয়ার সুযোগ না রেখে দুদক ও সরকারের উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। তাঁর অবৈধ সাম্রাজ্য ও সিন্ডিকেটের শেকড় উৎপাটন করতে না পারলে সরকারি অর্থের হরিলুট ঠেকানো সম্ভব হবে না, যা রাষ্ট্রের সার্বিক অর্থনৈতিক ভিত্তিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। *(প্রতিবেদন প্রস্তুতের সময় অভিযুক্ত প্রকৌশলী মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।)*

  • এইচএসসি ফলাফল: বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাস ঝালকাঠিতে, পাসের হার মাত্র ৩৭.০৯%

    এইচএসসি ফলাফল: বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাস ঝালকাঠিতে, পাসের হার মাত্র ৩৭.০৯%

    বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার জেলাভিত্তিক ফলাফলে বিপর্যয় ঘটেছে ঝালকাঠি জেলায়। বোর্ডের ছয়টি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে তলানিতে রয়েছে এ জেলা। ঝালকাঠিতে এ বছর পাসের হার মাত্র ৩৭ দশমিক ০৯ শতাংশ।

    শনিবার (৩১ অক্টোবর) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

    মোট পরীক্ষার্থী: ৪,৬৯৯ জন (অংশ নেন ৪,৪৫৮ জন, অনুপস্থিত ২৪২ জন)

    কৃতকার্য শিক্ষার্থী: ১,৬৫৩ জন (ছেলে ৪৯৮ জন এবং মেয়ে ১,১৫৫ জন)

    পাসের হার: ৩৭.০৯ শতাংশ

    জিপিএ-৫ প্রাপ্তি: মাত্র ৩৮ জন (ছাত্র ৬ জন ও ছাত্রী ৩২ জন)

    অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান: ৩১টি কলেজ

    বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা (৫১.৫৫%)। এ ছাড়া অন্যান্য জেলার পাসের হার হলো—বরিশাল ৪৯.৯৫%, বরগুনা ৪৪.৬৬%, ভোলা ৩৯.৫৪% এবং পটুয়াখালী ৩৮.৫১%।

    তুলনামূলক চিত्रे দেখা যায়, পটুয়াখালীর তুলনায় ঝালকাঠির পাসের হার ১.৪২ শতাংশ পয়েন্ট এবং ভোলার তুলনায় ২.৪৫ শতাংশ পয়েন্ট কম। সার্বিকভাবে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৩৫০টি কলেজের ৯৮ হাজার ৪১২ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঝালকাঠির এমন হতাশাজনক ফলাফলে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক মহল।