
গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়নে অনিয়ম ও তদবির বাণিজ্য রোধে চালু করা স্বচ্ছ লটারি পদ্ধতিকে বিতর্কিত করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় সাংবাদিক সংস্থা এ সমাবেশের আয়োজন করে।
মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরে বদলি ও পদায়ন নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। সেই অনিয়মের সুযোগ বন্ধ করে শতভাগ স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এই লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আমরা চেয়েছি, ব্যক্তিগত তদবির বা কারও প্রভাব যেন আর কাজ না করে। তবে কিছু মানবিক বিষয় সবসময় বিবেচনায় রাখা হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে জাকারিয়া তাহের বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। বর্তমান সরকার মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল সাংবাদিকদের নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে।
সংবাদটির উদ্দেশ্য কেবল সরকারের ভালো কাজকে উৎসাহিত করা নয়, বরং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাও বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থাটির নেতা মো. জামাল হোসেন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলার সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।
অনলাইন ডেস্ক 

























