খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ে শুরু হয়েছে ‘মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার লোগাংয়ের বাবুড়া অনুপম হিমাংশু মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রী শান্তি জীবন চাকমা। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ২ নম্বর চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী আনন্দ জয় চাকমা।
অনুষ্ঠানের শুরুতে কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে। এ সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজনের মধ্য দিয়ে মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, রাজনৈতিক দর্শন এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার, স্বতন্ত্র জাতিসত্তা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় তাঁর ভূমিকা স্মরণ করা হয়।
মানবেন্দ্র নারায়ণ লারমা, যিনি এম এন লারমা নামে পরিচিত, ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তাঁর মৃত্যু হয়।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরার পাশাপাশি এলাকায় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা করছেন তাঁরা।









