নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জনগণের কল্যাণমূলক কাজগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, বর্তমান সরকার জনগণের মঙ্গলে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে একটি নতুন রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, “ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ থেকে শুরু করে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের ভাতাসহ সামাজিক সুরক্ষার জন্য যা যা প্রয়োজন, তার সবই করা হচ্ছে। আমরা মানুষের সাথে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করি না বলেই জনগণ বারবার আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, বরং জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসীন হয়েছে।”
আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে গুম, খুন, নিপীড়ন, লুটপাট ও দুর্নীতির কারণে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে দলটি আজ নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তবে তাদের দোসর ও প্রেতাত্মারা এখনো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।”
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে খায়রুল কবির খোকন হুশিয়ারি দিয়ে বলেন, “মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতাসহ কোনো অন্যায়ে ছাড় দেওয়া হবে না। এমনকি এসবের সাথে যদি দলের কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তবে তাকেও বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমাদের দলে কোনো অপরাধীর স্থান নেই। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় যার সাথেই সম্পৃক্ততা পাবে, তাকেই আইনের আওতায় আনবে—এ ক্ষেত্রে দলীয় কোনো পরিচয় বিবেচনা করা হবে না।”
আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, বি জি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, নরসিংদী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকান বাদশা, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকার প্রমুখ।