Blog

  • গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন :

    গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন :

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস। গ্যাস বা ম্যাচ লাইট ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এই সাবমারসিবল পাম্পটিকে নিয়ে এলাকার মানুষদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।তারা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে এটি পরীক্ষা করার দাবী জানিয়েছেন।

    সরেজমিনে জানাগেছে , উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছের গাড়িতে পানি সাপ্লাই দেয়ার জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়ার ব্যবসায়ী এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প বসান।
    গত এক সপ্তাহ ধরে সাবমারসিবল পাম্পটিতে পানি কম ওঠায় কৌতুহলবশত কামরুল শেখ বুধবার দিবাগত রাতে (২৮ অক্টোবর) পাইপের মাথায় গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।এ ঘটনা চারিদিক ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কামরুল শেখের দোকানের সামনে এসে ভিড় জমাতে থাকেন।

    আজ বৃহস্পতিবার ভাসাই বাজারে কামরুলের দোকানের সামনে গিয়ে উৎসুক মানুষদের ভিড় দেখা গেছে।তাদের অনুরোধে কামরুল শেখকে মাঝে মাঝেই সাবমারসিবল পাম্পটি চালিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেখাতে হচ্ছে।

    উৎসুক এসব মানুষ দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ টিম এনে এটি পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছেন।

    হার্ডওয়ার ব্যবসায়ী কামরুল শেখ ভাসাই বাজার এলাকার রব শেখের ছেলে।

    তিনি বলেন,বিভিন্ন মাছের গাড়িতে পানি সাপ্লাই দেয়ার জন্য গত এক বছর আগে ২৮০ ফুট গভীরের এই সাপমারসিবল পাম্পটি আমি বসিয়েছি। গত এক সপ্তাহ ধরে পানি খুব কম ওঠায় গতকাল বুধবার রাতে আমি পাম্পটির পাইপের মাথায় গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক মানুষ জন আমার দোকানের সামনে এসে ভিড় জমান।

    এলাকার স্থানীয় লোকজন বলেন, রাতে খবর পেয়ে আমরা সকালে এখানে দেখতে এসেছি। এসে ঘটনার সত্যতা পেয়েছি। আমরা চাই একটি বিশেষজ্ঞ টিম এসে এটি পরীক্ষা করে দেখুক। সত্যিই এখানে মাটির নিচে গ্যাস আছে কিনা। সত্যিই এখানে যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেটি আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।

    উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন , বিষয়টি আমি জানার পরে ওই এলাকার তহশীলদেরকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।তার তথ্যানুযায়ী প্রাথমিকভাবে আমি এটির সত্যতা পেয়েছি।আগামী দিন শুক্রবার আমি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

  • আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনেও আগে সমাপ্তি, ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে চালকের আসনে বাংলাদেশ

    আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনেও আগে সমাপ্তি, ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে চালকের আসনে বাংলাদেশ

    মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলাও প্রাকৃতিক বাধার মুখে পড়ল। আলো স্বল্পতা ও বৃষ্টির লুকোচুরির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে আজকের খেলা। তবে দিনশেষে ৪ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করা ওয়েস্ট ইন্ডিজ এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে রয়েছে। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে বেশ ভালো অবস্থানেই রয়েছে স্বাগতিকরা।

    এর আগে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে আজ মাত্র ৫৯ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয় স্বাগতিক দল। আগের দিন দারুণ ছাড়ে থাকা সাদমান ইসলাম সেঞ্চুরি পূর্ণ করার পর ১০৫ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া তাওহীদ হৃদয় ৪২ এবং লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার জোমেল ওয়ারিক্যান ৫৩ রানে শিকার করেন ৫ উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহের ভিত পায় সফরকারীরা। দলীয় ১৫ রানের মাথায় ব্রেন্ডন কিংকে (১৫) ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ। এরপর জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপলের জুটি এগোতে থাকে। ক্যাম্পবেল ব্যক্তিগত ফিফটি তুলে নিলেও মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন (৫৪ রান)।

    এরপরই স্পিন জাদুতে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে বাংলাদেশ। তাইজুল ইসলামের ঘূর্ণিতে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে উইন্ডিজ। কাভেম হজ (৭) ও আমির জাঙ্গুকে দ্রুত ফিরিয়ে দিয়ে ১০১ রানেই সফরকারীদের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

    দিনের বাকি সময় আর কোনো বিপদ হতে দেননি তেজনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ জাস্টিন গ্রিভস। চন্দরপল ৪৩ এবং গ্রিভস ১৫ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম সর্বোচ্চ ২টি এবং হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

    আগামীকাল তৃতীয় দিনে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে বড় লিড নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে, উইন্ডিজের ইনিংসের গতিপথ অনেকটাই নির্ভর করবে ক্রিজে থাকা চন্দরপল ও গ্রিভসের জুটির ওপর।

  • ভবিষ্যতের অনিশ্চয়তা আর জীবনযাত্রার চাপে উত্তাল ইউরোপ: রাজপথে নামছে তরুণ প্রজন্ম

    ভবিষ্যতের অনিশ্চয়তা আর জীবনযাত্রার চাপে উত্তাল ইউরোপ: রাজপথে নামছে তরুণ প্রজন্ম

    শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর দশা, আকাশচুম্বী বাড়িভাড়া, কর্মসংস্থানের সংকট এবং সামাজিক বৈষম্যের প্রতিবাদে ইউরোপজুড়ে ক্রমেই তীব্র হচ্ছে তরুণদের আন্দোলন। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বেলজিয়ামের মতো দেশের রাজপথ এখন উত্তাল ক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে।

    বিশ্লেষকদের মতে, ২০০৮ সালের আর্থিক সংকট থেকে শুরু করে সাম্প্রতিক মহামারি, মূল্যস্ফীতি এবং ইউক্রেন যুদ্ধের কারণে তৈরি হওয়া ধারাবাহিক অর্থনৈতিক চাপের ফল এখন রাজপথে দৃশ্যমান। তরুণদের প্রধান ক্ষোভের জায়গাগুলো হলো—

    আবাসন সংকট: মাদ্রিদ কিংবা লিসবনের মতো শহরে বাড়িভাড়ার অতিরিক্ত ব্যয় তরুণদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পড়াশোনা শেষ করেও নিজস্ব আবাসন নিশ্চিত করতে পারছেন না তারা।

    শিক্ষ ও স্বাস্থ্য খাতের দুর্বলতা: স্কুল-কলেজের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট এবং মানসম্মত সেবার অভাব তরুণদের হতাশ করছে।

    ভবিষ্যতের অনিশ্চয়তা: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবেশগত সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে চাকরির সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলছে।

    সীমানা পেরিয়ে এই বিক্ষোভ এখন এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে। টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণরা সংঘটিত হচ্ছেন। ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হওয়া বিক্ষোভের ঢেউ এরই মধ্যে প্রতিবেশী বেলজিয়াম ও গ্রিসেও আছড়ে পড়েছে। বিশেষ করে এই আন্দোলনে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। গত সপ্তাহান্তে বার্সেলোনার সংঘর্ষের ঘটনায় আটক ব্যক্তিদের অর্ধেকের বেশি ছিল ১৮ বছরের কম বয়সী।

    অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও কিছু জায়গায় তা সংঘর্ষ ও লুটপাটে রূপ নিয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসে বিক্ষোভ দমনে পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয়েছে। অন্যদিকে আলবেনিয়ায় দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।

    পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইতালি ও ফ্রান্স সাফ জানিয়ে দিয়েছে, সহিংসতার কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায়ভার বা ক্ষতিপূরণ দায়ীদের কিংবা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের অভিভাবকদের নিতে হবে। তবে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে।

    চ্যাথাম হাউস এবং ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞদের মতে, মূলধারার রাজনৈতিক নেতৃত্বের ওপর থেকে মানুষের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। করের বিনিময়ে মানসম্মত জীবন ও নিরাপত্তার যে সামাজিক প্রত্যাশা ছিল, তা ভেঙে পড়ার কারণেই তরুণরা আজ রাস্তায় নেমেছেন। তবে এই আন্দোলন শেষ পর্যন্ত ইউরোপের রাজনীতিতে দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন আনতে পারবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। উল্টো এই অস্থিরতার সুযোগ নিয়ে ফ্রান্স, ইতালি, স্পেনসহ বিভিন্ন দেশে অভিবাসনবিরোধী ও জাতীয়তাবাদী দলগুলোর শক্তি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

  • টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

    টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী গাজীপুরা এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়।

    জানা গেছে, আহত শিক্ষার্থী জাবেদ আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। মাদ্রাসা ছুটির পর বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।

    এই দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজের দাবি নিয়ে রাজপথে নেমে আসেন। আজ দুপুর দুইটা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

    আন্দোলনের কারণে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেককে বাধ্য হয়ে পায়ে হেঁটে নিজ গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে।

  • মধুপুরে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর আয়োজনে নির্মাণ নায়কদের মিলনমেলা অনুষ্ঠিত

    মধুপুরে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর আয়োজনে নির্মাণ নায়কদের মিলনমেলা অনুষ্ঠিত

    রিপোর্ট’মোঃ জাকির খান
    ইমাম হাসান সোহান :লেখক

    ” মজবুত ভিত্তি মজবুত জাতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল এর মধুপর এ ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আয়োজনে নির্মাণ নায়কদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর – জামালপুর রোডে কুটুমবাড়ি রেস্টুরেন্টে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর জেনারেল ম্যানেজার গোলাম কাওছার। অ্যাসিস্ট্যান্ট ব্রান্ড ম্যানেজার মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ বৃহত্তর ময়মনসিংহ বিভাগের এর এজিএম মীর মাজহার হোসেন শিমুল, টাঙ্গাইল রিজিয়ন এর সিনিয়র আর এস এম মোঃ জুয়েল রানা । ইস্টার্ন সিমেন্ট এবং সেভেন হর্স এই দুই ব্রান্ড এর সিমেন্ট এর গুণগত মান নিয়ে নির্মাণ শ্রমিকদের বিস্তারিত ধারণা দেন টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্টের ইন্জিনিয়ার মোঃ গোলাম কিবরিয়া । এছাড়াও মার্কেটিং অফিসার মোঃ আসাদুজ্জান খান, ধনবাড়ী উপজেলা পরিবেশক আব্দুল হামিদ,মধুপুর উপজেলা পরিবেশক মোঃ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন ।
    ধনবাড়ী এবং মধুপুর উপজেলার অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন ।
    অনুষ্ঠানে নির্মাণ নায়ক এবং অতিথিদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ।
    অনুষ্ঠান শুরুর আগে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে নির্মাণ নায়কদের বিনামূল্যে মেডিকেল চেক-আপ করানো হয় । মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এম. এ সাইদ আগত নির্মাণ নায়কদের স্বাস্থ্য সেবা প্রদান করেন । উপস্থিত প্রত্যেককে উপহার প্রদান, লটারি, নৈশভোজ সহ নানান আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে ।

  • জয়পুরহাটে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

    জয়পুরহাটে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

    গত বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকা ঘাট এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। পাঁচবিবি থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জয়পুরহাট ২০ বিজিবির সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।

    জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের দেওয়া প্রেস ব্রিফিং অনুযায়ী, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটির ওজন ৮৫ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য বা সিজার মূল্য প্রায় ৮৫ লাখ টাকা।

    আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মূর্তিটি পরবর্তীতে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘরে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা রুজু করা হয়েছে।

  • নারিতায় যান্ত্রিক ত্রুটি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট উড্ডয়ন স্থগিত

    নারিতায় যান্ত্রিক ত্রুটি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট উড্ডয়ন স্থগিত

    জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের ফ্লাইটটি সাময়িকভাবে আটকে রয়েছে।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি নারিতা বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। সকল যাত্রীর বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লারসংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট।

    যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট। এরপর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নিরাপদে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়।

    ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই বিমানটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর জন্য কাজ করছে।

    প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে সম্পূর্ণ মেরামত কাজ এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রার সময় চূড়ান্ত হবে।

    উল্লেখ্য, উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণ ও উড্ডয়নের বিভিন্ন ধাপে গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ত্রুটি দেখা দিলে নিরাপদ ফ্লাইটের স্বার্থে তা পুরোপুরি মেরামত করা অত্যন্ত জরুরি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, ত্রুটি সারাতে প্রকৌশলীরা বর্তমানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

  • ইউক্রেনের দিনিপ্রোতে রুশ ড্রোন হামলা: রেলস্টেশনে ট্রেন ও যাত্রীদের ওপর আঘাতে নিহত ১৩

    ইউক্রেনের দিনিপ্রোতে রুশ ড্রোন হামলা: রেলস্টেশনে ট্রেন ও যাত্রীদের ওপর আঘাতে নিহত ১৩

    ইউক্রেনের দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার একটি জেটচালিত ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটা এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার সময় স্টেশনের প্ল্যাটফর্মে জাপোরিঝিয়ামুখী একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল এবং সেটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ড্রোনটি সেখানে আঘাত হানে।

    ইউক্রেনীয় রেলওয়ের প্রকাশিত টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, দিনিপ্রো-জাপোরিঝিয়া রুটের ৮৬৬ নম্বর ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ছিল, তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় উচ্চ ঝুঁকির সতর্কতা জারি থাকা সত্ত্বেও সে সময় প্ল্যাটফর্মে সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

    এদিকে রেলস্টেশনে সংঘটিত এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়ার কিছু অলিগার্ক ও জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও, মস্কো তার ধ্বংসাত্মক কর্মকাণ্ড থামায়নি। নিষেধাজ্ঞা শিথিল করার পর থেকে দেশটি সাধারণ ইউক্রেনীয়দের ওপর একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে।

  • হরমুজ প্রণালিতে রহস্যজনক বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত তিন তেলট্যাঙ্কার

    হরমুজ প্রণালিতে রহস্যজনক বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত তিন তেলট্যাঙ্কার

    আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের বিস্ফোরণে তিনটি জ্বালানিবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

    আইআরজিসি-র নৌবাহিনী জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে এই জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে সময় সমুদ্রের নিচে আগে থেকে পাতা মাইনের সংস্পর্শে এলে ট্যাঙ্কারগুলোতে পরপর বিকট বিস্ফোরণ ঘটে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনাগ্রস্ত তেলট্যাঙ্কারগুলো তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ বন্ধ রেখে চলাচল করছিল। এমনকি রেভল্যুশনারি গার্ডসের বারবার দেওয়া সতর্কবার্তাও তারা কর্ণপাত করেনি। পরবর্তীতে প্রণালীর দক্ষিণ উপকূলের বিভিন্ন পয়েন্টে জাহাজগুলোকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় ইরানি বাহিনী।

    যুক্তরাজ্য সামুদ্রিক নিরাপত্তা সংস্থার (UKMTO) তথ্য
    এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর নিশ্চিত করে। ওমানের খাসাব শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার (৯ নটিক্যাল মাইল) উত্তরে অবস্থানরত আরেকটি জাহাজের মাস্টার প্রথম ইউকেএমটিও-কে এই অগ্নিকাণ্ডের বিষয়টি জানান। তবে ওই সময়ে এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • সুন্দরগঞ্জে জুয়াড়ি বাবার কবল থেকে শিশু আদিবা উদ্ধার, মায়ের কাছে হস্তান্তর

    সুন্দরগঞ্জে জুয়াড়ি বাবার কবল থেকে শিশু আদিবা উদ্ধার, মায়ের কাছে হস্তান্তর

    গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া ও মাদকের টাকার জন্য নিজের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কুখ্যাত জুয়াড়ি বাবার বিরুদ্ধে। তবে পুলিশ ও আইনের সহায়তায় শেষ পর্যন্ত মায়ের কোল ফিরে পেয়েছে শিশু আদিবা খাতুন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিবার বাবা আজাহার আলী জুয়া ও মাদকে আসক্ত। তার মা খালেদা বেগম ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করায় শিশুটিকে সুন্দরগঞ্জে খালার বাড়িতে রেখে গিয়েছিলেন। এই সুযোগে গত ১ অক্টোবর বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে আদিবাকে তার খালার বাড়ি থেকে নিয়ে যান বাবা আজাহার আলী। এরপর থেকে দীর্ঘ সময় ধরে শিশুটিকে আর ফেরত দেননি তিনি।

    মেয়েটিকে ফিরে পেতে গত ২৭ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় আইনগত সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মা খালেদা বেগম। এর ভিত্তিতে গত বুধবার সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শিশু আদিবাকে উদ্ধার করে।

    সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুন্দরগঞ্জ থানার অভিযোগের প্রেক্ষিতে বুধবার শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ যখন অভিযান চালায়, তখন শিশুটিকে যারা কিনে নিয়েছিল তারা উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, জুয়া ও মাদকের টাকা জোগাড় করতেই আজাহার আলী নিজের সন্তানকে বিক্রি করে দেন। এমনকি এই জঘন্য কাজের পথ পাকা করতে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে নিজের স্ত্রী খালেদা বেগমকেও মৃত দেখিয়েছিলেন ওই ব্যক্তি।