
ইউক্রেনের দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার একটি জেটচালিত ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটা এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার সময় স্টেশনের প্ল্যাটফর্মে জাপোরিঝিয়ামুখী একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল এবং সেটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ড্রোনটি সেখানে আঘাত হানে।
ইউক্রেনীয় রেলওয়ের প্রকাশিত টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, দিনিপ্রো-জাপোরিঝিয়া রুটের ৮৬৬ নম্বর ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ছিল, তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় উচ্চ ঝুঁকির সতর্কতা জারি থাকা সত্ত্বেও সে সময় প্ল্যাটফর্মে সাধারণ মানুষের উপস্থিতি ছিল।
এদিকে রেলস্টেশনে সংঘটিত এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়ার কিছু অলিগার্ক ও জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও, মস্কো তার ধ্বংসাত্মক কর্মকাণ্ড থামায়নি। নিষেধাজ্ঞা শিথিল করার পর থেকে দেশটি সাধারণ ইউক্রেনীয়দের ওপর একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে।
অনলাইন ডেস্ক 

























