
আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের বিস্ফোরণে তিনটি জ্বালানিবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
আইআরজিসি-র নৌবাহিনী জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে এই জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে সময় সমুদ্রের নিচে আগে থেকে পাতা মাইনের সংস্পর্শে এলে ট্যাঙ্কারগুলোতে পরপর বিকট বিস্ফোরণ ঘটে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনাগ্রস্ত তেলট্যাঙ্কারগুলো তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ বন্ধ রেখে চলাচল করছিল। এমনকি রেভল্যুশনারি গার্ডসের বারবার দেওয়া সতর্কবার্তাও তারা কর্ণপাত করেনি। পরবর্তীতে প্রণালীর দক্ষিণ উপকূলের বিভিন্ন পয়েন্টে জাহাজগুলোকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় ইরানি বাহিনী।
যুক্তরাজ্য সামুদ্রিক নিরাপত্তা সংস্থার (UKMTO) তথ্য
এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর নিশ্চিত করে। ওমানের খাসাব শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার (৯ নটিক্যাল মাইল) উত্তরে অবস্থানরত আরেকটি জাহাজের মাস্টার প্রথম ইউকেএমটিও-কে এই অগ্নিকাণ্ডের বিষয়টি জানান। তবে ওই সময়ে এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অনলাইন ডেস্ক 

























