Blog

  • চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচন: এনডিএর জয়রথ ছুটলেও মোদির বারাণসী ও নাগপুরে ধাক্কা খেলো বিজেপি

    চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচন: এনডিএর জয়রথ ছুটলেও মোদির বারাণসী ও নাগপুরে ধাক্কা খেলো বিজেপি

    ভারতের চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের সামগ্রিক জয় দেখা গেলেও, কিছু নির্দিষ্ট আসনের ফলাফল রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের সংসদীয় এলাকা উত্তর প্রদেশের বারাণসী এবং আরএসএসের সদর দপ্তর নাগপুরের ফলাফল ক্ষমতাসীন দলটির জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    উত্তর প্রদেশ, বিহার, কর্নাটক এবং মহারাষ্ট্রের মোট ২৮টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে কংগ্রেসের সামগ্রিক ফল খুব একটা সুখকর না হলেও, কিছু এলাকায় দলটির অপ্রত্যাশিত সাফল্য নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

    মহারাষ্ট্রের নাগপুর দীর্ঘদিন ধরে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এই নাগপুরেই বিধান পরিষদের একটি আসনে জয় তুলে নিয়েছে কংগ্রেস। বিশ্লেষকদের মতে, আরএসএসের সদর দপ্তরে কংগ্রেস প্রার্থী অভিজিৎ ওয়ানজারির এই জয় রাজ্যের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি বিজেপির দুর্গে বড় এক ধাক্কা।

    দক্ষিণের রাজ্য কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় থাকা সত্ত্বেও বিধান পরিষদের চারটি আসনেই পরাজিত হয়েছে। এমনকি দলটির নিজেদের ধরে রাখা একটি আসনও হাতছাড়া হয়েছে। রাজ্য সরকারের দায়িত্বে থাকার পরও ভোটারদের আস্থায় এই টানাপড়েন কেন তৈরি হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

    বিহারের নির্বাচনে এসেছে ভিন্ন চিত্র। পাটনা, সারণ, দরভাঙ্গা ও তিরহুত—এই চার শিক্ষক নির্বাচনি এলাকার কোনোটিতেই বর্তমান সদস্যরা টিকতে পারেননি।

    পাটনা শিক্ষক আসন: টানা প্রায় ৩০ বছর ধরে এই আসনটি ধরে রেখেছিলেন বিজেপির নবল কিশোর যাদব। কিন্তু এবার তাকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে নিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী ড. সঞ্জীব কুমার। বিজেপির জন্য এটি একটি বড় রাজনৈতিক ধাক্কা।

    দরভাঙ্গা শিক্ষক আসন: এখানে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মদন মোহন ঝা পরাজিত হয়েছেন নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত ‘জন সুরাজ’ দলের প্রার্থী সুরেশ প্রসাদ রায়ের কাছে। যা বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
    তবে এর বিপরীতে পাটনা, তিরহুত ও কোসি স্নাতক নির্বাচনি এলাকার আসনগুলোতে পুরোনো প্রতিনিধিরাই নিজেদের অবস্থান ধরে রেখেছেন।

    বিশ্লেষকদের মতে, বিধান পরিষদ নির্বাচনগুলো সাধারণত সাধারণ লোকসভা বা বিধানসভা নির্বাচনের সরাসরি জনমত হিসেবে বিচার করা যায় না, কারণ শিক্ষক ও স্নাতক নির্বাচনি এলাকার ভোটারদের মানসিকতা ও ধরন আলাদা।

    তা সত্ত্বেও, এনডিএর সামগ্রিক সাফল্যের বিপরীতে নাগপুরে কংগ্রেসের জয়, কর্নাটকে ক্ষমতাসীন দলের আসন হারানো এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনি কেন্দ্র বারাণসীতে বিজেপির দুটি আসন হারানোর গুঞ্জন—সব মিলিয়ে এই নির্বাচন জাতীয় রাজনীতিতে নতুন করে নানা সমীকরণের জন্ম দিয়েছে।

  • জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি: রোববারের রামলীলা ময়দান সমাবেশে ছাত্রদের যোগ দেওয়ার আহ্বান রাহুলের

    জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি: রোববারের রামলীলা ময়দান সমাবেশে ছাত্রদের যোগ দেওয়ার আহ্বান রাহুলের

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আগামী রোববার (১ নভেম্বর) দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিশাল সমাবেশের ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এই আন্দোলনকে স্রেফ কোনো দলীয় কর্মসূচি নয়, বরং দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই বলে অভিহিত করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

    এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী রাজনৈতিক মতাদর্শের বিভেদ ভুলে দেশের সব ছাত্র সংগঠনকে এই আন্দোলনে দলমতনির্বেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশের বাধা বা লাঠিচার্জের ভয় না পেয়ে রাজপথে নামার ডাক দিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ হলে সরকার এমন দমনপীড়ন চালানোর সাহস পাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কার্যক্রমে অসন্তুষ্ট সব নাগরিককে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

    এর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলা এই আন্দোলন দমনে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির। যন্তর মন্তরে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন চার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী—মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, মানিক সরকার এবং অরবিন্দ কেজরিওয়াল।

    শুরুতে এই বিক্ষোভে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হলেও, পরবর্তীতে বিরোধী নেতাদের গ্রেফতারে সরব হন রাহুল গান্ধী। যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর মতো বিষয়েও আটকদের পাশে দাঁড়িয়ে তিনি সরকারের দমনপীড়নের তীব্র প্রতিবাদ জানান।

    আন্দোলনের কৌশল নিয়ে কিছুটা দূরত্ব তৈরি হলেও সাম্প্রতিক নানা ঘটনায় বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয়ের নতুন ইঙ্গিত মিলছে। রোববারের এই মহাসমাবেশে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সরব উপস্থিতি নিশ্চিত করতে তৎপরতা চলছে। এখন সবার নজর আগামী রোববারের রামলীলা ময়দানের দিকে—এই সমাবেশে শেষ পর্যন্ত বিরোধী দলগুলো এবং ছাত্রসমাজ কতটা শক্তি প্রদর্শন করতে পারে, সেটাই দেখার বিষয়।

  • অপপ্রচার রোধে সচেতনতাই প্রধান অস্ত্র: ডা. জাহেদ উর রহমান

    অপপ্রচার রোধে সচেতনতাই প্রধান অস্ত্র: ডা. জাহেদ উর রহমান

    সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের তথ্য খুঁজে নেওয়ার প্রবণতা বা ‘ইকো চেম্বার’ (Echo Chamber) সংস্কৃতি কীভাবে অপতথ্য ছড়াতে সহায়তা করে, তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি মনে করেন, মানুষ নিজের বিশ্বাস ও পছন্দের সঙ্গে মেলে এমন তথ্যই শুনতে চায়, আর সামাজিক মাধ্যমের অ্যালগরিদম সেই সুযোগটিই কাজে লাগায়।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, কেউ যদি বিশ্বাস করতে চান যে ডিসেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, তবে তিনি সামাজিক মাধ্যমে ঠিক তেমনই তথ্য পরিবেশনকারী পেজ বা উৎস খুঁজে পাবেন। কিন্তু বস্তুনিষ্ঠ বাস্তবতা এবং মনগড়া তথ্যের মধ্যে পরিষ্কার পার্থক্য রয়েছে।

    বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচারের চিত্র তুলে ধরে ডা. জাহেদ উর রহমান জানান, সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম পর্যালোচনায় প্রায় ৪৫০টি পরিকল্পিত অপপ্রচার বা ডিসইনফরমেশন ক্যাম্পেইন শনাক্ত করা হয়েছে। যার মধ্যে প্রায় ১৫০টি অপপ্রচার সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চালানো হয়েছিল।

    ভুল তথ্য রোধে শুধু গতানুগতিক প্রতিকারমূলক ব্যবস্থার ওপর ভরসা না করে সাধারণ মানুষকে সচেতন করে তোলার ওপর জোর দেন তথ্য উপদেষ্টা। তার মতে, জনগণের সচেতনতাই পারে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আগে থেকেই প্রতিরোধ করতে।

  • এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: স্থান পরিবর্তন ও নতুন তারিখ ঘোষণা

    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: স্থান পরিবর্তন ও নতুন তারিখ ঘোষণা

    চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর (শনিবার) প্রকাশিত হবে। তবে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের সুবিধার্থে এ বছর ফলাফল প্রকাশ অনুষ্ঠানের নির্ধারিত ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে।

    পূর্বে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে তা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হলেও ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসছে না।

    অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে তাদের ফলাফল জানতে পারবেন।

  • বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি: বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার

    বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি: বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার

    বাণিজ্য, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং পর্যটনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও স্পেন। সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার রূপরেখা নিয়ে আলোচনা হয়।

    গত বুধবার (২৮ অক্টোবর) মাদ্রিদে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং স্পেনের পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক প্রতিমন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিওর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং বাণিজ্য মেলা বা প্রদর্শনীর আয়োজনের ওপর বিশেষ জোর দেয়। এছাড়া সৃজনশীল অর্থনীতি এবং পর্যটন খাতের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতেও একযোগে কাজ করার সম্ভাবনা খতিয়ে দেখা হয়।

    স্পেনে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন পথ তৈরির আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপস’ উদ্যোগে স্পেনকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

    স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেলিও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে সংস্কৃতি ও খেলাধুলাকে শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়। এ সময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, আলোচনাধীন চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করা এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশ-স্পেন পররাষ্ট্র দপ্তর পর্যায়ের দ্বিতীয় দফা পরামর্শ বৈঠক আয়োজনের বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছে।

  • ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান: কফি শপের নামে গড়ে ওঠা ‘মাদকের হাট’ ও অপরাধের অভয়ারণ্য

    ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান: কফি শপের নামে গড়ে ওঠা ‘মাদকের হাট’ ও অপরাধের অভয়ারণ্য

    রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এখন আর সাধারণ দর্শনার্থী বা শিক্ষার্থীদের নিরাপদ বিচরণের জায়গা নেই। উদ্যানের ভেতর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘কফি শপ বা ফুড কোর্ট’ প্রকল্প এখন মাদকসেবী, বিক্রেতা ও বিভিন্ন অপরাধচক্রের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে অপরিকল্পিতভাবে নির্মিত এসব স্থাপনা এখন সমাজবিরোধীদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের ২৫ জুনের হাইকোর্টের রায় অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ৭টি স্থান চিহ্নিত ও সংরক্ষণ করার কথা ছিল। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিবাজ প্রধান প্রকৌশলী শামীম আখতারের নেতৃত্বে বাণিজ্যক উদ্দেশ্যে কফি শপ ও টয়লেট নির্মাণের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হয়। পরবর্তী সময়ে পরিবেশ ও নগর পরিকল্পনাবিদদের প্রতিবাদের মুখে কাজ বন্ধ হয়ে গেলেও নির্মিত পরিত্যক্ত স্থাপনাগুলো এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

    প্রতিদিন সন্ধ্যার পর মুক্তমঞ্চ, কালীমন্দির, ছবির হাট, লেকপাড়, টিএসসি ও চারুকলা সংলগ্ন গেট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের পেছনের অংশগুলোতে বসেন মাদক ব্যবসায়ীরা। হেরোইন, গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলের মতো মাদকের অবাধ বেচাকেনা চলে এখানে।
    নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাচালক জানান, রাতে মুক্তমঞ্চ এলাকায় প্রকাশ্যে গাঁজার আসর বসে। এক পুরিয়া গাঁজা বিক্রি হয় ১০০ টাকায়। আর পার্কের বিভিন্ন পয়েন্টে অন্তত ১০ জন মূলহোতার নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি চক্র এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। ৫ আগস্টের পর চাঁদাবাজদের হাতবদল হলেও মাদকের সিন্ডিকেট ও চাঁদাবাজি থেমে নেই।

    মাদক ব্যবসার পাশাপাশি উদ্যানজুড়ে চলছে ছিনতাই, ব্ল্যাকমেইল ও অসামাজিক কার্যকলাপ। গত বছর এই উদ্যানেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এরপর কিছু সিসিটিভি ক্যামেরা ও আলোর ব্যবস্থা করা হলেও তা স্থায়ী হয়নি। অভিযোগ রয়েছে, কতিপয় শিক্ষার্থীসহ একটি চক্র বান্ধবীদের ফাঁদ হিসেবে ব্যবহার করে দর্শনার্থীদের ব্ল্যাকমেইল ও সর্বস্ব লুটে নিচ্ছে।

    দর্শনার্থী ও স্থানীয়রা বলছেন, উদ্যানের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ক্যাম্প ও অফিস থাকলেও তাদের নিষ্ক্রিয়তা এবং উদাসীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। প্রাতঃভ্রমণে আসা সুফিয়া বেগম আক্ষেপ করে বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান আমাদের জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে মাদক ও অপরাধের এমন রমরমা রাজ্য গড়ে ওঠা জাতির জন্য লজ্জাজনক।”

    উদ্যানে অপ্রয়োজনীয় ও আদালতের নির্দেশনা পরিপন্থী স্থাপনা নির্মাণের বিষয়ে নিরীক্ষা কমিটির সদস্য ও প্রখ্যাত নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, “আমাদের মূল ডিজাইনে কোনো খাবার দোকান বা টয়লেট ছিল না। আদালত সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল ঐতিহাসিক সাতটি স্থান সংরক্ষণ করে অন্যান্য স্থাপনা উচ্ছেদ করতে। কিন্তু গণপূর্ত বিভাগ আদালতের নির্দেশনা অমান্য করে এসব অপ্রয়োজনীয় স্থাপনা তৈরি করেছে।”

    বর্তমানে পরিত্যক্ত ও অপরাধের আখড়ায় পরিণত হওয়া এসব স্থাপনা ভেঙে ফেলা হবে নাকি পুনরায় কফি শপ চালু করা হবে—তা নিয়ে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছে না। তবে অবিলম্বে সোহরাওয়ার্দী উদ্যানকে সব ধরনের অপরাধ, মাদক ও চাঁদাবাজমুক্ত করে এর ঐতিহাসিক মর্যাদা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

  • চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার

    চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার

    চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃজনে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    জেলা সমাজসেবা কমপ্লেক্সের মধুমতি সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন।

    সেমিনারের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শোভন সরকার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মিজানুর রহমান।

    গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা সেমিনারটি সঞ্চালনা করেন।

  • তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের পর মন্তব্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের পর মন্তব্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকার তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক জানার পর এ বিষয়ে কথা বলা হবে। একটি প্রাথমিক তদন্ত সম্পন্ন হতে হবে এবং লাশের ময়নাতদন্ত চলছে। সবকিছু জেনেই আমরা এ বিষয়ে বক্তব্য দেবো।’ তাহসিফের মৃত্যুর পেছনে কোনো শত্রুতা রয়েছে কি না কিংবা এ নিয়ে বিভিন্ন মহলের নানা অনুমানের বিষয়েও একই কথা জানান তিনি।

    এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল বৃদ্ধি এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সরকার কাজ করছে। এছাড়া পুলিশে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।

    তিনি আরও উল্লেখ করেন, অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের গ্রেপ্তার এবং তদন্তের কাজে পুলিশ তৎপর রয়েছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কার এবং অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সম্পূর্ণ শৃঙ্খলার মধ্যে রেখেই পরিচালনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে সাবেক এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

  • ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আসছে ১ নভেম্বর জাতীয় যুব দিবস

    ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আসছে ১ নভেম্বর জাতীয় যুব দিবস

    আগামী ১ নভেম্বর দেশজুড়ে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় যুব দিবস ২০২৬’। দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে এ বছরও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।

    এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দিবসের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে জানান, এবারের যুব দিবসের মূল প্রতিপাদ্য হলো— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দেশের যুবদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে দেওয়া হবে মর্যাদাপূর্ণ ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’।

    আগামী ১ নভেম্বর সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, যুব দিবসের অংশ হিসেবে জ্বালানি সংকট মোকাবেলায় দেশব্যাপী ১২,০০০ রিনিউয়েবল ও পরিবেশবান্ধব টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। এছাড়া, যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ১ নভেম্বর ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি বিশাল ‘জব ফেয়ার’ (চাকরি মেলা) আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে পর্যায়ক্রমে ৩,০০০ থেকে ৫,০০০ বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

    প্রধান অনুষ্ঠানের পূর্বপ্রস্তুতি হিসেবে আগামী ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হবে। সরকারের যুববান্ধব প্রশিক্ষণ, যুব ঋণ ও বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

    কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়েও সপ্তাহব্যাপী বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

    পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম

    খালখনন কর্মসূচি

    স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

    ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    সহজ শর্তে যুব ঋণ বিতরণ ইত্যাদি।

  • বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী

    বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী

    বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ও বেহেশতের টিকিট বিক্রি করে জামায়াত বিরোধী দলের আসনে বসেছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

    বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আয়োজিত যুব সমাবেশে তিনি একথা বলেন।

    এসএম জিলানী বলেন, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ও বেহেশতের টিকিট বিক্রি করে জামায়াত বিরোধী দলের আসনে বসেছে। ভেবেছিলাম সংসদের বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কিন্তু তাদের মুখে একটা, অন্তরে আরেকটা। একাত্তরের পরাজিত শক্তি সংসদে দাঁড়িয়ে এক কথা বলে, আর সংসদের বাইরে গিয়ে আরেক কথা বলে।

    তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট বিএনপি সরকারের সৃষ্টি নয়। অথচ সংসদের বাইরে এসে এই সংকটের জন্য সরকারের পতনের দাবি তোলা হচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে লংমার্চও শুরু করেছে তারা। কিন্তু তাদের বোঝা দরকার একটি গণতান্ত্রিক সরকারকে সংকট মোকাবিলার জন্য ন্যূনতম সময় দেওয়া উচিত। তারপর আপনারা আন্দোলন করেন। কারন আমরা ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে লড়াই-সংগ্রাম করেছি। সেই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজ বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

    এসএম জিলানী গ্যাস সংকট প্রসঙ্গে বলেন, বিগত ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আমদানিনির্ভর গ্যাসের ওপর নির্ভর করেছে। বঙ্গোপসাগরে থাকা গ্যাসকূপ থেকে গ্যাস উত্তোলনের কার্যকর উদ্যোগ নেয়নি। বিএনপি সরকার ক্ষমতায় এসে ১৫০টি গ্যাসকূপের মধ্যে ৩০টির কাজ শুরু করেছে। বাকি ১২০টির কাজও শিঘ্রই শুরু হবে।

    যুব সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সহ-সভাপতি জিল্লাল শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।