Blog

  • আইইডিসিআর পরিচালককে মারধর: ডা. জাহিদের সদস্যপদ স্থগিত করল ড্যাব

    আইইডিসিআর পরিচালককে মারধর: ডা. জাহিদের সদস্যপদ স্থগিত করল ড্যাব

    রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিজ কার্যালয়ে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোবিজ) নোটিস দেওয়া হয়েছে।

    বুধবার (২৮ অক্টোবর) বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

    এর আগে বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির অফিস কক্ষে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অধ্যাপক জাকি গণমাধ্যমকে জানান, “আমার এখানে হামলা হয়েছে। এটি একটি সরকারি অফিস। যেহেতু সরকারি অফিসে হামলা হয়েছে, সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।”

    ঘটনার পর ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল মন্তব্য করেছিলেন যে, হামলাকারী ও ভুক্তভোগী উভয়েই ড্যাবের আজীবন সদস্য এবং বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সংগঠনের নাম বা প্রভাব ব্যবহার করে এমন ঘটনা ঘটানো হলে ড্যাব জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    সেই হুশিয়ারির পরই ডা. জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় সংগঠনটি। ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সই করা কারণ দর্শানোর নোটিসে বলা হয়, আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হলো। পাশাপাশি, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর তার যথাযথ জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • রেঞ্জার আবির ও ডিএফও সিন্ডিকেটের থাবায় বিপন্ন প্রকৃতি ও বন্য হাতি

    রেঞ্জার আবির ও ডিএফও সিন্ডিকেটের থাবায় বিপন্ন প্রকৃতি ও বন্য হাতি

    চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ঐতিহ্যবাহী চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। দায়িত্বপ্রাপ্ত কিছু অসাধু বন কর্মকর্তার সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের কারণে দেশের অন্যতম প্রাচীন এই বনাঞ্চল আজ ধ্বংসের মুখে। এই পুরো অপকর্মের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন চুনতি রেঞ্জের ফরেস্ট রেঞ্জার আবির হাসান এবং একটি শক্তিশালী সিন্ডিকেট।

    চাকরি লাভ থেকে বেপরোয়া হয়ে ওঠা

    অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের মার্চ মাসে চাকরিতে যোগ দেওয়া রেঞ্জার আবিরের বাড়ি মাগুরা জেলায়। অভিযোগ রয়েছে, সাবেক সরকারের প্রভাবশালী এক সংসদ সদস্যকে মোটা অংকের উৎকোচ দিয়ে বিতর্কিত সুপারিশের মাধ্যমে তিনি বন অধিদপ্তরে চাকরি বাগিয়ে নেন। যোগদানের পর থেকেই কাঠ পাচার, অবৈধ বালু উত্তোলন, সংরক্ষিত বনের জমি বিক্রি এবং পাহাড় কাটার মতো গুরুতর অপরাধের সাথে জড়িয়ে পড়েন তিনি। গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ পেলেও বন অধিদপ্তরের পক্ষ থেকে দৃশ্যমান কোনো বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় তার বেপরোয়া আচরণ আরও বেড়ে গেছে।

    চার বিটে চলছে অনিয়মের মহোৎসব

    রেঞ্জার আবিরের প্রত্যক্ষ মদদে চুনতি রেঞ্জের সাতগড়, হারবাং, বড়ইতলী ও বড় হাতিয়া বিটে চলছে বনাঞ্চল ধ্বংসের নজিরবিহীন উৎসব। বনদস্যু ও ভূমিগ্রাসীদের নিয়মিত ‘সাপ্তাহিক টোকেন’ বা বিশেষ স্লিপ দিয়ে এসব অপরাধ পরিচালনা করা হয়। এই অবৈধ বাণিজ্যের একটি বড় অংশ চলে যায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দেলোয়ার হোসেন এবং বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ সোহেল রানার পকেটে।

    প্রকল্পের অর্থ লোপাট ও ভুয়া বিল-ভাউচার

    বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘সুফল’ (SUFAL) প্রকল্পের মাধ্যমে পরিবেশ ও বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হলেও রেঞ্জার আবিরের গাফিলতিতে তা ভেস্তে গেছে। এছাড়া, ২০২৫-২০২৬ অর্থবছরে বন্য হাতির খাদ্য সংকট নিরসন ও বাগান সৃজনের জন্য বরাদ্দকৃত অর্থ কোনো দৃশ্যমান কাজে ব্যবহার করা হয়নি। অভিযোগ রয়েছে, ডিএফও সোহেল রানা ও রেঞ্জার আবির হাসান পরস্পর যোগসাজশে শতভাগ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে এই সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

    অভ্যন্তরীণ কর্মচারীদের তথ্যমতে, বরাদ্দের ৫৫ শতাংশ টাকাই ডিএফও ও রেঞ্জ কর্মকর্তা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন। মাঠপর্যায়ের বিট কর্মকর্তাদের নামমাত্র ৪৫ শতাংশ দেওয়া হলেও ঠিকাদারি কাজের কোনো অর্থই তাদের বরাদ্দ দেওয়া হয়নি। বনভূমি ড্রোন বা ফিতা দিয়ে পরিমাপ করলেই এই বিশাল দুর্নীতির সত্যতা মিলবে বলে জানান সংশ্লিষ্টরা।

    পরিবেশগত বিপর্যয় ও বন্য হাতির সংকট

    সংরক্ষিত বন উজাড় ও হাতির চলাচলের ঐতিহাসিক করিডোর ধ্বংস হওয়ার কারণে অভয়ারণ্যে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে দলছুট এশীয় হাতির পাল প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে, যার ফলে মানুষ ও হাতির সংঘাত দিন দিন বাড়ছে। অন্যদিকে, পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার ফলে প্রাকৃতিক জলাধার নষ্ট হচ্ছে এবং গভীর গর্তে পড়ে বন্য হাতির শাবকের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে।

    বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে চলা এই ধ্বংসলীলা অবিলম্বে বন্ধ করতে এবং দুর্নীতিবাজ রেঞ্জার আবির হাসান ও ডিএফও সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা।

  • গাজীপুরের রাজেন্দ্রপুর ডাকবাংলোয় সড়ক সচিবের নেতৃত্বে বদলি বাণিজ্য ও কোটি টাকার লেনদেনের চাঞ্চল্যকর তথ্য

    গাজীপুরের রাজেন্দ্রপুর ডাকবাংলোয় সড়ক সচিবের নেতৃত্বে বদলি বাণিজ্য ও কোটি টাকার লেনদেনের চাঞ্চল্যকর তথ্য

    গাজীপুরের রাজেন্দ্রপুর ডাকবাংলোয় সময় কাটানোর নামে সড়ক বিভাগের বিভিন্ন স্তরের প্রকৌশলীদের বদলি বাণিজ্যে, পূর্বপরিকল্পিত পদায়ন তালিকা তৈরি ও বিপুল অঙ্কের অর্থের লেনদেনের তথ্য মিলেছে। অনুসন্ধানে জানা যায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক ডাকবাংলোর এই আয়োজনে উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে বদলি বাণিজ্যে, পদায়ন তালিকা তৈরি ও অর্থের লেনদেনের মূলহোতা ছিলেন তিনি। গত ২২ আগস্ট সড়ক পরিদর্শনের নামে গাজীপুরের আয়োজিত ওই ডাকবাংলোয় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও শিক্ষা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের একাধিক কর্মকর্তা।

    ডাকবাংলোয় বসেই পুরো সড়ক বিভাগের বদলি ও পদায়নের একটি তালিকা তৈরি করা হয় এবং সেই অনুযায়ী পরদিনই বদলি-পদায়নের আদেশ জারি করা হয়। এই বদলি প্রক্রিয়ায় বিপুল অঙ্কের অর্থের লেনদেন হয়, যার একটি অংশ ঘটনাস্থলেই নগদে সম্পন্ন হয়। তবে বড় অঙ্কের লেনদেনগুলো হয় ‘ক্যাশ চেক’ এবং মৌখিক অঙ্গীকারের ভিত্তিতে।

    নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একাধিক গোয়েন্দা সংস্থার অনুসন্ধানেও এসব ঘটনার সত্যতা উদঘাটিত হয়েছে। এই বিষয়ে সড়ক সচিব ড. মো. জিয়াউল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করতে পারেননি, আবার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও দিতে পারেননি।

    এ ঘটনার পরপরই সড়ক সচিব জিয়াউল হকের স্ত্রী ড. নূরুন্নাহার চৌধুরী পরিকল্পনা কমিশনের সদস্য পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন পান। ডাম্পিং পদে থাকা এই কর্মকর্তাকে হঠাৎ গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে পদায়ন করাকে কেন্দ্র করে নানা গুঞ্জন তৈরি হয়েছে। সম্প্রতি বিমান মন্ত্রণালয়ের অধীনে বড় বড় কেনাকাটা, বিমানবন্দর নির্মাণসহ বিভিন্ন বড় বিনিয়োগ ও প্রশ্নবিদ্ধ ব্যয়ের মৌসুম চলছে। ঠিক এই সময়েই নূরুন্নাহার চৌধুরীর এ পদায়নকে অনেকেই স্বামীর ‘বদলি বাণিজ্যের পারফরম্যান্সে’র পুরস্কার হিসেবে দেখছেন।

    ড. নুরুন্নাহার চৌধুরীকে বিগত বিএনপি সরকারের আমলেই একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় (নৌপরিবহন মন্ত্রণালয়) থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য পদে পদায়ন করা হয়েছিল। সচিব হিসেবে আশানুরূপ পারফরম্যান্স না দেখানো এবং দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ডাম্পিং পদে পাঠানো হয়। তা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ একজন বিতর্কিত কর্মকর্তাকে বিমানে সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে প্রশ্ন উঠেছে।

    বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রাজেন্দ্রপুর ডাকবাংলোয় যে লেনদেন হয়েছে, তার একটি ক্ষুদ্র অংশ পেয়েছেন সড়ক সচিব এবং তার বিশ্বস্ত উর্ধ্বতন কর্মকর্তারা। তবে সিংহভাগ অর্থই চলে গেছে নেপথ্যের একটি প্রভাবশালী মহলের কাছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বদলি বাণিজ্যের বড় অঙ্ক পেয়ে সন্তুষ্ট হয়েই সেই প্রভাবশালী মহলটি সচিবের স্ত্রীকে বিমানে পদায়নের ব্যবস্থা করে দিয়েছে। অথচ ড. জিয়াউল হক এবং তার স্ত্রী নূরুন্নাহার চৌধুরী উভয়কেই আগের সরকারের ঘনিষ্ট কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর তারা সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখেও পড়েছিলেন। তাছাড়া নূরুন্নাহার চৌধুরী বহুল আলোচিত সায়লা ফারজানার ‘মায়াবতী’ গ্রুপের অন্যতম সদস্য এবং জিয়াউল হক তৎকালীন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ অর্থ সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন। এ অবস্থায় বর্তমান প্রশাসনেও জিয়াউল হক কার স্বার্থ রক্ষায় কাজ করছেন, তা নিয়ে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

    প্রকাশিত এসব প্রতিবেদনের বিষয়ে জানতে ড. মো. জিয়াউল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের অতীত ও বর্তমান কাজের সাফাই দেওয়ার চেষ্টা করেন। নিজেকে একজন মেধাবী, সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সৎ কর্মকর্তা দাবি করে তিনি এসব অভিযোগ এড়ানোর চেষ্টা করেন।

  • পেট্রোবাংলার পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

    পেট্রোবাংলার পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

    রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস.এম. মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বদলি ও পদোন্নতিতে অনিয়ম এবং রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পেট্রোবাংলার ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

    বিতর্কের সূত্রপাত যেভাবে
    স্মারকলিপির তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পেট্রোবাংলা ভবনের প্রধান ফটকে টানানো একটি শোক ব্যানার অপসারণকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে, পরিচালক (প্রশাসন) নিজে উপস্থিত থেকে ব্যানারটি নামিয়ে ফেলার নির্দেশ দেন, যা সাধারণ কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

    বদল ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ
    অভিযোগপত্রে বলা হয়েছে, বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তা এস.এম. মাহবুব আলম বিগত সরকারের আমলে বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঠিক আগে তিনি পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) পদে যোগ দেন। তাঁর বিরুদ্ধে পেট্রোবাংলা ও অধীনস্থ ১০টি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বদলি, প্রেষণ, পদোন্নতি ও প্রশিক্ষণের ফাইল আটকে রেখে একটি বিশেষ চক্রের মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি, কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের মতামত উপেক্ষা করে এককভাবে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ারও অভিযোগ তুলেছে কর্মচারী ফেডারেশন।

    ১০ দফা দাবি ও আন্দোলনরতদের হুঁশিয়ারি
    পরিস্থিতি শান্ত করতে এবং স্বচ্ছতা আনতে ১০ দফা দাবি জানিয়েছে আন্দোলনরত কর্মচারী ফেডারেশন। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

    ব্যানার অপসারণের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন।

    তদন্তকালে প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিচালককে সাময়িক দায়িত্ব থেকে প্রত্যাহার।

    বিগত কয়েক বছরের পদোন্নতি, বদলি ও কেনাকাটার নথিপত্র অডিট করা।

    সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তাঁর সম্পদের উৎস অনুসন্ধান।

    কর্মচারীদের হুঁশিয়ারি, দ্রুত সুষ্ঠু সমাধান না হলে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি পরীক্ষা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কার্যালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    অভিযুক্তের বক্তব্য
    সার্বিক বিষয়ে অভিযুক্ত পরিচালক এস.এম. মাহবুব আলম মুঠোফোনে জানান, শোক ব্যানারটি দীর্ঘ ৫-৬ মাস ধরে ঝুলছিল এবং নোংরা হয়ে পড়েছিল। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে এবং নতুন ব্যানার লাগানোর উদ্দেশ্যেই সেটি সরাতে বলা হয়েছিল। এছাড়া নিয়োগ, বদলি বা কেনাকাটার প্রক্রিয়ায় একক সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার তাঁর নেই দাবি করে তিনি জানান, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন এবং যেকোনো তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

    অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • ময়মনসিংহে পাঁচ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাংবাদিকদের নতুন আন্দোলন ৭ দফা কর্মসূচি ঘোষণা

    ময়মনসিংহে পাঁচ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাংবাদিকদের নতুন আন্দোলন ৭ দফা কর্মসূচি ঘোষণা

    ময়মনসিংহ অঞ্চলে গত তিন বছরে সংঘটিত পাঁচ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং পেশাগত নিরাপত্তার দাবিতে নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকেরা। লাগাতার হত্যাকাণ্ড, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগের মুখে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সাত দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

    আগামী ২ নভেম্বর নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর পর্যায়ক্রমে জামালপুর জেলা ও ময়মনসিংহ নগরীতেও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

    চলমান এই আন্দোলনের মূল কেন্দ্রে রয়েছেন গত তিন বছরে প্রাণ হারানো পাঁচ সংবাদকর্মী:

    লুৎফুজ্জামান আলিফ ফকির (দুর্গাপুর, নেত্রকোনা)

    গোলাম রব্বানী নাদিম (বকশীগঞ্জ, জামালপুর)

    শেলু আকন্দ (জ্যেষ্ঠ সাংবাদিক, জামালপুর)

    আসাদুজ্জামান তুহিন (স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের কাগজ, গাজীপুর)

    স্বপন ভট্টাচার্য (ময়মনসিংহ নগরী)

    নেপথ্য কারণ ও তদন্তে বিশেষ কমিটি
    প্রতিটি হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ, হামলাকারী ও পরিকল্পনাকারীদের পরিচয় এবং মামলার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জোরালো দাবি উঠেছে। বিশেষ করে সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিক আগে হুমকি পেয়েছিলেন কি না এবং প্রশাসন কী ব্যবস্থা নিয়েছিল—তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি জ্যেষ্ঠ সাংবাদিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে চার জেলার পাঁচটি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ও হুমকির ঘটনায় পুলিশের পদক্ষেপ নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    প্রথম ধাপ: আগামী ২ নভেম্বর সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন।

    যাতায়াত ব্যবস্থা: ময়মনসিংহের সাংবাদিকদের অংশগ্রহণের জন্য ওই দিন সকাল ১০টায় পাটগুদাম ব্রিজ মোড় থেকে দুটি বাস ছেড়ে যাবে। এছাড়া বিভাগের অন্যান্য জেলা-উপজেলা থেকেও সাংবাদিকেরা নিজস্ব ব্যবস্থাপনায় যোগ দেবেন।

    সংগঠনটির চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক জানান, সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা চরম ঝুঁকিতে পড়বে। তাই দল-মত নির্বিশেষে সব সাংবাদিক সংগঠনকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • কেরানীগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে ১১-১২ তলা ভবনে বিদ্যুৎ সংযোগ

    কেরানীগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে ১১-১২ তলা ভবনে বিদ্যুৎ সংযোগ

    কেরানীগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর শুভাঢ্যা জোনাল অফিসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনিয়মের সিন্ডিকেট। গ্রাম ইলেকট্রিশিয়ান শাহ আলমের বিরুদ্ধে কদমতলী খালপাড় সংলগ্ন এলাকার একাধিক ১১ থেকে ১২ তলা বহুতল ভবনে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিয়মনীতি বা কারিগরি শর্ত না মেনেই এসব সংযোগ দেওয়া হচ্ছে।

    অনিয়ম ও হয়রানির অভিযোগ
    স্থানীয় সূত্রের দাবি, কদমতলী খালপাড় সড়কের পাশের বেশ কিছু বহুতল ভবনে অনুমোদিত লোড, কারিগরি যাচাই এবং বৈদ্যুতিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করেই গোপনে সংযোগ স্থাপন করা হয়েছে বা কাজ চলছে। অভিযোগ রয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজগুলো করছেন শাহ আলম। এছাড়া সাধারণ গ্রাহকদের মিটার সংযোগ দেওয়ার কথা বলেও অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

    যা বলছেন অভিযুক্ত ইলেকট্রিশিয়ান
    এ বিষয়ে গ্রাম ইলেকট্রিশিয়ান শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বহুতল ভবনগুলোতে বিদ্যুৎ সংযোগের কাজ চলার কথা অকপটে স্বীকার করেন। তবে নিজের সাফাই গেয়ে তিনি বলেন, একা এই সুবিধার পুরোটা তিনি নেন না; বরং বিদ্যুৎ অফিসকে ম্যানেজ করেই এই কাজগুলো করা হচ্ছে।

    কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারি
    পুরো বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) গোলাম কাউসার তালুকদারের সঙ্গে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফায়ার সার্ভিসের অনুমোদনপত্র ছাড়া ১১ থেকে ১২ তলা ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোনো নিয়ম নেই।

    জিএম আরও বলেন, “শুভাঢ্যা বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তা যদি এই অনিয়মের সঙ্গে জড়িত থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বহিরাগত ইলেকট্রিশিয়ান শাহ আলম বা যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইনের আওতায় আনা হবে।”

  • পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির ডেসপাচ ও ১০ দফা দাবি

    পরিচালক মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির ডেসপাচ ও ১০ দফা দাবি

    রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস.এম. মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বদলি ও পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম এবং রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ‘বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন’ (রেজিঃ নং- বি-১৮৩৮)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

    স্মারকলিপিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পেট্রোবাংলা ভবনের প্রধান ফটকে স্থাপিত একটি শোক ব্যানার অপসারণকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, পরিচালক (প্রশাসন) নিজে উপস্থিত থেকে ব্যানারটি সরিয়ে ফেলার নির্দেশ দেন, যা সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

    লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তা এস.এম. মাহবুব আলম বিগত সরকারের সময় বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার গণআন্দোলনের পূর্বে তিনি পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) পদে নিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি পেট্রোবাংলা এবং এর অধীনস্থ ১০টি কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের বদলি, প্রেষণ, পদোন্নতি এবং প্রশিক্ষণের ফাইল দীর্ঘ সময় আটকে রেখে একটি বিশেষ চক্রের মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন। একই সাথে, অধীনস্থ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের মতামতকে তোয়াক্কা না করে এককভাবে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগও রয়েছে স্মারকলিপিতে।

    এই পরিস্থিতির প্রেক্ষিতে কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ১০ দফা দাবি পেশ করা হয়েছে। যার মধ্যে প্রধান দাবিগুলো হলো—ব্যানার অপসারণের ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা, তদন্ত চলাকালীন প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিচালক (প্রশাসন)-কে সাময়িক ভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা, বিগত কয়েক বছরের পদোন্নতি, বদলি এবং কেনাকাটার নথিপত্র অডিট করা এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার মাধ্যমে তাঁর সম্পদের অনুসন্ধান করা।

    সার্বিক বিষয়ে অভিযুক্ত পরিচালক (প্রশাসন) এস.এম. মাহবুব আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত শোক ব্যানারটি দীর্ঘ ৫-৬ মাস ধরে সেখানে ঝুলছিল এবং নোংরা হয়ে পড়েছিল। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন ব্যানার স্থাপনের উদ্দেশ্যেই তিনি সেটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নিয়োগ, বদলি বা কেনাকাটার প্রক্রিয়ায় তাঁর একক সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি এখতিয়ার নেই বলে দাবি করে তিনি জানান, তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন এবং তিনি যে কোনো ধরনের তদন্তের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত।

    এদিকে সামগ্রিক বিষয়ে বক্তব্য জানতে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    আন্দোলনরত কর্মচারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির দ্রুত ও সুষ্ঠু সমাধান না হলে প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে মারাত্মক অচলাবস্থা তৈরি হতে পারে।

    উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক দেওয়ান মওদুদ আহমেদের ১৭ অক্টোবর ২০২৬ তারিখে স্বাক্ষরিত স্মারক নং ০৩.০০.০০০০.০০০.০৭৮.৯৯.০০০৯.২৬ (অংশ-১)-৮০ এর মাধ্যমে জানা যায় যে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বর্ণিত বিষয়টি পরীক্ষা করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • ময়মনসিংহের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদের বদলি ও ভিজিটিং কার্ড বিতর্ক: নেত্রকোনায় নতুন কর্মস্থল নিয়ে স্থানীয়দের উদ্বেগ

    ময়মনসিংহের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদের বদলি ও ভিজিটিং কার্ড বিতর্ক: নেত্রকোনায় নতুন কর্মস্থল নিয়ে স্থানীয়দের উদ্বেগ

    ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার মো. জাহিদ হাসানের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় বদলির খবরকে কেন্দ্র করে তাঁর পূর্বের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে। বিশেষ করে, ভিজিটিং কার্ড বিতরণ ও এর বিনিময়ে টাকা লেনদেনের একটি অভিযোগ স্থানীয় পর্যায়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় মো. জাহিদ হাসান প্রায় চার শতাধিক মানুষকে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, চুক্তিবদ্ধ ব্যক্তিরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিজিটিং কার্ড হাতে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন এবং দিনশেষে কার্ড জমা দেওয়ার পর তাঁদের নির্ধারিত অর্থ পরিশোধ করা হতো।

    এই কার্যক্রমের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, এর সঙ্গে কারা জড়িত ছিলেন এবং অর্থের উৎসই বা কোথায়—এসব বিষয় নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ না করে এ ধরনের কর্মকাণ্ডে মানুষকে যুক্ত রাখা প্রশাসনিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পরিপন্থী।

    তথ্য অনুযায়ী, মো. জাহিদ হাসান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের দায়িত্ব ছেড়ে বর্তমানে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বদলি হয়েছেন। তবে এই বদলির দাপ্তরিক আদেশ, কার্যকরের তারিখ এবং নতুন কর্মস্থলে তাঁর যোগদানের বিষয়টি সংশ্লিষ্ট সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে যাচাই করা প্রয়োজন।

    যেকোনো সরকারি দায়িত্বশীল পদে কর্মরত কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের আর্থিক অনিয়ম বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। অভিযোগ প্রমাণিত হলে যেমন সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত, তেমনি যথাযথ প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করাও সমীচীন নয়।

    এদিকে, ময়মনসিংহের আলোচিত এই ব্যবস্থা নতুন কর্মস্থল বারহাট্টাতেও ছড়াতে পারে কি না—এমন শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। যদিও বারহাট্টায় এখন পর্যন্ত এ ধরনের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি, তবুও নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি এবং সরকারি বিধিবিধান কঠোরভাবে অনুসরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • অপূর্ণ সেঞ্চুরির আক্ষেপ, তবুও সাদমানের দৃঢ়তায় প্রথম দিন নিজেদের করে নিল বাংলাদেশ

    অপূর্ণ সেঞ্চুরির আক্ষেপ, তবুও সাদমানের দৃঢ়তায় প্রথম দিন নিজেদের করে নিল বাংলাদেশ

    আলোক স্বল্পতা বাধা না হয়ে দাঁড়ালে হয়তো ঢাকা টেস্টের প্রথম দিনেই ক্যারিয়ারের আরেকটি দারুণ সেঞ্চুরি উদ্‌যাপন করতে পারতেন সাদমান ইসলাম। ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় তাঁর মুচকি হাসি ও মাথা নাড়ানোর ভঙ্গিই বলে দিচ্ছিল, সেঞ্চুরিটা কেবল সময়ের ব্যাপার ছিল। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে না পারার আক্ষেপ থাকলেও, সাদমানের এই অবিচল ইনিংসের সুবাদে প্রথম দিন শেষে স্বস্তিতেই রয়েছে বাংলাদেশ।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান। দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা সাদমানের সঙ্গে ৭ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস।

    দিনটির শুরুটা অবশ্য বেশ কঠিন ছিল। ক্যারিবীয় দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের আগুনে গতি ও নিখুঁত লাইন-লেন্থের সামনে কঠিন পরীক্ষায় পড়তে হয় সাদমানকে। দলের নিয়মিত ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে শুরুর দিকে তানজিদ হাসান তামিম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরেন। এর মধ্যে মুমিনুল ও শান্তর উইকেটগুলো ছিল কিছুটা বাজে শটের খেসারত।

    সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে ঠান্ডা মাথায় লড়ে যান সাদমান। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভিত গড়েন তিনি। তবে ৪২ রান করা হৃদয় চোট পেয়ে মাঠ ছাড়লে দলের ইনিংসে কিছুটা ছন্দপতন ঘটে। তা সত্ত্বেও দমে না গিয়ে নতুন ব্যাটার লিটন দাসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা নিরাপদে পার করেন এবং দলের রানের চাকা সচল রাখেন এই বাঁহাতি ওপেনার।

  • মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে নতুন সামরিক অভিযানের শঙ্কা, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল ওয়াশিংটন

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে নতুন সামরিক অভিযানের শঙ্কা, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল ওয়াশিংটন

    আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে উপসাগরীয় অঞ্চলের একাধিক আরব দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মূল অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাসমূহে বড় ধরনের হামলা চালানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি, তবে উপসাগরীয় মিত্রদের প্রতি ওয়াশিংটনের এই আগাম সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন এই অভিযানে ইসরায়েলও সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।

    ইরানের পক্ষ থেকে সম্ভাব্য পাল্টা আক্রমণ ও ঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে—

    অঞ্চলটিতে অতিরিক্ত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করা হচ্ছে।

    ঝুঁকিপূর্ণ সামরিক ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।

    গোলাবারুদের মজুত নতুন করে পূর্ণ করার পাশাপাশি অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

    দুই দেশের মধ্যকার মধ্যস্থতার আলোচনা বর্তমানে পুরোপুরি অচলাবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতির জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তেহরান মার্কিন শর্ত মেনে না নিলে পুনরায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

    এর আগে গত ১ সেপ্টেম্বর ইরানি ভূখণ্ডে বড় ধরনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে বিভিন্ন সময়ে ইরানি ট্যাংকার ও জলযানেও আক্রমণ চালানো হয়। এর জবাবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নির্ধারিত রুট ব্যবহার করে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে গুলি চালিয়েছে ইরান; কারণ তেহরান এই রুটটিকে অবৈধ বলে বিবেচনা করে।

    মার্কিন হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যেকোনো মূল্যে মাতৃভূমি রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তাদের আরও বড় ধরনের কৌশলগত ব্যর্থতার মুখে পড়তে হবে।

    পাশাপাশি, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি-র এক ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, যেকোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য তেহরান এখন পুরোপুরি প্রস্তুত।