Blog

  • নগদ পুরস্কার ছাড়াই শুরু হচ্ছে ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা

    নগদ পুরস্কার ছাড়াই শুরু হচ্ছে ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা

    মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ বুধবার বিকেল ৩টায় পর্দা উঠছে ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা’-র। চার দিনব্যাপী এই আসরে দেশের ৭৪টি দলের প্রায় ৫৭২ জন সাঁতারু (৪৭০ পুরুষ ও ১০২ নারী) অংশ নিচ্ছেন। আগামী শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতাটি।

    তবে প্রতিযোগ শুরুর আগেই ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্য একটি বিষয়—এবার পদকজয়ীদের জন্য থাকছে না কোনো নগদ অর্থ পুরস্কার।

    পুরস্কারের খাতা শূন্য পদকজয়ীদের
    গত বছর ৩৪তম জাতীয় সাঁতারে পদকজয়ীদের জন্য আর্থিক প্রোদোদনা ছিল। যেখানে স্বর্ণপদকজয়ীরা পেয়েছিলেন ২,০০০ টাকা, রৌপ্য জয়ীরা ১,০০০ টাকা এবং ব্রোঞ্জপদকজয়ীরা ৫০০ টাকা। কিন্তু এবারের আসরে এই ক্যাটাগরিতে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি।

    এ বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের কাছে কারণ জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি জানান, রেকর্ডধারীদের জন্য ৫,০০০ টাকার পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও গত বছরও রেকর্ড গড়ার জন্য সমপরিমাণ অর্থ দেওয়া হতো, ফলে নতুন কোনো প্রণোদনা যুক্ত হয়নি।

    ইভেন্টে নতুন সংযোজন ও প্রতিবন্ধী সাঁতারুদের প্রদর্শনী
    এবারের প্রতিযোগিতায় মোট ৪৯টি ইভেন্টে লড়াই হবে। এর মধ্যে—

    সাঁতার: ৪২টি ইভেন্ট

    ডাইভিং: ৬টি ইভেন্ট (পুরুষ ও নারীদের ৩টি করে)

    ওয়াটার পোলো: ১টি ইভেন্ট

    ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসের নিয়ম মেনে পুরুষদের ৮০০ মিটার, নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪ গুণিতক ১০০ মিটার মিশ্র ফ্রিস্টাইল ও মিডলে রিলে ইভেন্টগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এবারের আসরের একটি বড় ইতিবাচক দিক হলো—বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য একটি বিশেষ প্রদর্শনী ইভেন্টের আয়োজন।

    উদ্বোধনী অনুষ্ঠান
    আজকের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নৌবাহিনীর প্রধান ও ফেডারেশন সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর।

  • রাণীনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    রাণীনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    নওগাঁর রাণীনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হলরুমে জনস্বাস্থ্য প্রকৌশল সুমন কুমার সমর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সুমন কুমার সমর, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জোনাব আলী, যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, সমবায় অফিসার মোঃ জাফরুল ইসলাম, রাণীনগর মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া প্রমুখ।

  • নাটোরের ছাত্রদল নেতা শাকিল হত্যা: জানাজায় এমপিকে ঘিরে উত্তেজনা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা

    নাটোরের ছাত্রদল নেতা শাকিল হত্যা: জানাজায় এমপিকে ঘিরে উত্তেজনা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা

    নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের জানাজায় বক্তব্য দেওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা। শাকিল হত্যা মামলায় এমপির ছেলেই জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হওয়ায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

    গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শাকিলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা হয়। পরে গুরুদাসপুরের পুরানপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

    নিহত শাকিলের জানাজায় বক্তব্য দেওয়ার সময় এমপি আব্দুল আজিজ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা।’ এ কথা বলার পরপরই উপস্থিত জনতার একাংশ ক্ষিপ্ত হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় তিনি দ্রুত বক্তব্য সংক্ষিপ্ত করেন।

    পরিস্থিতি শান্ত করতে মাইকে সংসদ সদস্য ঘোষণা দেন, তার ছেলেও যদি এই হত্যাকাণ্ডে জড়িত থাকে, তবে তিনি ছেলের পক্ষে না দাঁড়িয়ে নিহত শাকিলের পক্ষেই থাকবেন। এ সময় তিনি নিহতের পরিবারকে নিজের পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। তবে এই ঘোষণার পর জানাজাস্থলে আরও বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    জানাজা শেষে রাত ১১টার দিকে মুসল্লিদের একটি অংশ মিছিল নিয়ে চাঁচকৈড় বাজারে যান। সেখানে আমেরিকাপ্রবাসী রাসেলের মালিকানাধীন ‘রাশ আরবান স্টাইল’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা জড়িতদের নিশ্চিত করা যায়নি।

    জানাজায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুও বক্তব্য দেন। তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি করেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন এবং শাকিল হত্যার সঠিক বিচার নিশ্চিত করা হবে।

    মামলা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে নূর একাডেমির সামনে হেলমেট পরিহিত দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর পালানোর সময় ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

    এ ঘটনায় শাকিলের বাবা রবিউল করিম ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখায় পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেন। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদের।

  • শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

    শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড কার্যক্রম এগিয়ে নিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহম্মদ চৌধুরী। কর্মশালায় মোট ৩৫ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।

    প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে বলেন, “এটি একটি মহৎ কাজ। দল-মত, জাতি-বর্ণ নির্বিশেষে সবার সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, যাতে কেউ বাদ না পড়ে।” তিনি আরও সতর্ক করে বলেন, তথ্যে কোনো ভুল বা মিথ্যা থাকা যাবে না, কারণ ভুল তথ্যের কারণে পরবর্তীতে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। তাই সম্পূর্ণ আগ্রহ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

  • ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান: ডোপ টেস্টে পজিটিভ আসায় ৫ জনের

    ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান: ডোপ টেস্টে পজিটিভ আসায় ৫ জনের

    ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে পজিটিভ আসায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ মিললে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এবং রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

    জুয়েল মন্ডল (৩৫, ষাটবাড়িয়া গ্রাম): মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা।

    সম্রাট মির্জা (১৯, বালিয়াডাঙ্গা গ্রাম): ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা।

    মাহিন ইসলাম (২০, বালিয়াডাঙ্গা গ্রাম): ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।

    ইমন মির্জা (২৮, বালিয়াডাঙ্গা গ্রাম): ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।

    সম্রাট বিশ্বাস (২০, ঈশ্বরবা গ্রাম): ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা।

  • ব্যালন ডি’অর হাতছাড়া, ইয়ামালের কণ্ঠে আত্মবিশ্বাসের দীপ্ত ঘোষণা: ‘একদিন আমার সময় আসবেই’

    ব্যালন ডি’অর হাতছাড়া, ইয়ামালের কণ্ঠে আত্মবিশ্বাসের দীপ্ত ঘোষণা: ‘একদিন আমার সময় আসবেই’

    ব্যালন ডি’অরের মঞ্চে শীর্ষ তিনের একজন হয়ে জায়গা করে নিলেও এবার সেরার খেতাবটা অধরাই থেকে গেছে লামিন ইয়ামালের। তবে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব চুকিয়ে স্প্যানিশ এই তরুণ উইঙ্গার তাকিয়ে আছেন ভবিষ্যতের দিকে। লন্ডনের জমকালো অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবিচল আত্মবিশ্বাসের কথা জানান বার্সেলোনার এই ১৯ বছর বয়সি তারকা।

    ভোটাভুটিতে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের পেছনে থেকে তৃতীয় স্থান অর্জন করেন ইয়ামাল। পুরস্কার হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও কোনো হতাশা নেই তার মনে। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘এটা আসবেই। ভালো জিনিসের জন্য একটু সময় লাগে, আর আমি নিজের গড়া পথটার ওপর বিশ্বাস রাখি। কোনো তাড়াহুড়ো নেই। আমি আশা ও আত্মবিশ্বাসে ভরপুর যে একদিন আমার সময়ও আসবে। জয়ীদের অভিনন্দন।’ একই সঙ্গে নিজের সব মনোযোগ এখন বার্সেলোনাকে ট্রফি জেতানোর দিকে বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

    অবশ্য লন্ডনের এই আসর থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হয়নি ইয়ামালকে। ২০২৪ ও ২০২৫ সালের ধারাবাহিকতায় এবারও টানা তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘মেন্স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

    উল্লেখ্য, এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালের ব্যালন ডি’অরেও ফাইনালে ছিলেন এই তরুণ সেনসেশন; সেবার উসমান দেম্বেলের ঠিক পরেই দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। বয়সের খাতা মাত্র ১৯ হলেও বিশ্ব ফুটবলের বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ নিয়মিতই দিয়ে চলেছেন ইয়ামাল। ব্যক্তিগত অর্জনের খাতা ভারী করার পাশাপাশি এখন তার প্রধান লক্ষ্য বার্সেলোনার জার্সিতে নতুন সাফল্যের সোনালী ইতিহাস রচনা করা।

  • দায়মুক্তি আইন ছিল বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ: রুহুল কবির রিজভী

    দায়মুক্তি আইন ছিল বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ: রুহুল কবির রিজভী

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতে লুটপাট নিশ্চিত করতেই বিগত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল। তবে বর্তমান সরকারের আমলে জবাবদিহিতা থাকায় সেই সুযোগ আর নেই। তিনি বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হলে রাষ্ট্র ও সমাজের প্রতিটি খাতের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি; কোনো খাতই জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না।

    বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

    দেশে শতভাগ বিদ্যুতায়নের দাবির বিষয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, কাগজ-কলমে শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও বাস্তবে প্রত্যন্ত অঞ্চল এবং চরাঞ্চলের বহু মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। অনেক দরিদ্র পরিবার একসঙ্গে বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। ফলে কেবল বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বিবেচনা করে হতদরিদ্র মানুষের প্রকৃত জীবনমান ও অর্থনৈতিক অবস্থা নিরূপণ করা কঠিন। তাই দারিদ্র্য নির্ধারণের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়ার ওপর তিনি জোর দেন।

    নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও এতে আগ্রহ প্রকাশ করছেন। নিজেরা ব্যবহার করার পর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন বাড়বে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

    বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব। এ নিয়ে হতাশ না হয়ে সম্মিলিতভাবে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

  • বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন: ভক্তদের জন্য থাকল না সুখবর!

    বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন: ভক্তদের জন্য থাকল না সুখবর!

    আসছে আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন। প্রতি বছর এই দিনটিতে মুম্বাইয়ের ‘মান্নাত’-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় এবং প্রিয় তারকার এক ঝলক পাওয়ার আনন্দ এক উৎসবে পরিণত হয়। তবে এবারের জন্মদিনে সেই চেনা আমেজে ছেদ পড়তে চলেছে। ভক্তদের সঙ্গে ঐতিহ্যবাহী সেই বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার অনুষ্ঠান এবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

    জানা গেছে, ব্যস্ত শিডিউল ও আগামী সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় জন্মদিনে অনুরাগীদের সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি আরও বড় পরিসরে ভক্তদের জায়গা দেওয়ার জন্য কোনো বিকল্প ভেন্যুতে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত শুটিংয়ের প্রচণ্ড চাপের কারণে তা আর হয়ে উঠছে না।

    ভক্তদের এই নিদারুণ হতাশার কথা মাথায় রেখে শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ ফ্যান ক্লাবগুলোর কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে। তবে আশার কথা হলো—সিনেমার কাজ শেষ করে মুক্তির আগে আরও বড় পরিসরে ভক্তদের মুখোমুখি হওয়ার পরিকল্পনা রয়েছে তার টিমের। যদিও এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।

  • আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধর, ড্যাবের মব সৃষ্টির অভিযোগ

    আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধর, ড্যাবের মব সৃষ্টির অভিযোগ

    রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে ঢুকে তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে সংস্থাটির কার্যালয়ে এই অনভিপ্রেত ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি দাবি করেছেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা একটি ‘মব’ বা বিশৃঙ্খল জনতা তৈরি করে তার ওপর এই হামলা চালিয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, অধ্যাপক কাজী আহমেদ তার কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক সেই মুহূর্তে ৮ থেকে ৯ জন ব্যক্তি জোরপূর্বক কক্ষে প্রবেশ করেন। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে চেয়ার থেকে তুলে নিয়ে মারধর শুরু করা হয়।

    ঘটনার সময় কক্ষে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক জনস্বাস্থ্যবিদ জানান, হামলাকারীদের তিনি এর আগে কখনো আইইডিসিআরে দেখেননি।

    সম্প্রতি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদ জাকিকে আইইডিসিআরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে তিনি হামের টিকার কার্যকারিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেছেন।

    তবে এই মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ মন্তব্য করেছেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’ কী দোষ—এমন প্রশ্ন করা হলে তিনি মুঠোফোনে একটি ছবি দেখিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে সাবেক পরিচালক ও আলোচিত জনস্বাস্থ্যবিদ অধ্যাপক মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে কাজী আহমেদের নিজের অফিসে বৈঠক করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

    উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মীরজাদী সাবরিনা ফ্লোরা স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং আইইডিসিআরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং করোনা মহামারির সময়ে নিয়মিত ব্রিফিং করে পরিচিতি লাভ করেছিলেন। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হন।

    আইইডিসিআরের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় একজন পরিচালকের ওপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চিকিৎসকরা। আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন এই ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ আখ্যা দিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি জানিয়েছেন, তিনি এই ঘটনার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বা অফিশিয়ালি আইনি ব্যবস্থা গ্রহণ করছেন।

  • মিরপুর টেস্ট: সাদমানের ফিফটি ও মুমিনুলের মাইলফলকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

    মিরপুর টেস্ট: সাদমানের ফিফটি ও মুমিনুলের মাইলফলকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের শুরুতেই প্রাথমিক ধাক্কা সামলে ধীরে ধীরে চালকের আসনে বসার চেষ্টা করছে স্বাগতিক বাংলাদেশ। শুরুর অস্বস্তি কাটিয়ে ওপেনার সাদমান ইসলামের দায়িত্বশীল ফিফটি এবং অভিজ্ঞ মুমিনুল হকের অনন্য মাইলফলকের সুবাদে প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১১৯ রান সংগ্রহ করেছে টাইগাররা।

    যেভাবে এগোচ্ছে ইনিংস
    সাদমানের ধৈর্যশীল ফিফটি
    ইনিংসের শুরুর দিকে বেশ নড়বড়ে ছিলেন ওপেনার সাদমান ইসলাম। ১৬ বল খেলে রানের খাতা খোলার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অসাধারণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ১০তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। বর্তমানে ১০০ বলে ৫৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

    মুমিনুলের মাইলফলক
    প্রথম সেশনের বিরতির একটু আগে আউট হওয়ার আগে ৫১ বলে ২টি চারের সাহায্যে ২৮ রানের কার্যকরী ইনিংস খেলেন মুমিনুল হক। এর মধ্য দিয়ে বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন এই অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বর্তমানে তার মোট রান এখন ৫,২৯৩।

    অধিনায়কের প্রতিরোধ গড়ার চেষ্টা: প্রথম সেশনের শেষদিকে মুমিনুল সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দল। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেই চাপ সামাল দিয়ে সাদমানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান। ব্যক্তিগত ১৯ রানে ওয়ারিকানের এলবিডব্লিউর ফাঁদে পড়ে শান্ত আউট হওয়ার পর সেই জুটির প্রতিরোধ ভাঙে।