Blog

  • শাশুড়িকে সাতছড়ি উদ্যানে নিয়ে হত্যা: জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

    শাশুড়িকে সাতছড়ি উদ্যানে নিয়ে হত্যা: জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

    হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক কাঁকন দে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

    ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কিনে দেওয়ার নাম করে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান জামাতা অলিউর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার দুদিন পর ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশের বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে নিহত নারীর ছেলে মো. মিজানুর রহমান মরদেহটি তাঁর মায়ের বলে শনাক্ত করেন।

    এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত এই রায় দেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. গুলজার আহমেদ খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ভবিষ্যতেও তৎপর থাকবে।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে: মন্ত্রণালয়ের কড়া সতর্কতা

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে: মন্ত্রণালয়ের কড়া সতর্কতা

    মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকে শুধুমাত্র অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতেই এই পরীক্ষা শুরু হবে। এর আগে বা অনুমোদনহীন কোনো স্থান থেকে পরীক্ষা করালে তা গ্রহণযোগ্য হবে না।

    নির্দিষ্ট তারিখ: আগামী ৩১ অক্টোবরের আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না; করলে তা ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

    তালিকা প্রকাশ: অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সক্ষমতা ও নির্দেশনা পালনের ওপর ভিত্তি করে এই তালিকায় নতুন প্রতিষ্ঠান যুক্ত হতে পারে বা বাদ পড়তে পারে।

    দালাল ও চক্র থেকে সাবধান: কিছু অসাধু এজেন্সি ও দালাল ভুয়া আশ্বাসে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    বিএমইটি ছাড়পত্র: পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের পরীক্ষার কাগজপত্রের পাশাপাশি ভিডিআর (VDR) ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

    আইনগত ব্যবস্থা: সরকারি নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বা অনুমোদন বাতিল এবং বিদেশ কর্মী নিয়োগ কার্যক্রম

  • চুক্তি সত্ত্বেও থামছে না সংঘাত: দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ

    চুক্তি সত্ত্বেও থামছে না সংঘাত: দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ

    যুদ্ধবিরতির চুক্তি ও কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও লেবাননে হামলা থামায়নি ইসরায়েলি বাহিনী। বুধবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের আল-মানসুরি, মাজদাল জুন ও হাদাথা গ্রামসহ বিভিন্ন উপত্যকায় আকস্মিক গোলাবর্ষণ করা হয়েছে। তবে সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

    গত কয়েক দিন ধরেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা তীব্র আকার ধারণ করেছে। এর আগে ২৭ অক্টোবর আল-মানসুরি ও জিবকিন উপত্যকায় এবং ২০ অক্টোবর নাবাতিয়েহ, বিনতে জবেইল, মারজায়ুন ও টায়ার জেলার বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল।

    লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনে গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল—পর্যায়ক্রমে লেবানন ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই অঞ্চলে লেবাননীয় সেনাবাহিনী মোতায়েন করা।

    তবে শান্তিচুক্তির পরও সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এবং সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্য বজায় থাকায় লেবাননের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছেই না।

  • লটারির মাধ্যমে গণপূর্তের প্রকৌশলী বদলি: স্বচ্ছতার দাবি বনাম অনিয়মের অভিযোগ

    লটারির মাধ্যমে গণপূর্তের প্রকৌশলী বদলি: স্বচ্ছতার দাবি বনাম অনিয়মের অভিযোগ

    বদলি বাণিজ্য রোধ ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে লটারি পদ্ধতির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের বিপুলসংখ্যক প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হলেও এ নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। লটারি প্রক্রিয়ায় কারসাজি, গ্রেডিং শিটে পরিবর্তন, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা উপেক্ষা এবং পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কর্মস্থলে বসানোর গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এই পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।

    এর আগে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এক সংবাদ সম্মেলনে জানান, লটারির মাধ্যমে বদলি ও পদায়ন চালুর মূল উদ্দেশ্য হলো বদলি বাণিজ্য চিরতরে বন্ধ করা, সুশাসন ফিরিয়ে আনা এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় সুযোগ দেওয়া। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল), আগস্টে ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রোমেকানিক্যাল) এবং গত ১৬ আগস্ট ২১৯ জন সহকারী প্রকৌশলী ও ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলীসহ মোট ১ হাজার ৪৩০ জনকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। রূপপুর প্রকল্পের বদনাম ঘুচিয়ে গণপূর্ত বিভাগকে একটি গতিশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যের কথাও জানান তিনি।

    সরকারের এমন সদিচ্ছার কথা বলা হলেও অভিযোগকারীদের দাবি, নির্বাহী প্রকৌশলীদের এ-প্লাস, এ, বি, সি ও ডি—এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে পদায়নের কথা বলা হলেও ক্যাটাগরি নির্ধারণের কোনো স্পষ্ট লিখিত মানদণ্ড বা মূল্যায়নপদ্ধতি মানা হয়নি।

    অভিযোগ উঠেছে:

    পূর্বনির্ধারিত পদায়ন: লটারির আগেই ঢাকার চার-পাঁচটি গুরুত্বপূর্ণ কর্মবিভাগে কাদের পদায়ন করা হবে তা ঠিক করা ছিল।

    গ্রেডিং শিটে কারসাজি: গ্রেডিং শিটে পরিবর্তন এনে নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানোর সুযোগ করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আ ন ম মাজহারুল ইসলাম, মো. জিয়াউর রহমান, আহসান হাবীব, রেজা তাইমুর মালিক, মাসুম বিল্লাহ ও রাশেদ আহসানসহ কয়েকজনের নাম সামনে এনে তাদের পদায়ন প্রক্রিয়া খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

    নিরাপত্তা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন: সংসদ ভবন, এমপি হোস্টেল, প্রধানমন্ত্রীর বাসভবন, এনএসআই ও দুদকের সদর দপ্তরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পদায়নের ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন এবং নিরাপত্তা যাচাইয়ের বিষয়টি উপেক্ষিত হয়েছে।

    রাজনৈতিক প্রভাবের অভিযোগ: সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় ও বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা প্রকৌশলী মাসুম বিল্লাহর ঢাকা গণপূর্ত বিভাগ-২-এ পদায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এছাড়া লটারির সময় একই পদমর্যাদার কর্মকর্তাদের কারও নাম অন্তর্ভুক্ত হলেও কারও নাম বাদ পড়ার বিষয়টিও বৈষম্যমূলক বলে দাবি করা হচ্ছে।

    মাত্র এক মাসের ব্যবধানে প্রায় দেড় হাজার প্রকৌশলীর বদলির ঘটনায় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তো বটেই, এর আড়ালে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রায় ১২০ কোটি টাকা অবৈধভাবে অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংক হিসাব, আয়কর নথি, সম্পদ বিবরণী এবং নিকটাত্মীয়দের নামে অর্জিত সম্পদের উৎস অনুসন্ধানের জোরালো দাবি জানানো হয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, রাষ্টরের অতি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী পদায়নে যদি কোনো ধরনের অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের আশ্রয় প্রশ্রয় থাকে, তবে তা রাষ্ট্রের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সরকারের মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে পারে এমন সব অভিযোগ দ্রুত নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।

  • রাণীনগরে ঐতিহ্যবাহী কুজাইল বউ মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়

    রাণীনগরে ঐতিহ্যবাহী কুজাইল বউ মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়

    নওগাঁর রাণীনগরে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা উপলক্ষে কুজাইল বাজারে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে সোমবার থেকে। মেলার শেষ দুই দিন বউ মেলায় উপচে পড়া ভিড় দেখা গেছে।

    মেলায় আসা মেয়েরা চুড়ি, আলতা, ফিতা ও বাচ্চাদের খেলনাসহ নানা ধরনের জিনিস কিনছেন। জামাই-মেয়েদের উপস্থিতিতে কেনাকাটার ধুম পড়েছে। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে সবাই নিজ নিজ সাধ্যমতো কেনাকাটা করছেন। তাঁদের ভাষ্য, মেলার সার্বিক পরিবেশ খুবই ভালো। স্ত্রী-সন্তানদের নিয়ে ইচ্ছেমতো ঘুরে পছন্দের জিনিস কিনতে কোনো অসুবিধা হচ্ছে না।

    মেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি রাণীনগর থানা পুলিশের পক্ষ থেকে বউ মেলায় নারী পুলিশ মোতায়েন করা হয়েছে। অতীতে এমন নিরাপদ পরিবেশ ছিল না বলে জানান স্থানীয়রা। মেলা পরিচালনা কমিটি জানায়, এবার জিলাপি, আসবাবপত্র, মাছ ও প্রসাধনসামগ্রীর বেচাকেনা সবচেয়ে বেশি।

    রাণীনগর উপজেলার একমাত্র ঐতিহাসিক স্থান কাশিমপুর রাজবাড়ী। প্রচলিত আছে, সেখানকার রাজার শাসনামলে আতাইকুলা, হরিশপুর, কৌনজ, মিরাট, কাশিমপুর, বেতগাড়ী, ত্রিমোহনী ও শৈলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে রাজার সরাসরি নির্দেশে কুজাইল বাজারে এই মেলার সূচনা হয়। বাজারের গা ঘেঁষে বয়ে যাওয়া ছোট যমুনার পূর্ব পাড়েই বসে এই মেলা।

    গত সোমবার বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নৌকায় প্রতিমা বিসর্জনের জন্য নদীতে আসেন ভক্তরা। ঢাকঢোলের তালে নেচে-গেয়ে সন্ধ্যার আগ মুহূর্তে পূজা আয়োজক কমিটির সদস্যরা প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন।

    আশপাশের গ্রামের পাড়ায় পাড়ায় মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনের আগমনে বিরাজ করছে উৎসবের আমেজ। কাশিমপুর গ্রামের জামাই সানাউল ইসলাম বলেন, এলাকার রেওয়াজ অনুযায়ী শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমাকে দাওয়াত করা হয়েছিল। আজ পুরো পরিবার নিয়ে কুজাইল বউ মেলায় এসেছি। মেলার পরিবেশ অনেক ভালো। দুই ভায়রা মিলে সাধ্যমতো কেনাকাটা করলাম।

    কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান বাবু বলেন, মেলা পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার সার্বিক তত্ত্বাবধানে আমি আছি। মেলার পরিবেশ ভালো রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

    রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, মেলার প্রথম দিন প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত নদীতে নৌকায় পুলিশের টহল ছিল। দ্বিতীয় দিন থেকে বউ মেলায় নারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে পুরুষ পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন

    গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন

    বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

    বুধবার (২৮ অক্টোবর) সকালে গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুলোকোনা গ্রাম থেকে এ জরিপ কার্যক্রম শুরু হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক ওবায়দুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম. মিঠু লস্কর, বিএনপি নেতা নিজামুদ্দিন মুন্সী এবং মুকসুদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী আলাউদ্দিন আল আজাদ।

    জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ১৫ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করছেন। তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।

    সংশ্লিষ্টরা জানান, এ জরিপের মাধ্যমে গোবিন্দপুর ইউনিয়নের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে যোগ্য পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

    ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও সরকারি সহায়তা প্রদানের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • জাপানি বিনিয়োগ ও রপ্তানি বহুমুখীকরণে দেশটির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাপানি বিনিয়োগ ও রপ্তানি বহুমুখীকরণে দেশটির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (আজ) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য অংশীদারত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, আইসিটি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ।

    উভয় পক্ষই মনে করে, প্রস্তাবিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া দেশের যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনেও জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

    জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৌশলগত ভৌগোলিক অবস্থানের প্রশংসা করে জানান, বর্তমান সরকারের বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

    বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

    বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • মঞ্চে ইসরাইলি পতাকা ছুড়ে ফেলে পায়ে মাড়ালেন কলম্বিয়ান র‌্যাপার চেলো হোপ

    মঞ্চে ইসরাইলি পতাকা ছুড়ে ফেলে পায়ে মাড়ালেন কলম্বিয়ান র‌্যাপার চেলো হোপ

    ফিলিস্তিনের ওপর চলা বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে অভিনব ও কঠোর প্রতিবাদ জানিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কলম্বিয়ান জনপ্রিয় র‌্যাপ ও সংগীতশিল্পী চেলো হোপ (শিলো হোপ)। সম্প্রতি একটি কনসার্ট চলাকালে মঞ্চে ইসরাইলের পতাকা ছুড়ে ফেলে পায়ে মাড়িয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন এই গায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক প্রশংসা ও আলোচনার ঝড়।

    গত ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত জনপ্রিয় হিপ হোপ আল পারকে উৎসবে গান পরিবেশন করছিলেন চেলো হোপ। রাজনৈতিক ও গণআন্দোলনের গান গাওয়ার জন্য সুপরিচিত এই শিল্পী তার ‘অ্যানাতোমিয়া’ গানটি পরিবেশন করার সময় এক দর্শক তার হাতে ইসরাইলের পতাকা তুলে দেন। মুহূর্তেই মেজাজ হারিয়ে পতাকাটি হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন এবং সজোরে পা দিয়ে মাড়াতে থাকেন। এরপর লাথি দিয়ে তা দূরে সরিয়ে দিয়ে স্প্যানিশ ভাষায় স্লোগান তোলেন— ‘পালেস্তিনা লিব্রে’ (মুক্ত হোক ফিলিস্তিন)।

    জর্ডানের সংবাদমাধ্যম ‘রয়া নিউজ’ এবং ভারতীয় সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস’-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনের পক্ষে চেলো হোপের এই সাহসী অবস্থানকে গাজায় চলা দীর্ঘমেয়াদী নিপীড়নের বিরুদ্ধে একজন শিল্পীর শক্তিশালী ঘৃণা প্রকাশ হিসেবে দেখছেন বিশ্ববাসীর একাংশ। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসালেও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত।

  • মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক হানা: ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

    মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক হানা: ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

    কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে অবিলম্বে তাদের মূল কর্মস্থলে ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন তিনি।

    বুধবার (আজ) সকাল সাড়ে ৮টার দিকে মন্ত্রী দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা-র এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আকস্মিক উপস্থিত হন। এ সময় তিনি চিকিৎসকদের উপস্থিতি যাচাইয়ের পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীদের চিকিৎসাসেবার মান এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুই অসহায় রোগীকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে মোট ৫১ জন চিকিৎসকের পদ থাকলেও পরিদর্শনের সময় ১২ জন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া যায়। যার মধ্যে ৫ জন দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত এবং ৭ জন অন্য জায়গায় সংযুক্তিতে রয়েছেন।

    পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। হাসপাতালটিকে আধুনিক ও সেবামুখী করার পরিকল্পনা তুলে ধরে তিনি জানান:

    হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।

    প্রসূতি নারীদের জন্য ২০ শয্যার একটি বিশেষ ওয়ার্ড এবং নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা করা হবে।

    পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেবা এবং একটি ডেডিকেটেড ব্রেস্টফিডিং সেন্টার চালু করা হবে।

    আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া আগামী ১ নভেম্বর নতুন যোগদান করতে যাওয়া ৪৮ জন চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর হাসপাতালেও চিকিৎসক পদায়ন করা হবে।

    হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনায় কিছুটা সন্তোষ প্রকাশ করলেও ভেতরের বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশও পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমির সংকটের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান বের করার আশ্বাস দেন তিনি।

    এছাড়া হাসপাতালের দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকা যানবাহনগুলো কন্ডেমনেশন প্রক্রিয়ায় (নিলাম বা বাতিল ঘোষণা) নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। আর অ্যাম্বুলেন্স সংকট নিরসনে আগামী অর্থবছরের মধ্যেই নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাসের ঘোষণা শিক্ষামন্ত্রীর

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাসের ঘোষণা শিক্ষামন্ত্রীর

    মঙ্গলবার (২৭ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের জন্য ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পাসের বিষয়ে জোরালো আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

    বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অন্যান্য ঘোষণা
    গবেষণার বাস্তব প্রয়োগ: শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞান কেবল কাগজেই সীমাবদ্ধ রাখলে চলবে না; দেশের স্বার্থে এবং দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তা বাস্তবে প্রয়োগ করতে হবে।

    তৃতীয় ভাষা ইনস্টিটিউট
    দেশের ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালুর ঘোষণা দেন তিনি।

    বিশেষ অতিথিদের বক্তব্য
    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই শিক্ষার মান বাড়ে না, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি মাভাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ১,০০০ আসন বিশিষ্ট ছাত্রহল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ১,০০০ আসন বিশিষ্ট ছাত্রীহল এবং একটি স্পোর্টস জোন নির্মাণের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কাজ শুধু ডিগ্রি প্রদান বা গবেষণাপত্র প্রকাশে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং সমাজ ও শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যার সমাধানে গবেষণাকে কাজে লাগাতে হবে।

    অন্যান্য অতিথি ও গুরুত্বপূর্ণ আয়োজন
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

    অনুষ্ঠানের আকর্ষণীয় দিকগুলোর মধ্যে ছিল দেশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ২৪টি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ১৪টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর। এছাড়া গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।