
ফিলিস্তিনের ওপর চলা বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে অভিনব ও কঠোর প্রতিবাদ জানিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কলম্বিয়ান জনপ্রিয় র্যাপ ও সংগীতশিল্পী চেলো হোপ (শিলো হোপ)। সম্প্রতি একটি কনসার্ট চলাকালে মঞ্চে ইসরাইলের পতাকা ছুড়ে ফেলে পায়ে মাড়িয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন এই গায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক প্রশংসা ও আলোচনার ঝড়।
গত ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত জনপ্রিয় হিপ হোপ আল পারকে উৎসবে গান পরিবেশন করছিলেন চেলো হোপ। রাজনৈতিক ও গণআন্দোলনের গান গাওয়ার জন্য সুপরিচিত এই শিল্পী তার ‘অ্যানাতোমিয়া’ গানটি পরিবেশন করার সময় এক দর্শক তার হাতে ইসরাইলের পতাকা তুলে দেন। মুহূর্তেই মেজাজ হারিয়ে পতাকাটি হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন এবং সজোরে পা দিয়ে মাড়াতে থাকেন। এরপর লাথি দিয়ে তা দূরে সরিয়ে দিয়ে স্প্যানিশ ভাষায় স্লোগান তোলেন— ‘পালেস্তিনা লিব্রে’ (মুক্ত হোক ফিলিস্তিন)।
জর্ডানের সংবাদমাধ্যম ‘রয়া নিউজ’ এবং ভারতীয় সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস’-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনের পক্ষে চেলো হোপের এই সাহসী অবস্থানকে গাজায় চলা দীর্ঘমেয়াদী নিপীড়নের বিরুদ্ধে একজন শিল্পীর শক্তিশালী ঘৃণা প্রকাশ হিসেবে দেখছেন বিশ্ববাসীর একাংশ। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসালেও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত।
অনলাইন ডেস্ক 
























