
১। র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারনামীয় আসামি মোঃ সায়দুর রহমান (৪২)’কে গ্রেফতার করেছে।
২। উল্লেখ্য, ভিকটিমের বিবাহ বিচ্ছেদের পর তার সাবেক সহকর্মী আসামি মোঃ সায়দুর রহমান’সহ অপরাপর আসামিরা ভিকটিমের কর্মস্থলের লোকজনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করতেন। পরবর্তীতে আসামিরা পারস্পারিক যোগসাজশে তাদের কাছে থাকা ভিকটিমের অন্তরঙ্গ ও আপত্তিকর ছবি-ভিডিও ব্যবহার করে ভিকটিমকে ব্ল্যাকমেইল, অর্থ দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এছাড়া আসামিরা ভিকটিমের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেইক ফেসবুক আইডি খুলে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তার সামাজিক, পারিবারিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করে এবং অন্তরঙ্গ ছবি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে হয়রানি ও অপদস্থ করে। সর্বশেষ গত ০৪/০৬/২০২৬ তারিখে ভিকটিম তার কর্মস্থলে অবস্থানকালে নিজের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেইক ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচারের বিষয়টি দেখতে পান।
৩। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে আসামি মোঃ সায়দুর রহমান’সহ অপরাপর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৪। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র্যাব-১২ এর সহযোগীতায় মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানাধীন মেহেরপুর পৌরসভার কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সায়দুর রহমান (৪২), পিতা- ফরাজতুল্লাহ, সাং- পৌর কলেজপাড়া, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর’কে গ্রেফতার করে।
৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
অনলাইন ডেস্ক 

























