
‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ প্রদানকে কেন্দ্র করে যোগ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী কিংবা সংস্থার নাম প্রস্তাব করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি এই সংক্রান্ত এক চিঠি জারি করে আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, রাষ্ট্রের সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মাননার জন্য মোট ১৩টি খাত নির্ধারণ করা হয়েছে। ক্ষেত্রগুলো হলো—
-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
চিকিৎসাবিদ্যা
-
শিক্ষা
-
সাহিত্য
-
সংস্কৃতি
-
ক্রীড়া
-
পল্লী উন্নয়ন
-
সমাজসেবা বা জনসেবা
-
জনসংখ্যা নিয়ন্ত্রণ
-
জনপ্রশাসন
-
গবেষণা ও প্রশিক্ষণ
-
সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো খাত
১. নির্দেশিকা ও ছক: মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ কঠোরভাবে অনুসরণ করে নির্ধারিত ছকে তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় নির্দেশিকা ও ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ২. নথিপত্র পাঠাবার নিয়ম: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৩০ সেট পূর্ণাঙ্গ প্রস্তাব (হার্ডকপি) সমন্বয় শাখায় পাঠাতে হবে। ৩. ডিজিটাল কপি: হার্ডকপির পাশাপাশি ফন্ট ‘নিকষ’ (Nikosh) ব্যবহার করে সফটকপি ই-মেইল (sas_s4@moedu.gov.bd) অথবা ডি-নথির মাধ্যমে ১ নভেম্বরের মধ্যে জমা নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিস্তারিত নথিপত্রসহ প্রস্তাব পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক 





















