
বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া দেশের স্বাস্থ্যখাতকে আগামী দুই বছরের মধ্যে একটি বৈপ্লবিক পরিবর্তনের মুখোমুখি করতে চায় বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
Jugantor
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, শিগগিরই দেশের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। এসব হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি ডায়ালাইসিস, আইসিইউ এবং ফিজিওথেরাপি ইউনিট চালুর ব্যবস্থা করা হচ্ছে।
মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, মানসিক রোগীদের শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবা বাড়াতে সরকার সম্পূর্ণ নতুন একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ সময় কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে মানসিক রোগ প্রতিরোধে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
banglastream.net
অনুষ্ঠানে তাৎক্ষণিক এক নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদনমূলক কার্যক্রম অপসারণের কথা বলেন।
এছাড়া, সম্প্রতি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান মন্ত্রী। এ ঘটনায় ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক 

























