
রাজধানীর উত্তরা থেকে নিখোঁজের পর তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বের হয়েছিলেন তাহসিফ। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের গ্যারেজ এলাকায় সিসিটিভি ফুটেজে তাদের হাত মেলাতে এবং পরবর্তীতে আলাদা দুটি মোটরসাইকেলে চলে যেতে দেখা যায়।
এরপর ২৮ অক্টোবর বিকেলে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। পকেটে থাকা আইফোন ও হাতঘড়ির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্ত শেষে ২৯ অক্টোবর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে মামলার এজহারে তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হলেও বন্ধু দীপকে সরাসরি আসামি করা হয়নি।
নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় দক্ষিণখান থানায় হত্যা মামলা হয়েছে। প্রধানত অজ্ঞাতনামাদের আসামি করা হলেও দীপের বিষয়ে তিনি জানান, দীপ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি।
অনলাইন ডেস্ক 

























