
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি ও চকবাজার থানা পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি চকবাজার থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর স্বর্ণ আত্মসাৎ মামলার ২৪ ঘণ্টার মধ্যে মূল নারী আসামিকে গ্রেপ্তার করে পুলিশ, যার কাছ থেকে প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক এসব তথ্য জানান।
১৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ৫ চোর গ্রেপ্তার
সংবাদ সম্মেলনে জানানো হয়, চোর চক্রের বিরুদ্ধে সিএমপির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন কাঠের বাংলো এলাকা থেকে চক্রের সক্রিয় সদস্য মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক ও রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী মোট ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
দাওয়াত খাওয়ার নাম করে স্বর্ণ আত্মসাৎ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার নারী
অন্যদিকে, চকবাজার থানা এলাকায় স্বর্ণ আত্মসাৎ মামলার রহস্য দ্রুত উদঘাটন করেছে পুলিশ। গত ৭ অক্টোবর বিকেলে মামলার আসামি লাইলাতুল নুসরাত নিপা (৩৬) দাওয়াত খাওয়ার কথা বলে বাদীর স্ত্রী ও মায়ের কাছ থেকে প্রায় ৮ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় গত ১৮ অক্টোবর চকবাজার থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় ১৮ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি লাইলাতুল নুসরাত নিপাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি আংটি, ২ জোড়া কানের দুল, অতিরিক্ত ৯টি আংটি, ১টি হাতের বালা, ৩টি গলার চেইন এবং ৩ জোড়া কানের দুলসহ মোট ৫ ভরি ১ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকার বেশি।
পুলিশ জানিয়েছে, আত্মসাৎকৃত বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক 

























