
শ্রেণিভেদ মুছে ফেলে মানবজাতির কল্যাণে গৌতম বুদ্ধ কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বুদ্ধের সুমহান আদর্শ ও কর্মপন্থা অনুসরণ করলেই গোটা মানবজাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
রবিবার রাজধানী ঢাকার বাসাবো বৌদ্ধ মহাবিহারে আয়োজিত ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ফানুস উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৌতম বুদ্ধের জীবনদর্শন তুলে ধরে রিজভী আরও বলেন, বুদ্ধের সরল পথ ও মানবিক জীবনবোধ মানুষের জীবনকে আরও সুন্দর ও শান্তিময় করে তোলে। তাঁর বাণী কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ নয়; বরং তা সর্বজনীন এবং সব ধর্মের মানুষকে সঠিক ও সৎপথে চলার গভীর অনুপ্রেরণা জোগায়। মানবতা ও সমাজের কল্যাণে তাঁর অবদান বিশ্ববাসীর জন্য সবসময় অনুকরণীয়।
প্রবারণা পূর্ণিমাকে ‘চিত্ত পরিশুদ্ধির বিশেষ উৎসব’ হিসেবে অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই চমৎকার প্রথার মতো সমাজের প্রতিটি মানুষ যদি নিজেদের ভুলত্রুটি স্বীকার করে আত্মশুদ্ধির পথে হাঁটে, তবে অপরাধপ্রবণতা কমে আসবে এবং সমাজে নতুন করে অন্যায় করার প্রবণতা দূর হবে।
অনলাইন ডেস্ক 

























