
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের সংখ্যায় সবার ওপরে রয়েছে ভারত। সম্প্রতি নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বের প্রথম দল হিসেবে ২০০ জয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে তারা। তবে ম্যাচ জেতার শতকরা হার বা জয়-হারের অনুপাতে পরাশক্তি ভারতকে পেছনে ফেলে চমক দেখিয়েছে আফ্রিকার ছোট দেশ উগান্ডা।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ খেলে ভারতের জয় ২০০টি, যেখানে তাদের জয়-হারের অনুপাত ২.৪০৯। অপরদিকে, মাত্র ১৩১ ম্যাচ খেলে ১০১টিতে জয় পেয়েছে উগান্ডা। দলটির জয়-হারের অনুপাত দাঁড়িয়েছে ৩.৭৪-এ—যা ভারতের চেয়ে বেশ খানিকটা এগিয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত ১০০ ম্যাচ জয়ের কীর্তি রয়েছে বিশ্বের মাত্র ৯টি দলের। এই অভিজাত তালিকার নবম স্থানে নিজেদের নাম লিখিয়েছে উগান্ডা। অন্যদিকে, বাংলাদেশের পরিসংখ্যান কিছুটা পিছিয়ে রয়েছে; ২২২ ম্যাচে ৮৯ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ১২৮টি এবং তাদের জয়-হারের অনুপাত ০.৬৯৫।
সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে মোজাম্বিককে পাত্তাই দেয়নি উগান্ডা। মোজাম্বিককে মাত্র ১৯ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়ায় সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের তালিকায় এটি যৌথভাবে দ্বিতীয় রেকর্ড। এই তালিকার শীর্ষে রয়েছে স্পেন, যারা ২০২৩ সালে আইল অব ম্যানের বিপক্ষে ১১৮ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল।
বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ কম পেলেও উগান্ডার এই অর্জন ক্রিকেট বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে একটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে দলটির।
স্পোর্টস ডেস্ক 






















