
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমান এবং বিকাশ চন্দ্র শাহ।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মারুফুজ্জামান জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন, যার তীব্র বিরোধিতা করে বাদীপক্ষ। উভয় পক্ষের যুক্তি শুনে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় গত ৪ অক্টোবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী, ১৮ অক্টোবর শাহিনুজ্জামান এবং ১৯ অক্টোবর শাহ আলম অনিক জামিন লাভ করেছিলেন। তবে বর্তমানে মামুন, আসলাম ও মুন্না নামের তিনজন আসামি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় প্রকল্পটিতে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়।
এই ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জমির দখল ও বেদখলকে কেন্দ্র করে এই বিরোধের বিষয়টি সামনে এলেও, তদন্ত শেষেই ঘটনার মূল রহস্য জানা যাবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অনলাইন ডেস্ক 





















