
রিয়াল মাদ্রিদের কাছে এল ক্ল্যাসিকোতে ২-১ গোলে হারের হতাশায় পুড়লেও ম্যাচটিতে বার্সেলোনার জন্য বড় প্রাপ্তি ছিল ফ্রাঙ্ক ডি ইয়ংয়ের প্রত্যাবর্তন। দীর্ঘ ১৫৫ দিন মাঠের বাইরে থাকার পর এই ডাচ মিডফিল্ডার আবারও বার্সেলোনার জার্সিতে মাঠে নেমেছেন।
ম্যাচের ৭৪ মিনিটে ফেরমিন লোপেজের বদলি হিসেবে যখন তিনি মাঠে নামেন, তখন ন্যু ক্যাম্পের সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন। সে সময় ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে মাঝমাঠে গতি ফিরিয়ে আনা এবং দলকে জয় এনে দেওয়ার লক্ষ্যেই তাকে মাঠে নামান কোচ হ্যান্সি ফ্লিক। পেদ্রির পাশে মাঝমাঠের ডানপ্রান্তে তাকে কঠিন এক পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হয়।
তবে বার্সেলোনার এই স্বস্তি শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। ম্যাচের ৮৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের করা কাউন্টার-অ্যাটাক গোলে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের।
উল্লেখ্য, গত ২৩ জুলাই ডান হাঁটুর এমসিএল (মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট) ইনজুরিতে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয় ডি ইয়ংুকে। যদিও এর মাঝে নেদারল্যান্ডসের জার্সিতে বিশ্বকাপে খেলেছিলেন তিনি, যা নিয়ে ক্লাব সমর্থকদের একাংশের মধ্যে কিছুটা অসন্তোষও ছিল।
সব মিলিয়ে এল ক্ল্যাসিকোর হার বেদনাদায়ক হলেও, স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী—ডি ইয়ংয়ের এই কামব্যাক হ্যান্সি ফ্লিকের দলের জন্য দারুণ স্বস্তির। এখন ম্যাচ প্র্যাকটিস ও পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে পুরো মৌসুমে দলের সাফল্যে অবদান রাখতে প্রস্তুত এই তারকা মিডফিল্ডার।
স্পোর্টস ডেস্ক 






















