
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা দাবি করেছেন যে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন।
রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
পোস্টে তারেক রেজা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন রাশেদ খাঁন। ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়ার পর শিবিরের পক্ষ থেকে তাকে অন্য প্রার্থীর জন্য সরে দাঁড়াতে বলা হয়। এরপর তিনি সংগঠন ছেড়ে দেন বলে দাবি করেন এনসিপির এই নেতা।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি ঘটনার কথা উল্লেখ করে তারেক রেজা লেখেন, আবরার ফাহাদ হত্যার খবর প্রকাশ্যে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে কর্মসূচির বিষয়ে জানান। সে সময় নুরুল হক নুর বিষয়টি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বললেও রাশেদ খাঁন কর্মসূচি দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তারেক রেজার দাবি অনুযায়ী, আবরার ফাহাদ শিবির কর্মী হতে পারেন—এমন আশঙ্কায় রাশেদ খাঁন কর্মসূচি দিতে নিষেধ করেছিলেন এবং নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি দেখতে পেয়ে শেষ পর্যন্ত তিনি কর্মসূচিতে উপস্থিত হন বলেও পোস্টে উল্লেখ করা হয়।
অনলাইন ডেস্ক 

























