
নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের দুই তরুণ ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। কিউই বোলারদের গুঁড়িয়ে দিয়ে মাত্র ৫ ওভারেই দলীয় শতক পূর্ণ করেছে ভারতীয় দল, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত দ্রুততম দলীয় ১০০ রানের নতুন বিশ্ব রেকর্ড।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামে ভারত। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের আক্রমণকে পাত্তাই দেননি অভিষেক ও বৈভব।
ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে মাত্র ১৫ বলেই নিজের ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। তাদের তাণ্ডবে মাত্র ২.২ ওভারেই দলীয় ফিফটি ছুঁয়ে ফেলে ভারত, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম দলীয় ৫০ রানের বিশ্ব রেকর্ড। এরপর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন দুই ব্যাটার। মাত্র ৩০ বলে (৫ ওভার) দলীয় ১০০ রান পূর্ণ করে নতুন ইতিহাস গড়ে ভারত।
এর আগে ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে ৩২ বলে ১০০ রান করে এই রেকর্ডের শীর্ষে ছিল রোমানিয়া। অন্যদিকে, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫.৩ ওভারে ১০০ রান করে রেকর্ডটি ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। ভারত আজ এই উভয় রেকর্ডই ভেঙে নতুন চূড়ায় পৌঁছে গেল।
অনলাইন ডেস্ক 






















