
রাজধানীর গুলশান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ মো. আল আমিন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান এবং আনুমানিক ৩১ লাখ ২১ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।
সংস্থাটির একটি আভিযানিক দল সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাতে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ডিএমপির এয়ারপোর্ট এলাকা থেকে একটি মিনি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গুলশান-২ এর ১১৮ নম্বর রোডের দিকে আসছে।
এই তথ্যের ভিত্তিতে এসআরবি-১ এর একটি চৌকস আভিযানিক দল গত ২৮ অক্টোবর (রাত ১টা ৫০ মিনিটের দিকে) ডিএমপির গুলশান থানাধীন গুলশান-২ এর ১১৮ নম্বর রোডের ১৫ নম্বর হাউজের সামনের পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে।
পরবর্তীতে রাত ২টা ৪০ মিনিটের দিকে একটি মিনি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে দায়িত্বরত চেকপোস্ট কমান্ডার গাড়িটি থামার সংকেত দেন। তবে সংকেত অমান্য করে চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক টিম তাৎক্ষণিকভাবে ধাওয়া করে মিনি কাভার্ড ভ্যানটি আটক করে।
আটককৃত গাড়িটি তল্লাশি করে ৪৩০ লিটার বিদেশি মদ এবং ১৫৫.৭৬ লিটার বিয়ার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩১ লাখ ২১ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মো. আল আমিন (পিতা: মো. ছয়েদ আলী @ ছফেদ আলী, থানা: কোতয়ালী, জেলা: ময়মনসিংহ)-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ডিএমপির গুলশান থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা (নম্বর: ৩৭) রুজু করা হয়েছে।
অনলাইন ডেস্ক 























