
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে মন্তব্য করে আলোচনার জন্ম দেওয়া বিউটি পার্লার ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত শুনানি শেষে ৫০০ টাকার বন্ডে ও নিজ জিম্মায় তার জামিন মঞ্জুর করেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত দিনে পুলিশ সাথী আক্তারকে আদালতে হাজির করে। এ সময় তার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ। আদালতের বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করলে হাজতখানা থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটের ‘সাথী বিউটি পার্লার’-এর স্বত্বাধিকারী এবং স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
গত রোববার (২৬ অক্টোবর) দুপুরে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন সাথী আক্তার। তার ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেওয়া ওই লাইভ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে নেতাকর্মীরা তার প্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই দিন রাতেই পুলিশ তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করে।
অনলাইন ডেস্ক 























