
মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এবং এর স্বত্বাধিকারী রুপার্ট মারডকের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন আদালত। ফ্লোরিডার মায়ামির ফেডারেল জেলা আদালতের বিচারক ড্যারিন গেইলস শনিবার এ রায় দেন।
আদালতের মতে, ট্রাম্পের আইনজীবীরা মানহানির অভিযোগ প্রমাণে মার্কিন আইনের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ‘প্রকৃত বিদ্বেষ’ (অ্যাকচুয়াল ম্যালিস) বা উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারের জোরালো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। বিচারক তাঁর আদেশে জানান, ট্রাম্পের সংশোধিত অভিযোগগুলো অস্পষ্ট, অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী এবং প্রতিবেদনের বিষয়বস্তুর সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
২০২৫ সালের ১৭ জুলাই ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে প্রয়াত মার্কিন অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে তৈরি একটি শুভেচ্ছা বার্তায় ট্রাম্পের একটি যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, হাতে আঁকা ছবি ও স্বাক্ষর ছিল। তবে শুরু থেকেই এই বার্তা ও ছবির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জোরালোভাবে অস্বীকার করে আসছেন ট্রাম্প।
এরপর গত বছরের ১৮ জুলাই প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও মানহানিকর’ আখ্যা দিয়ে মামলা করেন ট্রাম্প। এর আগে গত এপ্রিলে মামলাটি একবার খারিজ হলেও সংশোধিত অভিযোগ জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে এবারের রায়ে মামলাটি ‘উইথ প্রেজুডিস’ বা চূড়ান্তভাবে খারিজ করা হয়েছে, যার ফলে একই অভিযোগে আর নতুন করে মামলা করার সুযোগ থাকছে না।
উল্লেখ্য, ওয়াল স্ট্রিট জার্নালের মামলাটি বাতিল হলেও বিবিসি ও নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের করা অন্যান্য মানহানির মামলা এখনও চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক 













