
নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামের একটি অভিন্ন ব্যানারে একসঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদরাসাভিত্তিক সমমনা সাতটি ইসলামী রাজনৈতিক দল।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে মূলত চারটি মৌলিক বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছায় লিয়াজোঁ কমিটি।
বৈঠকের আলোচনা অনুযায়ী, বর্তমানে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর মতো প্রধান রাজনৈতিক দলগুলোর জোটে থাকা সমমনা দলগুলো পর্যায়ক্রমে নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার বলেন, “মূলত এটি হেফাজতে ইসলাম কিংবা আমাদের লিয়াজোঁ কমিটির একটি প্রস্তাব ও নির্দেশনা। আগামী স্থানীয় সরকার নির্বাচনে যদি এই সাত দল ঐক্যবদ্ধভাবে অংশ নেয়, তবে আমরাও তাদের সঙ্গে নির্বাচনে যেতে অত্যন্ত আগ্রহী। এছাড়া গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের চলমান আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত আছি এবং যৌক্তিক পরিণতি না পৌঁছানো পর্যন্ত এই আন্দোলনের সঙ্গেই থাকব।”
জোট ছাড়ার বিষয়ে তিনি আরও স্পষ্ট করে বলেন, “অন্য কোনো রাজনৈতিক জোট ছেড়ে আসার বিষয়টি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের বিষয় নয়। বরং উদ্ভূত পরিস্থিতির আলোকে পর্যায়ক্রমে এবং ধীরে ধীরে বিষয়টি বিবেচনা করার সুযোগ রয়েছে।”
অনলাইন ডেস্ক 

























