
দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম আনুষ্ঠানিকভাবে জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাকির আনাম। এছাড়া জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডেভেলপমেন্ট অ্যাডভাইজার অধ্যাপক শাহ্ আলম আশরাফী, সিইও সৈয়দ মেজবাহ্ আলম ও অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
হস্তান্তর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক কেবল ব্যাংকিং ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ রক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ক্রমাগত কাজ করে যাচ্ছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আধুনিক অ্যাম্বুলেন্সটি দিনাজপুরের হৃদ্রোগীদের দ্রুত ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে।
অনলাইন ডেস্ক 

























