Blog

  • গোপালগঞ্জ মেডিকেল কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

    ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জ মেডিকেল কলেজের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কলেজটির কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

    র‍্যালিটি গোপালগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লা। এছাড়া কলেজটির শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ডেঙ্গু প্রতিরোধমূলক নানা স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন। পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

    এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনায় ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ জোর দেন। ডেঙ্গু মোকাবেলায় শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বরং সম্মিলিত সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

  • কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু

    কমিউনিটি ব্যাংকের সেবায় যুক্ত হলো নতুন অধ্যায়। ‘কমিউনিটি ইসলামিক’ চালুর মাধ্যমে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা নিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম ২৬ আগস্ট ২০২৬, সোমবার প্রধান অতিথি হিসেবে রাজধানীতে চকবাজার শাখায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।

    উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএম, অতিরিক্ত আইজি ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)-সহ বাংলাদেশ পুলিশ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

  • আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টাইগাররা মাঠে নামছে আজ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

    অস্ট্রেলিয়ার মাটি থেকে ঐতিহাসিক টেস্ট ড্র ও স্মরণীয় জয়ের মধুর স্মৃতি নিয়ে দেশে ফেরা বাংলাদেশ ক্রিকেট দল এবার নতুন মিশন শুরু করতে যাচ্ছে। প্রতিপক্ষ ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের দল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের ট্রফি উন্মোচিত হয়েছে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুরে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ।

    আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি, যা চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

    আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নিজেদের অবস্থান আরও সুসংহত ও উঁচুতে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে শান্তাবাহিনীর সামনে। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে, তুলনামূলক পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে অষ্টম স্থানে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টাইগাররা নিজেদের মাটিতে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে প্রস্তুত।

  • বদলগাছিতে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার

    বদলগাছিতে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার

    নওগাঁর বদলগাছিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    এই ঘটনায় নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছিতে পুলিশের বিশেষ অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ডেকে নেওয়ায় গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মোঃ হুমায়ুন কবির (৪৫) মোটরসাইকেলে করে বদলগাছি থানাধীন মথুরাপুর ইউনিয়নের হটশাপিলা গ্রামের বসাকপাড়ায় কেওড়াতলা মন্দিরের সামনে পাকা রাস্তায় পৌঁছান। সেখানে সিয়াম (১৮) ও রোহিত (১৮) এবং অজ্ঞাতনামা আরও ১-২ জন তাঁকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

    হুমায়ুন কবির বাধা দিলে আসামিরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে। তিনি চিৎকার করলে তারা মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

    ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে বদলগাছি থানায় এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু হয়। খবর পেয়ে পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে বদলগাছির বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

    জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করত। সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তিকে ভিকটিম বানিয়ে তাদের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নিত।

    এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে পুলিশের পক্ষ থেকে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনে অপরিচিত কারও ডাকে সাড়া দিয়ে একা কোথাও না যাওয়ার জন্য সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

  • নতুন অবতারে ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া, আসছেন দেবী মনসা হয়ে!

    নতুন অবতারে ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া, আসছেন দেবী মনসা হয়ে!

    ‘করুণাময়ী রানী রাসমণি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আবারও ছোটপর্দায় ফিরছেন। তবে গতানুগতিক কোনো চরিত্র নয়, একেবারে ভিন্ন ও চমকপ্রদ এক চরিত্রে স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এ দেবী মনসার ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি ধারাবাহিকটির প্রথম প্রমো শুটের কাজও শেষ হয়েছে।

    মাঝের সময়টাতে বড় পর্দা ও ওয়েব সিরিজে ব্যস্ত থাকলেও কিছুদিন আগে একটি রোমান্টিক ধারাবাহিকে ফেরার কথা ছিল তাঁর। তবে নানা জটিলতা ও সহ-অভিনেতার সঙ্গে মতবিরোধের কারণে সেই কাজ মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। সেই পুরোনো অধ্যায় পেছনে ফেলে এবার নতুন এই প্রজেক্টের মাধ্যমে বড় পরিসরে কামব্যাক করছেন এই অভিনেত্রী।

    নতুন চরিত্র নিয়ে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত কেবল লুক সেট করা হয়েছে, শুটিং শুরু হয়নি। তবে গল্পটি গতানুগতিক ধারার চেয়ে একেবারেই আলাদা হবে। সাধারণত দেবী মনসার নেতিবাচক দিকগুলোই বেশি ফুটিয়ে তোলা হয়, কিন্তু এই ধারাবাহিকে তাঁর ইতিবাচক দিক ও জীবনের অজানা অনেক গল্প তুলে ধরা হবে বলে জানান তিনি।

    ধারাবাহিকটির প্রথম ঝলক প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে।

  • টাইগারকে টার্গেট করার আগে গ্যাংয়ের নিশানায় ছিলেন সালমান-আমির-ইমরান!

    টাইগারকে টার্গেট করার আগে গ্যাংয়ের নিশানায় ছিলেন সালমান-আমির-ইমরান!

    মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তে জানা গেছে, শুধু টাইগার একা নন, গ্যাংটির প্রাথমিক হিটলিস্টে ছিলেন বলিউডের আরও তিন হেভিওয়েট তারকা—সালমান খান, আমির খান এবং ইমরান হাশমি।

    পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে সালমান খানের বাড়ির ওপর নজরদারি (রেকি) চালায়। এরপর আমির খানের বাড়ির খোঁজ করার চেষ্টা করলেও তিনি দক্ষিণ মুম্বাইয়ে স্থানান্তরিত হওয়ায় তা ব্যর্থ হয়। এরপরের টার্গেট ছিলেন ইমরান হাশমি। তাঁর বাড়ির ঠিকানা খুঁজে পেতে স্থানীয় এলাকায় খোঁজখবর করা হলেও সঠিক হদিস মেলেনি।

    এভাবে একের পর এক তারকার বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের শরণাপন্ন হয় অভিযুক্তরা। সেখানে টাইগার শ্রফের বিভিন্ন রিল ও ভিডিও দেখে তাঁর ওপর নজর রাখা শুরু করে তারা। পুলিশ জানতে পেরেছে, প্রতি রোববার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে টাইগার ফুটবল খেলতে যান—সামাজিক মাধ্যম থেকেই সেই তথ্য নিশ্চিত করে তাঁর গতিবিধি ট্র্যাক করেছিল গ্যাংটি।

    উল্লেখ্য, গত ১৮ অক্টোবর জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, যা নিয়ে বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

  • অল্পের জন্য বাঁচলেন কেইন, এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জয়

    অল্পের জন্য বাঁচলেন কেইন, এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জয়

    ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে নাটকীয় এক মোড় দেখা গেল। কিলিয়ান এমবাপ্পেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পেছনে ফেলে ফুটবলের এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তবে এই জয়ের পেছনে ব্যবধান ছিল অত্যন্ত সামান্য।

    ফ্রান্সের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক অনুষ্ঠান ‘এল’ইকিপ দ্য সোয়ার’-এ এসে এই রোমাঞ্চকর লড়াইয়ের পেছনের গল্প শুনিয়েছেন ফ্রান্স ফুটবল সাময়িকীর প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া।

    তার ভাষ্য অনুযায়ী, ভোট গণনার বড় একটা সময়জুড়ে এগিয়ে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। বিজয়ের মুকুট তার মাথায় উঠবে বলেই মনে হচ্ছিল। তবে শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শীর্ষস্থান দখল করে নেন হ্যারি কেইন। ভোট গণনার একেবারে শেষ পর্যায়ে খুব অল্প কয়েকটি পয়েন্টের ব্যবধানে নির্ধারিত হয় চূড়ান্ত বিজয়ী।

    সংকীর্ণ এই ব্যবধানের কথা বলতে গিয়ে গার্সিয়া স্মরণ করিয়ে দেন ২০২৪ সালের ব্যালন ডি’অরের কথা, যেখানে রদ্রি ও ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যকার পয়েন্টের ব্যবধান ছিল ৪১। সেবারের ব্যবধানকেও অত্যন্ত কম বলে ধরা হয়েছিল, তবে কেইন ও এমবাপ্পের এবারের লড়াইটি তাকেও ছাড়িয়ে গেছে।

    এদিকে ব্যক্তিগতভাবে কাকে ভোট দিয়েছেন, সে বিষয়ে মুখ খোলেননি প্রধান সম্পাদক। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, তার ভোটটি এমন এক খেলোয়াড়ের বাক্সে পড়েছে, যিনি শেষ পর্যন্ত পুরস্কারটি জিততে না পারলেও তা পাওয়ার পূর্ণ যোগ্যতাসম্পন্ন ছিলেন।

    সব মিলিয়ে, শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হ্যারি কেইনের হাতেই উঠেছে কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর।

  • ব্যালন ডি’অর মঞ্চে কোপা ট্রফি জিতেও কেন সন্তুষ্ট নন ইয়ামাল?

    ব্যালন ডি’অর মঞ্চে কোপা ট্রফি জিতেও কেন সন্তুষ্ট নন ইয়ামাল?

    ব্যালন ডি’অর জেতার স্বপ্ন অধরা থেকে গেলেও টানা তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ২১ বছরের কম বয়সী সেরা খেলোয়াড়ের এই স্বীকৃতি পাওয়ার পরও খবরের শিরোনামে এসেছেন সম্পূর্ণ অন্য এক কারণে—নিজের অর্জন ছাপিয়ে তিনি সতীর্থ পাউ কুবারসিকে বিজয়ী দেখতে চেয়েছেন।

    লন্ডনে অনুষ্ঠিত ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে প্রধান পুরস্কারটি জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন কিলিয়ান এমবাপ্পে এবং তৃতীয় স্থানে ইয়ামাল। তবে তরুণদের জন্য নির্ধারিত সেরা খেতাবটি নিজের করার পর মঞ্চেই সতীর্থ কুবারসির অবদানের কথা জোরালোভাবে তুলে ধরেন ইয়ামাল।

    অনুষ্ঠানে ইয়ামাল বলেন, “আমি আমার সতীর্থ পাউ কুবারসিকে এখানে দেখতে চেয়েছিলাম। আমার মনে হয়, এই পুরস্কারটা তারই পাওয়া উচিত ছিল।” পরবর্তীতে নিজের বক্তব্যে আবারও কুবারসির প্রসঙ্গ টেনে তিনি জানান, অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এই ট্রফির আসল দাবিদার ছিলেন তরুণ এই ডিফেন্ডারই।

    বার্সেলোনার রক্ষণভাগে দারুণ এক মৌসুম কাটানোর পাশাপাশি স্পেনের জার্সিতেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন কুবারসি; এমনকি জিতেছেন বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। অন্যদিকে, আক্রমণভাগে ইয়ামালের বহুমুখী অবদান তাকে তরুণদের মধ্যে অনন্য করে তুললেও, সতীর্থের প্রতি তার এই সম্মান ও স্বীকৃতি ফুটবল বিশ্বে দুই তারকার পারস্পরিক সৌহার্দ্যের এক দারুণ উদাহরণ তৈরি করেছে।

  • গাজীপুরে সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে আন্দোলন

    গাজীপুরে সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে আন্দোলন

    গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ, মিছিল ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে হাজার হাজার শ্রমিক।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকেই শ্রমিকদের আন্দোলন চলছিল। বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকা, উত্তরা সহ বেশ কিছু জায়গায় শ্রমিকদের আন্দোলন চলছিল। তারই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গী, মহানগর, জয়দেবপুর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, কালিয়াকৈরসহ আন্দোলনটি আরও বেগবান হয়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানা এবং স্পিনিংসহ সকল কারখানা বন্ধ করে দেন এবং আন্দোলন করতে থাকেন।

    আন্দোলনরত একজন শ্রমিক বলেন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই আন্দোলন নিয়মিত প্রতিদিন চলমান থাকবে। যতোক্ষণ পর্যন্ত আমাদের দাবী মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।

    এসময় পুলিশের সাথে শ্রমিকদের বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

  • ভেজাল খাদ্য ও দুর্নীতি বন্ধ না হলে স্বাস্থ্য খাতের উন্নয়ন টেকসই হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ভেজাল খাদ্য ও দুর্নীতি বন্ধ না হলে স্বাস্থ্য খাতের উন্নয়ন টেকসই হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    শুধু হাসপাতাল তৈরি কিংবা ডায়ালাইসিস মেশিন কিনে অসুস্থ মানুষের দুর্ভোগ বা মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়—যদি সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা না যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

    তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের বিভিন্ন জেলায় বিশেষায়িত হাসপাতাল ও ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হলেও ভেজাল খাদ্য বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। এই সংকট মোকাবিলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবার কঠোর ও জোরালো ভূমিকা কামনা করেন তিনি।

    স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, নিকট অতীতের দুর্নীতির ধারা যেকোনো মূল্যে ভাঙতে হবে। জনগণের চিকিৎসার জন্য বরাদ্দকৃত অর্থের একটি টাকাও দুর্নীতির গহ্বরে যেতে দেওয়া হবে না। আগামী কয়েক দিনের মধ্যে স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, যত শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতিকে বিন্দুমাত্র বরদাশত করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    আয়োডিনযুক্ত লবণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় বুদ্ধিপ্রতিবন্ধিতার হার অনেকাংশে কমে এসেছে বলে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তবে ২০২৬ সালের সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশের এখনও প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন। এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আয়োডিনযুক্ত লবণ পৌঁছে দিতে সুনির্দিষ্ট গবেষণার ওপর জোর দেন তিনি। পাশাপাশি, পুষ্টিহীনতায় ভোগা প্রতিবন্ধী শিশুদের মূলধারার পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনতে সংশ্লিষ্টদের আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

    বিসিক, গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির।