
ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জ মেডিকেল কলেজের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কলেজটির কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
র্যালিটি গোপালগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লা। এছাড়া কলেজটির শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ডেঙ্গু প্রতিরোধমূলক নানা স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন। পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনায় ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ জোর দেন। ডেঙ্গু মোকাবেলায় শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বরং সম্মিলিত সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনলাইন ডেস্ক 

























