
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্যবোধ জাগিয়ে তুলতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য আজও অনন্য দিশারী—এমন মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনবিরোধী আন্দোলনে নজরুলের কবিতা থেকে আমরা গভীর অনুপ্রেরণা পেয়েছি। এই প্রতিবাদী চেতনা কেবল মুখের বুলিতে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনে আমাদের চিন্তা ও আচরণে ধারণ করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র এই সেমিনারের আয়োজন করে। এতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক বিষয়ের ওপর আলোচনা করা হয়।
কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।
সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহানা বিলকিস।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনলাইন ডেস্ক 

























