
মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তে জানা গেছে, শুধু টাইগার একা নন, গ্যাংটির প্রাথমিক হিটলিস্টে ছিলেন বলিউডের আরও তিন হেভিওয়েট তারকা—সালমান খান, আমির খান এবং ইমরান হাশমি।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে সালমান খানের বাড়ির ওপর নজরদারি (রেকি) চালায়। এরপর আমির খানের বাড়ির খোঁজ করার চেষ্টা করলেও তিনি দক্ষিণ মুম্বাইয়ে স্থানান্তরিত হওয়ায় তা ব্যর্থ হয়। এরপরের টার্গেট ছিলেন ইমরান হাশমি। তাঁর বাড়ির ঠিকানা খুঁজে পেতে স্থানীয় এলাকায় খোঁজখবর করা হলেও সঠিক হদিস মেলেনি।
এভাবে একের পর এক তারকার বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের শরণাপন্ন হয় অভিযুক্তরা। সেখানে টাইগার শ্রফের বিভিন্ন রিল ও ভিডিও দেখে তাঁর ওপর নজর রাখা শুরু করে তারা। পুলিশ জানতে পেরেছে, প্রতি রোববার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে টাইগার ফুটবল খেলতে যান—সামাজিক মাধ্যম থেকেই সেই তথ্য নিশ্চিত করে তাঁর গতিবিধি ট্র্যাক করেছিল গ্যাংটি।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, যা নিয়ে বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
বিনোদন ডেস্ক 

























